এপ্রিল ১০, ২০১৮ ১১:১৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১০ এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • হামলার সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের - দৈনিক ইত্তেফাক
  • কোটা আন্দোলনকারীদের সঙ্গে আ’লীগের বৈঠক ‘লোক দেখানো’-দৈনিক যুগান্তর
  • দৈনিক যুগান্তরের অন্য একটি খবরের শিরোনাম-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট না বসাতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • কোটা সংস্কারের দাবি-আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মিছিল-দৈনিক প্রথম আলো
  • কুমিল্লা আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর-দৈনিক মানবজমিন
  • মতিয়া চৌধুরীর বক্তব্য প্রত্যাহার না হলে সারা দেশে অবরোধ কর্মসূচির ঘোষণা-দৈনিক নয়া দিগন্ত
  • হৃদরোগসহ নানা রোগের ঝুঁকি বেড়েছে খালেদা জিয়ার’-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিয়নের পদে বিটেক, এমটেক, গবেষকও প্রার্থী!-দৈনিক আনন্দবাজার
  • ফের কাশ্মীর সীমান্তে বোমাবর্ষণ পাকিস্তানের, শহিদ ২ জওয়ান-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ভারত বন্‌ধে অগ্নিগর্ভ বিহার, জয়পুর, ভরতপুর ভোপালে ১৪৪ ধারা -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

আজও বেশিরভাগ জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুলোর প্রধান খবরের জায়গা করে নিয়েছে কোটা সংস্কার বিষয়ক নানামুখী খবর।

এ সম্পর্কে দৈনিক প্রথম আলোর প্রধান খবরের শিরোনাম-

কোটা সংস্কারের দাবি-আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মিছিল

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

খবরটিতে লেখা হয়েছে, সরকারের আশ্বাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আজ আন্দোলনকারীদের একটি পক্ষ মিছিল করেছে।

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, কোটা সংস্কারের যৌক্তিক দাবির প্রতি সংহতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে হামলার তীব্র নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন। তাঁরা বলেছেন, এ হামলা পূর্বপরিকল্পিত ও ন্যক্কারজনক।আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন ও অন্যান্য ভবনে হামলাসহ উপাচার্যকে সপরিবারে হত্যার চেষ্টার প্রতিবাদে’ এই মানববন্ধন হয়। মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল বলেন, ‘কোটা সংস্কারে শিক্ষার্থীদের নৈতিক দাবির প্রতি সমর্থন আছে।

মতিয়া চৌধুরীর বক্তব্য প্রত্যাহার না হলে সারা দেশে অবরোধ কর্মসূচির ঘোষণা-দৈনিক নয়া দিগন্ত

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সংসদে দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন কোটা পদ্ধতি সংস্কারের পক্ষের আন্দোলনকারীরা। এ ছাড়া বক্তব্য প্রত্যাহার না করলে অবরোধ কর্মসূচি দিয়ে দেশ অচল করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। একই সঙ্গে আগামী ৭ মের মধ্যে দাবি না মানলে ফের অবরোধ কর্মসূচি দেওয়া হবে বলে জানান ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।গতকাল সোমবার সংসদে মতিয়া চৌধুরী বলেন, ‘পরিষ্কার বলতে চাই, মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ চলছে, চলবে। এই রাজাকারের বাচ্চাদের অবশ্যই আমরা দেখে নেব।’

হামলার সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনে হামলা পরিকল্পিত। এর সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না। আজ ঢাবি ভিসির বাসভবন পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

আর দৈনিক যুগান্তরের একটি খবরের শিরোনাম এরকম যে, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আ’লীগের বৈঠক ‘লোক দেখানো-রিজভী

বিএনপির সিনয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

খবরটিতে লেখা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের বৈঠক লোক দেখানো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।ঢাবি ক্যাম্পাসে গুলি, হামলা ও ভাঙচুর ছাত্রলীগ করেছে দাবি করে তিনি বলেন, গণমাধ্যমে সেসব খবর বেরিয়েছে, ছবি প্রকাশ হয়েছে, তাদের ধরছেন না কেন? সাধারণ শিক্ষার্থীরা তো জানিয়ে দিয়েছেন ভিসির বাসভবনে তারা হামলা করেননি। ক্যাম্পাস তো ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের দখলে ছিল। ঢাবি ক্যাম্পাসে এ মুহূর্তে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসী ছাড়া আর কেউ হামলা, ভাঙচুর করার সাহস রাখে কি? এ হামলা পরিকল্পিত। আর কোটা সংস্কারের আন্দোলনকে ভিন্নখাতে নিতে চায় সরকার বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট বার। এ খবরটি দৈনিক ইত্তেফাকে পরিবেশিত হয়েছে।

বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং মামলা সম্পর্কিত খবর ছাপা হয়েছে প্রায় সব দৈনিকে। এ সম্পর্কে দৈনিক ইনকিলাবের একটি খবরের শিরোনাম: হৃদরোগসহ নানা রোগের ঝুঁকি বেড়েছে খালেদা জিয়ার’

বিস্তারিত খবরে লেখা হয়েছে, সুচিকিৎসার জন্য অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন দেশের বিশিষ্ট চিকিৎসক সমাজ। তারা আশঙ্কা ব্যক্ত করেছেন, স্যাঁতসেঁতে ও বসবাস অযোগ্য ভবনে বন্দি রাখার কারণে বয়সজনিত নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদরোগ, পক্ষাঘাত, ঔষধ-প্রতিরোধী জীবাণুর মাধ্যমে ফুসফুসের সংক্রমণ বা নিউমোনিয়া ও মানসিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে গেছে। কারাগার বিশেষ করে পুরোনো, পরিত্যক্ত দূষণযুক্ত ভবনে স্বাস্থ্য ও জীবন উভয়ই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে। এই বয়স ও স্বাস্থ্যগত অবস্থায় ব্যক্তিগত পরিচর্যার বিষয়টি সুচিকিৎসার স্বার্থেই গুরুত্ববহ হয়ে ওঠে। এটা কেবল পারিবারিক ও ব্যক্তিগত উদ্যোগেই পূর্ণভাবে নিশ্চিত করা সম্ভব। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের বিশিষ্ট চিকিৎসকরা এ আশঙ্কার কথা জানান।এদিকে দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, কুমিল্লার আদালতে খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট না বসাতে প্রধানমন্ত্রীর নির্দেশ-দৈনিক যুগান্তর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেষ হাসিনা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট না বসাতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের বৈঠক শেষে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ওপর ভ্যাট আরোপ করা হবে। তবে ছাত্রদের ওপর নয়।

৩২ ধারা নিয়ে সাংবাদিকদের আতঙ্কের কারণ নেই : আইনমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল সিকিউরিটি আইনের ৩২ ধারা নিয়ে গণমাধ্যমকর্মীদের কোনো রকম আতঙ্কিত হওয়ার কারণ নেই। সংসদে এটি উত্থাপিত হয়েছে। এখন আইনের খসড়াটি সংসদীয় স্থায়ী কমিটিতে যাবে। আজ জেলা জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

এবার ভারতের খবর তুলে ধরছি।

ফের কাশ্মীর সীমান্তে বোমাবর্ষণ পাকিস্তানের, নিহত ২ জওয়ান-দৈনিক সংবাদ প্রতিদিন

ফের সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনাদের হামলায় দুই সেনা জওয়ান নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা নাগাদ হামলার ঘটনাটি ঘটেছে কাশ্মীরে ভারত-পাক সীমান্ত লাগোয়া সুন্দারবনি সেক্টরে। সোমবার বিকেল আচমকা নিয়ম ভেঙে সীমান্তে গোলাবর্ষণ শুরু করে পাক-সেনা। সঙ্গে সঙ্গে এপার থেকে পালটা জবাব দেয় ভারতীয় সেনা। ওই হামলা গুরুতর জখম হন রাইফেলম্যান বিনোদ সিং ও জাকি শর্মা। পরে তাঁদের মৃত্যু হয়।

ভারত বন্‌ধে অগ্নিগর্ভ বিহার, জয়পুর, ভরতপুর ভোপালে ১৪৪ ধারা-দৈনিক আজকাল

দলিত সংরক্ষণের বিরোধিতায় ডাকা ভারত বন্‌ধেও উত্তাল বিহার। মঙ্গলবার বিহারের বারহ্‌–এ ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বন্‌ধ সমর্থকরা। এছাড়া আরা, পাটনা, বেগুসরাই, লখিসরাই, মুজাফ্‌ফরপুর, ভোজপুর, শেখপুরা, দ্বারভাঙা সহ বিভিন্ন এলাকায় ট্রেন এবং সড়ক অবরোধে বিপর্যস্ত পরিবহন ব্যবস্থা। গত বন্‌ধের থেকে শিক্ষা নিয়ে এবার প্রথম থেকেই সতর্ক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবারই দেশের সব কটি জেলার জেলাশাসক এবং পুলিস সুপারদের কড়া নজরদারির নির্দেশ দেয় মন্ত্রক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিয়নের পদে বিটেক, এমটেক, গবেষকও প্রার্থী!-দৈনিক আনন্দবাজার

অষ্টম শ্রেণি পাশ করলেই পিয়ন, হেল্পার বা সহায়কের পদে চাকরির জন্য আবেদন করা যায়। ওই সব পদে ন্যূনতম যোগ্যতামান সেটাই। অথচ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই কাজের জন্য আবেদন করেছেন বিটেক, এমটেক পাশ করা অনেক প্রার্থী, এমনকি গবেষকেরাও! এই ঘটনায় উদ্বিগ্ন শিক্ষা শিবির। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ৭০টি পদের জন্য আবেদন করেন প্রায় ১১ হাজার প্রার্থী। তাঁদের মধ্যে রয়েছেন গবেষক, বিজ্ঞানের অনার্স উত্তীর্ণ, বিটেক ও এমটেক পড়ুয়ারা। তাঁরা লিখিত পরীক্ষাও দিয়েছেন। সেখান থেকে ৫০০ জনকে বেছে নেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের এক কর্তা বলেন, ‘‘এমটেক, বিটেক পাশ করা ছেলেমেয়েরা ১৫ হাজার টাকার পিয়নের চাকরির জন্য আবেদন করেছেন, ভাবতেই খারাপ লাগছে।’’

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০