মার্চ ২৭, ২০১৮ ১১:২২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৭ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বৃহস্পতিবার সমাবেশের অনুমতি পাওয়ার আশা বিএনপির- দৈনিক ইত্তেফাক
  • সব প্রতিষ্ঠান ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে সরকার-দৈনিক যুগান্তর
  • ঋণ কেলেঙ্কারির কারণে লোকসানে ফারমার্স-দৈনিক প্রথম আলো
  • ভাসানচরে রোহিঙ্গা পুনর্বাসনে দাতাদের সাহায্যের কোনো আশা নেই-দৈনিক মানবজমিন
  • গঙ্গার ন্যায্য হিস্যা আদায়ে সক্ষম হয়েছে বাংলাদেশ -প্রধানমন্ত্রী-দৈনিক ইনকিলাব
  • লাল ফিতায় বন্দী বাংলাদেশের নতুন নাগরিকত্ব আইন-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অশুভ লক্ষণ-দৈনিক আনন্দবাজার
  • কমিশনের ঘোষণার আগেই কর্নাটকের ভোটের দিন ট্যুইট বিজেপির-দৈনিক আজকালফেসবুকে অন্তত ৩ লক্ষ ‘আসল’ লাইক চাই,
  • সাংসদদের নির্দেশ মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

গঙ্গার ন্যায্য হিস্যা আদায়ে সক্ষম হয়েছে বাংলাদেশ -প্রধানমন্ত্রী-দৈনিক ইনকিলাব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে গঙ্গার ন্যায্য হিস্যা আদায়ে সক্ষম হয়েছে বাংলাদেশ। সরকারের ধারাবাহিকতা ছিল বলেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। মঙ্গলবার বিশ্ব পানি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিশুদ্ধ পানি কীভাবে সংরক্ষণ করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বিশ্বের ১০০ কোটি মানুষ সুপেয় পানি পায় না। বর্ষকালের পানি যত বেশি সংরক্ষণ করা যাবে দেশ ততই উপকৃত হবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, উন্নয়নের নামে পুকুর-খাল ভরাট করা যাবে না। শিল্প-কারখানার জন্য অনেক সময় ভরাটের প্রয়োজন হলেও বিকল্প জলাধার সৃষ্টি করতে হবে।

দৈনিক ইত্তেফাকের ৩ টি রাজনৈতিক খবর ছোটো করে তুলে ধরছি।

বিএনপি বলেছে আগামী বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাওয়া নিয়ে তারা আশাবাদী।আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের কাছে এ আশাবাদের কথা বলেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের অনুমতি দেয়ার দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের (ডিএমপি)। পুলিশ কমিশনার যদি মনে করেন সমাবেশ করার জন্য কোনো অসুবিধা নেই, তাহলে পুলিশ কমিশনার সেই ব্যবস্থা নেবে। অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে দুদকের আবেদনের গ্রহনযোগ্যতার বিষয়ে শুনানি কাল অনুষ্ঠিত হবে।

সব প্রতিষ্ঠান ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে সরকার-দৈনিক যুগান্তর

দেশের মানুষের কোনো অধিকার নেই। সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে বর্তমান সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে ‘স্বাধীনতা র‌্যালি’ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি এ র‌্যালির আয়োজন করেছে।

ঋণ কেলেঙ্কারির কারণে লোকসানে ফারমার্স-দৈনিক প্রথম আলো

সংকটে পড়া ফারমার্স ব্যাংক ২০১৭ সালে ৫৩ কোটি টাকা নিট লোকসান করেছে। বছর শেষে ব্যাংকটির আমানত কমে হয়েছে ৪ হাজার ৬৭৩ কোটি টাকা। অথচ ব্যাংকটির ঋণ ৫ হাজার ১৩০ কোটি টাকা। আমানতের চেয়ে ঋণ বেশি হওয়ায় ফারমার্স ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। ব্যাংকটির শাখাগুলোতে প্রতিদিন ভিড় করেও টাকা ফেরত পাচ্ছেন না আমানতকারীরা। অন্যদিকে নানা অনিয়ম করে দেওয়া ঋণও আদায় করতে পারছে না তারা। সিদ্ধান্ত হলেও গত তিনমাসেও মূলধন জোগাড় হয় নি। সংকটের প্রভাব পড়েছে পুরো ব্যাংক খাতে।

মিরপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ-দৈনিক যুগান্তর

বকেয়া বেতন ও ওভার টাইমের টাকার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার বেলা ১১টায় মিরপুর-২ এর প্রশিকা ভবনের সামনের সড়কে বিক্ষোভ শুরু করেন আনিকা অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার অন্তত ১৪০০ শ্রমিক। এক পর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে মিরপুর-২, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম ও রূপনগর এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। 

ভাসানচরে রোহিঙ্গা পুনর্বাসনে দাতাদের সাহায্যের কোনো আশা নেই-দৈনিক মানবজমিন

ভাসানচরে রোহিঙ্গা পুনর্বাসনে বিদেশী দাতাদের সাহায্যের কোনো আশা নেই। বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাতকারে এ কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রায় এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে পুনর্বাসনের পরিকল্পনার কথা সরকার ঘোষণা করেছে অনেক আগেই। তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হয় নি। এ বিষয়ে শাহরিয়ার আলম বলেছেন, এই বিশাল কর্মযজ্ঞে বিদেশীদের সাহায্য পাওয়ার কোনো আশা ইে। তিনি বলেন, ওই চরে বাড়িঘর নির্মাণ করতে এবং বঙ্গোপসাগরের বুকে ঘূর্ণিঝড় থেকে সুরক্ষা দিতে ওই কর্দমাক্ত দ্বীপে প্রায় ২৮ কোটি ডলারের পুরোটাই বহন করছে বাংলাদেশ।

এবার ভারতের খবর তুলে ধরছি।

গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অশুভ লক্ষণ-দৈনিক আনন্দবাজার

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ— গালভরা লাগে বেশ শুনতে। কিন্তু সংবাদমাধ্যমের প্রতি ততটা সদয় বাস্তবে ভারত নয়। বাস্তবে ঠিক কতটা প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাংবাদিকদের বা সংবাদমাধ্যমকে, গত দু’দিনে তা অনেকখানি স্পষ্ট হয়ে গিয়েছে। বিহারে এবং উত্তরপ্রদেশে দু’দিনে তিন সাংবাদিককে একই ভঙ্গিতে পিষে দিয়ে গিয়েছে লরি! শিউরে উঠতে হচ্ছে! পঞ্চায়েত স্তরের এক নেতার সঙ্গে বিরোধ হয়েছিল বিহারের এক সাংবাদিকের। নেতার গাড়ি পিষে দিয়েছে সাংবাদিকের চলন্ত বাইককে কিছুক্ষণের মধ্যেই। মধ্যপ্রদেশে বালি মাফিয়াদের কুকীর্তি ফাঁস করেছিলেন সাংবাদিক। খুনের হুমকি আসছিল তার পর থেকেই। পুলিশকে জানিয়েছিলেন সব। কিন্তু কোনও ফল হল না। রাস্তায় আচমকা লরি এসে পিষে দিয়ে গেল। সংবাদমাধ্যমের উপরে বা সাংবাদিকের উপরে আক্রমণের ঘটনা ক্রমশ বাড়ছে দেশে।

ফেসবুকে অন্তত ৩ লক্ষ ‘আসল’ লাইক চাই, সাংসদদের নির্দেশ মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন

ফেসবুক, অ্যাপ থেকে তথ্য চুরি নিয়ে বিরোধীদের কটাক্ষের শিকার হতে হচ্ছে৷ তবে ২০১৯-এর লোকসভা নির্বাচনের প্রচারের জন্য ডিজিটাল দুনিয়ার উপরই ভরসা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ শোনা গিয়েছে, দলের প্রত্যেকের সাংসদের ফেসবুক প্রোফাইলে যেন অন্তত তিন লক্ষ লাইক থাকে৷ এই নির্দেশই দিয়েছেন প্রধানমন্ত্রী৷ আর এই লাইক-এর মধ্যে যেন কোনও ফেক প্রোফাইল না থাকে এবং তা যেন টাকার মাধ্যমে কেনা না হয়, এমনটাই জানানো হয়েছে৷কিছুদিন আগেই একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, বিশ্বের বিভিন্ন নেতা-মন্ত্রীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে যে পরিমাণ লাইক রয়েছে৷ তার বেশিরভাগই হয় কেনা, নয়তো ফেক প্রোফাইল থেকে করা৷ কিন্তু পরে এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে৷ এ বিষয়টি হালকাভাবে নিতে নারাজ বিজেপি নেতৃত্ব৷

কমিশনের ঘোষণার আগেই কর্নাটকের ভোটের দিন ট্যুইট বিজেপির-দৈনিক আজকাল

নির্বাচন কমিশনের ঘোষণার আগেই দিন বিজেপির ট্যুইটারে দিন ঘোষণা। তাই নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। অভিযোগ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ট্যুইট করে নাকি আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি। ঘটনাটি জানার পর  মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশর রাওয়ত জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। 

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ট্যুইটে জানিয়েছিলেন কর্নাটক বিধানসভার নির্বাচন হবে ১২ মে এবং গণনা ১৮ মে। কিন্তু নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে কিন্তু তখনও নির্দিষ্ট করে দিনের কথা ঘোষণা করা হয় নি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭