একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৩ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- সৌদি আরব ও যুক্তরাজ্যে সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী- দৈনিক ইত্তেফাক
- খাবারে ঢুকেছে প্লাস্টিক কণা, বিপর্যয়ের মুখে বাংলাদেশ-বাংলা-দৈনিক যুগান্তর
- যুগান্তরের অন্য একটি খবরের শিরোনাম-ঢাবিতে এখন অশনি সংকেত বিরাজ করছে
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তারেকের আইনি নোটিশ, প্রমাণ করুন নয়তো ক্ষমা চান-দৈনিক প্রথম আলো
- ‘সেনাবাহিনী ছাড়া এখন যেকোন নির্বাচন সুষ্ঠু করা অসম্ভব’-দৈনিক মানবজমিন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী অবান্তর কথা বলছেন : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
- ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধন হবে -আইনমন্ত্রী-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- পঞ্চায়েত নিয়ে ফের হাইকোর্টে বিরোধীরা, মামলা উঠবে কাল-দৈনিক আনন্দবাজার
- ঋণের দায়েই আত্মহত্যা! যাদবপুরের বহুতল থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ-দৈনিক সংবাদ প্রতিদিন
- ‘বিজেপি সে বেটি বাঁচাও’, মোদিকে সরাসরি আক্রমণ করে স্লোগান দিলেন রাহুল-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তারেকের আইনি নোটিশ, প্রমাণ করুন নয়তো ক্ষমা চান-দৈনিক প্রথম আলো
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে আইনি নোটিশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার তারেকের পক্ষে দলের আইনবিষয়ক সম্পাদক আইনজীবী কায়সার কামাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিকানায় আইনি নোটিশটি পাঠান। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে হয় বক্তব্যের সত্যতা প্রমাণ করতে হবে, নয়তো ক্ষমা চাইতে হবে। এর কোনোটিই না করলে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। কায়সার কামাল প্রথম আলোকে বলেন, আইনি নোটিশে বলা হয়েছে, তারেক রহমান লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট জমা দিয়ে নাগরিকত্ব বর্জন করেছেন বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যে বক্তব্য দিয়েছেন, তা অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তারেক রহমানকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতেই শাহরিয়ার আলম এই বক্তব্য দিয়েছেন।
আর নয়া দিগন্ত লিখেছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী অবান্তর কথা বলেছেন।দৈনিকটি আরো লিখেছে- কালের কণ্ঠ ও সংবাদ প্রতিদিনের সম্পাদককেও তারেক রহমান লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
সৌদি আরব ও যুক্তরাজ্যে সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
সৌদি আরব ও যুক্তরাজ্যে আট দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।সৌদি আরবে বহুজাতিক সামরিক মহড়া ‘গাল্ফ শিল্ড ওয়ানের’ সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে গত সোমবার রাতে লন্ডনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে তিনি কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, প্রধানমন্ত্রী টেরিজা মেসহ বিশ্ব নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গত জাতিসংঘ সম্মেলনের মতো কমনওয়েলথ সম্মেলনেও নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সরব ছিলেন প্রধানমন্ত্রী। এবারের কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের সবচেয়ে বড় সফলতা রোহিঙ্গা ইস্যুতে জোটভুক্ত রাষ্ট্র ও সরকারপ্রধানদের ঐকমতে নিয়ে আসা।
‘সেনাবাহিনী ছাড়া এখন যেকোন নির্বাচন সুষ্ঠু করা অসম্ভব’-দৈনিক মানবজমিন
দুই সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচকরা বলেন, সেনাবাহিনী ছাড়া এখন যেকোন নির্বাচন সুষ্ঠুভাবে করা অসম্ভব। জনগণ মনে করে, আমি ভোট দিলে কি হবে। প্রার্থীতো আগেই ঠিক করা। এ দুটি সিটি নির্বাচনের দিকে সবাই তাকিয়ে রয়েছে। কেননা এর উপর নির্ভর করবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ হবে কিনা। নির্বাচন কমিশনের হাতে সকল ক্ষমতা রয়েছে। তারা চাইলে নির্বাচন সুষ্ঠ ও সুন্দর হতে পারে।
ঢাবিতে এখন অশনি সংকেত বিরাজ করছে-দৈনিক যুগান্তর
ক্যাম্পাসে এখন অশনি সংকেত বিরাজ করছে মন্তব্য করে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সমাবেশে বক্তারা এ কথা বলেন।শিক্ষার্থীদের ওপর নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদ এবং ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীর নিরাপত্তা’ শীর্ষক ব্যানারে একটি মৌন মিছিল অনুষ্ঠিত হয়।সমাবেশে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান বলেন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অশনি সংকেত বিরাজ করছে। শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবিতে আন্দোলন করছিল তখন তাদের ওপর টিয়ারসেল মারা হয়, ছোড়া হয় রবার বুলেট। অন্যদিকে উপাচার্যের বাসভবনে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়।
মেধাবী হলেও জামায়াত-শিবির সরকারি চাকরি পাবে না: শাজাহান খান-দৈনিক মানবজমিন
নৌ-পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান বলেছেন- মেধা তালিকায় জামায়াত-শিবির ও স্বাধীনতা বিরোধীদের চাকরি দেয়া যাবে না। মেধা হিসেবে তাদের চাকরি দিলে সরকারি চাকরিতে এসে তারা সরকার বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী ও স্বাধীনতা বিরোধী কর্মকান্ডে লিপ্ত হবে। তারা শত মেধাবী হলেও তাদের চাকরি দেয়া বন্ধ করতে হবে।
খাবারে ঢুকেছে প্লাস্টিক কণা, বিপর্যয়ের মুখে বাংলাদেশ-দৈনিক যুগান্তর
ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড: আহমেদ কামরুজ্জামান মজুমদার বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার নিয়ে একটি গবেষণা করেছেন। বিবিসিকে তিনি বলেন, বাংলাদেশে প্লাস্টিকের ক্ষুদ্র-কণা দেদারসে ব্যবহৃত হচ্ছে প্রসাধন সামগ্রীতে। সিউয়ারেজ হয়ে জলাভূমিতে গিয়ে পড়ায় মাছ তা খাচ্ছে। তারপর মাছের মাধ্যমে তা মানুষের ফুড-চেইনে ঢুকে পড়েছে। তিনি বলেন, এতদিন উদ্বেগ ছিল পরিবেশ এবং জীব বৈচিত্র্যের ওপর প্লাস্টিকের প্রভাব নিয়ে, কিন্তু এখন স্বাস্থ্যের ক্ষতি বিশেষ করে ভাবিয়ে তুলছে। ১৯৯০ সালে যেখানে দিনে ৬ হাজার ৫০০ টন প্লাস্টিক ব্যবহৃত হতো, সেখানে মাত্র নয় বছর পর ২০১৪ সালে তা দাঁড়ায় ২৭ হাজার টনে। তিনি বলেন, এ হার চলতে থাকলে ২০২৫ সালে বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার দাঁড়াবে প্রতিদিন ৫০ হাজার টন। এই চিত্র খুবই বিপজ্জনক।
রানা প্লাজা ট্রাজেডির বিচার এখনো কত দূর?-দৈনিক যুগান্তর
২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা ভবন 'রানা প্লাজা' ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যু ঘটে। ওই ঘটনা ছিল শুধু বাংলাদেশের নয়, বিশ্ব-ইতিহাসেরই অন্যতম ভয়াবহ শিল্প-দুর্ঘটনা।
কিন্তু একে কেন্দ্র করে করা মামলাগুলোর একটি ছাড়া বাকি প্রায় কোনটিই আজও নিষ্পত্তি হয়নি।এ ঘটনার পর মামলা হয়েছে মোট ১৪টি। এর মধ্যে রয়েছে অবহেলা-জনিত মৃত্যুর অভিযোগে পুলিশের মামলা, রাজউকের করা ইমারত নির্মাণ আইন লঙ্ঘন এবং নিহত একজন পোশাক শ্রমিকের স্ত্রীর দায়ের করা খুনের মামলা
ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধন হবে –আইনমন্ত্রী-দৈনিক ইনকিলাব
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমরা সবকিছু করবো। আর এ আইনের যেখানেই সংশোধন করা প্রয়োজন হয় সেখানেই পরিবর্তন করা হবে। প্রস্তাব দানকারী সবগুলো সংগঠনের প্রতিনিধিদের সাথে আলোচনা করে আইনটি এমনভাবে সংশোধন করা হবে যাতে কেউ ভীত হবেন না।
এবার ভারতের খবর তুলে ধরছি।
পঞ্চায়েত নিয়ে ফের হাইকোর্টে বিরোধীরা, মামলা উঠবে কাল-দৈনিক আনন্দবাজার
পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ বিরোধীরা। সোমবার সকালেই বিচারপতি সুব্রত তালুকদারের কাছে কমিশনের বিরুদ্ধে নালিশ জানিয়ে মামলা করার অনুমতি চায় কংগ্রেস। দলের তরফে ঋজু ঘোষাল অভিযোগ করেন, কমিশন শীর্ষ আদালত ও সিঙ্গল বেঞ্চের নির্দেশ মানছে না। ঋজু সওয়াল করেন, আদালত কমিশনকে নির্দেশ দিয়েছিল সমস্ত মামলাকারীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে যাতে সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করা যায়, সমস্ত পক্ষের অভিযোগের মীমাংসা করা যায়। অথচ কমিশন মামলাকারীদের পরামর্শ উপেক্ষা করে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে বিচারপতি তালুকদারের কাছে মামলার অনুমতি চাইলে, ঋজুর সঙ্গে যোগ দেন বিজেপি, পিডিএস, সিপিআই এবং সিপিএমের প্রতিনিধিরা। তাঁরাও একই অভিযোগ তুলে আলাদা আলাদা আবেদন জানান। বিচারপতি সবার বক্তব্য শুনে মামলার অনুমতি দেন। মূল পঞ্চায়েত মামলার সঙ্গেই যুক্ত করা হবে এই আবেদনগুলিকে। মঙ্গলবার সকালেই সেই মামলা শুনবেন বিচারপতি।
‘বিজেপি সে বেটি বাঁচাও’, মোদিকে সরাসরি আক্রমণ করে স্লোগান দিলেন রাহুল-দৈনিক আজকাল
ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সোমবার দিল্লিতে ইন্ডোর স্টেডিয়ামে সংবিধান বাঁচাও ক্যাম্পেনের সূচনা করে কংগ্রেস সভাপতি অভিযোগ করেন মোদি কেবলমাত্র নিজেকে নিয়েই চিন্তিত। কীকরে আবার তিনি প্রধানমন্ত্রী হবেন সেই নিয়েই সারাদিন চিন্তা করেন। ধর্ষণ নিয়ে তার কোনও তাঁর কিছু যায় আসে। দেশের মেয়েদের কথা ভাবার তাঁর সময় নেই। তাই বিজেপি সে বেটি বাঁচাও। দিল্লির ইন্ডোর স্টেডিয়াম থেকে সরাসরি মোদিকে আক্রমণ করে নতুন স্লোগান তুললেন কংগ্রেস সভাপতি।
রাহুল এই সভায় দাবি করেছেন, গত ৭০ বছর ধরে দেশের সম্মান রক্ষা করেছে কংগ্রেস। বিজেপি সেই সম্মান ধুলিসাৎ করেছে। গত চার বছরে মোদি সরকার দেশের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে।
ঋণের দায়েই আত্মহত্যা! যাদবপুরের বহুতল থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ-দৈনিক সংবাদ প্রতিদিন
যাদবপুরের বহুতল থেকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। পূর্ব যাদবপুর থানার নয়াবাদের এক বহুতল থেকে তাঁদের দেহ উদ্ধার করে পুলিশ। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে যা দেখে পুলিশের অনুমান, ঋণের দায়েই আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি। স্থানীয় সূত্রে খবর, ওই বহুতলের তিনতলার ফ্ল্যাটে থাকতেন উৎপল ঘোষ ও তনুশ্রী কোলে। স্বামী-স্ত্রী দুজনেই শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের সঙ্গে ওই ফ্ল্যাটেই এক ভাগ্নে থাকতেন বলে জানা যাচ্ছে। রবিবার রাতে ফ্ল্যাটের দরজা বন্ধ দেখে ভাগ্নের সন্দেহ হয়। চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন তিনি। পুলিশের খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকে। তখনই জোড়া মৃতদেহ দেখতে পায় পুলিশ। পুলিশের সন্দেহ, ঋণের দায়ে আত্মঘাতী হতে পারেন দম্পতি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩