ইউনেস্কোকে চিঠি সুন্দরবন রক্ষাই আমাদের স্বার্থ : সুলতানা কামাল-দৈনিক নয়া দিগন্ত
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৩ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- পরকীয়ার জেরে নিজ ছেলেকে পুড়িয়ে মারার অভিযোগ- দৈনিক ইত্তেফাক
- প্রধানমন্ত্রীর সাহসী ঘোষণায় লন্ডন ষড়যন্ত্র ব্যর্থ: ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর
- নির্বাচনের আগে আরপিও সংশোধন নিয়ে সংশয়-দৈনিক প্রথম আলো
- প্রধানমন্ত্রীকে ‘মাদার অব এডুকেশন’ উপাধি-পাঁচ দফা শর্ত আন্দোলন স্থগিত-দৈনিক মানবজমিন
- ইউনেস্কোকে চিঠি সুন্দরবন রক্ষাই আমাদের স্বার্থ : সুলতানা কামাল-দৈনিক নয়া দিগন্ত
- বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- পঞ্চায়েত: ডিভিশন বেঞ্চে তৃণমূল, কিন্তু স্থগিতাদেশ বহালই রইল-দৈনিক আনন্দবাজার
- রাজ্যে গণতন্ত্রের নামে তাণ্ডব চালাচ্ছে বিরোধীরা, তোপ পার্থর-দৈনিক সংবাদ প্রতিদিন
- মুসলিম পরিবারকে তুলে দিতে হবে গ্রাম থেকে, সেই জন্যই কী ধর্ষণ? প্রশ্ন তুলছে কাঠুয়া-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
প্রধানমন্ত্রীকে ‘মাদার অব এডুকেশন’ উপাধি-পাঁচ দফা শর্ত আন্দোলন স্থগিত-দৈনিক মানবজমিন
সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়েছে। টানা চারদিন আন্দোলনের পর বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন হলেও কোটা বাতিলের ঘোষণা দেয়ায় অনেকটা দ্বিধাগ্রস্ত হয়ে আন্দোলনকারীরা একদিন সময় নিয়ে গতকাল আন্দোলন স্থগিতের পাশাপাশি প্রধানমন্ত্রীকে ‘মাদার অব এডুকেশন’ উপাধিতে ভূষিত করেন। এর আগে আন্দোলনকারীরা নিজেদের ৫ দফা শর্ত উপস্থাপন করেন। শর্তগুলোর মধ্যে রয়েছে: প্রধানমন্ত্রীর ঘোষণা দ্রুত গেজেট প্রকাশ করে বাস্তবায়ন; গ্রেপ্তার হওয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি; আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন, আন্দোলনকারী শিক্ষার্থীদের অজ্ঞাত আসামি করে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ভবিষ্যতে কোনো প্রকার হয়রানি না করা। নুরুল হক নুরু বলেন, আমাদের দাবি মেনে নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদার অব এডুকেশন উপাধিতে ভূষিত করা হলো। পরে আহ্বায়ক হাসান আল মামুন গেজেট না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীর সাহসী ঘোষণায় লন্ডন ষড়যন্ত্র ব্যর্থ: ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর
কোটা পদ্ধতি বাতিলে প্রধানমন্ত্রীর ঘোষণায় লন্ডনভিত্তিক ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকায় ফ্লাইওভারের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সেতুমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এ দেশের রাজনৈতিক একটা মতলবি মহলের ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা ব্যর্থ হওয়ায় তারা এখন নিদারুণভাবে হতাশ।
খালেদা জিয়ার মুক্তি ও শেখ হাসিনার পতন একই সঙ্গে হবে: রিজভী-দৈনিক যুগান্তর
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, বেগম জিয়ার মুক্তি ও শেখ হাসিনার পতন একই সঙ্গে হবে। আজ শুক্রবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
রিজভী বলেন, এবার জনগণের ভোটাধিকার মানুষ প্রয়োগ করবেই। আর বেশি সময় নেই। এই মুহুর্তে বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। নিরোপেক্ষ নির্বাচন দিতে হবে। তা না হলে জনগণ আর অপেক্ষা করবে।
দৈনিক মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ রগ কাটা পার্টিতে পরিণত হয়েছে।
ঢাবিতে ছাত্রী নির্যাতন-৩ দিনের মাথায় ছাত্রলীগ নেত্রী এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার-দৈনিক যুগান্তর
কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রীদের নির্যাতনের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। আজ সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, তদন্ত কমিটির রিপোর্টে এশা নির্দোষ প্রমাণিত হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে কোটা সংস্কারের জন্য আন্দোলনকারীদের ওপর নির্যাতনের অভিযোগে এশাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। একই সঙ্গে তাকে হল থেকেও বহিষ্কার করা হয়। অবশ্য ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে তার নাম লেখা হয়েছে ‘ইশারাত জাহান ইশা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ওই ছাত্রী ফেইসবুকে নিজের নাম লেখেন ‘ইফফাত জাহান এশা’।
নির্বাচনের আগে আরপিও সংশোধন নিয়ে সংশয়-দৈনিক প্রথম আলো
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনী আনার ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ অক্টোবর থেকে নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে। কিন্তু এখনো আরপিওর খসড়াই চূড়ান্ত করতে পারেনি ইসি। ফলে আগামী নির্বাচনের আগে আরপিও সংশোধন করতে পারা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ইসির ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী গত বছরের ডিসেম্বরে আইন সংস্কারের খসড়া প্রস্তুত ও গত ফেব্রুয়ারিতে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথা। কিন্তু কর্মপরিকল্পনা থেকে অনেক পিছিয়ে ইসি।
পরকীয়ার জেরে নিজ ছেলেকে পুড়িয়ে মারার অভিযোগ-দৈনিক ইত্তেফাক
পরকীয়া প্রেমের জের ধরে নিজ সন্তানকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে শেফালী আক্তার নামে এক গৃহবধূ ও তার প্রেমিকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বাড়ৈইপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, শেফালীর সাথে পার্শ্ববর্তী মোমেনের দীর্ঘদিন ধরে পরকীয়া চলছে। বিষয়টি নিয়ে তার পরিবারের লোকজনের সাথে মনমালিন্য হওয়ায় নিজ সন্তানদের হত্যার পরিকল্পনা করে শেফালী ও তার প্রেমিক। গতকাল গভীর রাতে পাষণ্ড মা শেফালী বেগম তার প্রেমিক মোমেনকে নিয়ে ঘুমন্ত অবস্থায় তার দুই সন্তান হৃদয় ও শিহাবকে কাঁথায় পেঁচিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ঝলসে যায় দুই সন্তানের দেহ। আশপাশের লোকজন সন্তানদের আত্মচিৎকারে বেরিয়ে আসে। কিন্তু অগ্নিদগ্ধ হৃদয় (৯) এর মধ্যে মারা যায়। নৃশংস অমানবিকই বলা যায় এঘটনাকে। থানার ওসি এম এ হক জানান, প্রাথমিকভাবে মোমেন ও শেফালী হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
ইউনেস্কোকে চিঠি সুন্দরবন রক্ষাই আমাদের স্বার্থ : সুলতানা কামাল-দৈনিক নয়া দিগন্ত
সুন্দরবন বিষয়ে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কমিটির জুলাই সভায় গৃহীত সিদ্ধান্ত সমুহ বাস্তবায়নে বাংলাদেশ সরকারের ক্রমাগত উপেক্ষা নিরসনে ইউনেস্কোর পদক্ষেপ কামনা করে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি চিঠি দিয়েছে। গত ১২ এপ্রিল তারা ঢাকাস্থ ইউনেস্কার প্রধান বিট্রিকস কালদুন বরাবর এচিঠিটি দেয়া হয়।
এদিকে, দৈনিক প্রথম আলোর একটি খবরের শিরোনাম-প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচিতে গিনেস রেকর্ড গড়ার দাবি
জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য প্রতীকী পরিচ্ছন্নতার কর্মসূচি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় শহর পরিষ্কার করেছেন হাজার হাজার নাগরিক। ডিএসসিসি বলছে, প্রতীকী এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে হাজার হাজার মানুষের অংশগ্রহণের মাধ্যমে গিনেস বুকে নতুন রেকর্ড তৈরি হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে শুরু হয় এই কর্মসূচি।
সিরাজগঞ্জের ‘খাঁটি’ দুধের গোমর ফাঁক!-দৈনিক যুগান্তর
ডিটারজেন্ট পাউডার, সোডা, সয়াবিন তেল, লবণ, চিনি, স্যালাইন, নিম্নমানের গুড়া দুধসহ মারাত্মক সব কেমিকেল মিশিয়ে একটি চক্র ভেজাল দুধ তৈরি করছে। তারপর সেই দুধ দেশের বিভিন্ন নামিদামি ব্রান্ডের কোম্পানির মাধ্যমে প্যাকেটজাত হয়ে ছড়িয়ে পড়ছে সারা দেশে। শুধু তাই নয় বিষাক্ত এ নকল দুধের ক্রিম থেকে তৈরি হচ্ছে খাঁটি গাওয়া ঘি। এসব দুধের ছানা থেকে তৈরি হচ্ছে রসনা বিলাস বাহারী সব মিষ্টান্ন। দীর্ঘদিন ধরে কৌশলে ভয়ংকর এই অপকর্ম করে যাচ্ছে সিরাজগঞ্জ ও পাবনার প্রত্যন্ত অঞ্চলের একটি শক্তিশালী সিন্ডিকেট। এরমাধ্যমে তারা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এই দুধ ও দুগ্ধজাত মিষ্টি, ঘিসহ মিষ্টান্ন খেয়ে মারাত্মক সব রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। প্রকাশ্য এই ভয়াবহ অবৈধ কর্মকাণ্ড চলে আসলেও অজ্ঞাত কারণে বিষয়টি নিয়ে প্রশাসন রয়েছে নির্বিকার। অবিশ্বাস্য হলেও সত্য গা শিউরে ওঠার মত ভয়ংকর এমন কর্মকাণ্ড হচ্ছে দেশের দুগ্ধ ভান্ডার খ্যাত সিরাজগঞ্জের উল্লাপাড়া,শাহজাদপুর,পাবনার ফরিদপুর, ভাংগুড়া, সাথিয়াসহ বিভিন্ন উপজেলায়। যমুনা টেলিভিশনের এ প্রতিবেদক গত ৪ মাস ধরে এসব এলাকায় কারবারীদের সঙ্গে কথা বলে অনুসন্ধান চালিয়ে এই ভয়াবহ কর্মকাণ্ডের তথ্য প্রমাণ পান।
এবার ভারতের খবর তুলে ধরছি।
রাজ্যে গণতন্ত্রের নামে তাণ্ডব চালাচ্ছে বিরোধীরা, তোপ পার্থর-দৈনিক সংবাদ প্রতিদিন
বামেদের বনধ বিরোধিতায় ফের তৃণমূল মাঠে নামবে বলে জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ বনধের দিনে জনজীবন স্বাভাবিক রাখতে প্রশাসন ও তৃণমূল কাঁধে কাঁধ মিলিয়ে চলবে বলে আশা প্রকাশ করেন তিনি৷ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মহাসচিব অভিযোগ তুলে বলেন, ‘‘গণতন্ত্রের নামে কিছু অগণতান্ত্রিক লোক রাজ্যকে অচল করার চেষ্টা করছে৷এদিন পার্থবাবু রাজ্য সরকারি কর্মীদের প্রতি হুংকার ছুড়ে বলেন, ‘‘শুক্রবার রাজ্যে সমস্ত অফিস-আদালত-ব্যাংক-কারখানা সবকিছুই খোলা থাকবে৷ কোনও কর্মী যদি বনধের দিনে উপযুক্ত কারণ ছাড়া ছুটি নেন, তাহলে তাঁর বেতন কেটে নেওয়া হবে৷
পঞ্চায়েত: ডিভিশন বেঞ্চে তৃণমূল, কিন্তু স্থগিতাদেশ বহালই রইল-দৈনিক আনন্দবাজার
পঞ্চায়েতের নির্বাচন প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ বহালই রইল।
সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় তৃণমূল। এই মামলা নিয়ে দ্রুত শুনানির আর্জি জানানো হয় শাসকদলের পক্ষ থেকে।কিন্তু বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তৃণমূলের সেই আর্জি খারিজ করে দিয়ে স্পষ্ট জানিয়ে দেয়, এ বিষয়ে যা শুনানি হওয়ার সোমবারই হবে। ডিভিশন বেঞ্চের এই নির্দেশের ফলে সেই ১৬ এপ্রিল পর্যন্তই ঝুলে রইল পঞ্চায়েত নির্বাচনের গোটা প্রক্রিয়া।
মুসলিম পরিবারকে তুলে দিতে হবে গ্রাম থেকে, সেই জন্যই কী ধর্ষণ? প্রশ্ন তুলছে কাঠুয়া
জমি কখনও বেইমানি করে না। গ্রামীণ মানুষের এই বিশ্বাস বরাবরই তাঁদের ভালবাসার জায়গা তৈরি করেছিল জমিকে ঘিরেই। তাঁদের বিশ্বাসটা হয়তো ঠিকই। কিন্তু প্রদীপের নীচেই যে অন্ধকার। জমি বেইমানি করেনি, তবে তৈরি করে দিয়েছিল প্রতিহিংসা। তাই তো আট বছরের শিশুকে খুন করার আগে উপর্যুপরি ধর্ষণ করা হয়েছিল। জম্মু–কাশ্মীরের কাঠুয়ার একটি গ্রামের মন্দিরের ভেতর নির্মমভাবে ৬ জন মিলে ওই শিশুকে ক্রমাগত গণধর্ষণ করে। ৬ জনের মধ্যে একজন শুধুমাত্র নিজের লালসার চরিতার্থ করার জন্য মিরাট থেকে কাঠুয়াতে আসে। পুলিসই এমন চাঞ্চল্যকর তথ্য চার্জশিটের মাধ্যমে আদালতকে জানিয়েছে। আর এই ঘটনায় গোটা একটা গ্রামকে দ্বিধাবিভক্ত হয়ে যেতে দেখা গেল। টিলার ওপরে রাসানা গ্রাম। যেখানে খেলে বেড়াত নিষ্পাপ এই ফুলের মত মেয়েটা। জঙ্গলের মাঝখানে সেই বাড়িটায় আজ তালাবন্ধ। কেউ জানে না এই মুসলিম পরিবারটি কোথায় চলে গিয়েছে। এক কিলোমিটার দূরে থাকেন আসিফার কাকা মহম্মদ জান। তিনি বলেন, হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলিম পরিবারের জমি বিতর্কই মূল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩