ব্যাংকিং খাতকে এতিমে পরিণত করা হয়েছে
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৭ এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- দুদকের জিজ্ঞাসাবাদে হুইপ আতিক- দৈনিক ইত্তেফাক
- বিমান দুর্ঘটনায় স্বজনরা বীমার টাকা পায়, সড়ক দুর্ঘটনা হলে কী পায়?-দৈনিক যুগান্তর
- যুগান্তরের অন্য একটি খবরের শিরোনাম-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহালে মহাসমাবেশ হবে
- পোশাককর্মী থেকে অভিজাত এলাকার ইয়াবা ব্যবসায়ী-দৈনিক প্রথম আলো
- বাংলাদেশের ব্যাংক খাতে দুর্দশার প্রভাব বৈশ্বিক পোশাক শিল্পে?-দৈনিক মানবজমিন
- মানবজমিনের অন্য একটি খবরের শিরোনাম-ব্যাংকিং খাতকে এতিমে পরিণত করা হয়েছে’
- ইসির সাথে বৈঠক-দুই সিটি নির্বাচনে ৭ দিন আগে সেনা মোতায়েন চায় বিএনপি-দৈনিক নয়া দিগন্ত
- সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রস্তাব নাকচ করেছে ইসি-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- এটিএমে দেশ জুড়ে টাকার আকাল-দৈনিক আনন্দবাজার
- কাঠুয়া গণধর্ষণ: নিজেদের নির্দোষ দাবি করে নার্কো টেস্টের আরজি অভিযুক্তদের-দৈনিক সংবাদ প্রতিদিন
- এটিএমে টাকার আকাল নিয়ে ক্ষুব্ধ মমতা–রাহুল-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি কথাবার্তার আসরে। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়ে জানতে চাইবো-
কথাবার্তা: জনাব সিরাজুল ইসলাম, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের সাত দিন আগে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। বিএনপির এ দাবি কতটা যৌক্তিক?
দুই সিটি নির্বাচনে সেনা মোতায়েন চায় বিএনপি-প্রথম আলো
গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের সাত দিন আগে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। ভোটারদের আস্থা ফেরাতে সেনা মোতায়েন জরুরি বলে জানিয়েছে দলটি। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বিএনপির এক প্রতিনিধিদল এই দাবি জানায়।
সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রস্তাব নাকচ করেছে ইসি-দৈনিক ইনকিলাব
গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের বিএনপির প্রস্তাব নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে বিএনপির আপত্তি উপেক্ষা করে দুই সিটিতেই পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তে অটল রয়েছে ইসি। মঙ্গলবার (১৭ এপ্রিল) ইসি সচিবালয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় ইসির। বৈঠকের পর নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বিএনপির প্রতিনিধি দল কিছু প্রস্তাবনা দিয়েছে। আইন ও বিধি অনুযায়ী যেগুলো পূরণ করা সম্ভব কমিশন তা বিবেচনার কথা বলেছে।’
কথাবার্তা: দৈনিক প্রথম আলো একটি খবরে বলেছে, পোশাককর্মী থেকে অভিজাত এলাকার ইয়াবা ব্যবসায়ী হয়েছিল রুপা ইসলাম নামে এক নারী। তাকে গত বছর আটক করা হয়। প্রশ্ন হচ্ছে- এই যে ইয়াবার মতো ভয়ংকর মাদক ..এগুলো কেন সমাজে বিস্তার লাভ করছে?
পোশাককর্মী থেকে অভিজাত এলাকার ইয়াবা ব্যবসায়ী-দৈনিক প্রথম আলো
ইয়াবা ব্যবসায়ীদের যেমন বড় বড় চক্র থাকে, তেমন কিছুই নেই রুপা ইসলামের। তিন-চারজনের ছোট একটি দল। সেই ছোট দলটিই গত এক বছরে বিক্রি করেছে এক কোটি টাকার ইয়াবা। ভয়ংকর মাদক ইয়াবার এই চালান রুপার কাছে আসত টেকনাফ থেকে। সেই চালান চলে যেত মাদকসেবীদের হাতে। পোশাককর্মী হিসেবে ঢাকায় জীবন শুরু করলেও একপর্যায়ে গুলশান-বনানীর কিছু উচ্চবিত্ত তরুণ-তরুণীর সঙ্গে যোগাযোগ তৈরি হয় রুপার। তাঁদের সঙ্গে ডান্স পার্টিতে (নাচের আসর) অংশ নিতেন, কয়েকবার র্যাম্পেও হেঁটেছেন। সব সময় লক্ষ্য ছিল যেকোনোভাবে ইয়াবা বিক্রি করা। এভাবে শতাধিক তরুণ-তরুণীকে ক্রেতা বানিয়ে নেন। রুপা এখন কারাগারে। গত বছরের ১৭ অক্টোবর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। কক্সবাজারের এক ইয়াবা বিক্রেতার মামলা তদন্ত করতে গিয়ে রুপা ও তাঁর দলের সন্ধান পায় সিআইডি পুলিশ।
কথাবার্তা: জ্বি জনাব সিরাজুল ইসলাম, এবার সিরিয়া প্রসঙ্গ: সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফরাসি প্রেসিডেন্ট তোপের মুখে পড়েছেন। এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় নানা রকমের খবর বের হয়েছে। ঘটনাটিকে আপনি কীভাবে দেখছেন?
চলতি অর্থবছর শেষে রাজস্ব ঘাটতি দাঁড়াবে ৫০ হাজার কোটি টাকা -ড. দেবপ্রিয়-দৈনিক ইনকিলাব
সিপিডির সংবাদ সম্মেলনে সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশ এখন কর্মসংস্থানহীন প্রবৃদ্ধির ধারা থেকে বেরিয়ে আয়হীন কর্মসংস্থানের দিকে এগুচ্ছে। এছাড়া, ব্যাংক খাতে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। এ খাত বর্তমানে এতিম অবস্থায় রয়েছে। এজন্য ব্যাংকের রক্ষকরাই ভক্ষক হিসেবে কাজ করছে। ফলে আমাদের অর্থনীতি এখন একটা ভ্রমের মধ্যে রয়েছে।
তিনি আরও বলেন, ‘চলতি অর্থবছর শেষে রাজস্ব ঘাটতি দাঁড়াবে ৫০ হাজার কোটি টাকা।' আজ মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে জাতীয় বাজেট ২০১৮-১৯ উপলক্ষে সিপিডির সুপারিশমালা শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘জিডিপির বিষয়ে সরকারের যে হিসাব, বাস্তবের সঙ্গে তার কোনও সামঞ্জস্যতা নেই।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।
এটিএমে দেশ জুড়ে টাকার আকাল-দৈনিক আনন্দবাজার
এটিএম রয়েছে। তবে তার দরজা বন্ধ। এটিএম খোলা। তবে মিলছে না টাকা। নোট বাতিলের পর ফের নোট অমিল দেশের অসংখ্য এটিএমে। এতে বেজায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। রাজধানী দিল্লি থেকে শুরু করে কর্নাচক, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা-সহ দেশের বহু রাজ্যেরই এটিএমে টাকার দেখা নেই।
এদিকে দৈনিক আজকাল লিখেছে, এটিএমে টাকার আকাল নিয়ে ক্ষুব্ধ মমতা ব্যানার্জী ও রাহুল গান্ধী।
কাঠুয়া গণধর্ষণ: নিজেদের নির্দোষ দাবি করে নার্কো টেস্টের আরজি অভিযুক্তদের-দৈনিক সংবাদ প্রতিদিন
আদালতে নিজেদের নির্দোষ দাবি করল কাঠুয়া গণধর্ষণ কাণ্ডের আট অভিযুক্ত। সত্যি-মিথ্যা যাচাই করতে আদালত তাদের ‘নার্কো টেস্ট’ করার অনুমতি দিক বলে দাবি তাদের। উভয় পক্ষের যুক্তি শোনার পর ২৮ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন বিচারক সঞ্জয় গুপ্তা। কাঠুয়া গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের সমর্থন করার অভিযোগ উঠেছিল বিজেপির দুই মন্ত্রী চন্দ্র প্রকাশ গঙ্গা এবং লাল সিংয়ের বিরুদ্ধে। দু’জনেই পদত্যাগ করেছেন। গত ১০ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের কাঠুয়া গ্রাম থেকে আসিফাকে অপহরণ করে একদল দুষ্কৃতকারী গণধর্ষণ করে শেষে হত্যা করে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭