এপ্রিল ০৯, ২০১৮ ১৪:০৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৯ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • কোটার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর-দৈনিক কালের কণ্ঠ
  • ফের ঢাবিতে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা- দৈনিক ইত্তেফাক
  • ইত্তেফাকের অন্য একটি খবরের শিরোনাম-জাবি শিক্ষার্থীদের অবরোধে পুলিশের হামলায় আহত ৬০, সংঘর্ষ চলছে
  • ছাত্রদের যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ সশস্ত্র হামলা করেছে : ফখরুল-দৈনিক যুগান্তর
  • ছাত্রলীগের মিছিল থেকে আন্দোলনকারীদের ওপর হামলা, গুলি-দৈনিক মানবজমিন
  • মানবজমিনের অন্য একটি খবরের শিরোনাম-কোটা সংস্কারে কোনো ভাবনা নেই : সচিবথমথমে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিক্ষোভ ছড়িয়ে
  • পড়ছে অন্যান্য ক্যাম্পাসে-দৈনিক নয়া দিগন্ত
  • কোটা সংস্কারের দাবিতে উত্তাল সারাদেশ-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • গুলি-বোমা, পুলিশকেও মার! শেষ দিনেও তাণ্ডব জেলায় জেলায়-দৈনিক আনন্দবাজার
  • ন্যাশনালে ধরা পড়ল ৪২ ‘ভূত’, হুমকির মুখে ‘ওঝা’রা-দৈনিক সংবাদ প্রতিদিন
  • কাল ফের ভারত বন্‌ধ? -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন নতুন মোড় নিয়েছে গতরাত থেকে। এ সম্পর্কিত নানামুখী খবর আজকের প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ ও অনলাইন পোর্টালগুলোতে পরিবেশিত হয়েছে। মূল খবরটি হচ্ছে-কোটা সংস্কারের পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তারা ক্লাস-পরীক্ষা বর্জন, শিক্ষা প্রতিষ্ঠানে তালা, বিক্ষোভ করছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আন্দোলনে কার্যত বন্ধ হয়ে পড়েছে। আন্দোলনকারীদের দাবি একটাই- কোটা ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে আনতে হবে। মেধাবীদের সঠিক মূল্যায়ন এবং কোটার নামে অমেধাবীদের বিশেষ সুবিধা পাওয়ার অন্যায্য পন্থা বন্ধের দাবিতে অনড় তারা। এ সম্পর্কে বিভিন্ন দৈনিকের গুরুত্বপূর্ণ খবরগুলো তুলে ধরছি। 

কোটার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবরটি-দৈনিক কালের কণ্ঠের। 

আর এ বিষয়ক সর্বশেষ খবরে দৈনিকগুলোতে লেখা হয়েছে, সরকারের আহ্বানে সাড়া দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ২০ সদস্যের প্রতিনিধি দল। 

দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, শিক্ষার্থীরা যে কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছে তা অত্যন্ত যৌক্তিক। সরকারের উচিত তাদের দাবি মেনে নিয়ে কোটা কাঠামোর সংস্কার করা।

দৈনিক প্রথম আলোর কয়েকটি খবরের শিরোনাম এরকম যে, উপাচার্যের বাসভবন ভাঙচুরে অন্য কেউ: আন্দোলনকারীরা। খবরটিতে লেখা হয়েছে, যাঁরা ভিসির বাসভবনে ভাঙচুর করেছেন, তাঁরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কেউ নন। আন্দোলনকারীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

এদিকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, সড়ক অবরোধ-দৈনিক প্রথম আলোর অন্য একটি শিরোনাম।খবরটিতে লেখা হয়েছে, কোটা সংস্কার এবং আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন, ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন। কোটা সংস্কারের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আজ সোমবার সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ও রংপুরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেন।

দৈনিকটির আরেকটি খবরে লেখা হয়েছে, সরকারি চাকরিতে বিদ্যমান কোটাব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, আজ কের মধ্যে আটক সব আন্দোলনকারীকে মুক্তি দেওয়া না হলে সারা দেশে দাবানল ছড়িয়ে পড়বে। সাধারণ মানুষ, শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা এই আন্দোলনে যুক্ত হবেন।

ফের ঢাবিতে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা বলে ইত্তেফকের একটি খবরে বলা হয়েছে।

এ সম্পর্কে দৈনিক যুগান্তরের বিভিন্ন খবরে লেখা হয়েছে, শিক্ষার্থীদের সমাবেশে কাঁদনে গ্যাস ছুড়ে পরে পিছু হটল পুলিশ। এদিকে জয়বাংলা স্লোগান দিয়ে উপাচার্যের বাসভবনে হামলা চালানো হয়েছে বলে দৈনিকটির একটি খবরে লেখা হয়েছে।অন্য একটি খবরে বলা হয়েছে, বাতি নিভিয়ে ছাত্রীদের ওপর হামলা করা হয়েছে।

তবে প্রথম আলোর একটি খবরে লেখা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মো. আখতারুজ্জামান আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল। তাঁর সঙ্গে কোটার কোনো সংযোগ নেই। আর ইত্তেফাকের একটি খবরে লেখা হয়েছে, ঢাবিতে উপাচার্যের বাসভবনে হামলা ‘৭১ এর তাণ্ডবকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

এদিকে দৈনিক মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান জানিয়েছেন, কোটা সংস্কারে আপাতত কোনো ভাবনা সরকারের নেই। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানান তিনি।

ছাত্রদের যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ সশস্ত্র হামলা করেছে : ফখরুল-দৈনিক যুগান্তর

কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ সশস্ত্র হামলা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে সরকার গঠন করলে মুক্তিযোদ্ধা, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কোটা রেখে বাকি কোটা তুলে দেবে। সোমবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

এবার ভারতের খবর তুলে ধরছি।

গুলি-বোমা, পুলিশকেও মার! শেষ দিনেও তাণ্ডব জেলায় জেলায়-দৈনিক আনন্দবাজার

সুপ্রিম কোর্ট হাত তুলে নিতেই যেন আরও উদ্দীপ্ত হয়ে ময়দানে নেমে পড়ল শাসকদল। আজই মনোনয়নের শেষ দিন। বিভিন্ন জেলা থেকেই মারপিটের খবর পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রেই মনেোনয়ন জমা দিতে গিয়ে বিরোধীরা শাসকদলের কর্মীদের হাতে আক্রান্ত হয়েছে বলে অভিযোগ। মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ— সব জেলাতেই ছবিটা মোটামুটি একই।

সকাল থেকেই মনোনয়ন জমা দিতে আসা বাম-বিজেপি প্রার্থীদের ঢুকতে দেওয়া হয় নি। সংবাদ মাধ্যমের লোক দেখলেই লাঠি হাতে তাড়িয়েছেন তাঁরা। সুপ্রিম কোর্টের রায়ের পর পরিস্থিতি আরও বেপরোয়া হয়ে উঠেছে। মার থেকে বাঁচতে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে বিরোধীরা।

কাল ফের ভারত বন্‌ধ? -দৈনিক আজকাল

১০ এপ্রিল ফের ভারত বন্‌ধ। এবার বন্‌ধের ডাক দলিত সংরক্ষণের বিরোধিতায়। হোয়াটসঅ্যাপ, ফেসবুকে ফলাও করে চলছে প্রচার।  শিক্ষাক্ষেত্র এবং কর্মসংস্থানে এসসি–এসটি কোটার বিরোধিতায় ভারত বন্‌ধের ডাক দিয়েছে সংগঠনগুলি। যদিও বিরোধীদের দাবি পুরোটাই বিজেপির চক্রান্ত। দলিত আন্দোলনকে ধামা চাপা দিতেই এই বন্‌ধ করাচ্ছে তারা। 

প্রশাসন অবশ্য আগে থেকেই প্রস্তুত। মধ্যপ্রদেশের ডিজি ঋষি কুমার শুক্লা জানিয়েছেন, পরিস্থিতি যাতে শান্তিপূর্ণ থাকে তার জন্য সবরকম ভাবে প্রস্তুত পুলিস প্রশাসন। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। কারণ ২ এপ্রিলের ভারত বন্‌ধে সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন ১০ জন।

ন্যাশনালে ধরা পড়ল ৪২ ‘ভূত’, হুমকির মুখে ‘ওঝা’রা-দৈনিক সংবাদ প্রতিদিন

‘ভূত’ ধরল ন্যাশনাল মেডিক্যাল। একটা-দুটো নয়, বিয়াল্লিশটি। বিশ্বাস না হলে আবার পড়ুন! হাসপাতালের স্থায়ী কর্মী হয়েও কেউ যদি দু’-তিন দশক হাসপাতালে না আসেন,  তাঁর হয়ে যদি অন্য লোক কাজ করেন,  হাজিরা খাতায় সই করেন,  বেতন তোলেন, তাহলে সেই কর্মীকে ‘ভূত’ ছাড়া আর কী বলা যায়?  সম্প্রতি এমনই ৪২ জন ‘ভূত’-কে পাকড়াও করল ন্যাশনাল কর্তৃপক্ষ। ধরা পড়ে কেউ কেউ ‘ওঝাদের’ দেখে নেওয়ার হুমকিও দিলেন। কেউ আবার ‘অশরীরী’ দশা কাটিয়ে আবির্ভূত হলেন! কান্নাকাটি করে ক্ষমা চাইলেন সুপারের কাছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯