রোহিঙ্গা সংকটের জাদুকরী সমাধান নেই : জাতিসংঘ প্রতিনিধিদল
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৯ এপ্রিল রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরের কর্ম-পরিকল্পনার কাজ শুরু করেছি-দৈনিক ইত্তেফাক
- দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-রাজীবের পর চলে গেলেন রোজিনাও
- রোহিঙ্গা সংকটের জাদুকরী সমাধান নেই : জাতিসংঘ প্রতিনিধিদল-দৈনিক যুগান্তর
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৪ বছরে ৬ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ-দৈনিক প্রথম আলো
- গাজীপুরের পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি বিএনপির-দৈনিক নয়া দিগন্ত
- খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গোটা জাতি উদ্বিগ্ন: রিজভী-দৈনিক মানবজমিন
- বাড়ছে দুর্ঘটনা যৌন নিগ্রহ-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- দেশের সব গ্রামে পৌঁছে গেল বিদ্যুৎ, ঘোষণা প্রধানমন্ত্রীর -দৈনিক আনন্দবাজার
- মুম্বইয়ের হাসপাতালে কোমায় আচ্ছন্ন রোগীর চোখ খুবলে নিল ইঁদুর!-দৈনিক সংবাদ প্রতিদিন
- জন বিরোধী মোদি সরকার, ২০১৯–এ জিতবেই কংগ্রেস: রাহুল-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরের কর্ম-পরিকল্পনার কাজ শুরু করেছি-দৈনিক ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার ২০২১ সাল থেকে ২০৪১ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরের প্রয়োজনীয় পরিকল্পনা ও কর্মপন্থা প্রণয়নের কাজ শুরু করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখা আয়োজিত সিডনিতে গতকাল শনিবার এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘২০২১ সাল থেকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা কিভাবে দেখতে চাই সেভাবে বাংলাদেশকে উন্নয়নের জন্য আমরা পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছি।
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গোটা জাতি উদ্বিগ্ন: রিজভী-দৈনিক মানবজমিন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার ক্রমাগত অবনতির খবরে গোটা জাতি এখন চরম উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। আজ নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। রিজভী আহমেদ বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে আরও অবনতি হয়েছে।তাকে তিলে তিলে কষ্ট দিয়ে সরকার প্রতিহিংসা বাস্তবায়নে চুড়ান্ত লক্ষ্যের দিকে এগুচ্ছে কী না তা নিয়ে জনমনে এখন নানা প্রশ্ন ও শঙ্কা তৈরী হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার ক্রমাগত অবনতির খবরে গোটা জাতি এখন চরম উদ্বিগ্ন।
কোনো সিন্ডিকেটের কথায় ছাত্রলীগ চলবে না: ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো সিন্ডিকেটের কথায় ছাত্রলীগ চলবে না। ছাত্রলীগ চলবে বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নির্দেশনায়। এর বাইরে কোনো ভাবনা-চিন্তা করার অবকাশ নেই।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, আমি চাই ত্যাগী যোগ্য নেতৃত্ব। কারও পকেটের লোক দিয়ে ছাত্রলীগের কমিটি হবে না।
তিনি আরও বলেন, যদি আমরা ‘সারভাইব’ করতে চাই, তাহলে ছাত্রলীগকে রাজনৈতিক আদর্শের মহাসড়কে ফিরে আসতে হবে। সুনামের ধারায় ফিরে আসতে হবে। ছাত্রলীগকে তার ঐতিহ্যের ধারায় ফিরে আসতে হবে।
রোহিঙ্গা সংকটের জাদুকরী সমাধান নেই : জাতিসংঘ প্রতিনিধিদল-দৈনিক যুগান্তর
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল বলেছে, রোহিঙ্গা সংকটের জাদুকরী সমাধান নেই। কক্সবাজারের উখিয়া উপজেলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ১৫ সদস্যের এই প্রতিনিধিদলের সবার মুখে একই কথা- এটি এক ভয়ঙ্কর সংকট। কাজেই এটার সমাধানে জাদুটোনা কাজে আসবে না। এর আগে রোববার সকাল ৯টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তে শূন্যরেখায় আশ্রয় শিবিরে গিয়ে সরাসরি রোহিঙ্গাদের কাছ থেকে নৃশংসতার কাহিনি শোনেন তারা।
ঢাকায় ফিরে প্রতিনিধিদলটি সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পরে রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য দুদিনের সফরে মিয়ানমার যাবেন।
রাজীবের পর চলে গেলেন রোজিনাও-দৈনিক ইত্তেফাক
রাজীবের পর চলে গেলেন রাজধানীর বনানীতে বাসের চাপায় পা হারানো রোজিনা আক্তারও। আজ রবিবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রজিনা(২১)। চিকিৎসকের বরাত দিয়ে রোজিনার বাবা রুসুল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ময়মনসিংহের মেয়ে রোজিনা গত ১০ বছর ধরে ঢাকায় সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় কাজ করে আসছিলেন। গত ২০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়িতে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির একটি বাসের চাপায় তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রোজিনা।এর আগে গত ৩ এপ্রিল কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার কাছে দুটি বাসের প্রতিযোগিতায় হাত হারান রাজীব হোসেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ এপ্রিল মারা যান তিনি। এ ছাড়া গত ১০ এপ্রিল ফার্মগেটে বাসচাপায় পা থেঁতলে যায় বিশ্ববিদ্যালয় ছাত্রী রুনি আক্তারের।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৪ বছরে ৬ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ-দৈনিক প্রথম আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত চার বছরে ছয়জন শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও এক শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠেছে। এর মধ্যে একজনকে শাস্তি হিসেবে চাকরিচ্যুত করা হয়েছে। দুজনকে দেওয়া হয়েছে লঘু শাস্তি। বাকি তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। আর একজনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে করা আবেদনপত্রই গায়েব হয়ে গেছে। চাকরিচ্যুত হওয়া শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবিরোধী হিসেবে পরিচিত ছিলেন। লঘু শাস্তি পাওয়া শিক্ষকদের মধ্যে একজন নিরপেক্ষ; বাকিরা উপাচার্যপন্থী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। সর্বশেষ বিভাগের দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল হালিম প্রামাণিককে তিরস্কার ও তাঁর পদোন্নতি দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।
বাড়ছে দুর্ঘটনা যৌন নিগ্রহ-দৈনিক ইনকিলাব
রাজধানীতে নেশার ঘোরে বেপরোয়া বাস চালান অধিকাংশ বাসচালক। ফলে বাসের চাপায় পড়ে অহরহ মানুষের প্রাণ যাচ্ছে। হাত-পা বিচ্ছিনের ঘটনাও ঘটছে। শুধু তাই নয়, নেশাগ্রস্ত বাসচালক ও হেলপারদের হাতে ধর্ষিত হচ্ছে বাসযাত্রী সাধারণ নারীরা। চালকরা মাদকাসক্ত হওয়ায় নিয়ম-নীতির তোয়াক্কা করছে না। আর কোনোভাবে থামানো যাচ্ছে না বাসের অসম প্রতিযোগিতা। প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘণ্টা স্টিয়ারিং ধরে বসে থাকার শক্তি জোগাতে ইয়াবা ও গাজা সেবন করেন অধিকাংশ বাসচালক। বিষয়টি ওপেন-সিক্রেট হলেও প্রতিরোধ বা প্রতিকারের কোনো উদ্যোগ নেই।
এবার ভারতের খবর তুলে ধরছি।
মুম্বইয়ের হাসপাতালে কোমায় আচ্ছন্ন রোগীর চোখ খুবলে নিল ইঁদুর!-দৈনিক সংবাদ প্রতিদিন
কোমায় আচ্ছন্ন রোগীর চোখ খুবলে নিল ইঁদুর। গত ২৩ এপ্রিল মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের যোগেশ্বরী এলাকার বাল ঠাকরে ট্রমা কেয়ার হাসপাতালে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ মানতে নারাজ। কর্তৃপক্ষের পালটা সাফাই এটা ষড়যন্ত্র। বেশ কিছুদিন ধরে বাল ঠাকরে ট্রমা কেয়ার সেন্টারের আইসিইউতে ভরতি রয়েছেন ওই রোগী। রোগীর পরিবারের তরফের অভিযোগ, আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে দেওয়ার পরেই এই ঘটনা ঘটে। আগেই জেনারেল ওয়ার্ডে রোগীকে দেখতে গিয়ে ইঁদুরের দৌড়াদৌড়ি তাঁদের নজরে এসেছে। সেদিন সকালে হাসপাতালে যেতেই তাঁরা দেখেন রোগীর ডান চোখ রক্তে মাখামাখি। ইঁদুরের কীর্তি বুঝতে পেরেও তাঁরা কিছু করতে পারছেন না। কেন না ঘটনার কোনও সাক্ষী নেই।
জন বিরোধী মোদি সরকার, ২০১৯–এ জিতবেই কংগ্রেস: রাহুল-দৈনিক আজকাল
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি ভর্ৎসনা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রবিবার রামলীলা ময়দানে জন আক্রোশ র্যালির সূচনা করে সরাসরি প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন তিনি। ২ লাখ দলীয় কর্মী সমর্থকদের সমাগম হয়েছিল এই র্যালিতে। রাহুল সভাপতি হওয়ার পর এই প্রথম এত বড় কোনও দলীয় মঞ্চে বললেন। সেই মঞ্চ থেকেই রাহুল বলেন,‘দেশে জনবিরোধী সরকারের শাসন চলছে। আরএসএস আর বিজেপি যখন হাত মিলিয়ে দেশের গণতান্ত্রিক সংগঠন গুলিকে ধংস করছে মোদি তখন চুপ করে দর্শকের ভূমিকা পালন করছে। মোদি যখন জনগণের উদ্দেশ্য কিছু বলেন, তার মধ্যে সত্যি কতটা সেটা বের করাই কঠিন।’
রাহুলের দাবি ‘মোদি বলেন ৭০ বছরে কংগ্রেস কিছু করেনি, তাহলে গত ৬০ মাসে কী করেছেন তিনি। বেকারত্ব বেড়েছে দেশে, নারী সুরক্ষা নেই বললেই চলে। শিশু দর্শন দিনের পর দিন বাড়ছে। যে দেশে কৃষকরা আত্মহত্যা করছেন, সেদেশর সরকার ১৫ জন শিল্পপতির ঋণ মকুব করে দিয়েছেন। এমন অনাচার মোদি সরকার ছাড়া কারোর পক্ষেই সম্ভব নয়।’#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯