মার্চ ২৬, ২০১৮ ১১:৪৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৬ মার্চ সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • শিশুদের সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে রাখতে হবে : প্রধানমন্ত্রী- দৈনিক ইত্তেফাক
  • বাংলাদেশ গণতন্ত্রহীন রাষ্ট্র: ফখরুল-ইত্তেফাকের অন্য একটি খবরের শিরোনাম
  • এইচএসসিতে প্রশ্ন ফাঁস ঠেকাতে ২৫ মিনিট আগে সেট নির্ধারণ-দৈনিক যুগান্তর
  • স্বাধীনতা দিবস'তলাবিহীন ঝুড়ি’ থেকে উন্নয়নশীল দেশ-দৈনিক প্রথম আলো
  • কমবে যানজট ফিরবে স্বস্তি -দৈনিক ইনকিলাব
  • উন্নয়নশীল দেশের মর্যাদা লাভই প্রমাণ করে দেশ কতটা এগিয়েছে : ওবায়দুল কাদের-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • অস্ত্র-মিছিল, পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে রণক্ষেত্র কান্দি-দৈনিক আনন্দবাজার
  • প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে মুখ খুলতে নারাজ এয়ার ইন্ডিয়া-দৈনিক আজকাল
  • ত্রিশূল হাতে রাম নবমীর মিছিল, লকেটের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের-সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতার ৪৭তম বার্ষিকী। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের গৌরবোজ্জ্বল সূচনার দিন। স্বাধীনতার বাঁধনহারা আনন্দে, উৎসবে উদ্বেলিত হওয়ার দিন। যাদের ত্যাগ আর রক্তে অর্জিত  এই স্বাধীন ভূখণ্ড সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। মুক্তির আনন্দে সমৃদ্ধির শপথে মুষ্টিবদ্ধ হওয়ার দিন। এ সম্পর্কিত খবর আজকের প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুলোতে খবর পরিবেশিত হয়েছে। এ সম্পর্কে দৈনিক ইত্তেফাক, প্রথম আলো ও যুগান্তরে লেখা হয়েছে-নানান কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসটি পালন করেছে রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলো। এ উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিশুদের সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে রাখতে হবে : প্রধানমন্ত্রী- দৈনিক ইত্তেফাক

আজকের শিশু-কিশোর, তরুণরা যেন কোনোভাবেই সন্ত্রাস, জঙ্গিবাদ বা মাদকে আসক্ত না হয়, সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে এ আহ্বান জানান তিনি। শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বিজ্ঞানী হবে। তোমরাই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে।

বাংলাদেশ গণতন্ত্রহীন রাষ্ট্র: ফখরুল-ইত্তেফাক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু আজ দেশে গণতন্ত্র অবরুদ্ধ। দেশে আইনের শাসন নেই। গণতন্ত্রহীন একটি রাষ্ট্রে পরিনত হয়েছে বাংলাদেশ। সোমবার সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, যদি দেশে গণতন্ত্র থাকতো তাহলে আমাদের নেত্রীকে জামিন পাওয়ার পরও জেলে থাকতে হতো না। বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

এদিকে দৈনিক প্রথম আলোর একটি খবরে লেখা হয়েছে, স্বাধীনতা দিবসে দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারারুদ্ধ নেতা-কর্মীদের মুক্ত করতে আন্দোলনের শপথ নিয়েছে বিএনপি।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই শপথের কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আজকের এই দিনে খালেদা জিয়াসহ কারাগারে থাকা সব নেতা-কর্মীকে অবিলম্বে মুক্ত করার জন্য আমরা আন্দোলনের শপথ গ্রহণ করছি।

উন্নয়নশীল দেশের মর্যাদা লাভই প্রমাণ করে দেশ কতটা এগিয়েছে : ওবায়দুল কাদের-দৈনিক নয়া দিগন্ত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতিসঙ্ঘে বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা লাভই প্রমাণ করে দেশ কতটা এগিয়েছে।

তিনি আজ সোমবার সকালে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, তবে এখনো দেশে স্বাধীনতা বিরোধীরা সোচ্চার রয়েছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

স্বাধীনতা দিবস'তলাবিহীন ঝুড়ি’ থেকে উন্নয়নশীল দেশ-দৈনিক প্রথম আলো

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ১৯৭২ সালে বলেছিলেন, বাংলাদেশ একটি ‘তলাবিহীন ঝুড়ি’ হতে যাচ্ছে। সত্তরের দশকে জাস্ট ফ্যালান্ড ও জন পার্কিনসন নামের দুই অর্থনীতিবিদের যৌথভাবে লেখা বাংলাদেশের উন্নয়ন-সম্পর্কিত বিখ্যাত বইটির নাম ছিল বাংলাদেশ: এ টেস্ট কেইস অব ডেভেলপমেন্ট।

১৬ মার্চ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে জানিয়েছে যে বাংলাদেশ যেহেতু স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের ক্যাটাগরিতে উত্তরণের তিনটি পূর্বশর্ত পূরণ করেছে, তাই ২০১৮ সাল থেকে বাংলাদেশের এই উত্তরণপর্ব শুরু হয়েছে।

উত্তরণপর্ব ছয় বছর মনিটর করার পর ২০২৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করবে।

এইচএসসিতে প্রশ্ন ফাঁস ঠেকাতে ২৫ মিনিট আগে সেট নির্ধারণ-দৈনিক যুগান্তর

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে নতুন কৌশল নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২রা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় প্রশ্ন সেট লটারির মাধ্যমে নির্ধারণ হবে ২৫ মিনিট আগে। এতে করে প্রশ্ন ফাঁস ঠেকানোর সর্বশেষ কৌশলটি কাজে লাগাচ্ছে সরকার। আগামীকাল পরীক্ষা সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্তের কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষাসচিব সোহরাব হোসাইন। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ বোর্ডের চেয়ারম্যানরনা উপস্থিত ছিলেন।

কমবে যানজট ফিরবে স্বস্তি -দৈনিক ইনকিলাব

পরিকল্পিত ও সমন্বিত আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। ২০১৫ সালে এসটিপি বা স্ট্রাটেজিক ট্রান্সপোর্ট প্লান সংশোধন করে ২০৩৫ সাল পর্যন্ত ২০ বছর মেয়াদি পরিকল্পনা করা হয়। আধুনিক গণপরিবহন ব্যবস্থার মধ্যে থাকা ৫টি মেট্রোরেলের নির্মাণ কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে। সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতাভুক্ত এ প্রকল্পের কাজ রাজধানীর রোকেয়া সরণির পরিকল্পনা কমিশনের কাছ থেকে মিরপুর পর্যন্ত দৃশ্যমান করতে রাতদিন কাজ চলছে। পাইলিংয়ের পাশাপাশি ডিপো ও স্টেশন নির্মাণের কাজও চলছে। এদিকে, দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে যুক্ত করতে সাভারের হেমায়েতপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ৪০ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করছে সরকার। বিশেষজ্ঞদের মতে, এসটিপির সাথে নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হলে যোগযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে। তাতে যানজটের ভোগান্তি অনেকটাই কমে যাবে। ফিরবে স্বস্তি।

এবার ভারতের খবর তুলে ধরছি।

অস্ত্র-মিছিল, পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে রণক্ষেত্র কান্দি-দৈনিক আনন্দবাজার

রামনবমীর মিছিল উপলক্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের কান্দি। রামনবমীতে অস্ত্র হাতে মিছিল করার অনুমতি না মেলায় চাপা উত্তেজনা ছিলই। সোমবার মুর্শিদাবাদের কান্দিতে হিন্দুত্ববাদী একটি সংগঠনের সমর্থকেরা অস্ত্র হাতে মিছিল করতে শুরু করলে পুলিশ বাধা দেয়। এবং তার পরেই পুলিশ-মিছিলকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায় কান্দিতে। মিছিলকারীরা থানায় ঢুকে পুলিশের গাড়ি ভাঙচুর করেন। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করেন তাঁরা। পুলিশের বিশাল বাহিনী এসে তাঁদের ছত্রভঙ্গ করে। পুলিশ-মিছিলকারীর খণ্ডযুদ্ধে দুই মিছিলকারী ছাড়াও দুই সাংবাদিক জখম হয়েছেন। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।

ত্রিশূল হাতে রাম নবমীর মিছিল, লকেটের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের-দৈনিক সংবাদ প্রতিদিন

রামপুরহাটে রাম নবমীর মিছিলে ত্রিশূল হাতে হেঁটেছিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করল বীরভূম জেলা পুলিশ। পুলিশের অভিযোগ, প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করে বহিরাগতদের নিয়ে মিছিল করেছেন বিজেপি নেত্রী।

এ রাজ্যে দলের সংগঠনকে মজবুত করতে বিজেপির হাতিয়ার রাম নবমী।যদিও অস্ত্র মিছিলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সতর্ক ছিল প্রশাসনও।

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে মুখ খুলতে নারাজ এয়ার ইন্ডিয়া-দৈনিক আজকাল

‌প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণের বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাইল না এয়ার ইন্ডিয়া। এই বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্য জানার অধিকার আইনের আওতায় প্রধানমন্ত্রীর বিদেশ সফরের তথ্য জানতে চাওয়া হলেও, তা শুধুমাত্র নরেন্দ্র মোদির নিরাপত্তার কারণেই প্রকাশ করা হবে না। অন্তত এমনই নির্দেশ রয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। সরকারি কাজে স্বচ্ছতা বজায় রাখার জন্য তথ্য জানার অধিকার আইনে আবেদন করেছিলেন অবসরপ্রাপ্ত কমান্ডার লোকেশ বাত্রা। চলতি বছরের ২ ফেব্রুয়ারি লোকেশ বাত্রা তথ্য জানার অধিকার আইনে আবেদন করে প্রধানমন্ত্রীর সফর সম্বন্ধে জানতে চান।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬