কোনো কোটা থাকবে না, শতভাগ নিয়োগ হবে মেধায়: প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১১ এপ্রিল বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ৪ মে- দৈনিক ইত্তেফাক
- কোনো কোটা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী, শতভাগ নিয়োগ হবে মেধায়-দৈনিক যুগান্তর
- প্রধানমন্ত্রী কী বলেন শুনুন: কাদের-দৈনিক প্রথম আলো
- বিক্ষোভে লাখ লাখ শিক্ষার্থী-প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন-দৈনিক মানবজমিন
- আন্দোলন চলবে, গুজবে কান দেবেন না'-দৈনিক নয়া দিগন্ত
- খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না –সিলেটর সমাবেশে বিএনপি-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- উন্নাও ধর্ষণ কাণ্ডে গ্রেফতার বিজেপি বিধায়কের ভাই-দৈনিক আনন্দবাজার
- মহারাষ্ট্রে ফের আত্মঘাতী কৃষক, সুইসাইড নোটে অভিযুক্ত প্রধানমন্ত্রী মোদি-দৈনিক সংবাদ প্রতিদিন
- তৃণমূলের অভিযোগ, বিজেপি নোংরা খেলা শুরু করেছে-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের স্ট্যাটাস-কোনো কোটা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী, শতভাগ নিয়োগ হবে মেধায়-দৈনিক যুগান্তর
সরকারি চাকরিতে নিয়োগে কোনো কোটা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরিবর্তে মেধার ভিত্তিতে শতভাগ নিয়োগ হবে। বুধবার সকাল সাড়ে ৯টায় গণভবনে প্রধানমন্ত্রী এ কথা বলেন বলে যুগান্তরকে জানিয়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। তিনি বলেন, আজ সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি আমাদের এ কথা বলেন।
প্রধানমন্ত্রী কী বলেন শুনুন: কাদের-দৈনিক প্রথম আলো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়া উচিত না। কেউ ক্ষমতার দাপট দেখাবেন না, মানুষ কষ্ট পাবে। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী কথা বলবেন। আগে শুনুন তার কথা।
প্রথমআলোসহ অন্যান্য দৈনিকে- কোটা সংস্কার নিয়ে আরো বেশকিছু খবর পরিবেশিত হয়েছে। প্রথম আলোর খবরে লেখা হয়েছে, আমরা কোটা পদ্ধতির সংস্কার চাই। কিন্তু কোটা পদ্ধতির বিলোপ চাই না। তবে ৫৫ শতাংশ কোটা কিছুতেই সমর্থনযোগ্য নয়। দৈনিক মানবজমিনের খবর- বিক্ষোভে লাখ লাখ শিক্ষার্থী । তারা বলেছেন প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে কোটা সংস্কারের সুস্পষ্ট ঘোষণা চেয়েছে শিক্ষক সমিতি। এটি প্রথম আলোর খবর। দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম- কোটা আন্দোলনে থমকে আছে রাজধানী। আর প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান বলেন, কোটা সংস্কারের দাবিকে যৌক্তিক বলে মনে করেন।
রাতে সুফিয়ায় ছাত্রী নির্যাতন, ছাত্রলীগ হল শাখার সভাপতি এষা বহিষ্কার-দৈনিক মানবজমিন
দিনের আন্দোলনে নতুন কর্মসূচি ঘেষণার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ফিরে গেলেও রাতে ফের উত্তেজনা ছড়ায়। সুফিয়া কামাল হলের এক ছাত্রীকে হল শাখা ছাত্রলীগের সভানেত্রী কর্তৃক নির্যাতনের প্রতিবাদে ফুঁসে ওঠে হলের ছাত্রীরা। তারা মধ্যরাত পর্যন্ত স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তুলে হলের ভেতর-বাহির। হলের শত শত ছাত্রী এ সময় মাঠে ছাত্রলীগ নেত্রীর বিচার দাবি করে মিছিল করে। ছাত্রী নির্যাতন করায় ইফফাত জাহান এষার বহিষ্কার দাবিতে স্লোগান দিতে থাকে ‘নির্যাতনকারীর কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও। ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে কয়েকশ’ ছাত্রী হল ছাত্রলীগের সভাপতি এষাকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে। বিক্ষুব্ধ ছাত্রীরা হলের ভেতরে ইফফাত জাহান এষার গলায় জুতার মালা পরিয়ে দেন। উত্তেজনা বাড়তে থাকলে রাত পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী হলে যান। প্রক্টর বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে নির্যাতনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী এষাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।
মিয়ানমারের মন্ত্রীকে দেখে রোহিঙ্গাদের বিক্ষোভ-দৈনিক যুগান্তর
প্রথমবারের মতো বাংলাদেশে আশ্রয় নেয়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন মিয়ানমার সরকারের একজন মন্ত্রী। মিয়ানমারের সমাজকল্যাণমন্ত্রী ড. উইন মায়াত আয়ে উখিয়ায় কুতুপালং ক্যাম্পে যাওয়ার সময় রাস্তায় রোহিঙ্গারা বিক্ষোভ করার চেষ্টা করে। তবে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা বলতে থাকেন- ‘আমাদের নির্যাতন করে, হত্যা করে, ধর্ষণ করে পাঠিয়ে দিয়েছে।শিবিরের কয়েকজন রোহিঙ্গা শরণার্থীর সঙ্গেও কথা বলেন মিয়ানমারের মন্ত্রী। সেখানেও রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন তিনি। এতে শরণার্থীদেরও বিক্ষুব্ধ হতে দেখা যায়। বাঙালি নয় রোহিঙ্গা পরিচয়ে মিয়ানমারে ফিরে যেতে চায় শরণার্থীরা।
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ৪ মে-দৈনিক ইত্তেফাক
৪ মে উেক্ষপন করা হবে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’। বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ আজ বুধবার দৈনিক ইত্তেফাককে এ খবর নিশ্চিত করেছেন। এর মাধ্যমে নিজস্ব স্যাটেলাইটের অধিকারী বিশ্বের ৫৭তম দেশ হিসাবে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটবে। এ ছাড়া এই স্যাটেলাইট স্থাপনের মাধ্যমে বাংলাদেশের যেমন নির্ভরতা কমবে অন্য দেশের ওপর, তেমনি দেশের অভ্যন্তরীণ টেলিযোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন ড. শাহজাহান মাহমুদ।
এবার ভারতের খবর তুলে ধরছি।
তৃণমূলের অভিযোগ, বিজেপি নোংরা খেলা শুরু করেছে-দৈনিক আজকাল
বিজেপি নোংরা খেলা শুরু করেছে। পঞ্চায়েত নির্বাচনে মানুষ যখন তৃণমূলের পক্ষে, সেই সময় বিজেপি তৈরি করছে ভুয়ো খবর ও ভুয়ো ভিডিও। ২৪ ঘণ্টার মধ্যে দুটি ঘটনায় বিজেপি–র মুখোশ খুলে গেছে। পঞ্চায়েত নির্বাচনের ঠিক ২০ দিন আগে বিজেপি ষড়যন্ত্র শুরু করেছে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সর্বভারতীয় তৃণমূলের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এদিকে, দলের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, এই মাটি দুর্জয় ঘাঁটি। ছলচাতুরি আর অসাধু অভিসন্ধির কোনও জায়গা নেই।
মহারাষ্ট্রে ফের আত্মঘাতী কৃষক, সুইসাইড নোটে অভিযুক্ত প্রধানমন্ত্রী মোদি-দৈনিক সংবাদ প্রতিদিন
নয় একর জমিতে তুলা চাষ করেছিলেন শংকর ভাউরাও ছায়রে। সমবায় থেকে ৯০ হাজার টাকা ধার নিয়েছিলেন। মহাজনদের থেকে নিয়েছিলেন তিন লক্ষ টাকা। ভাগ্য সহায় হল না। পোকায় খেয়ে নষ্ট করে দিল বেশিরভাগ ফসল। এদিকে মাথার উপর ঋণের বোঝা।তারপর সরকারের পক্ষ থেকেও কোনও সাহায্য মেলেনি। এই অবসাদেই বিষ খেয়ে আত্মঘাতী হলেন মহারাষ্ট্রের ওই কৃষক। আর সুইসাইড নোটে নিজের মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্য বিজেপি সরকারকে দায়ী করে গেলেন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১