তারেককে ফেরাতে ব্রিটিশ সরকারের সঙ্গে কথা হয়েছে: প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২২ এপ্রিল রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- তারেককে ফেরাতে ব্রিটিশ সরকারের সঙ্গে কথা হয়েছে: প্রধানমন্ত্রী- দৈনিক ইত্তেফাক
- ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষের গাফিলতির কারণে দুর্ঘটনা : ইউএস-বাংলা-দৈনিক যুগান্তরযুগান্তরের অন্য একটি খবরের শিরোনাম:
- বিশেষজ্ঞদের পরামর্শে খালেদা জিয়ার বাড়তি চিকিৎসা : স্বরাষ্ট্রমন্ত্রী
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশেষ সেল গঠনের দাবি জানিয়েছেন-দৈনিক প্রথম আলো
- বিচার পাওয়ার অপেক্ষায় রানা প্লাজা ট্রাজেডির শিকার শ্রমিকরা-দৈনিক মানবজমিন
- অসুস্থতার কারণে খালেদাকে আদালতে হাজির করা হয়নি-দৈনিক কালের কণ্ঠ
- বিজেপির আমন্ত্রণে ভারত সফরে আওয়ামী লীগ নেতারা-দৈনিক নয়া দিগন্ত
- খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে না -মির্জা ফখরুল-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- কঠোর আইনই শুধু নয়, তার প্রয়োগও জরুরি-দৈনিক আনন্দবাজার
- কাঠুয়ায় ধর্ষণ হয়েছিল, সোশ্যাল মিডিয়ার ভুয়ো দাবি উড়িয়ে বিবৃতি পুলিশের-দৈনিক সংবাদ প্রতিদিন
- শিশু ধর্ষকদের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর আজ থেকেই-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
তারেককে ফেরাতে ব্রিটিশ সরকারের সঙ্গে কথা হয়েছে: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
বিস্তারিত খবরে লেখা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আমরা তাকে দেশে ফিরিয়ে নিতে সক্ষম হব ইনশাল্লাহ এবং সে তার কৃতকর্মের জন্য বিচারের সম্মুখীন হবে। শনিবার লন্ডনের ওয়েস্টমিনস্টারে যুক্তরাজ্য আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি আরো বলেন, ‘আমরা ইতিমধ্যেই তারেক রহমানের প্রত্যর্পণের বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলেছি।’প্রধানমন্ত্রী বলেন, ‘তারেক রহমান দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, আর এখন ব্রিটেনের রাজধানীতে বসেও একই ধরনের অপরাধ করছে, চিন্তা করে দেখুন কত বড় সন্ত্রাসী সে।’ দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, বিজেপি’র আমন্ত্রণে ভারত গেলেন আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশেষ সেল গঠনের দাবি জানিয়েছেন
রাষ্ট্রীয় বাহিনী বা বেসরকারি কোনো গোষ্ঠী দ্বারা শিক্ষার্থীরা যেন আক্রান্ত না হন, সে জন্য বিশেষ সেল গঠনের দাবি জানিয়েছেন সচেতন শিক্ষকবৃন্দ। এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানানো হয়েছে। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সচেতন শিক্ষকবৃন্দ ‘ছাত্রছাত্রীদের নিরাপত্তা মর্যাদা রক্ষা কর’ শীর্ষক মানববন্ধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন–পরবর্তী কিছু সমস্যা সৃষ্টি হওয়ায় এ মানববন্ধন থেকে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়।
দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ঘটনা আমাদের সবার জন্য লজ্জা। বাংলাদেশের শ্রেষ্ঠ ভূখণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিক নারী নির্যাতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট গবেষক ও লেখক সৈয়দ আবুল মকসুদ।
বিচার পাওয়ার অপেক্ষায় রানা প্লাজা ট্রাজেডির শিকার শ্রমিকরা-দৈনিক মানবজমিন
রানা প্লাজা ট্রাজেডির শিকার গার্মেন্ট শ্রমিকরা এখনও সুবিচার পাওয়ায় অপেক্ষায় আছেন। আগামীকাল ওই ট্রাজেডির পঞ্চম বার্ষিকী। চার বছর আগে সাভারে রানা প্লাজা ধসে নিহত হন কমপক্ষে ১১৩০ জন শ্রমিক। বেঁচে আছেন যারা তাদের অবস্থা শোচনীয়। তাদেরকে নিয়ে বার্তা সংস্থা এএফপি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, রানা প্লাজা ধরে পড়ার পর ধ্বংসস্তূপ আর মৃতদেহের চাপায় আটকে ১০ ঘন্টা আটকে ছিল নিলুফার বেগমের পা। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে। কিন্তু সুবিচারের আশায় থাকা তার কাছে এখন এক যন্ত্রণা হয়ে উঠেছে। বিশ্বের সবচেয়ে ভয়াবহ ট্রাজেডি ঘটে রানা প্লাজায়।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা-অসুস্থতার কারণে খালেদাকে আদালতে হাজির করা হয় নি-দৈনিক কালের কণ্ঠ
রাজধানীর বকশি বাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে বিচারাধীন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাজির করা হয়নি। ফলে এ মামলার যুক্তিতর্ক শুনানির তারিখ আবারো পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে তাঁর জামিনের মেয়াদও বাড়ানো হয়েছে।
এদিকে দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আট দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। প্রথম আলো লিখেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানী ঢাকায় মির্জা ফখরুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা।
ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষের গাফিলতির কারণে দুর্ঘটনা : ইউএস-বাংলা-দৈনিক যুগান্তর
বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার জন্য নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ দায়ী বলে অভিযোগ করেছে বাংলাদেশের বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ। সংস্থাটি বলছে, ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ ইউএস-বাংলার বিমানকে দেয়া ল্যান্ডিং ক্লিয়ারেন্স বাতিল না করে একই সময়ে অন্য এয়ারলাইনসের ফ্লাইট অবতরণের অনুমতি দিয়ে আন্তর্জাতিক নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে।
এবার ভারতের খবর তুলে ধরছি।
শিশু ধর্ষকদের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর আজ থেকেই-দৈনিক আজকাল
১২ বছরের নিচে শিশুদের ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর হল আজ থেকেই। রবিবারই অর্ডিন্যান্সে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শনিবার পক্সো আইন সংশোধন করে নতুন অর্ডিন্যান্সে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অপরাধ আইন (সংশোধন) অর্ডিন্যান্স, ২০১৮ অনুযায়ী, এজন্য নতুন ফাস্ট ট্রাক কোর্ট তৈরি হবে। থানা এবং হাসপাতালগুলিতে বিশেষ ফরেনসিক কিট দেওয়া হবে তদন্তের জন্য। সব ধরনের ধর্ষণের মামলায় দু’মাসের মধ্যে পুরো বিচার প্রক্রিয়া সম্পন্ন করে রায় ঘোষণা করতে হবে। ১২ বছরের নিচে শিশুদের ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় সন্তোষপ্রকাশ করলেও নির্ভয়ার মা আশাদেবী বললেন, যে কোনও বয়সের মেয়েকে ধর্ষণে দোষীদেরই মৃত্যুদণ্ড হওয়া উচিত।
আর দৈনিক আনন্দবাজারে লেখা হয়েছে, ধর্ষণে কঠোর আইনই শুধু নয়, তার প্রয়োগও জরুরি।
কাঠুয়ায় শিশুর শ্লীলতাহানি হয়েছিল, সোশ্যাল মিডিয়ার ভুয়ো দাবি উড়িয়ে বিবৃতি পুলিশের-দৈনিক সংবাদ প্রতিদিন
আট বছরের নাবালিকাকে আটকে রেখে দিনের পর দিন গণধর্ষণ। সংবাদমাধ্যমে সে খবর উঠে আসতেই গোটা দেশ শিউরে উঠেছিল। কাঠুয়া কাণ্ডে দেশের চেতনাই যেন ধর্ষিতা হয়েছিল বলে মন্তব্য করেছেন অনেকেই। তবে ঘটনার পরপরই নাটকীয় পরিবর্তন। সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে একাধিক ভিডিও। যেখানে দাবি করা হয়, কাঠুয়ায় ধর্ষণই হয়নি। আরও নানা তত্ত্ব উঠে আসে যা প্রমাণ করতে চায় ধর্ষণের ঘটনা সাজানো। এই বিকল্প দাবির ভিত্তিতেই দেশের এক শীর্ষসারির সংবাদমাধ্যমে এই মর্মে লেখা হয় যে, কাঠুয়ায় গণধর্ষণই হয়নি। তাতে বিভ্রান্তি আরও বাড়ে। তবে এবার সব ভুয়ো দাবি উড়িয়ে দিল পুলিশ। জানাল, কাঠুয়ায় গণধর্ষণ হয়েছিল।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২