এপ্রিল ০৪, ২০১৮ ১১:৩০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৪ এপ্রিল বুধবার কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • অনুসন্ধানে প্রকৃত সত্য বেরিয়ে আসবে- দৈনিক ইত্তেফাক
  • নতুন পণ্যের সঙ্গে নতুন বাজার সৃষ্টি করতে হবে : প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • জেলার নামের বানান পরিবর্তনে মিশ্র প্রতিক্রিয়া-দৈনিক প্রথম আলো
  • কারাগারে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত খালেদা জিয়া’-দৈনিক মানবজমিন
  • স্ত্রীর পরিকল্পনায় নিজ ঘরেই খুন হন রথীশ চন্দ্র- র‌্যাব ডিজি -দৈনিক নয়া দিগন্ত
  • নির্বাচনী প্রকল্পের হিড়িক-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • ২.৪২ লক্ষ কোটির অনাদায়ী ঋণ মুছে ফেলা হয়েছে ব্যাঙ্কের খাতা থেকে-দৈনিক আনন্দবাজার
  • রাজ্যপালের নিরপেক্ষতা: প্রশ্ন পার্থর-দৈনিক আজকাল
  • দলিত আইনে স্থগিতাদেশ নয়, জানাল সুপ্রিম কোর্ট-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

নতুন পণ্যের সঙ্গে নতুন বাজার সৃষ্টি করতে হবে : প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নতুন পণ্য উৎপাদন ও নতুন বাজার সৃষ্টির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তবাজার অর্থনীতিতে বিভিন্ন দেশের পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন ও আধুনিক প্রযুক্তির আত্মীকরণ এবং পণ্যের মানোন্নয়ন অত্যন্ত জরুরি। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় এসএমই মেলা ২০১৮’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সরকারপ্রধানের এ আহ্বান আসে। শেখ হাসিনা বলেন, আমাদের ঐতিহ্যবাহী জামদানি, নকশিকাঁথা এবং সিলেটের শীতল পাটি ইতিমধ্যে ইউনেস্কোর আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে। উদ্যোক্তারা এসব পণ্যের ব্র্যান্ডিংয়ের পাশাপাশি বাজার সম্প্রসারণের উদ্যোগ নিতে পারেন।

কারাগারে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত খালেদা জিয়া-রিজভী-দৈনিক মানবজমিন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

খালেদা জিয়াকে কারাগারে প্রাপ্য অধিকার থেকে সরকার বঞ্চিত করছে বলে অভিযোগ করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রকৃত শারীরিক অবস্থা কেমন তা জানা যাচ্ছে না। আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

অনুসন্ধানে প্রকৃত সত্য বেরিয়ে আসবে-ইকবাল মাহমুদ-দৈনিক ইত্তেফাক

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

কারো সমালোচনায় বিচলিত নই, অনুসন্ধানে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মঙ্গলবার বিকালে দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উল্লেথ্য, বিএনপির শীর্ষ ৮ নেতাসহ ১০ জনের বিভিন্ন ব্যাংক হিসাবে ১২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এটা নিয়ে রাজনৈতিক দল বিএনপি দুদককে নিয়ে নানা ধরনের সমালোচনা করছে। তারা এটাকে মিথ্যে, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে।

বাঘ-ভাল্লুক নেই, পথঘাটে তবু কেন এত ভয়?-দৈনিক প্রথম আলোর একটি মতামত প্রতিবেদনের শিরোনাম

বাংলাদেশের পথে ঘাটে নারীর অনিরাপদ জীবন

দেশের পথেঘাটে কোথাও হায়েনা নেই, বাঘ-ভাল্লুক নেই, মানুষখেকো দৈত্য-দানো নেই। তবু আতঙ্কের জপমালা হাতে নিয়ে নিশুতি রাত কি রৌদ্রোজ্জ্বল দিন, পথে বের হতে হয় নারীর। যেন কাছেধারেই ওত পেতে আছে নখর, এক্ষুনি ছিন্নভিন্ন করে ফেলবে শরীর, এক টানে ছিঁড়ে আনবে হৃদ্‌যন্ত্র, ব্লেডের পোঁচ দেবে পরনের কাপড়ে, হাতে ছুঁয়ে দেবে লজ্জা, দৃষ্টির মাপজোকে মুষড়ে ফেলবে অস্তিত্বকে, আঁধারে আজীবনের দুঃস্বপ্ন এঁকে দেবে চোখে। এই দুঃসহ অভিজ্ঞতার কথা আমরা সংবাদপত্রে পড়ছি। আমরা জেনে গেছি যৌন সহিংসতায় ঢাকা বিশ্বের মধ্যে চতুর্থ শীর্ষে।একটা স্বাধীন সার্বভৌম দেশ তার অর্ধেক জনসংখ্যাকে নিরাপত্তা দিতে পারে না! নিরাপত্তার বোধও ধীরে ধীরে বিলোপ হচ্ছে তার।নিরাপত্তা বলে যে এক মহামূল্যবান রত্ন আছে, রাষ্ট্র তাকে আরও দুর্লভ করে দেয় নারীর জন্য।

নির্বাচনী প্রকল্পের হিড়িক-দৈনিক ইনকিলাব

জাতীয় নির্বাচনের আগের জনতুষ্টির জন্য প্রতিটি সংসদীয় আসনে বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে। সরকারের শেষ সময়ে এসে এমপিদের জন্য নতুন নতুন প্রকল্প অনুমোদনের হিড়িক পড়েছে। ইতোমধ্যে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্প হাতে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।তবে নতুন নতুন প্রকল্পে কোটি কোটি টাকার অপচয় হবে বলে বিশ্লেষকমহল অভিমত দিয়েছে।

 

অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক ও তার স্ত্রী স্নিগ্ধা

রংপুর বিশেষ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিককে হত্যা এবং ফলোআপ খবরটি আজকের প্রায় সবগুলো জাতীয় দৈনিকের অনলাইনে প্রকাশিত হয়েছে। মানবজমিন শিরোনাম করেছে এভাবে তার  স্ত্রী স্নিগ্ধা ও তার প্রেমিক কামরুল মিলে খুন করেন আইনজীবী রথীশকে, লাশ বাইরে নেয়া হয় আলমারিতে করে। আর দৈনিক  নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে- স্ত্রীর পরকীয়ার জেরে পাবিরাবির অবিশ্বাস, দ্বন্দ্ব, অশান্তির কারনে রংপুর বিশেষ জজ আদালতের পিপি ও আওয়ামীলীগ নেতা রথীশ চন্দ্র ভৌমিক বাবুকে নিজ ঘরেই খুন করা হয় বলে র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ জানিয়েছেন।

জেলার নামের বানান পরিবর্তনে মিশ্র প্রতিক্রিয়া-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের সরকার

বাংলা উচ্চারণের সঙ্গে মিল রেখে নিকার সভায় দেশের পাঁচ জেলার ইংরেজি বানান পরিবর্তন করায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, আরও কয়েকটি জেলার উচ্চারণের সঙ্গে ইংরেজি বানানে পার্থক্য থাকলেও সেগুলো সংশোধন করা হয়নি। পাঁচটি জেলা হলো চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়া। এ বিষয়ে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘এই পরিবর্তন করার জন্য দাবি ছিল বলে শুনিনি। তবে এই পরিবর্তন হওয়ায় খারাপ কিছু হয়নি, বরং ভালোই হয়েছে।’ মুন্না নামের এক ব্যক্তি মন্তব্য করেন, ‘নাম পরিবর্তনের ফলে ওই পাঁচ জেলার মানুষের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্রে জেলার নাম পরিবর্তন করা লাগবে। ব্যবসা-বাণিজ্য, পারস্পরিক যোগাযোগসহ বৈদেশিক কাজে বিভিন্ন ডেটাবেইসে নাম পরিবর্তন করতে হবে। সে ক্ষেত্রে সরকারের কোটি কোটি টাকা খরচ হবে আর কাগজপত্র পরিবর্তন করতে কী পরিমাণ হয়রানি, টাকা খরচ, সময় লাগবে, সর্বোপরি ভোগান্তির মধ্যে পড়তে হবে তা বলার অপেক্ষা রাখে না।’

এবার ভারতের খবর তুলে ধরছি।

২.৪২ লক্ষ কোটির অনাদায়ী ঋণ মুছে ফেলা হয়েছে ব্যাঙ্কের খাতা থেকে-দৈনিক আনন্দবাজার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মোদী জমানায় গত সাড়ে তিন বছরে প্রায় ২ লক্ষ ৪২ হাজার কোটি টাকা নিজেদের হিসেবের খাতা থেকে মুছে ফেলতে হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে!

মঙ্গলবার সংসদে এ কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। যার মানে, এই বিশাল অঙ্কের ঋণ আর শোধ হওয়ার তেমন আশা দেখছে না রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। এই পরিসংখ্যান সামনে আসতেই কেন্দ্রকে তুলোধোনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন, ‘‘এটা কি বড় কেলেঙ্কারি নয়?’’তাঁর অভিযোগ, ‘‘চাষিরা ঋণের বোঝায় চোখের জল ফেলছেন। আত্মহত্যা করছেন। তাঁদের ঋণ মকুবের আর্জি নিয়ে কেন্দ্র মাথা ঘামাচ্ছে না। অথচ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অনাদায়ী ঋণ থেকে ২. ৪২ লক্ষ কোটি টাকা বাদ দেওয়া হচ্ছে!

দলিত আইনে স্থগিতাদেশ নয়, জানাল সুপ্রিম কোর্ট-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের সুপ্রিম কোর্ট

কেন্দ্রের উদ্বেগ বাড়িয়ে দলিত আইনে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। ফলে আগামী শুনানি পর্যন্ত বলবৎ থাকবে এই আইন। মঙ্গলবার এই বিষয়ে সমস্ত সংশ্লিষ্ট পক্ষের জবাব তলব করেছে শীর্ষ আদালত। দশ দিন পর মামলাটির ফের শুনানি হবে বলে জানায় সুপ্রিম কোর্ট।

রাজ্যপালের নিরপেক্ষতা: প্রশ্ন পার্থর-দৈনিক আজকাল

রাজ্যপাল নিরপেক্ষ নন, সাধারণ মানুষ এটা বলতে শুরু করেছেন। মঙ্গলবার তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। রাজ্যপালের সঙ্গে সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ও বিজেপি–র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দেখা করেন। দিলীপবাবু বলেছেন, নির্বাচন কমিশনারকে ডেকে পাঠাবেন রাজ্যপাল। #

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪