এপ্রিল ০৮, ২০১৮ ১৩:০৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৮ এপ্রিল রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন হওয়া উচিত: সিইসি- দৈনিক ইত্তেফাক
  • কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র-পানি সংকটে উৎপাদনে ধস বেড়েছে লোডশেডিং-দৈনিক যুগান্তর
  • নাশকতার মামলায় গ্রেপ্তার খালেদা জিয়া-দৈনিক প্রথম আলো
  • প্রধানমন্ত্রী সবই জানেন: এরশাদ-দৈনিক মানবজমিন
  • বেগম জিয়াকে কারাগারে রেখে কোনো নির্বাচন করতে দেয়া হবে না -মির্জা ফখরুল-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • হামলা-হাঙ্গামা চলছেই, বোমা পড়ল সিপিএমের পার্টি অফিসে-দৈনিক আনন্দবাজার
  • দৈনিক আনন্দবাজারের অন্য একটি খবরের শিরোনাম-নির্যাতনের মুখে দলিতরা’, বিজেপি সাংসদের টুইটে অস্বস্তিতে মোদী
  • ছাত্রীদের শরীর ছুঁয়ে ভৌতিক শক্তি দান, যৌনাচারের ফন্দি এঁটে গ্রেপ্তার শিক্ষক-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে পরিবেশিত বেগম খালেদা জিয়া সম্পর্কিত দুটি খবর তুলে ধরছি।

প্রথম খবরটিতে লেখা হয়েছে, নাশকতার মামলায় গ্রেপ্তার খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

দ্বিতীয় খবরটির শিরোনাম এরকম-এখনই খালেদার বিদেশে চিকিৎসার প্রয়োজন নেই: চিকিৎসক

বিস্তারিত খবরে লেখা হয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এখনই বিদেশে নিয়ে চিকিৎসা করানোর মতো পরিস্থিতি হয়নি বলে মনে করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক মো. শামছুজ্জামান। তিনি খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান। 

বেগম জিয়াকে কারাগারে রেখে কোনো নির্বাচন করতে দেয়া হবে না -মির্জা ফখরুল-দৈনিক ইনকিলাব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়াকে কারান্তরীণ রেখে কোনো নির্বাচন এদেশে করতে দেয়া হবে না। সকল দলের সমন্বয়ে জাতীয় ঐক্য গঠন করে খালেদা জিয়াকে মুক্ত করে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এক্ষেত্রে আওয়ামী লীগ বেগম জিয়াকে কারাগারে পাঠিয়ে পাতানো নির্বাচনের যে ফাঁদ পেতেছিল এখন উল্টো আওয়ামী লীগ সেই ফাঁদে পড়েছে।

প্রধানমন্ত্রী সবই জানেন: এরশাদ-দৈনিক মানবজমিন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে কখন কে গুম হচ্ছে আর খুন হচ্ছে আল্লাহ ছাড়া তা কেউ জানে না। তবে এ দেশের প্রধানমন্ত্রী সব জানেন। গতকাল বিকালে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সম্মিলিত জাতীয় জোট আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন । তিনি বলেন, দেশে আগে মহাসড়কের উন্নয়ন হতো। এখন উন্নয়নের মহাসড়ক দুর্নীতির মহাসড়কে পরিণত হয়েছে।

আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন হওয়া উচিত: সিইসি-দৈনিক ইত্তেফাক

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন হওয়া উচিত। বিগত জাতীয় নির্বাচনগুলোতে সেনা মোতোয়েন করা হয়েছিল। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে উত্তরে এ কথা বলেন।

সিইসি বলেন, আমি ব্যক্তিগতভাবে একবারও বলিনি যে সেনা মোতায়েন হবে না। তবে এটা আমার একার সিদ্ধান্তের বিষয় নয়। ইসির আরো পাঁচজন সদস্য আছেন, তারা মিলেই এটা সিদ্ধান্ত নেবেন।

 সিইসি বলেন, তিনি জাতীয় নির্বাচনে সেনা চাইলেও স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পক্ষে নন। স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত বলে আমি একদম মনে করি না।

আসন্ন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। তারা অভিযোগ করে বলেছে, ইসি সুষ্ঠু নির্বাচন চায় কি না তা নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে। এ খবরটি দৈনিক নয়া দিগন্তে পরিবেশিত হয়েছে।

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র-পানি সংকটে উৎপাদনে ধস বেড়েছে লোডশেডিং-দৈনিক যুগান্তর

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র

পানি সংকটের কারণে উৎপাদনে ধস নেমেছে চট্টগ্রাম কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে। এ কেন্দ্রের ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। এর মধ্যে যান্ত্রিক ত্র“টির কারণে বন্ধ রয়েছে একটি ইউনিট। কাপ্তাই লেকে পানির স্তর স্বাভাবিকের চেয়ে ২০ ফুট কমে যাওয়ায় একসঙ্গে চালু করা যাচ্ছে না সচল ৪টি ইউনিটও। ফলে এখন এ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৮০ থেকে ১২২ মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় চট্টগ্রামে বেড়েছে লোডশেডিং। কেন্দ্রের সব ইউনিট একসঙ্গে সচল রাখতে লেকে পানির উচ্চতার প্রয়োজন ১০৯ ফুট। বর্তমানে রয়েছে ৮৮ দশমিক ৮৫ ফুট। আগামী এক সপ্তাহ বৃষ্টি না হলে কাপ্তাই লেকে পানি কমে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেক্ষেত্রে আরও বেড়ে যেতে পারে লোডশেডিং।

উপহারের ফাঁদে নারী-সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নিল ফেসবুকের এক ‘বিদেশি’ বন্ধু-দৈনিক ইত্তেফাক

প্রতারণা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের ছলনায় ‘উপহার’ দেওয়ার কথা বলে একটি চক্র হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। এ টাকা লেনদেন হচ্ছে ব্যাংক একাউন্টে। এরা নিজেদেকে আমেরিকার বা ইউরোপের নাগরিক বলে পরিচয় দিয়ে বন্ধুত্ব গড়ে তোলে। পরিচয় দেয় ধনাঢ্য ব্যবসায়ী বলে। প্রেমে পড়া নারীকে প্রস্তাব দেয় দামি উপহার— ডলার, হিরার আংটি, গহনা ইত্যাদি দেওয়ার। আর উপহার পাঠানোর কথা বলে কুরিয়ারে অথবা বন্দরের মাধ্যমে। পরবর্তীতে উপহার পাঠানো কার্টন ছাড়াবার জন্য নির্ধারিত ব্যাংক একাউন্টে টাকা দিতে বলা হয়। এমনই একটি চক্র এক নারীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে সাড়ে তিন লাখ টাকা। চল্লিশোর্ধ উপজাতীয় নারী সাধনা (ছদ্মনাম)। উচ্চ শিক্ষিত সাধনা একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন। স্বামীও চাকরিজীবী। এক ছেলে ও এক মেয়ের জননী। গ্রামের বাড়ি ময়মনসিংহে। রাজধানীর মহাখালীতে রয়েছে তার নিজস্ব ফ্লাট। গত ৪ এপ্রিল তিনি তার অভিযোগের কথা জানাতে গিয়েছিলেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মশিউর রহমানের দফতরে। এ প্রতিবেদকের সামনে তিনি কথা বলেন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে।

এবার ভারতের খবর তুলে ধরছি।

হামলা-হাঙ্গামা চলছেই, বোমা পড়ল সিপিএমের পার্টি অফিসে-দৈনিক আনন্দবাজার

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সংঘর্ষ অব্যাহত

সোমবারই মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। তার আগের দিনও হামলা-হাঙ্গামা থামার কোনও লক্ষণই দেখা গেল না। রোববারও রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এ দিন সিপিএমের দলীয় কার্যালয়ে বোমার মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বারুইপুরের বৃন্দাখালিতে এ দিন এক সিপিএম কর্মীকে গুলি করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্য দিকে, পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির কাঁড়ারোলে তৃণমূলের এক সক্রিয় কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে বিজেপির কর্মী-সমর্থকরা। অন্তত তেমনটাই অভিযোগ উঠেছে।

ছাত্রীদের শরীর ছুঁয়ে ভৌতিক শক্তি দান, যৌনাচারের ফন্দি এঁটে গ্রেপ্তার শিক্ষক-দৈনিক সংবাদ প্রতিদিন

ভৌতিক জগতের সাথে দীর্ঘদিনের যোগাযোগ। অলৌকিক ক্ষমতার অধিকারী। আর সেই সুবাদেই নাকি বিশেষ শক্তির অধিকারী জনাইয়ের একটি স্কুলের ‘গুণধর’ শিক্ষক শিবপ্রসাদ রায়। নিজে শক্তি অর্জন করেই ক্ষান্ত হয়নি, তা আবার ছড়িয়ে দিতে চায় তার ছাত্রীদের মধ্যেও। আসলে এটাই ছিল ফাঁদ। এই বিশেষ ক্ষমতা ও শক্তি অর্জনের প্রলোভন দেখিয়েই নবম শ্রেণির তিন ছাত্রীর উপর  যৌন নির্যাতনের অভিযোগ উঠল ওই শিক্ষকের বিরুদ্ধে। নাবালিকা এক ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে  যৌন নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগে শুক্রবার চণ্ডীতলা থানার পুলিশ পকসো আইনে ওই শিক্ষককে গ্রেপ্তার করে। শনিবার অভিযুক্ত শিক্ষককে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হলে, আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

নির্যাতনের মুখে দলিতরা’, বিজেপি সাংসদের টুইটে অস্বস্তিতে মোদী-দৈনিক আনন্দবাজার

নরেন্দ্র মোদি ও মায়াবতী

তাঁর নিজের দলের লোকেরাই যে বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবেন, সেটা কি নরেন্দ্র মোদী স্বপ্নেও ভেবেছিলেন? দলিত বিক্ষোভে এমনিতেই কিছুটা ব্যাকফুটে কেন্দ্র। এরই মাঝে এল বিজেপি সাংসদের বিস্ফোরক টুইট। দিল্লি উত্তর পশ্চিমের সাংসদ উদিত রাজের দাবি,২ এপ্রিল ভারত বন্‌ধের পর থেকেই দলিতদের উপর নির্যাতন বেড়ে গিয়েছে। যে সব এলাকায় দলিতদের উপর নির্যাতন চরমে উঠেছে বলে তাঁর অভিযোগ, তার সবগুলোই কিন্তু বিজেপি শাসিত রাজ্যের মধ্যে পড়ে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮