মে ০১, ২০১৮ ১৩:০৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১ এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • চলতি মাসে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ-দৈনিক যুগান্তর
  • মা সন্তানদের হত্যা করতে পারে কি না, খতিয়ে দেখছে পুলিশ-দৈনিক প্রথম আলো
  • মার্চ-এপ্রিলে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৭০ জনের: ত্রাণমন্ত্রী-দৈনিক কালের কণ্ঠ
  • খালেদা-তারেক ছাড়াই নির্বাচন চায় সরকার-দৈনিক নয়া দিগন্ত
  • খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি ১০১ বিশিষ্ট চিকিৎসকের-দৈনিক মানবজমিন
  • বজ্রপাতে প্রাণহানি বাড়ছেই-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:    

  • লড়াই রয়েছে আট জেলায়, জানাচ্ছে কমিশন-দৈনিক আনন্দবাজার
  • গ্রামে গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিয়ে মিথ্যাচার! সমালোচনার মুখে কেন্দ্র-দৈনিক সংবাদ প্রতিদিন
  • নরেন্দ্র মোদির সরকারকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট-দৈনিক আজকাল

 পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

জাতীয় দৈনিকগুলোর অনলাইন সংস্করণ ও নিউজ পোর্টালগুলোতে মে দিবস, সড়ক দুর্ঘটনা, হত্যা ও রাজনীতির খবরই গুরুত্বের সাথে ছাপা হয়েছে। 

মে দিবস

মে দিবস সম্পর্কিত খবর প্রায় সব দৈনিকে এসেছে। এ সম্পর্কে 'মে দিবস-দেশের শ্রমিকশ্রেণির ত্যাগ বনাম প্রাপ্তি শিরোনামে দৈনিক প্রথম আলোর একটি আর্টিকেলে বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ লিখেছেন-উনিশ শতকে আধুনিক শিল্পকারখানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উপমহাদেশে তথা বাংলায় শ্রমিকশ্রেণির ভূমিকা শুধু অর্থনীতিতে নয়, রাজনীতিতেও গৌরবের। তখন থেকে শুরু করে স্বাধীনতা এবং বর্তমান সময় পর্যন্ত শ্রমিকের অবদান অনেক। কিন্তু তাদের ত্যাগ ও প্রাপ্তি নিয়ে মে দিবসে প্রশ্ন করা যায়।দেশের আর্থসামাজিক অবস্থা স্থিতিশীল রাখতে হলে শ্রমিকশ্রেণির কথা ভাবতে হবে।শ্রমিকদের চাকরির নিরাপত্তা ও ভালো জীবনের নিশ্চয়তা না দিলে শুধু অর্থনীতি বিপর্যস্ত হবে না, রাজনৈতিক অস্থিরতা তো বটেই সামাজিক সমস্যারও সৃষ্টি হবে। এখনই দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণের সময়।

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, দেশের নির্মাণ খাতে গত বছর ১৩৪ শ্রমিকের মৃত্যু।গত বছর পরিবহন খাতে সর্বোচ্চ মৃত্যু (৩০৭ জন)।আর নির্মাণ খাতে ১৫ বছরে নিহতের সংখ্যা ১ হাজার ৩৭৭। নির্মাণ খাতে শ্রমিকদের পঙ্গু হওয়ার পরিসংখ্যান উদ্বেগজনক। গত ছয় বছরে নির্মাণ খাতে আহত হয়েছেন ৫২৫ জন। ক্ষতিপূরণ পর্যাপ্ত নয়।

এবার রাজনীতির খবরে আসছি। 

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন-বিএনপির নির্বাচনে আসা বা না-আসা তাদের ব্যাপার।

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

দৈনিক প্রথম আলোর এ খবরে লেখা হয়েছে, ওবায়দুল কাদের বলেছেন,বিএনপিকে নির্বাচনে আনতে ক্ষমতাসীন দল কোনো চেষ্টা করবে না। বিএনপির নির্বাচনে আসা বা না-আসা সম্পূর্ণ তাদের ব্যাপার। আজ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ ওবায়দুল কাদের এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, শুধু বিএনপি নয়, অন্য কোনো দলকেই নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয়। সে ধরনের চেষ্টাও আওয়ামী লীগ করবে না। ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক, তা আওয়ামী লীগ চায়। সে জন্য এই নির্বাচনে বিএনপি আসুক, সেটাও তারা চায়।

খালেদা-তারেক ছাড়াই নির্বাচন চায় সরকার-দৈনিক নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া

প্রতিবেদনে লেখা হয়েছে, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাইরে রেখেই নির্বাচন করতে চায় সরকার। সেই লক্ষ্যে নানা ধরনের ছকও তৈরি করা হচ্ছে মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া বর্তমানে কারাগারে রয়েছেন। অন্য দিকে তারেক রহমানকে মানিলন্ডারিংয়ের মামলায় সাত বছরের জেল দেয়া হয়েছে। 

আর দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে-খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি ১০১ বিশিষ্ট চিকিৎসকের। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান। বিবৃতিতে তারা বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ থাকার পরও সুচিকিৎসা হতে বঞ্চিত হচ্ছেন। একজন ৭৩ বছর বয়স্কা মহিলা, যিনি বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও কারাগারে সুচিকিৎসা না পাওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন। 

মার্চ-এপ্রিলে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৭০ জনের: ত্রাণমন্ত্রী-দৈনিক কালের কণ্ঠ

বজ্রপাতে মুত্যুর হার বৃদ্ধি

'চলতি বছর মার্চ ও এপ্রিল মাসে বজ্রপাতে মারা গেছে ৭০ জন মানুষ। গত মার্চ মাসে ১২ জন এবং এপ্রিল মাসে ৫৮ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে।' আজ সচিবালয়ে চলমান আবহাওয়া পরিস্থিতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ত্রাণমন্ত্রী আরো বলেন, আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাব্য পরিস্থিতি সরকার গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছে। 

এ সম্পর্কে দৈনিক ইনকিলাবের খবরের শিরোনাম-বজ্রপাতে প্রাণহানি বাড়ছেই

বজ্রাপাতে প্রাণহানির সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি

খবরটিতে লেখা হয়েছে, গত দুই দিনে মারা গেছে ৩৪ জন।কয়েক বছর ধরে দেশে বজ্রপাত প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।এ বছর এখনও পর্যন্ত বজ্রপাতে অন্তত ১৩০ জন মারা গেছেন। বজ্রপাতের সময় করণীয় সম্পর্কে আসলে সবাইকে সতর্ক হতে হবে। 

এবার হত্যা ও সড়ক দুর্ঘটনার খবর..

প্রথম আলোর খবর- ঢাকার মিরপুরের পাইকপাড়ায় মা জেসমিন আক্তার তাঁর দুই মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে। এরপরও একজন মা এভাবে নিজেদের সন্তানদের হত্যা করতে পারেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাকের খবর  সাতক্ষীরার কালিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক ভাইয়ের লাঠির আঘাতে আরেক ভাইয়ের মৃত্যু হলো।

ইত্তেফাকের অন্য একটি খবরে সড়ক দুর্ঘটনার খবরে লেখা হয়েছে, ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার সিডস্টোরে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে আরও একজন বেড়েছে। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। এদিকে হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু হয়েছে।

 ভারতের খবর তুলে ধরছি।

নরেন্দ্র মোদির সরকারকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট-দৈনিক আজকাল

সুপ্রিম কোর্ট

এবার শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্ট চরম ভর্ৎসনা করে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেন, ‘বারবার বলার পরেও অপ্রয়োজনীয় এবং তুচ্ছ বিষয়ে কেন্দ্রীয় সরকারের মামলা করার প্রবণতা কিছুতেই কমছে না। বিচারব্যবস্থাকে ছেলেখেলা মনে করছে কেন্দ্রীয় সরকার। ছোট ছোট বিষয় নিয়ে মামলা করে আদালতের সময় নষ্ট করা হচ্ছে।’ সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চের পক্ষ থেকে এই মন্তব্য করার ফলে কেন্দ্রীয় সরকার জোর ধাক্কা খেল মনে করছে রাজনৈতিক মহল। মঙ্গলবার বিচারপতি মদন বি লোকুর এবং দীপক গুপ্তার বেঞ্চ জানান, কাজ করার পথকে আরও সহজ করার নাম করে বিচারব্যবস্থাকে সংস্কারের পথে টেনে নিয়ে আসার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এই মন্তব্যের পাশাপাশি কেন্দ্রের সংস্কারবাদি স্লোগান ইজ অফ ডুয়িং বিজনেজকে কটাক্ষ করেন তাঁরা।

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন; লড়াই রয়েছে আট জেলায়, জানাচ্ছে কমিশন-দৈনিক আনন্দবাজার

পশ্চিবঙ্গে পঞ্চায়েত নির্বাচন

পঞ্চায়েতে একেবারে লড়াই হচ্ছে না তা নয়। নির্বাচন কমিশনের হিসেবে অন্তত ১০টি জেলায় বিরোধীদের প্রার্থী রয়েছে। তার মধ্যে আটটিতে কমবেশি ৯০% আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে যে সব জেলায় তৃণমূল নিরঙ্কুশ হয়েছে, প্রধানত সেখান থেকে তাদের প্রাপ্তি রাজ্যের মোট আসনের ৩৪% হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতার আসনের জেলাভিত্তিক হিসেব শাসক দলের একাধিপত্য আরও বেশি করে প্রমাণ করে।

গ্রামে গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিয়ে মিথ্যাচার! সমালোচনার মুখে কেন্দ্র-দৈনিক সংবাদ প্রতিদিন

বিদ্যুৎ নিয়ে কেন্দ্র সমালোচনার মুখে

ভারতের প্রতিটি গ্রামে পৌঁছে গিয়েছে বিদ্যুৎ। দিন দুই আগেই একথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটও করেন। কিন্তু তারপর থেকেই ভূরি ভূরি অভিযোগ আসতে শুরু করেছে। সরকারের তরফে জানানো হয়েছিল, একটি গ্রামকে তখনই ইলেকট্রিফায়েড হিসেবে ঘোষণা করা হবে যখন সেখানে সাধারণ বৈদ্যুতিন পরিকাঠামো থাকবে। সেখানকার ১০ শতাংশ বাড়ি ও সরকারি প্রতিষ্ঠান, যেমন- স্কুল, পঞ্চায়েত অফিস ও স্বাস্থ্যকেন্দ্রের মতো স্থানে বিদ্যুৎ থাকবে। আর এখানেই প্রশ্ন তুলেছেন সমালোচকরা। তাঁদের মতে, বিদ্যুৎসংযোগ নিছক একটি ট্যাগ মাত্র। কারণ এখনও দেশের প্রচুর মানুষ আঁধারেই দিন কাটাচ্ছেন। সরকার তৃণমূল স্তরের পরিস্থিতির প্রতিফলন ঘটায় নি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১