মে ০৩, ২০১৮ ১১:১৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩ মে বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে-প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন-ঢাকায় ওআইসি সম্মেলনে গুরুত্ব পাবে ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট-দৈনিক যুগান্তর
  • বেপরোয়া ব্যাংকিং ও খেলাপি ঋণের খাদ-দৈনিক প্রথম আলো
  • নানিয়ারচর উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা -দৈনিক কালের কণ্ঠ
  • সরকারের ভেতরে এক চেহারা, বাইরে আরেক : মির্জা ফখরুল-দৈনিক নয়া দিগন্ত
  • দুদকের জিজ্ঞাসাবাদে ডিআইজি মিজান-দৈনিক মানবজমিন
  • প্রধানমন্ত্রীর বক্তব্য বিকারগ্রস্ত মনেরই বহি:প্রকাশ -রিজভী -দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:    

  • পিএফ-এর তথ্য ফাঁসের আশঙ্কা!পরিষেবা বন্ধ করল কেন্দ্র -দৈনিক আনন্দবাজার
  • ভোট করতে দিচ্ছে না বিরোধীরা, অভিযোগে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল কংগ্রেস-দৈনিক সংবাদ প্রতিদিন
  • রাজস্থান, উত্তর প্রদেশে ঝড়ের তাণ্ডব, মৃত কমপক্ষে ৭০-দৈনিক আজকাল

 পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে-প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের ভয়াল ছোবল থেকে ছেলে-মেয়েদের রক্ষায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে উন্নয়নের ধারা বজায় রাখতে বলেছেন। পাশাপাশি দেশব্যাপী মাদকবিরোধী অভিযান চালিয়ে যেতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। আজ সকালে কুর্মিটোলা সদর দফতরে র‌্যাবের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি র‌্যাবকে অনুরোধ করবো, জঙ্গীবাদের বিরুদ্ধে যেমন আমরা অভিযান চালিয়ে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি তেমনি এখন মাদকের বিরুদ্ধেও এই অভিযান অব্যাহত রাখতে হবে।

পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন-ঢাকায় ওআইসি সম্মেলনে গুরুত্ব পাবে ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট-দৈনিক যুগান্তর

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

আগামী শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন। এতে ফিলিস্তিন, মসজিদুল আকসা ও রোহিঙ্গা ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ ছাড়া আগ্রহী দেশ ও প্রতিষ্ঠান বা সংস্থার প্রতিনিধিদের শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে নিয়ে যাওয়া হবে বলে তিনি জানান।

রাজনীতির খবর তুলে ধরছি

নির্বাচনকালীন সরকার গঠনে ইসির এখতিয়ার নেই : সেতুমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনী শিডিউল ঘোষণার আগে নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে বর্তমান নির্বাচন কমিশনের এখতিয়ার নেই। আজ সচিবালয়ে নিজ সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি

সরকারের ভেতরে এক চেহারা, বাইরে আরেক : মির্জা ফখরুল-দৈনিক নয়া দিগন্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের গণমাধ্যমে সরকার গত ১০ বছরে একটি ভয়ঙ্কর ভীতির পরিবেশ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, আগামী নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙ্গে দিতে হবে। এরপর নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সেনাবাহিনী মোতায়েন করে জাতীয় নির্বাচন হতে হবে।

আর দৈনিক ইনকিলাবের একটি খবরে লেখা হয়েছে, গতকাল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য বিকারগ্রস্ত মনেরই বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আশঙ্কা দেখছে সুজন-দৈনিক প্রথম আলো

সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার

সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আশঙ্কা রয়েছে। তাঁরা এই দুটি সিটি করপোরেশন এলাকায় কাজ করতে গিয়ে তা দেখতে পেয়েছে। জনের সম্পাদক প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করে দেখার দাবি জানান। তবে আইনজীবী শাহদীন মালিক বলেন, স্বল্প সময়ের মধ্যে সব প্রার্থীর হলফনামার তথ্য যাচাই করা দুরূহ।

আর প্রথম আলোর একটি খবরে লেখা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অরাজকতা সৃষ্টির জন্য সারাদেশ থেকে অস্ত্রধারীদের এনে মজুদ করেছে আওয়ামী লীগ।

দুদকের জিজ্ঞাসাবাদে ডিআইজি মিজান-দৈনিক মানবজমিন

ডিআইজি মিজানুর রহমান

এক নারীকে তুলে নিয়ে বিয়ে করার অভিযোগ নিয়ে আলোচনায় থাকা পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, নামে-বেনামে ডিআইজি মিজানের শত কোটি টাকার সম্পদ রয়েছে বলে অভিযোগ আছে দুদকের কাছে।

অর্থনীতির খবরে দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনের শিরোনাম-বেপরোয়া ব্যাংকিং ও খেলাপি ঋণের খাদ

বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, বাংলাদেশের ব্যাংকগুলোর হালচাল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অর্থমন্ত্রী পরিস্থিতি গুরুতর নয় বলে দাবি করছেন। কিন্তু বিপুল পরিমাণ খেলাপি ঋণ এবং পরিচালনা পর্ষদে পরিবারতন্ত্রকে অর্থনীতির জন্য অশনিসংকেত বলে মনে করছেন প্রথম সারির অর্থনীতিবিদেরা। বাংলাদেশের ব্যাংকগুলোর অবস্থা হয়েছে মড়ার উপর খাঁড়ার ঘা! বছরের শুরুতে ব্যাংকিং খাত পড়েছে তারল্যসংকট ও সুদের হারের বৃদ্ধির দশায়। ইতিমধ্যে এ খাত খেলাপি ঋণের ভারে নুয়ে পড়া এবং অনিয়ম ও বিচারহীনতায় নিমজ্জিত, লাগামহীন লোপাটে তলায়মান। এ অবস্থায় যেখানে ব্যাংকগুলোকে শৃঙ্খলায় আনা দরকার ছিল, সেখানে ব্যাংকের মালিকদের চাপের মুখে আরও ছাড় দিয়েছেন অর্থমন্ত্রী।

এবার ভারতের খবর তুলে ধরছি।

পিএফ-এর তথ্য ফাঁসের আশঙ্কা!পরিষেবা বন্ধ করল কেন্দ্র -দৈনিক আনন্দবাজার

প্রভিডেন্ট ফান্ড দফতর থেকে আধারের তথ্য ফাঁসের অভিযোগ ঘিরে বিতর্ক ক্রমেই মাথাচাড়া দিচ্ছিল। সেই অভিযোগ অস্বীকার করলেও কমন সার্ভিস সেন্টার (সিএসসি)-এর মাধ্যমে পরিষেবা দেওয়া বন্ধ করে দিল পিএফ দফতর। গত ২২ মার্চ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার ভি পি জয় জানিয়েছেন। এর ফলে সিএসসি কেন্দ্র থেকে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া, আধার সংযুক্তিকরণ, আধার কার্ড সংক্রান্ত ত্রুটি সংশোধনের মতো কাজ আপাতত আর করতে পারবেন না পিএফ গ্রাহকেরা।

ভোট করতে দিচ্ছে না বিরোধীরা, অভিযোগে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল কংগ্রেস-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ

বঙ্গ বিজেপিকে প্যাঁচে ফেলতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদরা৷ আজ, রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল৷ গ্রাম বাংলায় বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে বেশ কিছু গ্রামবাসীকে সঙ্গে নিয়েই রাষ্ট্রপতির দরবারে যান সংসদ সদ্যরা। রাজ্যে পঞ্চায়েত ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করানোর ক্ষেত্রে বিরোধীরা বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ তোলেন তৃণমূল সাংসদরা৷ বিজেপির তরফে পঞ্চায়েত ভোট বানচাল করার সবরকম চক্রান্ত চালানো হচ্ছে বলে তৃণমূল সাংসদদের তরফে অভিযোগ তোলা হয়৷

রাজস্থান, উত্তর প্রদেশে ঝড়ের তাণ্ডব, মৃত কমপক্ষে ৭০-দৈনিক আজকাল

ঝড়ে বিধ্বস্ত উত্তর প্রদেশ ও রাজস্থান, নিহত ৭০

ঝড়ে বিধ্বস্ত উত্তর প্রদেশ, রাজস্থান। ধুলোর ঝড়ে বিপর্যস্ত যোগীর রাজ্য। বুধবার বিকেল থেকে আকাশে কালো মেঘ দেখা দেয়। তারপর তীব্রগতিতে ঝড় ধেয়ে আসবে ভাবতে পারেননি দুই রাজ্যের বাসিন্দারা। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আগ্রা। শুধু উত্তর প্রদেশে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩