রোহিঙ্গাদের সহায়তা দিতে অস্ট্রেলিয়াকে আহ্বান জানান শেখ হাসিনা
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৭ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- তারেকের নাগরিকত্ব বাতিলের সুযোগ রয়েছে- দৈনিক ইত্তেফাক
- তারেক রহমান যেদিন বলবেন বাংলাদেশে যাব, সেদিনই কেবল ফিরবেন’-দৈনিক যুগান্তর
- শেখ হাসিনা রোহিঙ্গাদের সহায়তা দিতে অস্ট্রেলিয়াকে আহ্বান জানান-দৈনিক প্রথম আলো
- রানা প্লাজা ধসের পর চাকরি হারিয়েছেন ৪ লাখ শ্রমিক-দৈনিক মানবজমিন
- সরকার নির্বাচন নিয়ে নীল নকশা করছে : আমীর খসরু-দৈনিক নয়া দিগন্ত
- বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের এত টেনশন কেন?-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- বিকল বিমান, হুহু করে নেমে এল কয়েকশো ফুট, অল্পের জন্য বাঁচলেন রাহুল গান্ধী- -দৈনিক আনন্দবাজার
- বিমানে যান্ত্রিক গোলযোগ, নেপথ্যে ষড়যন্ত্র দেখছেন রাহুল গান্ধী-দৈনিক সংবাদ প্রতিদিন
- সন্তানহারা মা–বাবার কান্নাকে ‘নৌটঙ্কি’ বললেন আদিত্যনাথ! -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
শেখ হাসিনা রোহিঙ্গাদের সহায়তা দিতে অস্ট্রেলিয়াকে আহ্বান জানান-দৈনিক প্রথম আলো
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বাংলাদেশে অবস্থানকালে রোহিঙ্গাদের মানবিক সাহায্য দেওয়ারও আহ্বান জানান তিনি। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় শেখ হাসিনা এই আহ্বান জানান। ‘গ্লোবাল সামিট অব উইমেন’ সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় আজ শুক্রবার সকালে তিন দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছান প্রধানমন্ত্রী।
তারেকের নাগরিকত্ব বাতিলের সুযোগ রয়েছে-দৈনিক ইত্তেফাক
প্রচলিত আইন অনুযায়ী যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব বাতিল করতে পারে সরকার। কিন্তু নাগরিকত্ব বাতিল করার আগে তারেক রহমানকে কারণ দর্শানো নোটিস দিতে হবে। নাগরিকত্ব বাতিল করা হলে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে জটিলতা তৈরি হবে না বলে আইনমন্ত্রী বলেছেন। আইন অনুযায়ী অবশ্য তারেক রহমান নিজেও বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করতে পারেন। সে ক্ষেত্রে তাকে সরকারের নিকট লিখিত আবেদন করতে হবে। স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব বাতিল বা বর্জনের সুযোগ নেই। ১৯৫১ সালের দ্য সিটিজেনসিপ অ্যাক্ট-এর ১৬ (৬) ধারা অনুযায়ী উভয়পক্ষের এ সুযোগ রয়েছে।
তারেক রহমান যেদিন বলবেন বাংলাদেশে যাব, সেদিনই কেবল ফিরবেন-খন্দকার মোশাররফ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সময়মতো স্বেচ্ছায় দেশে ফিরবেন বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, তারেক রহমান যেদিন বলবে আমি বাংলাদেশে যাব, বাংলাদেশ আমার জন্য নিরাপদ; সেদিনই কেবল তিনি ফিরবেন- তার আগে নয়।বিএনপির এই নেতার আরও বলেন, তারেক রহমান ব্রিটিশ আইন মোতাবেক সে দেশে অবস্থান করছেন। বাংলাদেশ সরকার তার লন্ডনে অবস্থান নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করেছে। সরকার তাকে সহ্য করতে পারছে না। আজ নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সরকার নির্বাচন নিয়ে নীল নকশা করছে : আমীর খসরু-দৈনিক নয়া দিগন্ত
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে রেখে আগামী নির্বাচন নিয়ে সরকার নীল নকশা করছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তারা যে নীল-নকশা করেছে, সেই নীল- নকশার অধীনে ক্রমান্বয়ে গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার সংঙ্কুচিত করতে করতে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে, আর কোনো প্রতিদ্বন্দ্বি ও প্রতিপক্ষ থাকবে না। উনারাই রাজত্য করবে। সেই দিকে তারা যাচ্ছে। আর সংস্থাগুলোকে সেভাবেই কাজে লাগাচ্ছে!
টিআইবির গবেষণা-রানা প্লাজা ধসের পর চাকরি হারিয়েছেন ৪ লাখ শ্রমিক-দৈনিক মানবজমিন
রানা প্লাজা দুর্ঘটনার পর বিভিন্ন কারণে প্রায় ১২০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এ কারণে চাকরি হারিয়েছে প্রায় ৪ লাখ শ্রমিক। এ ছাড়া প্রধান পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের শ্রমিকদের কম মজুরি, বিনা মজুরিতে কাজ করিয়ে নেয়া, প্রসূতিকালে চাকরিচ্যুত, ক্ষতিপূরণ না দেয়াসহ নানা চ্যালেঞ্জ রয়ে গেছে এ খাতটিতে। গতকাল টিআইবি’র ধানমন্ডিস্থ কার্যালয়ে ‘তৈরি পোশাক খাতে সুশাসন: অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য ওঠে আসে। এসব চ্যালেঞ্জ তুলে ধরার পাশাপাশি টিআইবি তৈরি পোশাক খাতে সুশাসন প্রতিষ্ঠায় কেন্দ্রীভূত তদারকি ও সমন্বয়ের জন্য দীর্ঘমেয়াদে একক কর্তৃপক্ষ গঠনের সুপারিশসহ ৮ দফা সুপারিশ পেশ করে। একইসঙ্গে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০২ ডলার করারও প্রস্তাব করা হয়।
সব পুলিশ এমন হলে বদলে যেত বাংলাদেশ’-দৈনিক যুগান্তর
২২ এপ্রিল রোববার। সেদিন পুলিশের উপপরিদর্শক শবনম আক্তার পপির কল সাইন ছিল ‘অ্যাপোলো-সিক্স-ওয়ান। টহল দিচ্ছেন মহাখালী এলাকায়। রুটিন ডিউটি। হঠাৎ ওয়্যারলেসে বার্তা এলো। মহাখালীতে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখনই ছুটতে হবে। ঘটনাস্থলে পৌঁছে দেখেন ভয়াবহ পরিস্থিতি। অনেক কটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। রাস্তায় উল্টে আছে গাড়ি। পথ বন্ধ। বিরাট বিশৃঙ্খলা।
সেখানে পৌঁছে শবনম আক্তার পপি যা করেছিলেন, সেটিকে তিনি ভেবেছিলেন পুলিশ হিসেবে তার কর্তব্য। কিন্তু যারা সেদিন ঘটনাটি দেখেছেন, ছবি তুলেছেন এবং সেই ঘটনার কাহিনি এবং ছবি অনলাইনে শেয়ার করেছেন, তাদের কাছে এটি ছিল বিরল এবং অনুকরণীয় এক দৃষ্টান্ত। বাংলাদেশে পুলিশ বাহিনী যেখানে প্রতিদিন নানা কাজের জন্য তীব্র সমালোচনার মুখে পড়ছে, কিছু পুলিশ সদস্যের নানা কাণ্ডকীর্তির কারণে পুরো বাহিনীর ভাবমূর্তি যেখানে প্রশ্নবিদ্ধ হচ্ছে, সেখানে শবনম আক্তার পপিকে এখন সোশ্যাল মিডিয়ায় 'আদর্শ' বা 'রোল মডেল' হিসেবে বর্ণনা করা হচ্ছে।
বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের এত টেনশন কেন?-দৈনিক ইনকিলাব
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভারতের যেন ততই ঘুম হারাম হয়ে যাচ্ছে। নির্বাচন কেমন হবে, কীভাবে হবে, রাজনৈতিক পরিস্থিতি কী হতে পারে-এ নিয়ে তার যেন বিশ্লেষণের শেষ নেই। দেশটির পত্র-পত্রিকা ও বিশ্লেষকরা কিছুদিন পরপরই সম্পাদকীয়, নিবন্ধ ও গবেষণাধর্মী লেখা প্রকাশ করছে। বাংলাদেশকে বিভিন্নভাবে নসিহতও করছে। তাদের ভাব এবং আচার-আচরণ এমন যে, তারা নিজেদের দেশ নিয়ে যতটা না উদ্বিগ্ন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার চেয়ে বেশি উৎকণ্ঠিত। তারা ধরেই নিয়েছে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগই তাদের একমাত্র বন্ধু এবং আগামী নির্বাচনে যদি দলটি ক্ষমতায় না আসতে পারে, তবে তার যেন বিশাল ক্ষতি হয়ে যাবে। তাই তাদের বিভিন্ন লেখায় ইনিয়ে-বিনিয়ে বলার চেষ্টা থাকে, যে করে হোক আওয়ামী লীগকেই আবার ক্ষমতায় আসতে হবে এবং ক্ষমতায় আসতে সব ধরনের সহযোগিতা করা উচিত।
এবার ভারতের খবর তুলে ধরছি।
বিকল বিমান, হুহু করে নেমে এল কয়েকশো ফুট, অল্পের জন্য বাঁচলেন রাহুল গান্ধী-দৈনিক আনন্দবাজার
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে বহনকারী একটি বিমানে হঠাৎ ত্রুটি দেখা দেয়। আজ শুক্রবার সকালে ছোট ফ্যালকন জেট বিমানটির অন্যতম যাত্রী ছিলেন রাহুল। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষ পেয়ে নির্বিঘ্নেই দিল্লি থেকে কর্নাটকের হুগলি বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। জানা যায়, বিমানে কংগ্রেস সভাপতিসহ পাঁচজন ছিলেন। মাঝ আকাশে বিমানটির যান্ত্রিক ত্রুটির কারণে অটো–পাইলট ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। পরে তিনবারের চেষ্টায় ‘ম্যানুয়াল’ মোডে নিরাপদ অবতরণ করেন পাইলট। এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। কিন্তু এ ঘটনায় সন্তুষ্ট নয় কংগ্রেস।
এ সম্পর্কে দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, বিমানে যান্ত্রিক গোলযোগ, নেপথ্যে ষড়যন্ত্র দেখছেন রাহুল গান্ধী।
সন্তানহারা মা–বাবার কান্নাকে ‘নৌটঙ্কি’ বললেন আদিত্যনাথ!-দৈনিক আজকাল
সন্তানহারা মা–বাবার কান্নাকে ‘নাটক’ বলে ব্যঙ্গ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশে বৃহস্পতিবার ট্রেন দুর্ঘটনায় ১৩ জন স্কুল পড়ুয়ার মৃত্যুর পর আদিত্যনাথের এই মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রীর সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এই সময়ে তিনি কী করে শোকাতুর মা–বাবার কান্নাকে নাটক বলতে পারেন তা নিয়ে বিষ্ময় প্রকাশ করেছেন অনেকেই।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭