মে ০৫, ২০১৮ ১১:৫১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৫ মে শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • নৌকা জেতাতে খুলনা-গাজীপুরে পুলিশি তাণ্ডব চলছে: রিজভী- দৈনিক ইত্তেফাক
  • ওআইসি সম্মেলনে প্রধানমন্ত্রী-রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখুন-দৈনিক যুগান্তর
  • যুগান্তরের অন্য একটি খবরের শিরোনাম-সম্পদের পাহাড় গড়েছেন ডিআইজি মিজান
  • ১০ বছর জেল খাটার পর নিরপরাধ বাদলকে ফিরিয়ে আনার উদ্যোগ-দৈনিক প্রথম আলো
  • রোববার থেকে পণ্য বিক্রি করবে টিসিবি-দৈনিক মানবজমিন
  • ভারতে নালিশ নয়, রোহিঙ্গার বিষয়ে কথা বলেছি -ওবায়দুল কাদের-দৈনিক ইনকিলাব
  • রোজা না আসতেই অসাধু ব্যবসায়ীরা বেপরোয়া-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • বিজেপি বলেছিল 'নিহত, অথচ তিনি ইন্টারভিউ দিলেন!-দৈনিক আনন্দবাজার
  • পচা মাংস বিক্রি করেই এখন কোটিপতি ভাগাড় কাণ্ডে মূল অভিযুক্ত ‘মাংস বিশু’-দৈনিক সংবাদ প্রতিদিন
  • জিন্নার ছবি পোড়ালে এক লক্ষ টাকার পুরস্কার-দৈনিক আজকাল
  • দৈনিক আজকালের অন্য একটি খবর-ধুলো ঝড় ‘আঁধি’ আসছে পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যে, সতর্কতা দিল্লির

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি কথাবার্তার আসরে। প্রথমে আমরা রোহিঙ্গা সংকট বিষয়ে জানতে চাইবো.........

কথাবার্তা: 

কথাবার্তা: রোহিঙ্গা সংকট অবসানে মুসলিম দেশগুলোকে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা? প্রশ্ন হচ্ছে- শেখ হাসিনার এই আহ্বানে কতটা সাড়া দেবে ওআইসি?   

ওআইসি সম্মেলনে প্রধানমন্ত্রী-রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখুন-দৈনিক যুগান্তর

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিকভাবে চাপ অব্যাহত রাখতে মুসলিম দেশগুলোর জোট ইসলামী সম্মেলন সংস্থা-ওআইসির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমারে জাতিগত নির্মূলের শিকার রোহিঙ্গাদের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ওআইসিকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৫তম সম্মেলনে এ আহ্বান জানান তিনি। শনিবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন শুরু হয়। দুদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ওআইসিকে অবশ্যই মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে, যাতে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী তাদের অধিবাসী রোহিঙ্গাদের দেশে নিরাপদে ফেরত নিয়ে যায়। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীও আমাদের সবার মতো মর্যাদার সঙ্গে বাঁচার এবং জীবন-জীবিকার অধিকার রাখে। শেখ হাসিনা বলেন, নিপীড়িত মানবতার জন্য আমরা আমাদের চিত্ত ও সীমান্ত দুই-ই উন্মুক্ত করে দিয়েছি। মিয়ানমারের প্রায় ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্পূর্ণ মানবিক কারণে আশ্রয় দিয়েছি।

কথাবার্তা:  আসছে পৌনে দুই লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি। ইত্তেফাকের এ খবরটিকে আপনি কীভাবে দেখছেন?....

কথাবার্তা:  এবার আমরা একটু আন্তর্জাতিক অঙ্গনের দিকে নজর দিতে পারি। ‘মিডল ইস্ট সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড লিগ্যাল স্টাডিজ’র চেয়ারম্যান এবং সৌদি আরবের সাবেক জোনরেল আনোয়ার এশকি বলেছেন, ফিলিস্তিনিদের রক্ষার দায় নেই সৌদি আরবের? কী বলবেন এ বক্তব্য সম্পর্কে?......

ভারতে নালিশ নয়, রোহিঙ্গার বিষয়ে কথা বলেছি -ওবায়দুল কাদের-দৈনিক ইনকিলাব

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা ভারতে নালিশ করতে যাইনি, রোহিঙ্গা সমস্যা সমাধানে কথা বলতে গিয়েছি।’আজ শনিবার সকালে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তৃণমূলের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।নগরের এসএস খালেদ সড়কের লেডিস ক্লাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বলেছি আমাদের দেশের উত্তর জনপদ শুকিয়ে যাচ্ছে। অনুরোধ করেছি তিস্তার পানি বণ্টনে আমাদের ন্যায্য হিস্যা দিতে।

নৌকা জেতাতে খুলনা-গাজীপুরে পুলিশি তাণ্ডব চলছে: রিজভী-দৈনিক ইত্তেফাক

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিসহ ২০ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নির্বাচনী প্রচারণায় জনতার ঢল দেখে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে হয়রানি শুরু করেছে। চলছে পুলিশী তাণ্ডব। যতই দিন যাচ্ছে ততই আইনশৃঙ্খলা বাহিনী সরকারি দলের নৌকা প্রার্থীর পক্ষে বেপরোয়া হয়ে উঠেছে। নির্বিচারে আক্রমণ করে বিএনপি নেতাকর্মীদের রাতের ঘুম হারাম করে দিয়েছে।

আর বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, তফসিলের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।

১০ বছর জেল খাটার পর নিরপরাধ বাদলকে ফিরিয়ে আনার উদ্যোগ-দৈনিক প্রথম আলো

দশ বছর কারাবাসের পর বাদল ফরাজি নামের নিরপরাধ এক ব্যক্তিকে ভারতের কারাগার থেকে ফেরত আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। চার বছর চিঠি চালাচালির পর বাংলাদেশ সরকার নিশ্চিত হয়েছে বাদল নিরপরাধ এবং তিনি এ দেশেরই নাগরিক। এ জন্য বন্দী বিনিময় চুক্তির আওতায় দ্রুত তাঁকে ফেরত আনার উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ভারত থেকেও বাদলকে ফিরিয়ে আনার জন্য বারবার তাগাদা দেওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, একটি খুনের মামলার আসামির সঙ্গে নামের মিল থাকার কারণে ২০০৮ সালে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢোকার সময় বাদল ফরাজিকে গ্রেপ্তার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পর্যটক ভিসা নিয়ে বাংলাদেশের বাগেরহাট থেকে তাজমহল দেখতে বেরিয়েছিলেন তিনি। কিন্তু এরপর আর ফেরেননি। পাসপোর্ট অনুযায়ী বাদলের স্থায়ী ঠিকানা বাগেরহাট এবং বর্তমান ঠিকানা খুলনায়। বাগেরহাটের আবদুল খালেক ফরাজি ও সারাফালি বেগমের ছেলে তিনি।

সঞ্চয়পত্র বিক্রিতে সরকারের অব্যবস্থাপনা শিগগিরই দূর হচ্ছে না-দৈনিক প্রথম আলো

লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি সঞ্চয়পত্র বিক্রি হচ্ছে। সরকারকে বেশি সুদ গুনতে হচ্ছে। অর্থনীতিতে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে।সঞ্চয়পত্র বিক্রি করে বিপুল অর্থ সংগ্রহে সরকারের অব্যবস্থাপনা শিগগিরই দূর হচ্ছে না। নগদ ও ঋণ ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই সরকারকে প্রতিবছর বিপুল পরিমাণ সঞ্চয়পত্র বিক্রি করতে হচ্ছে। সঞ্চয়পত্র বিক্রি থেকে অর্থ সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রতিবছরই দ্বিগুণ ছাড়িয়ে এমনকি তিন গুণের কাছাকাছি চলে যাচ্ছে। আপাতত মতে হতে পারে, ভালোই তো, সরকার টাকা পাচ্ছে, গ্রাহকও পাচ্ছে মোটা অঙ্কের সুদ। কিন্তু চূড়ান্ত বিচারে এর চাপটা পড়ছে সাধারণ মানুষের ওপর। কারণ, সাধারণ মানুষের করের টাকায় সরকারকে প্রতিবছর বিপুল পরিমাণ সুদ গুনতে হচ্ছে।

রোববার থেকে পণ্য বিক্রি করবে টিসিবি-দৈনিক মানবজমিন

রোজা উপলক্ষে আগামী রোববার থেকে ঢাকাসহ বিভিন্ন জেলার ১৮৪টি স্থানে ভ্রাম্যমাণ বিপণন কেন্দ্রে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর বিক্রি করবে রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবি। এর মধ্যে সয়াবিন তেল ৮৫ টাকা লিটারে, চিনি (দেশি) ৫৫ টাকা, ছোলা ৭০ টাকা, মশুর ডাল (মাঝারি সাইজ) ৫৫ টাকা ও খেজুর ১২০ টাকা কেজি দরে বিক্রি করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের ৫ দিন নির্ধারিত স্থানে এসব পণ্য বিক্রি করা হবে।

এদিকে দৈনিক প্রথম আলোর খবরে লেখা হয়েছে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রোজার মাসে কেউ যদি পণ্যের দাম বাড়ান তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তোফায়েল আহমেদ বলেন, ‘আসছে রোজার মাসে বাজারে পর্যাপ্ত পণ্য মজুত রয়েছে।

অন্যদিকে দৈনিক নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে, রোজা না আসতেই অসাধু ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে।

ফ্লোরিডায় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সফল পরীক্ষা চালিয়েছে স্পেস এক্স-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের সফল পরীক্ষা চালিয়েছে উেক্ষপণকারী প্রতিষ্ঠান স্পেস এক্স। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডোতে নাসা’র ব্লক-৫ এ এই পরীক্ষা চালায়। এখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আগামী সপ্তাহে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে পাঠানো হতে পারে। এসব তথ্য জানিয়ে শুক্রবার রাতে একটি টুইট বার্তা দিয়েছে স্পেস এক্স।

এবার ভারতের কয়েকটি  খবর তুলে ধরছি।

জিন্নার ছবি পোড়ালে এক লক্ষ টাকার পুরস্কার-দৈনিক আজকাল

ক্রমশ উত্তপ্ত হচ্ছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। আগেই ক্লাস বয়কটের ডাক দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এবার বিশ্ববিদ্যালয়ে মহম্মদ আলি জিন্নার যে ছবি ঘিরে এতো বিতর্ক, সেটা পুড়িয়ে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এমনই ঘোষণা করল অল ইন্ডিয়া মুসলিম মহাসংঘ। এই সংগঠনের কর্তা ফারহাদ আলি খান বলেন, ‘ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর কোনও ছবি পাকিস্তানের কোনও সরকারি প্রতিষ্ঠান বা স্কুলে কলেজে থাকে না। তাই ভারতের কোনও সংস্থা বা সংগঠনের উচিত নয়, কোনও পাকিস্তানের নেতার ছবি রাখা।’ এখানেই না থেমে ফারহাদ আরও বলেন, ‘আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি, জিন্নার ছবি পুড়িয়ে দিন। যে এই কাজ করবে, তাকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দেবো।

পচা মাংস বিক্রি করেই এখন কোটিপতি ভাগাড় কাণ্ডে মূল অভিযুক্ত ‘মাংস বিশু’-দৈনিক সংবাদ প্রতিদিন

ভাগাড়ের মাংসেই জ্যাকপট। এক দানেই কোটিপতি ‘মাংস বিশু। কাঁচা মাল কেনার জন্য এক পয়সাও খরচ নেই। শুধু মরা পশু ভাগাড়ে পড়লেই হল। মাংস কেটে ‘প্রসেস’ করে সোজা হিমঘরে। সেখান থেকে শহরের ডিপার্টমেন্টাল স্টোর, হোটেল, আর রেস্তরাঁ। কাকপক্ষীও টের পেত না। ভাগাড়ের পচা মাংসের কারবার করে কয়েক বছরেই কোটিপতি দক্ষিণ শহরতলির গড়িয়ার বিশ্বনাথ ঘোড়ুই।বেআইনি ব্যবসা করে দু’হাতে টাকা রোজগার করেছেন বিশ্বনাথ। গড়িয়ার পূর্ব তেঁতুলবেড়িয়ায় বিশাল বাড়ি করেছেন। গড়িয়া স্টেশনের কাছেও ফ্ল্যাট কিনেছেন তিনি। এদিকে ভাগাড় কাণ্ডে সরগরম গোটা রাজ্য। আতঙ্ক এতটাই ছড়িয়েছে, যে পাঁঠাই বলুন কিংবা মুরগি, মাংস খাওয়ার পাঠ চুকেছে বাঙালির।দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, স্বামী ভাগাড় চক্রের পাণ্ডা, জানার পর থেকেই রান্না বন্ধ ‘মাংস বিশু’র বাড়িতে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫