এপ্রিল ০৬, ২০১৮ ১২:২৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৬ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • নানা টানাপোড়েনে স্থবির প্রশাসন- দৈনিক ইত্তেফাক
  • ভূমিধস ও বন্যার ঝুঁকিতে লাখ লাখ রোহিঙ্গা-দৈনিক যুগান্তর
  • সুন্দরবনের চারপাশে ১৯০ শিল্পপ্রতিষ্ঠান-দৈনিক প্রথম আলো
  • ঢাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১-দৈনিক মানবজমিন
  • অপকৌশলে ঋণ দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা-দৈনিক নয়া দিগন্ত
  • লোক দেখানো মশা নিধন-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন: পুলিশের সামনেই বোমা-গুলি-লাঠি, হামলা চলছেই-দৈনিক আনন্দবাজার
  • রাজ্যপাল ও কমিশনকে ভুল তথ্য দিচ্ছে বিরোধীরা: পার্থ-দৈনিক আজকাল
  • পঞ্চায়েত-অশান্তির আবহে সৌজন্যের বার্তা, ফের বুদ্ধদেবকে দেখতে গেলেন মমতা-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

সরকার নিজেই দুর্নীতি করতে করতে সীমা ছাড়িয়ে গেছে: ফখরুল-দৈনিক যুগান্তর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকার নিজেই দুর্নীতি করতে করতে সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সরকারের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতির মামলা থাকার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। দুদক এক্ষেত্রে কোনো ভূমিকাই পালন করছে না। অথচ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় পাঁচ বছরের সাজা দিয়ে তাকে কারাগারে আটকে রেখেছে। তিনি বলেন, সরকারের কম করে হলেও একডজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি তিন মন্ত্রী আছেন, যারা দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত হয়েও মন্ত্রী পদে বহাল আছেন। মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দলের নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

এদিকে যুগান্তরের অন্য একটি খবরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য পরিবেশিত হয়েছে। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করে বলেছেন, বিএনপি নামক দলটা কে চালায়? দেশে থেকে কেউ চালায় না বিদেশ থেকে চালায়? এ প্রশ্নের জবাব দিন?

নানা টানাপোড়েনে স্থবির প্রশাসন-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের প্রশাসনে স্থবিরতা দেখা দিচ্ছে বলে বিশ্লেষকমহলের অভিমত

নির্বাচনী বছরে এসে স্থবিরতা দেখা দিচ্ছে প্রশাসনে। জানা-অজানা নানা শঙ্কায় উন্নয়ন প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও নিয়োগসহ অনেক প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্টদের মধ্যে অনিহার ভাব পরিলক্ষিত হচ্ছে। ফলে একদিকে যেমন নতুন প্রকল্প গ্রহণের স্বাভাবিক প্রক্রিয়া ঢিমেতালে চলছে, অন্যদিকে বাস্তবায়নাধীন নানা উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন হওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিচ্ছে।জাতীয় নির্বাচনের এখনও ৮-৯ মাসের মতো অবশিষ্ট থাকলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রশাসনের মধ্যে এখনই ছড়িয়ে পড়া আতঙ্কের কারণে সামগ্রিক উন্নয়ন কর্মযজ্ঞে বিঘ্ন ঘটছে বলে মনে করছেন প্রশাসন-অভিজ্ঞরা।

ভূমিধস ও বন্যার ঝুঁকিতে লাখ লাখ রোহিঙ্গা-দৈনিক যুগান্তর

ভূমিধস ও বন্যার ঝুঁকিতে লাখ লাখ রোহিঙ্গারা

কক্সবাজারে কুতুপালং সম্প্রসারিত ক্যাম্পে ১২ সদস্যের পরিবার নিয়ে দুটি ঝুপড়িঘরে উঠেছেন মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নির্মূল অভিযান থেকে আসা রোহিঙ্গা হাসান আলী। পাহাড়ের ওপরে ত্রিপলের ছাউনি ও বাঁশ-পলিথিনে ঘেরা এ ঘরটি নিরাপদই বলা চলে। কিন্তু হাসান আলী ও তার পরিবারের উৎকণ্ঠা, ঝড়-বৃষ্টি হলে তারা কী করবেন? কোথায় যাবেন? প্রতিকূল আবহাওয়ায় তাদের পরিণতিই বা কী হবে। পাঁচ নম্বর ক্যাম্পের জহুরা বেগম বলেন, মে মাসেই ঝড় শুরু হয়। আর এক মাস আছে। আমরা অপেক্ষায় আছি ঘরগুলো যদি আরও শক্ত করে বেধে দেয় সেজন্য। ক্যাম্পে বসবাসরত লাখ লাখ রোহিঙ্গা আসন্ন বর্ষা মৌসুমে মারাত্মক বিপর্যয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যারা পাহাড়ের খাঁড়া ঢালে ঘর তুলেছেন, ভারী বৃষ্টিতে তাদের নিয়ে আছে ভূমিধসের ভয়। আর নিম্নাঞ্চলে যারা থাকছেন, তাদের আছে বন্যায় প্লাবিত হওয়ার ঝুঁকি। জাতিসংঘের হিসেবে অন্তত দেড় লাখ রোহিঙ্গা এই ঝুঁকির মধ্যে রয়েছে।

সুন্দরবনের চারপাশে ১৯০ শিল্পপ্রতিষ্ঠান-দৈনিক প্রথম আলো

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকার মধ্যে ১৯০টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে ২৪টি লাল শ্রেণির অর্থাৎ মারাত্মক দূষণকারী। মাঝারি মাত্রায় দূষণকারী (কমলা-খ শ্রেণিভুক্ত) ১০৩টি ও স্বল্প দূষণকারী (কমলা-ক শ্রেণিভুক্ত) ৬৩টি শিল্প রয়েছে। পরিবেশসচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষ থেকে দেওয়া এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ওই প্রতিবেদন দাখিল করে। আদালত আগামী ৯ মে শুনানির জন্য দিন রেখেছেন। সেভ দ্য সুন্দরবনের সভাপতি শেখ ফরিদুল ইসলামের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ২৪ আগস্ট হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। সুন্দরবনের আশপাশের ১০ কিলোমিটার এলাকায় নতুন শিল্পকারখানা স্থাপনের অনুমোদনের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আদালত ওখানকার ১০ কিলোমিটার এলাকাজুড়ে কতগুলো শিল্পকারখানা রয়েছে, তার তালিকা দাখিল করতে নির্দেশ দেন। এই নির্দেশ অনুসারে ওই তালিকা দাখিল করা হয়।

ঢাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১-দৈনিক মানবজমিন

ঢাকায় বন্দুকযুদ্ধে নিহত ১

রাজধানীর ওয়ারীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ছিনতাইকারী নিহত হয়েছে। আজ শুক্রবার ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। সময় ছিনতাইকারী চক্রের আরো দুই সদস্যকে আটক করে পুলিশ।

এবার ভারতের খবর তুলে ধরছি।

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন: পুলিশের সামনেই বোমা-গুলি-লাঠি, হামলা চলছেই-দৈনিক আনন্দবাজার

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে অশান্ত পরিস্থিতি

কয়েক দিন ধরে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে চলতে থাকা অশান্তি, হাঙ্গামা থেমে নেই শুক্রবারও। কখনও পুলিশের সামনে, কখনও আবার পুলিশকে সঙ্গে নিয়েই বিরোধীদের উপর হামলার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। এ দিন সব থেকে বেশি অশান্তির খবর এসেছে মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং বীরভূম থেকে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে মিছিল করে মহকুমা শাসকের দফতরে যাওয়ার সময় বিজেপি নেতা-কর্মীদের উপর বোমা নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

পঞ্চায়েত-অশান্তির আবহে সৌজন্যের বার্তা, ফের বুদ্ধদেবকে দেখতে গেলেন মমতা-দৈনিক সংবাদ প্রতিদিন

বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গিয়ে সৌজন্যের বার্তা

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে রাজ্যে জুড়ে তুমুল অশান্তি। সন্ত্রাসের অভিযোগে শাসক-বিরোধী তরজায় যখন সরগরম রাজ্য রাজনীতি, তখন ফের অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ রাজনীতিতে আবারও সৌজন্যের বার্তা দিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় পাম অ্যাভিনিউয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়িতে যান বর্তমান মুখ্যমন্ত্রী।

রাজ্যপাল ও কমিশনকে ভুল তথ্য দিচ্ছে বিরোধীরা: পার্থ-দৈনিক আজকাল

বৃহস্পতিবার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ও রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংয়ের সঙ্গে দেখা করে বিরোধীদের সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগ জানাল তৃণমূলের এক প্রতিনিধিদল। বিকেলে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর রাজভবনের গেটে নেতাদের সঙ্গে নিয়ে পার্থ সাংবাদিকদের বলেন, বিজেপি, কংগ্রেস ও সিপিএম ভুল তথ্য দিচ্ছে। মিথ্যে কথা বলছে। আমরা প্রকৃত ঘটনা রাজ্যপাল ও রাজ্য নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরেছি। পার্থর বক্তব্য, এখনও পর্যন্ত তৃণমূলের চেয়ে বিরোধীরা মনোনয়নপত্র জমা দিয়েছে বেশি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬