এপ্রিল ০৩, ২০১৮ ১০:৪৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩ এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • এ বছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.৬৫ শতাংশ- দৈনিক ইত্তেফাক
  • দুর্নীতি রাজনৈতিক টানাপোড়েন দ্রব্যমূল্য সহিংসতা ও পারিবারিক অশান্তি-দৈনিক যুগান্তর
  • বিশ্লেষণ-তাহলে বন্ধই হোক বাংলাদেশ ব্যাংক-দৈনিক প্রথম আলো
  • দুদকের সন্দেহজনক লেনদেনের তথ্য বানোয়াট, ভিত্তিহীন’-দৈনিক মানবজমিন
  • নির্বাচন : বিএনপির চার এজেন্ডা-দৈনিক নয়া দিগন্ত
  • দুদক হল বিরোধী দল দমন-নিপীড়নের হাতিয়ার -রিজভী-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • দলিত মিছিলে গুলি, নিহত ৯-দৈনিক আনন্দবাজার
  • কাবেরীর জলের জন্য অনশনে বসলেন মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী-দৈনিক আজকাল
  • হচ্ছে না ‌সিবিএসই–র দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

এ বছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.৬৫ শতাংশ-দৈনিক ইত্তেফাক

চলতি ২০১৭-১৮ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৬৫ শতাংশ। যেখানে চলতি অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ দশমিক ৪ শতাংশ। গত ২০১৬-১৭ অর্থবছরে এ প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ২৮ শতাংশ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ রাজধানীর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় অর্থসূচকের এই উন্নতির জন্য ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। মন্ত্রী জানান, পরিসংখ্যান ব্যুরোর প্রাক্কলন অনুযায়ী, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মোট আভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) আকার দাঁড়াবে ২৭৪ দশমিক ৫ বিলিয়ন ডলারে। গত অর্থবছরে জিডিপির আকার ছিল ২৪৮ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন-দুদকের সন্দেহজনক লেনদেনের তথ্য বানোয়াট, ভিত্তিহীন-দৈনিক মানবজমিন

গোয়েন্দা সংস্থার তথ্যের উপর ভিত্তি করে বিএনপির ৮ সিনিয়র নেতাসহ ৯ জনের ব্যাংক একাউন্ট থেকে সন্দেহজনক লেনদেনের যে তালিকা দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রকাশ করেছে তা বানোয়াট,  মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্যেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র নেতারা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র নেতারা এসব মন্তব্য করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দুদকের বক্তব্যে আমার নাম জড়ানো হয়েছে।

আর দৈনিক ইনকিলাব লিখেছে-বিরোধী দলকে দমন-নিপীড়ন করার জন্য দুর্নীতি দমন কমিশন-দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অর্থনৈতিক বিশ্লেষণ-তাহলে বন্ধই হোক বাংলাদেশ ব্যাংক-দৈনিক প্রথম আলো

মালিকদের চাপে সরকার এই যে নানা সুবিধা দিল, তাতে ব্যাংক খাতে অন্তত ১০ হাজার কোটি টাকার সরবরাহ বাড়বে। তবে সুদহার আপাতত কমছে না। নির্বাচনী বছরে উদ্যোক্তারা নানা অনিশ্চয়তায় বিনিয়োগেও খুব আগ্রহ দেখাচ্ছে না। ফলে ব্যাংক খাতে বাড়তি অর্থ মূল্যস্ফীতি ঘটাবে বলে অর্থনীতিবিদদের আশঙ্কা। পাশাপাশি অর্থ পাচারেরও সুযোগ বাড়বে। নির্বাচনের বছরে এমনিতেই অর্থ পাচার বাড়ে। সুতরাং, এত সব উদ্যোগের পেছনে সন্দেহ থাকা স্বাভাবিক। ব্যাংক খাতে এ ধরনের নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়ার আগে সব দেশই ব্যাপক ব্যাখ্যা-বিশ্লেষণ ও আলাপ-আলোচনা করে থাকে। ব্যাংক মালিকদের সঙ্গে বৈঠক করে মুদ্রানীতি নিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়ার ঘটনাও ব্যতিক্রমী। এ ঘটনায় অর্থনীতিবিদরা বিস্মিত। তাঁরা মনে করছেন, এর পেছনের কারণ অর্থনীতি নয়, বরং রাজনৈতিক। মূল কারণ ব্যাংক মালিকদের সুবিধা দেওয়া। ১০ হাজার কোটি টাকা বের করে নেওয়াই বড় উদ্দেশ্য।

আইন আদালত সম্পর্কিত একটি দৈনিক ইত্তেফাকের শিরোনাম-৯৬'র শেয়ার কেলেঙ্কারির মামলায় খালাস ৮ জনকে আত্মসমর্পণের নির্দেশ

১৯৯৬ সালের আলোচিত শেয়ার কেলেঙ্কারির দুটি মামলার দুই কোম্পানির ৮ জনকে এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৮ জনের খালাসের রায়ের বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর আপিল শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মো.রইস উদ্দিন আজ মঙ্গলবার এ আদেশ দেন। আত্মসমর্পণের পর তাদের জামিন বিবেচনা করতে বলেছে আদালত।

দৈনিক প্রথম আলোর শিরোনাম-প্রাথমিক বৃত্তি পেল ৮২ হাজার ৪৭৩ জন

এ বছর প্রাথমিক বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী। এর মধ্যে মেধা কোটায় বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৯৮ জন। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ বৃত্তি দেওয়া হয়।

এদিকে দৈনিক কালের কণ্ঠের একটি খবরের শিরোনাম এরকম যে, প্রাথমকি শিক্ষা সমাপনীতে এমসিকিউ থাকছে না-মোস্তাফিজুর রহমান 

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রাথমকি শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) থেকে আর এমসিকিউ থাকছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃত্তির ফল প্রকাশের পর তিনি এমন তথ্য জানান। গণশিক্ষা মন্ত্রী এ সময় আরো জানান, এ বছর থেকে পঞ্চম শ্রেণির (পিইসি) ও ইবতেদায়ী পরীক্ষায় নৈব্যক্তিক প্রশ্নের পরিবর্তে সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত করা হবে। মন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসরোধ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিশেষ করে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সবার মতামত নিয়ে আগামী পরীক্ষায় এমসিকিউ বাদ দেওয়া হচ্ছে।

দুর্নীতি রাজনৈতিক টানাপোড়েন দ্রব্যমূল্য সহিংসতা ও পারিবারিক অশান্তি-দৈনিক যুগান্তর

অর্থনীতিসহ নানা দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এখন মুহূর্তের মধ্যেই কাছে কিংবা দূরের আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে। চাওয়ামাত্রই চাহিদা দ্রব্য পাওয়া যাচ্ছে; কিন্তু এত কিছুর পরও মানুষের সুখ ক্রমেই দূরে সরে যাচ্ছে। দুর্নীতি, রাজনৈতিক টানাপোড়েন, দ্রব্যমূল্য, সহিংসতা ও পারিবারিক অশান্তির কারণে সুখ হারিয়ে যাচ্ছে মানুষের জীবন থেকে। যুগান্তরকে দেয়া সাক্ষাৎকারে বিশ্লেষকরা এমন মন্তব্য করেছেন।

এবার ভারতের খবর তুলে ধরছি।

কাবেরীর পানির জন্য অনশনে বসলেন মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী-দৈনিক আজকাল

কাবেরী নদীর পানিবণ্টন নিয়ে তামিলনাড়ু আর কর্নাটকের গণ্ডগোল নতুন করে জেগে উঠেছে। কাবেরী পানিবণ্টনের জন্য ম্যানেজমেন্ট বোর্ড গঠনের দাবিতে কয়েকদিন ধরেই অনশনে বসেছে এডিএমকে।তবে নতুন চমক দিলেন পনিরসেভম এবং পালানিস্বামী। মঙ্গলবার সকালে অনুশনকারীদের মঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী। সকলে ভেবেছিলেন তাঁরা এমনিই   আন্দোলনকারীদের সমর্থন জানাতে এসেছেন। কিন্তু তাঁরা যে নিজেরাই এই অনশনে সামিল হবেন তা দলের কর্মীরাও বুঝতে পারেন নি।

দলিত মিছিলে গুলি, নিহত ৯-দৈনিক আনন্দবাজার

দলিত সংগঠনগুলির ডাকা ভারত বন্‌ধ ঘিরে দেশ জুড়ে তুলকালাম। হিংসা থামাতে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ৯’জন বিক্ষোভকারীর। মধ্যপ্রদেশের গ্বালিয়র, ভিন্দ ও মোরেনাতে এক ছাত্রনেতাসহ মৃত্যু হয়েছে ৬ জনের। রাজস্থানের অলওয়ারে থানায় আগুন ধরিয়ে দিতে গিয়ে পুলিশের গুলিতে মারা গিয়েছেন আরও এক জন। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে ও মেরঠে পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছেন দুই বিক্ষোভকারী। সংঘর্ষ ছড়িয়েছে পঞ্জাব, রাজস্থান, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায়। বিপর্যস্ত অন্তত সাত-আটটি রাজ্যের জনজীবন। তবু সকাল থেকেই মধ্যপ্রদেশের গ্বালিয়র, ভিন্দ, মোরেনা জেলায় বিক্ষোভ শুরু হয়।

পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতে পারে, সে কথা বুঝেই তফসিলি জাতি ও জনজাতি নিপীড়ন প্রতিরোধ আইন লঘু না করার আর্জি নিয়ে তড়িঘড়ি সুপ্রিম কোর্টে গেল কেন্দ্রীয় সরকার।

হচ্ছে না ‌সিবিএসই–র দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা-দৈনিক সংবাদ প্রতিদিন

দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা সারা দেশে কোথাও নেওয়া হবে না। মঙ্গলবার একথা জানিয়ে দিল সিবিএসই বোর্ড। বোর্ড জানিয়েছে, অঙ্কের উত্তরপত্র ভালোভাবে খতিয়ে দেখার পর তাদের মনে হয়েছে প্রশ্ন ফাঁসের জন্য পরীক্ষায় সেভাবে প্রভাব পড়েনি। তারপরই তারা পরীক্ষা ফের না নেওয়ার সিদ্ধান্ত নেন। আর আনন্দবাজার লিখেছে, অবশেষে স্বস্তি। আন্দোলনের সার্থকতা। প্রশ্নফাঁসের জেরে পুনরায় সিবিএসই-র অঙ্ক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আপাতত সেরকম কোনও পরীক্ষা না নেওয়ারই সিদ্ধান্ত নিল প্রশাসন। পড়ুয়াদের স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩