নির্বাচনে বিএনপি অংশ না নিলেও জাতীয় পার্টি নেবে
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৪ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বাংলাদেশে আজ পহেলা বৈশাখ, শুভ নববর্ষ। এ উপলক্ষে প্রায় সকল পত্রিকার অনলাইন সংস্করণে এসেছে বর্ষবরণের খবরাখবর। এর বাইরেও ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোতে যেসব খবর গুরুত্ব পেয়েছে, সেসব খবরের বাছাইকৃত কিছু শিরোনাম আপনাদের জন্য তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- বাঙালি কোন বাধা মানে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ মানব জমিন
- ঢাবিতে হলে হলে আতঙ্ক, ইশার বহিষ্কারাদেশ প্রত্যাহার: মানব জমিন
- নববর্ষে মঙ্গল শোভাযাত্রা:প্রথম আলো
- পান্তায় আছে পুষ্টি, দ্রুত জোগায় শক্তি:প্রথম আলো
- নির্বাচনে বিএনপি অংশ না নিলেও জাতীয় পার্টি নিবে:ইত্তেফাক
- আজ পবিত্র লাইলাতুল মিরাজ: নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- রাহুলের মধ্যরাতের মিছিল মুখ খোলালো মোদীকে: আনন্দবাজার পত্রিকা
- ‘হীরকরাজ মোদিকে নিয়ে গান,গ্রেপ্তার চরণদাস কোভান: আজকাল
- তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর, ছিঁড়ে ফেলা হল মুখ্যমন্ত্রীর ছবি-সহ ফেস্টুন: সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন,বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
‘বাঙালি কোন বাধা মানে না’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্ষবরণ সবার উৎসব। এ উৎসব উদযাপনে যত বাধাই আসুক। বাঙালি কোনো বাধা মানে না। এ জাতি বাধা ভাঙতে জানে। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে বাংলা নতুন বছরের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, পৃথিবীতে অনেক দেশ আছে।
সব দেশেই নববর্ষের অনুষ্ঠান হয়। কিন্তু ভাষাভিত্তিক রাষ্ট্র এই উপমহাদেশে শুধু বাংলাদেশ। আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলায় হাসি, বাংলায় কাঁদি, বাংলায় জীবন চর্চা করি। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা নববর্ষ উদযাপন করি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা চালু করা হয়েছে। প্রবাসীরাও নানা অনুষ্ঠানে নতুন বছরকে বরণ করে নেন।
১৪০০ বঙ্গাব্দকে বরণ করার অনুষ্ঠানে বিএনপি বাধ দিয়েছিলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯২ সালে আমরা ১৪০০ বঙ্গাব্দকে বরণ করতে অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। কিন্তু সেখানে তৎকালীন খালেদা জিয়া সরকার বাধা দেয়। আমরা কবি সুফিয়া কামালকে নিয়ে সেসব বাধা উপেক্ষা করে রমনা পার্কে আয়োজিত অনুষ্ঠানে নতুন শতাব্দীকে স্মরণ করি।
ঢাবিতে হলে হলে আতঙ্ক, ইশার বহিষ্কারাদেশ প্রত্যাহার: মানব জমিন
নানা চাপ। হুমকি। আতঙ্কে কোটা সংস্কার আন্দোলনে জড়িত সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এরই মধ্যে হল ছেড়েছেন। এই যখন অবস্থা তখন কবি সুফিয়া কামাল হলে ছাত্রী নির্যাতনে অভিযুক্ত হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান ইশাকে স্বপদে ফিরিয়েছে ছাত্রলীগ। গতকাল সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নববর্ষে মঙ্গল শোভাযাত্রা: প্রথম আলো
নববর্ষে মঙ্গলবার্তা নিয়ে বের হয় মঙ্গল শোভাযাত্রা। প্রতিবারের মতো এবারও মঙ্গল শোভাযাত্রায় হাজির হয়েছেন হাজারো মানুষ। বাংলার চিরায়ত সাজে নববর্ষ বরণ করছে সবাই।
আজ শনিবার সকাল নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এ ছাড়া শোভাযাত্রায় অংশ নিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যরা।
মঙ্গল শোভাযাত্রায় মানুষের অংশগ্রহণ প্রমাণ করে এ দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। মঙ্গল শোভাযাত্রায় এবার আটটি প্রতীক-সূর্য, বক-মাছ, হাতি, পাখি, সাইকেলে মা-শিশু, টেপা পুতুল, মহিষসহ চারটি পাখি ও জেলে। এগুলো বাঁশ, কাঠ ও বিভিন্ন রঙের কাগজ দিয়ে তৈরি।
তিন দশক ধরে বর্ষবরণের অন্যতম আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে এ শোভাযাত্রা।
আজ শোভাযাত্রার শুরুতে আছে একটি বড় উজ্জ্বল সূর্য ও তারপরে আছে মাছ, বক, টিয়া পাখি, হাতি, ষাঁড়। হাজারো মানুষ বিভিন্ন রঙে সেজে শোভাযাত্রায় অংশ নিচ্ছেন।
পান্তায় আছে পুষ্টি, দ্রুত জোগায় শক্তি: প্রথম আলো
পয়লা বৈশাখে পান্তাভাত খাওয়া এখন উৎসবের অংশ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীসহ বড় বড় শহরে পান্তাভাত খাওয়া উন্মাদনার পর্যায়ে পৌঁছেছে। বড়,মাঝারি ও ফুটপাতের হোটেলে বসে মানুষ আজ নিশ্চিন্তে পান্তা খাচ্ছে। খেতে না পারলেই আক্ষেপ। অন্যদিকে গ্রামের মানুষের কাছে পান্তাভাত জীবনেরই অংশ। শহর বা গ্রামের কারও কাছে পান্তাভাতের পুষ্টিগুণের বৈজ্ঞানিক তথ্য নেই।
তবে পান্তাভাত পুষ্টিগুণে সমৃদ্ধ। সাদাভাতের চেয়ে পুষ্টিমানে এগিয়ে পান্তাভাত। পান্তাভাতে বেশি পরিমাণে আয়রন, ক্যালসিয়াম ও পটাশিয়াম আছে। দ্রুত শক্তি জোগায় বলে কায়িক পরিশ্রম করা মানুষ তাৎক্ষণিকভাবে পান্তাভাতের সুফল পান। রক্তস্বল্পতার শিকার মানুষের জন্য পুষ্টিকর খাবার পান্তাভাত।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) পুষ্টি ইউনিটের বিশ্লেষণ ও ভারতের আসাম রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিদ্যা বিভাগের গবেষণায় পান্তাভাতের পুষ্টিগুণের এই তথ্য পাওয়া গেছে।
নির্বাচনে বিএনপি অংশ না নিলেও জাতীয় পার্টি নিবে: ইত্তেফাক
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক আর না করুক জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে।
তিনি বলেন, আমাকে পাঁচটি বছর জেল খাটিয়েছে জামিন দেননি খালেদা জিয়ার সরকার। আমাকে জেলে রেখে আমার প্রতি যে অত্যাচার করেছিলো তারই প্রতিফলন এখন হচ্ছে।
রংপুরে চার দিনের সফরে আজ শনিবার এরশাদ সাংবাদিকদের সাথে এ একথা বলেন। এসময় কোটা পদ্ধতি নিয়ে এরশাদ বলেন, 'এটি বাতিল করা যৌক্তিক ছিলো না। কোটা নিয়ে যে আন্দোলন করেছিলো সেটা প্রধানমন্ত্রীর মনে খুব পীড়া দিয়েছিলো তাই হয়তো তিনি মনের দুঃখে কোটা পদ্ধতি বাতিল করেছেন। আমার মনে হয় তিনি মুক্তিযোদ্ধা কোটা রেখে কোটা পদ্ধতি সংস্কার করবেন।'
আজ পবিত্র লাইলাতুল মিরাজ: নয়াদিগন্ত
পবিত্র লাইলাতুল মিরাজ বা মিরাজের রজনী আজ। এ রাতে মহানবী হজরত মুহাম্মাদ সা: প্রথমে কাবা থেকে জেরুসালেমে অবস্থিত বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন এবং সেখানে তিনি হজরত আদম আ: থেকে শুরু করে হজরত ঈসা আ:সহ সব নবী ও রাসূলকে নিয়ে একটি জামাতে ইমামতি করেন। অতঃপর তিনি বিশেষ বাহন বোরাকে চড়ে ঊর্ধ্বলোকে গমন করেন। ঊর্ধ্বাকাশে সিদরাতুল মুনতাহায় তিনি আল্লাহর ‘দিদার’ লাভ করেন। এ সফরে ফেরেশতা জিবরাইল আ: তার সফরসঙ্গী ছিলেন। পবিত্র কুরআনের ১৭ নম্বর সূরা বনি ইসরাইলের শুরুতেই এ বিষয়ে আলোকপাত করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় মুসলিম জাহানের সাথে এ দেশের ধর্মপ্রাণ মুসলমানরাও আজ কুরআনখানি, নফল সালাত, জিকির আসকার, ওয়াজ মাহফিল, দোয়া-দরুদ পাঠ ও বিশেষ মুনাজাতের মাধ্যমে পবিত্র শবে মিরাজ পালন করবেন।
এবার ভারতের কয়েকটি খবর বিস্তারিত:
রাহুলের মধ্যরাতের মিছিল মুখ খোলালো মোদীকে: আনন্দবাজার পত্রিকা এই শিরোনামে লিখেছে, রাহুল গাঁধীর মধ্যরাতের মিছিল নড়েচড়ে বসতে বাধ্য করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। উন্নাওয়ের ঘটনায় অন্যতম অভিযুক্ত বিজেপি বিধায়ককে এ দিন ভোরে আটক করে রাতে গ্রেফতার করেছে সিবিআই। আর কাঠুয়ার গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের সমর্থন করে বিতর্কে জড়ানো দুই মন্ত্রী রাতে ইস্তফা দিয়েছেন। শুধু এটুকুই নয়। এই দু’টি ঘটনা নিয়ে রাহুল গাঁধীর তীব্র কটাক্ষ এবং জনরোষের আঁচ পেয়ে অবশেষে মুখ খুললেন স্বয়ং মোদী। রাতে এক অনুষ্ঠানে তাঁর আশ্বাস, ‘‘অপরাধীরা ছাড়া পাবে না। দেশের মেয়েরা বিচার পাবেই।’’
কিন্তু এই মন্তব্যেও অস্বস্তি কাটল কই! উল্টে মাঝরাতের মিছিলের সাফল্যের পরে এ দিন ফের মোদীকে বিঁধে রাহুল টুইট করেন, ‘‘প্রধানমন্ত্রী, আপনার নীরবতা মেনে নেওয়া যায় না।’’ মোদী মুখ খোলার পরে নয়া প্রশ্ন তুলে তাঁকে বিঁধে রাহুলের কটাক্ষ, ‘‘প্রিয় প্রধানমন্ত্রী, নীরবতা ভাঙার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি বলেছেন, আমাদের মেয়েরা সুবিচার পাবে। দেশ জানতে চায়, কবে?’
‘হীরকরাজ’ মোদিকে নিয়ে গান, গ্রেপ্তার ‘চরণদাস’ কোভান: আজকাল
এ যেন হীরকরাজা আর চরণদাসের ঘটনা। সত্যজিত রায়ের কালজয়ী ফিল্ম ‘হীরক রাজার দেশে’–তে রাজশক্তির অপশাসনের বিরোধিতা করে গান বাঁধার ‘অপরাধে’ শাস্তির মুখে পড়তে হয়েছিল বাউল চরণদাসকে। অনেকটা সেরমকই ঘটেছে তামিল লোকগান শিল্পী কোভানকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে গান বাঁধায় গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
মোদির পাশাপাশি অবশ্য তাঁর গানে মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী ও উপ মুখ্যমন্ত্রী পনিরসেলভামের সমালোচনাও করেছেন কোভান। যদিও কোভানের বিরুদ্ধে যিনি পুলিসের কাছে অভিযোগ জানিয়েছিলেন, তিনি একজন ত্রিচি এলাকার বিজেপির যুব শাখার সচিব এন গৌতম। তাঁর অভিযোগ, কোভান নাকি তাঁর গানে শত্রুতা, হিংসা এবং শান্তিভঙ্গের চেষ্টা করেছেন। তাঁর গানে কোভান কাবেরী জলবণ্টন নিয়ে মোদিকে একহাত নিয়েছেন।
তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর, ছিঁড়ে ফেলা হল মুখ্যমন্ত্রীর ছবি-সহ ফেস্টুন
সংবাদ প্রতিদিন জানিয়েছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে তৃণমূলের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর। ভাঙচুরের অভিযোগ বিরোধী দল বিজেপির দিকে। শুধু কার্যালয়ই নয়, মুখ্যমন্ত্রীর ছবি-সহ ফেস্টুন, দলীয় পতাকা ও আক্রমণের হাত থেকে রেহাই পায়নি। কার্যালয়ের বিদ্যুৎসংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর হালদার পাড়া এলাকায়।
জানা গিয়েছে, কার্যালয়টি মূলত ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌরাঙ্গ হালদারের তত্ত্বাবধানে চলে। তিনি খিদিরপুর হালদারপাড়া সংসদ থেকে এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন। শুক্রবার রাত বারোটা পর্যন্ত ওই অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিভিন্ন আলাপ আলোচনাও চলেছে।নেতৃত্বদের মধ্যে ছিলেন ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান তথা তৃণমূল নেতা লগিন দাস-সহ অন্যান্যরা। কিন্তু শনিবার সকাল হতেই স্থানীয়রা দেখতে পান অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে পড়ে আছে। চারিদিক ভাঙাচোরা। বেশকিছু ফ্ল্যাগ খুলে ফেলে দেওয়া হয়েছে জঙ্গলে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পরে উত্তেজনা।
পার্সটুডে/নাসির মাহমুদ/১৪