বিএনপিও চায় না তারেক দেশে আসুক: ওবায়দুল কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৮ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- বিএনপিও চায় না তারেক দেশে আসুক: ওবায়দুল কাদের- দৈনিক ইত্তেফাক
- সরকারের সিদ্ধান্তহীনতার কারণেই খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি-দৈনিক যুগান্তর
- চলন্ত বাসে ছাত্রীকে যৌন হয়রানি, শাস্তির দাবিতে মানববন্ধন-দৈনিক প্রথম আলো
- খালেদা জিয়ার প্যারালাইজড হয়ে যাওয়ার আশঙ্কা তাঁর চিকিৎসকদের-প্রথম আলোর অন্য একটি খবরের শিরোনাম
- কোটা বাতিলের আন্দোলন ৭ মে পর্যন্ত স্থগিত-দৈনিক সমকাল
- প্রধানমন্ত্রী নারী উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন'-দৈনিক কালের কণ্ঠ
- বাংলাদেশকে পটাতে কেন লড়ছে ভারত ও চীন? -দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- লেকটাউনেও ছড়ানো মরা মাংসের জাল, দোকান সিল-দৈনিক আনন্দবাজার
- ধর্ষণে ব্রহ্মজ্ঞানীর দোষ হয় না, বিশ্বাস করত ভণ্ড ‘ধর্মগুরু’ আসারাম-দৈনিক সংবাদ প্রতিদিন
- ক্যান্টিন এবং হোস্টেলের মাংস পরীক্ষার নির্দেশ যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়েরদৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
সরকারের সিদ্ধান্তহীনতার কারণেই খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি-দৈনিক যুগান্তর
সরকারের সিদ্ধান্তহীনতার কারণেই প্রতিনিয়ত খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, ক্ষমতাসীনদের মূল লক্ষ্য বিএনপি চেয়ারপারসনকে কারাগারে অসুস্থ রেখে নির্বাচনের বাইরে রাখা।শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল।খালেদা জিয়াকে আটকে রাখতে সরকার নীল নকশা করেছে বলেও দাবি করেন তিনি।ফখরুল বলেন, খালেদা জিয়ার কিছু হলে সব দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে। দেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে।
আর প্রথম আলোর খবরে লেখা হয়েছে, দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা না হলে কারাগারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্যারালাইজড হয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন তাঁর চিকিৎসকেরা। এমনকি চিকিৎসা দেওয়া না হলে অন্ধ ও পঙ্গুও হয়ে যেতে পারেন তিনি।
বিএনপিও চায় না তারেক দেশে আসুক: ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক
বিএনপি নেতা খন্দকার মোশারফের একটি বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপিও চায়না তারেক জিয়া দেশে আসুক। এতদিন শুনতাম চিকিত্সার জন্য তিনি লন্ডন গিয়েছেন এখন দেখি অন্য কথা। তারেক জিয়া দেশ থেকে চলে গেছেন আর রাজনীতি করবেন না বলে। এখন সে পলাতক আসামি, সাজাপ্রাপ্ত আসামি। আজ নারায়ণগঞ্জে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ভূমিকা রাখছেন। আজকে দেশের নারীরা পিছিয়ে নেই। এসব ভূমিকার জন্য তিনি গতকাল অস্ট্রেলিয়ায় গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন।
চলন্ত বাসে ছাত্রীকে যৌন হয়রানি, শাস্তির দাবিতে মানববন্ধন-দৈনিক প্রথম আলো
তুরাগ পরিবহনে উত্তরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানি করার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সহপাঠীরা। আজ শনিবার রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রেপ্তার হওয়া চালক, বাসের ভাড়া আদায়কারী ও চালকের সহকারীর দ্রুত শাস্তি নিশ্চিত করাসহ কয়েক দফা দাবি তুলে ধরেন।উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করেন। তিনি জানান, তুরাগ পরিবহনের গাড়িচালক ও তাঁর সহকারী তাঁকে যৌন হয়রানির চেষ্টা করলে কৌশলে তিনি তাঁদের খপ্পর থেকে বেরিয়ে আসেন। ওই ঘটনায় ওই ছাত্রীর স্বামী ২২ এপ্রিল বিকেলে বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন।
১০-১২ বছরের মধ্যে গ্যাসের মজুত ফুরিয়ে যাবে—জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী-দৈনিক প্রথম আলো
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী ১০ থেকে ১২ বছরের মধ্যে গ্যাসের মজুত ফুরিয়ে যাবে। গ্যাসের অভাবে যাতে শিল্পপ্রতিষ্ঠান বন্ধ না হয়, সে জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বিদেশ থেকে নিয়ে আসছে সরকার। নতুন নতুন কূপ খনন করে গ্যাসের অনুসন্ধান করা হচ্ছে। আজ বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে চার দিনের বিজ্ঞান উৎসবের সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কোটা বাতিলের আন্দোলন ৭ মে পর্যন্ত স্থগিত-দৈনিক সমকাল
সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির বিষয়ে সরকারকে ৭ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে বৈঠক শেষে সংগঠনের পক্ষ থেকে এ কথা জানানো হয়। বৈঠক শেষে জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ থেকে ফেরার পর সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হবে। কোটা সংস্কারের দাবিতে গত ফেব্রুয়ারি থেকে আন্দোলন করছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়লে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। তবে এখনও তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়নি।
বিনা বিচারে কেউ কারাগারে আটক থাকবে না : আইনমন্ত্রী-দৈনিক যুগান্তর
বিনা বিচারে কেউ যেন কারাগারে আটক না থাকে এবং ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৮ উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান। আইনমন্ত্রী বলেন, বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কারাবন্দিদের বিচার দ্রুত সময়ে শেষ করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। আধুনিক বিশ্বের মতো আইনি সহায়তায় চালু করা হয়েছে কল সেন্টার। তবে আইনি সহায়তা কার্যক্রমের সফলতা জনগণের সচেতনতার ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন আনিসুল হক।
এবার ভারতের খবর তুলে ধরছি।
ধর্ষণে ব্রহ্মজ্ঞানীর দোষ হয় না, বিশ্বাস করত ভণ্ড ‘ধর্মগুরু’ আসারাম-দৈনিক সংবাদ প্রতিদিন
ব্রহ্মজ্ঞানী, তাই নারী ধর্ষণে বা শ্লীলতাহানিতে তার কোনও দোষ হয় না। ঠিক এমনটাই বিশ্বাস করত ধর্ষণের দায়ে জেলে যাওয়া ধর্মগুরু আসারাম বাপু। বিচারপ্রক্রিয়া চলাকালীন রাজসাক্ষীর কথাতে উঠে এল এরকমই চাঞ্চল্যকর তথ্য।নামেই ধর্মগুরু। নিজেকে ব্রহ্মজ্ঞানী মনে করে। অথচ ভোগ-লালসা কম নয়। তার জন্য আলাদা ব্যবস্থাও করেছিল আসারাম। চিত্রনাট্য একেবারে গুরমিত রাম রহিমের মতোই। সম্ভোগের সুবিধার জন্য নিজের ডেরায় আলাদা গুহা বানিয়েছিল রাম রহিম। একইরকমভাবে কুঠি সাজিয়েছিল আসারাম বাপুও। তার সিগন্যালের হাতিয়ার ছিল টর্চ। আসারামের কাছাকাছিই থাকত তার ঘনিষ্ঠ মহিলারা। আশ্রমের চতুর্দিকে ঘুরে ঘুরে মহিলাদের পছন্দ করত আসারাম. কোনও মহিলাকে মনে ধরলে টর্চ জ্বেলে সিগন্যাল দিত বাবা। সেই সিগন্যাল পেলেই ওই মেয়েটিকে বাবার কুঠিতে এনে হাজির করাত আসারামের ঘনিষ্ঠ মহিলারা। এভাবেই দিনের পর দিন চলছিল ধর্ষণ। শ্লীলতাহানি হত আকছারই। এসবই সামনে এসেছে রাজসাক্ষী রাহুল কে সাচারের কথায়।
মরা ও পচা মাংস নিয়ে গত কয়েকদিন পশ্চিমবঙ্গে ব্যাপক শোরগোল পড়ে গেছে। এসম্পর্কে আজকের দৈনিক আনন্দবাজারের শিরোনাম
লেকটাউনেও ছড়ানো মরা মাংসের জাল, দোকান সিল
নিউটাউনের পর এ বার লেকটাউন। আরও একটি মরা মুরগির মাংস বিক্রির দোকানের সন্ধান পেল পুলিশ। শনিবার সকালে সেখানে হানা দিয়ে তা সিল করে দেওয়া হয়েছে। তবে দোকান থেকে কোনও মাংস উদ্ধার হয়নি। পুলিশ সূত্রে খবর, এই দোকানটির মালিকও কওসর আলি ঢালির।নিউ টাউনের খামার থেকে ৭০ কেজি মরা মাংস উদ্ধার করেছে।
এ বিষয়ে দৈনিক আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ক্যান্টিন এবং হোস্টেলের মাংস পরীক্ষার নির্দেশ যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের। খবরটিতে বলা হয়েছে, ভাগাড়ের মরা মাংস খাবারের পাতে! এই নিয়েই এখন সরগরম সব মহলে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮