কোটা সংস্কারের আন্দোলন স্থগিত ঘোষণা, প্রজ্ঞাপন দাবি
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১২ এপ্রিল বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- কোটা সংস্কারের আন্দোলন স্থগিত ঘোষণা, প্রজ্ঞাপন দাবি- দৈনিক ইত্তেফাক
- কোটা বাতিলে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে-দৈনিক যুগান্তর
- দেশে জঙ্গিবাদ আমদানি করা হয়েছে: আইজিপি -দৈনিক প্রথম আলো
- নতুন চার সচিবসহ ৮ সচিব পদে রদবদল-দৈনিক মানবজমিন
- কোটা বাতিল সরকারের পরাজয় : মোশাররফ-দৈনিক নয়া দিগন্
- সাতক্ষীরায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- হাই কোর্টে বড় ধাক্কা বিজেপির, তথ্য গোপনের দায়ে ৫ লক্ষ টাকা জরিমানা-দৈনিক আনন্দবাজার
- হাই কোর্টে বড় ধাক্কা বিজেপির, তথ্য গোপনের দায়ে ৫ লক্ষ টাকা জরিমানা-দৈনিক সংবাদ প্রতিদিন
- পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
কোটা সংস্কার আন্দোলন নিয়ে আজকের প্রথম আলো অনলাইনের শিরোনাম এরকম যে,কোটা সংস্কার নিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা
খবরটিতে লেখা হয়েছে, চাকরিতে কোটা বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর কোটা সংস্কার নিয়ে আন্দোলন করা সাধারণ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কমিটির নেতারা।সাধারণ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘প্রধানমন্ত্রী ছাত্রসমাজের কথা বিবেচনা করে যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন স্থগিত থাকবে।
আর দৈনিক যুগান্তরের প্রধান খবরে লেখা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ সফিউল আলম বলেছেন, কোটা বাতিলে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে প্রথম আলোর অন্য একটি খবরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য পরিবেশিত হয়েছে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের দাবি সঠিকভাবে মূল্যায়ন না করে ক্ষোভের বশবর্তী হয়ে কোটা বাতিলের কথা বলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারপ্রধানের কোটা বাতিলের ঘোষণা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক—এমন মন্তব্য করে রিজভী দাবি করেন, ‘এই ঘোষণায় কূটচাল রয়েছে। আন্দোলনকারীদের দমানোর জন্য সরকারের পক্ষ থেকে নানা অপকৌশলের আশ্রয় নেওয়া হয়েছে।’
খালেদা জিয়ার গ্যাটকো মামলা : চার্জ গঠনের শুনানি ২৪ জুন-দৈনিক ইত্তেফাক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৪ জুন ধার্য করেছে আদালত।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা মারা যাওয়ার খবরটিও প্রকাশিত হয়েছে প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে। বিএনপি মহাসচিবের মা ফাতেমা আমিন মারা যাওয়ার খবর পেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফোন করে মির্জা ফখরুল ইসলামকে সমবেদনা জানান।দেশের রাজনৈতিক অঙ্গনের প্রধান দুই প্রতিপক্ষ দলের এ দুই অন্যতম নেতাদের আলাপকালে ওবায়দুল কাদের আরো বলেন, 'আমার মা'ও মারা গেছেন। মা হারানোর বেদনা আমি বুঝি। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি।'
দেশে জঙ্গিবাদ আমদানি করা হয়েছে: আইজিপি-দৈনিক প্রথম আলো
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘আমাদের দেশে জঙ্গিবাদ আমদানি করা হয়েছে। দেশের উন্নয়ন ও পথচলাকে বাধাগ্রস্ত করতেই দেশে জঙ্গিবাদ ঢোকানো হয়েছে। আমরা পিছপা হইনি, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে ব্যাপক কাজ করা হচ্ছে।গতকাল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জঙ্গি ও মাদক প্রতিরোধ বিষয়ে সমাবেশে আইজিপি এ কথা বলেন। পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘মাদক ও জঙ্গিবাদের মূল টার্গেট হলো কোমলমতি শিক্ষার্থীরা। সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গি, মাদকসহ বিভিন্ন অপরাধে ভেড়ানো হচ্ছে। তাই সচেতনতাসহ বন্ধু নির্বাচনে সবাইকে সজাগ হতে হবে।’
২৪ কারখানাকে সবুজ ঘোষণা ‘আইনগত দুর্নীতি’-দৈনিক প্রথম আলো
সুন্দরবনের পাশে অনুমোদন পাওয়া ২৪টি মারাত্মক দূষণকারী বা লাল শ্রেণির কারখানাকে ‘দূষণমুক্ত’ ঘোষণাকে দেশের জন্য আত্মঘাতী হিসেবে চিহ্নিত করেছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ (বাপা) ৫৭টি সংগঠন। পরিবেশ আইন সংশোধন করে নেওয়া ওই সিদ্ধান্তকে বেআইনি হিসেবে চিহ্নিত করে তা বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনগুলোর প্রতিনিধিরা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি গোলটেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তাঁরা এই দাবি জানান।
বর্ষবরণ অনুষ্ঠান-ঢাবি এলাকায় এবার যৌন হয়রানি প্রতিরোধে পুলিশের বিশেষ ব্যবস্থা-দৈনিক যুগান্তর
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবার ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে যৌন হয়রানি প্রতিরোধে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি জানান, পয়লা বৈশাখে এবার কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। তবে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিকেল ৫টার মধ্যে উন্মুক্ত স্থানে বর্ষবরণ উদযাপনের সকল অনুষ্ঠান শেষ করতে হবে। তবে রবীন্দ্রসরোবরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।
এদিকে দৈনিক প্রথম আলোর একটি খবরে লেখা হয়েছে, মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, রাষ্ট্র রক্ষণশীল, সাম্প্রদায়িক, উৎসববিরোধী, নারী অধিকারবিরোধী শক্তির কাছে নতি স্বীকার করছে, যা খুবই লজ্জার বিষয়।
পয়লা বৈশাখে উন্মুক্ত স্থানে আয়োজিত নববর্ষের সব অনুষ্ঠান বিকেল পাঁচটার মধ্যে শেষ করতে হবে এবং রবীন্দ্রসরোবরের অনুষ্ঠান সন্ধ্যা সাতটা পর্যন্ত চলতে পারবে—রাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে নারী নিরাপত্তা জোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুলতানা কামাল এসব কথা বলেন।
নতুন চার সচিবসহ ৮ সচিব পদে রদবদল-দৈনিক মানবজমিন
প্রশাসনে চার অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ করা হয়েছে। এছাড়া চার সচিবকে বদলি করা হয়েছে। একই সঙ্গে ঢাকা বিভাগের নতুন কমিশনার হয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কে এম আলী আজম। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ সংক্রান্ত আলাদা আলাদা আদেশ জারি করা হয়েছে।
এবার ভারতের খবর তুলে ধরছি।
পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের-দৈনিক আজকাল
আগামী ১৬ তারিখ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনী প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্ট এই নির্দেশ দিয়ে বলেছে, ১৬ তারিখের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। তারপর ফের শুনানি হবে এই মামলার। সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছিল, পঞ্চায়েত ভোট সংক্রান্ত সব রকম মামলাই হবে হাইকোর্টে। সেই মতো এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা সোমবার একদিন বাড়িয়ে মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত করেছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু পরদিন সকালেই সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয় তারা। এরপর হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। ১০ তারিখ, মঙ্গলবার, বিজ্ঞপ্তি প্রত্যাহারের ক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। সেই স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করেছিলেন তৃণমূলের আইনজীবী কল্যাণ ব্যানার্জি। সেই আবেদনও বৃহস্পতিবার খারিজ করেছে হাইকোর্ট।
‘বিজেপি সে’ বেটি বাঁচাও, উন্নাও ধর্ষণ কাণ্ড নিয়ে মোদীকে তোপ রাহুলের-দৈনিক আনন্দবাজার
উন্নাও ধর্ষণ কাণ্ডে নরেন্দ্র মোদীকে নিশানা করলেন রাহুল গাঁধী। সেই সঙ্গে দলের অন্দরেই ক্ষোভের মুখে পড়লেন বিজেপি সভাপতি অমিত শাহ। ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারকে বিজেপি আড়াল করছে, এই কথা কংগ্রেস আগেই বলেছিল। এ বার রাহুল টুইটারে সরাসরি বললেন, ‘‘উত্তরপ্রদেশে মেয়ের জন্য বিচার চেয়ে সরব হওয়া বাবার উপরে অত্যাচার মানবজাতির পক্ষে লজ্জার বিষয়। আশা করি বিজেপি জমানায় মেয়েদের উপরে অত্যাচার ও আইন-শৃঙ্খলা ভেঙে পড়ার বিরুদ্ধে শীঘ্রই অনশনে বসবেন প্রধানমন্ত্রী।’#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২