মার্চ ২৮, ২০১৮ ১১:৫২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৮ মার্চ বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • আদালতে হাজির করা হয়নি খালেদা জিয়াকে- দৈনিক ইত্তেফাক
  • সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি : শিক্ষামন্ত্রী-দৈনিক যুগান্তর
  • ব্যাংকগুলোকে আবারও দেওয়া হচ্ছে জনগণের টাকা-দৈনিক প্রথম আলো
  • সরকার সমাবেশ ফোবিয়ার আতঙ্কে ভুগছে : রিজভী-দৈনিক মানবজমিন
  • এক সপ্তাহের নোটিশেও নির্বাচনে যেতে রাজি বিএনপি -জয়নাল আবেদীন ফারুক-দৈনিক ইনকিলাব
  • সাড়ে ৭ হাজার কোটি টাকা খেলাপি ঋণএক-তৃতীয়াংশে নেমে এসেছে ব্যাংকের প্রকৃত মুনাফা-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • আধার তথ্য কি সত্যিই ফাঁস হয়ে যাচ্ছে?-দৈনিক আনন্দবাজার
  • নবান্নর কাছে রিপোর্ট চাইল কেন্দ্র, রানিগঞ্জে আধাসেনা নামাতে চায় স্বরাষ্ট্র মন্ত্রক-দৈনিক আজকাল
  • মমতা-সনিয়া সাক্ষাৎ সম্ভাবনায় সরগরম জাতীয় রাজনীতি-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

দৈনিক প্রথম আলো এবং ইত্তেফাকসহ প্রায় সব দৈনিকের অনলাইন সংস্করণের খবরে লেখা হয়েছে-অনিবার্য কারণে’খালেদা জিয়াকে আদালতে নেওয়া হয় নি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

খবরটিতে লেখা হয়েছে, ‘অনিবার্য কারণে’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বুধবার আদালতে নেওয়া হয়নি। এ কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু তাঁকে ছাড়াই আদালত বসে। তবে গণমাধ্যমকে  রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে খালেদা জিয়াকে আজ আদালতে হাজির করা হচ্ছে না। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ বিচারাধীন রয়েছে। আগামী ৫ এপ্রিল পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেছে আদালত।

সরকার সমাবেশ ফোবিয়ার আতঙ্কে ভুগছে : রিজভী-দৈনিক নয়া দিগন্তের শিরোনাম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার সমাবেশ ফোবিয়ার আতঙ্কে ভুগছে বলেই রাজধানীতে বিএনপিকে সমাবেশ করতে দিচ্ছে না।

আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের স্বৈরাচারের ডাইমেনশনটা উন্মোচিত হচ্ছে যখন একটি প্রধান রাজনৈতিক দলকে জনসভার করতে দেয়া হচ্ছে না। অন্য ছোট-খাটো দলকেও এরমধ্যেই সোহরাওয়ার্দি উদ্যানে জনসভা করতে দিয়েছেন। তাহলে বিএনপিকে দিচ্ছেন না কেনো? সরকার সমাবেশ আতঙ্কে ভোগছেন।

সংসদে প্রতিনিধিত্বকারী দল নিয়ে হবে নির্বাচনকালীন সরকার-ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। আজ দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারে ১৪ দলের প্রতিনিধি থাকবে কি না বড় কথা নয়, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো নিয়ে নির্বাচনকালীন সরকার হতে পারে। তবে এর আকার হবে ছোট। যা হবে প্রধানমন্ত্রী করবেন। এটা তার এখতিয়ার।

 তিনি বলেন, এখন বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার। গতবার তাদেরকে নির্বাচনকালীন সরকারে ডাকা হয়েছিল। কিন্তু তারা সাড়া দেননি।

ব্যাংকগুলোকে আবারও দেওয়া হচ্ছে জনগণের টাকা-দৈনিক প্রথম আলোর অর্থনীতি বিষয়ক প্রতিবেদনের শিরোনাম

সরকারি ব্যাংকের মূলধন ঘাটতি

প্রতিবেদনটিতে লেখা হয়েছে, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মূলধন ঘাটতি বাড়ছেই। আর ব্যাংকগুলোর এই ঘাটতি পূরণের জন্য দেদার টাকা দিয়ে যাচ্ছে সরকারও। এবার এসব ব্যাংককে দুই হাজার কোটি টাকা দিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কাছে সুপারিশ করেছে একই মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বাংলাদেশ ব্যাংকের গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী সোনালী, জনতা, রূপালী ও বেসিক ব্যাংক এবং বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ১৫ হাজার ৯০৯ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের গতকাল মঙ্গলবারের হিসাব বলছে, ঘাটতির পরিমাণ বেড়ে এখন ১৭ হাজার ৪৪০ কোটি টাকা হয়েছে। তিন মাসের ব্যবধানে মূলধন ঘাটতি বেড়েছে ১ হাজার ৫৩১ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সোনালী ব্যাংকের কারণেই মূলত রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের সার্বিক মূলধন ঘাটতি অনেক বেড়েছে। তিন মাসে সোনালী ব্যাংকের মূলধন ঘাটতি বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। গত সেপ্টেম্বরে যেখানে ব্যাংকটির মূলধন ঘাটতি ছিল ৩ হাজার ১৪০ কোটি টাকা, সেখানে ডিসেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৩৯৭ কোটি টাকা।

সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি : শিক্ষামন্ত্রী-দৈনিক যুগান্তর

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

বাংলাদেশে সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি। আমরা হয়তো আইন প্রয়োগ করে নিজেরা বন্ধ করতে পারি না, আইনশৃঙ্খলা বাহিনী বন্ধ করে। কোনো ধরনের কোচিং সেন্টারই আইনগত অ্যালাউড না।

তিনি বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষা সামনে রেখে ২৯ মার্চ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সারা দেশে সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদারকি করবে।

প্রশ্নফাঁস ঠেকাতে সিলগালাসহ সিকিউরিটি কোডের মাধ্যমে ডাবল প্যাকেটে করে প্রশ্ন কেন্দ্রে পাঠানো হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে প্রশ্ন সেট নির্ধারণ করে সব বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে একাধিক প্রশ্নের সেট পৌঁছে দেয়া হবে।

অর্থ পাচার রোধ করতে হবে: দুদক চেয়ারম্যান-দৈনিক প্রথম আলো

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

দেশকে উন্নয়নশীল হিসেবে গড়ে তুলতে হলে অর্থ পাচার রোধ করতে হবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ উপলক্ষে আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দুদক আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। যেকোনো উপায়ে দেশ থেকে অর্থ পাচার রোধ করার ওপর গুরুত্ব দেন দুদক চেয়ারম্যান। বর্তমানে দুদক বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহ করছে জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, অর্থ পাচারে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এবার ভারতের খবর তুলে ধরছি।

মমতা-সনিয়া সাক্ষাৎ সম্ভাবনায় সরগরম জাতীয় রাজনীতি-দৈনিক সংবাদ প্রতিদিন

সোনিয়া গান্ধী ও মমতা ব্যানার্জী

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা প্রসূত ফেডারেল ফ্রন্টে কি কংগ্রেস অংশীদার? এটাই এখন বড় প্রশ্ন জাতীয় রাজনীতিতে। ইতিমধ্যেই দেশের প্রায় তামাম বিরোধী দলের নেতাদের সঙ্গে দেখা করে বৈঠক করেছেন মমতা। সনিয়া গান্ধীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কও খুব ভাল। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে কি কংগ্রেস পাশে থাকবে? এই প্রেক্ষিতেই বুধবার সন্ধেয় সনিয়া-মমতা সাক্ষাতের সম্ভাবনা। আর তা নিয়েই সরগরম জাতীয় রাজনীতি।

ত্রিপুরা জয়ের পরই উত্তরপ্রদেশে উপ নির্বাচনে হার। শিব সেনার হুমকি। টিডিপির জোট ছেড়ে যাওয়া। স্পষ্টতই বেকায়দায় আছে পদ্ম শিবির। ঠিক এই পরিস্থিতিতেই বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করতে কোমর বেঁধে নেমেছেন মমতা। ফেডারেল ফ্রন্টের স্বপ্ন তাঁর দীর্ঘদিনের। তবে রাজনৈতিক বাধ্যবাধকতায় তা বাস্তবের আলো দেখেনি।

নবান্নর কাছে রিপোর্ট চাইল কেন্দ্র, রানিগঞ্জে আধাসেনা নামাতে চায় স্বরাষ্ট্র মন্ত্রক-দৈনিক আজকাল

রাণিগঞ্জে আধা সামরিক বাহিনী মোতায়েনের ব্যাপারে চিন্তাভাবনা

রানিগঞ্জের ঘটনা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার চিঠি দিয়ে নবান্নের কাছে রিপোর্ট তলব করেছে তারা। চিঠিতে জানানো হয়েছে, প্রয়োজনে রানিগঞ্জে আধাসেনা নামাতে তৈরি স্বরাষ্ট্র মন্ত্রক। 

সোমবার রাম নবমীতে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ। ঘটনায় মৃত্যু হয় ১ ব্যক্তির। দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় হাত উড়ে যায় পুলিস আধিকারিকের। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিশাল পুলিস বাহিনী। বাহিনী আনা হয় পার্শ্ববর্তী জেলাগুলি থেকেও। মঙ্গলবার অবশ্য কোনও অশান্তি হয়নি রানিগঞ্জে।

কে বলে নারী অবলা! প্রিয়াঙ্কার পাঞ্চই ভরসা জোগাচ্ছে রাজ্যের মেয়েদের-আনন্দবাজার ও সংবাদ প্রতিদিন

প্রিয়াঙ্কা সিংহ রায়

গালে চড়। নাকের তলায় মোক্ষম ‘পাঞ্চ’। সঙ্গে কয়েকটা ‘কিক’। রাস্তাতেই কুপোকাত তিন বীরপুরুষ! সাঁইথিয়ার প্রিয়াঙ্কা সিংহ রায় বলে দিচ্ছে, ‘‘নিজের সামর্থ্য কতটা জানি। তাই ভয় পাইনি। বিশ্বাস ছিল, ওই তিনটে ছেলেকে একাই ঘায়েল করতে পারব। করে দেখিয়েও দিয়েছি।’’ 

মঙ্গলবার উচ্চ মাধ্যমিক শুরু। সোমবার বিকেলে পাড়ার বোনকে সাইকেলে চাপিয়ে বেরিয়েছিল পরীক্ষার্থী প্রিয়াঙ্কা। অভিযোগ, মাঝ পথে সাইকেল আটকে তিন যুবক তাকে কটূক্তি করে। সে প্রতিবাদ করায় হাত ধরে বলে, ‘একটু পাশে চল’। ভড়কে না গিয়ে বোনকে সাইকেলটা দিয়ে এগিয়ে যায় প্রিয়াঙ্কা। ছেলেগুলো জানত না, প্রিয়াঙ্কা তায়কোয়ন্দো-র ব্লু-বেল্ট। ছ’বছর ধরে সে এই মার্শাল আর্টের প্রশিক্ষণ নিচ্ছে। মিনিট পাঁচ-ছ’য়েকের মধ্যেই তিন যুবককে কাহিল করে পুলিশের হাতে তুলে দেয় ওই পরীক্ষার্থী। সাঁইথিয়ারই বাসিন্দা ওই তিন যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তাদের আটক করে জেরা করছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮