এপ্রিল ৩০, ২০১৮ ১২:৪৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩০ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ২৪ টি সংসদীয় আসনের পরিবর্তন এনে ইসির গেজেট-দৈনিক ইত্তেফাক
  • রোহিঙ্গা ইস্যুতে চীন রাশিয়া ভারত জাপানের জোরালো ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর-দৈনিক যুগান্তর
  • সড়ক দুর্ঘটনা রোধে আইন পরিবর্তন করা প্রয়োজন: খায়রুল হক-দৈনিক প্রথম আলো
  • আওয়ামী লীগের কাছে জীবনের দাম নেই: রিজভী-দৈনিক কালের কণ্ঠ
  • আরো তিন দিন ঝড় বাইবে,বজ্রপাতে ৯ জেলায় নিহত ১৯ জন-দৈনিক নয়া দিগন্ত
  • আইনি লড়াই ছাড়া খালেদা জিয়ার মুক্তির আর কোনো পথ নেই-দৈনিক মানবজমিন
  • লেগুনা থেকে ছিটকে পড়ে ইডেন কলেজ শিক্ষার্থী নিহত-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:    

  • জঙ্গলমহলে অশনি সঙ্কেত! ছত্রধরকে মুক্ত করতে হঠাৎ উদ্যোগী রাজ্য-দৈনিক আনন্দবাজার
  • আম্বেদকর-মোদি তো আদতে ব্রাহ্মণ, গুজরাটের স্পিকারের মন্তব্যে শোরগোল-দৈনিক সংবাদ প্রতিদিন
  • পঞ্চায়েত নির্বাচনের আগেই ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তণমূল-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

সড়কে মৃত্যু মিছিল বাড়ছে, একইসাথে বাড়ছে পঙ্গুত্ত্বের সংখ্যাও। দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম-সড়ক দুর্ঘটনা রোধে আইন পরিবর্তন করা প্রয়োজন: খায়রুল হক-

হাত হারানো হৃদয়

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, দুর্ঘটনা কী পরিমাণে বেড়েছে! কারও হাত চলে যাচ্ছে, পা চলে যাচ্ছে, মাথা চলে যাচ্ছে। এভাবে কোনো সভ্য দেশ চলতে পারে না। সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন কার্যকর করা দরকার বলে মনে করেন তিনি। একই সঙ্গে আইন পরিবর্তন করা প্রয়োজন বলেও তাঁর মত।আজ চারটি বিষয় নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন খায়রুল হক।

পা হারানো রাসেল

প্রথম আলোর অন্য একটি খবরে লেখা হয়েছে, অপরাধীদের বিচার নিয়ে শঙ্কায় সড়ক দুর্ঘটনায় পা হারানো রাসেল ও হাত হারানো হৃদয়ের পরিবার। ইত্তেফাকের গতকালের খবরে ছিল রাজীবের পর চলে গেলেন পা হারানো রোজিনাও। আর দৈনিক ইনকিলাব খবর ছিল-বাড়ছে দুর্ঘটনা যৌন নিগ্রহ।প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘণ্টা স্টিয়ারিং ধরে বসে থাকার শক্তি জোগাতে ইয়াবা ও গাজা সেবন করেন অধিকাংশ বাসচালক। বিষয়টি ওপেন-সিক্রেট হলেও প্রতিরোধ বা প্রতিকারের কোনো উদ্যোগ নেই। 

এদিকে দৈনিক সমকালের একটি খবরে লেখা হয়েছে-লেগুনা থেকে ছিটকে পড়ে ইডেন কলেজ শিক্ষার্থী নিহত। রাজধানীর শনির আখড়ায় লেগুনা থেকে ছিটকে সড়কে পড়ে নুসরাত জাহান ঝুমা (২০) নামের ইডেন কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝুমা ইডেন কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোহিঙ্গা ইস্যুতে চীন রাশিয়া ভারত জাপানের জোরালো ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর-দৈনিক যুগান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন, রাশিয়া, ভারত ও জাপানের সহায়তা প্রত্যাশা করে তাদেরকে এ বিষয়ে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর ইউএনবির। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো আদোলফো মেজা কোয়াদরার নেতৃত্বে বাংলাদেশ সফরে আসা ১৪ সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।রোহিঙ্গা সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের চেষ্টার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কোনো সংঘাত চায় না বরং রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায়।

আইনি লড়াই ছাড়া খালেদা জিয়ার মুক্তির আর কোনো পথ নেই-দৈনিক মানবজমিন

বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আইনি লড়াই ছাড়া কোন পথ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদাসীনতার  কোনো সুযোগ নেই বলেও জানান। আর প্রথম আলোর খবরে লেখা হয়েছে, কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা করানো নিয়ে দলটির নেতারা বিশেষজ্ঞ চিকিৎসকদের মতো কথা বলছেন। এ বিষয় নিয়ে তাঁরা রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন তিনি।

দৈনিক কালের কণ্ঠের শিরোনাম-আওয়ামী লীগের কাছে জীবনের দাম নেই: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

খবরটিতে লেখা হয়েছে, যারা গণতন্ত্রবিনাশী মানবাধিকার পরিপন্থী, নাগরিক স্বাধীনতা হরণকারী, অগণতান্ত্রিক রাজনৈতিক দল-তাদের রাজনৈতিক মতের বিরুদ্ধে মানুষের মর্যাদা ও জীবনের কোনো দাম নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

২৪ টি সংসদীয় আসনের পরিবর্তন এনে ইসির গেজেট-দৈনিক ইত্তেফাক

দশম সংসদের ২৪টি সংসদীয় আসনের পরিবর্তন এনে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছন।তিনি বলেন, কমিশন সভায় ২৪ সংসদীয় আসনের পরিবর্তন করার সিদ্ধান্ত অনুমোদন করেছে। গত ১৪ মার্চ খসড়া গেজেট ৪০ টি আসনের পরিবর্তন আনা হলেও শুনানির পর ২৪ টি চূড়ান্ত করা হয়।

এবার ভারতের খবর তুলে ধরছি।

জঙ্গলমহলে অশনি সঙ্কেত! ছত্রধরকে মুক্ত করতে হঠাৎ উদ্যোগী রাজ্য-দৈনিক আনন্দবাজার

২০০৯ সালের অক্টোবর থেকে ২০১৮, প্রায় ন’বছর পর লালগড় আন্দোলনের পোস্টারবয় ছত্রধর মাহাতোকে জেল থেকে মুক্তি দিতে উদ্যোগী রাজ্য সরকার। স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরই যুদ্ধকালীন তৎপরতায় আইনি জটিলতা কাটানোর কাজ শুরু হয়ে গিয়েছে। লালগড় থানার একটি মামলায় সন্ত্রাসদমন আইনে বা ইউএপিএ-তে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছত্রধর এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই জঙ্গলমহলের এই নেতার ‘মায়ের অসুস্থতার’ কারণে প্যারোলের আবেদন করা হয়। সেই আবেদন মঞ্জুরও হয়।

পঞ্চায়েত নির্বাচনের আগেই ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তণমূল-দৈনিক আজকাল

মামলা–মোকদ্দমা থেকে বিরোধীতা। এতকিছুর পরও পঞ্চায়েত নির্বাচনের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ শতাংশ আসনে জয়লাভ করল ঘাসফুল। শনিবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ছিল। সেখানে দেখা যাচ্ছে এই ৩৪ শতাংশ আসনে বিরোধীরা কোনও প্রার্থী দেয়নি। তাই বিরোধীরা তৃণমূল কংগ্রেসকে এই আসনগুলিতে ওয়াকওভার দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ আগামী ১৪ মে একদফায় হবে পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্যের ৫৮ হাজার ৬৯২টি পঞ্চায়েত আসনের মধ্যে ২০ হাজারের বেশি আসনে জয়ী হয়ে বসে আছে তৃণমূল। কারণ বিরোধীরা কিছু ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে, না হলে মনোনয়নপত্র প্রস্তুত করতে ব্যর্থ হয়েছে। ফলে এই পঞ্চায়েত নির্বাচনের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের বড় অঙ্কের আসন জয়লাভ করা বাংলার ইতিহাসে এই প্রথম।

আম্বেদকর-মোদি তো আদতে ব্রাহ্মণ, গুজরাটের স্পিকারের মন্তব্যে শোরগোল-দৈনিক সংবাদ প্রতিদিন

‘দলিত নেতা বি আর আম্বেদকর

‘দলিত নেতা বি আর আম্বেদকর একজন ব্রাহ্মণ ছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একজন ব্রাহ্মণ৷’ গুজরাট বিধানসভার স্পিকার রাজেন্দ্র ত্রিবেদীর মন্তব্যে শোরগোল গোটা দেশে৷ তিনি বলেন, ‘একথা বলতে আমার কোনও দ্বিধা নেই যে বি আর আম্বেদকর একজন ব্রাহ্মণ ছিলেন৷ একজন শিক্ষিত মানুষকে ব্রাহ্মণ বলতে কোনও আপত্তি নেই আমার৷’শুধু সংবিধানের জনককেই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ব্রাহ্মণ বলে আখ্যা দেন ভদোদরার রওপুরা কেন্দ্রের বিজেপি বিধায়ক৷ ত্রিবেদী বলেন, ‘আমি তো বলব, মোদিজিও একজন ব্রাহ্মণ৷’ গান্ধীনগরে ব্রাহ্মণদের এক ব্যবসায়িক সম্মেলনে একথা বলেন স্পিকার৷ দেশ জুড়ে একের পর এক বি আর আম্বেদকরের মূর্তি ভাঙার প্রেক্ষিতে তিনি একথা বলেন৷ তিনি যখন মঞ্চে দাঁড়িয়ে একথা বলছেন, সেই রবিবারও ঝাড়খণ্ডের গিরিডিতে আম্বেদকরের মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ #

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০