মে ০৬, ২০১৮ ১৩:০৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৬ মে রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার-৭৭.৭৭-দৈনিক ইত্তেফাক
  • দৈনিক ইত্তেফাকের অন্য একটি খবরের শিরোনাম-পাহাড়ের সবাই শান্তিতে বসবাস করবেন : প্রধানমন্ত্রী
  • আজকের ছেলেমেয়েরাই একদিন দেশের কর্ণধার হবে : প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • ব্যাংকগুলোকে কি সুবিধা দিয়ে ফেরানো যাবে?-দৈনিক প্রথম আলো
  • ভারতকে ওআইসি-র পর্যবেক্ষক করুন: বাংলাদেশ-দৈনিক কালের কণ্ঠআইনজীবীদের সাক্ষাত- আমি গুরুতর অসুস্থ : খালেদা জিয়া-দৈনিক নয়া দিগন্ত
  • বিড়ি শিল্প বন্ধের প্রস্তাব-১৫ লাখ শ্রমিকের ভাগ্য অনিশ্চিত-দৈনিক মানবজমিন
  • সুরেন্দ্র কুমার সিনহার অ্যাকাউন্টে ৪ কোটি টাকা, দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:    

  • লাফিয়ে বেড়েছে আলুর দাম, মাথায় হাত মধ্যবিত্তের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ‘লভ জিহাদ’ রুখতে বাল্যবিবাহই উচিত, ফের বেলাগাম বিজেপি নেতা-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

আজকের ছেলেমেয়েরাই একদিন দেশের কর্ণধার হবে : প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা পাস করেছে তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের এই ছেলেমেয়েরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তারা একদিন দেশের কর্ণধার হবে। তারা যেন উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেটিই আমরা চাই। রোববার সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেয়ার পর সংক্ষিপ্ত বক্তৃতায় এ তিনি কথা বলেন। যারা পাস করেছে তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তবে যারা পাস করতে পারেনি তাদের উদ্দেশে তিনি বলেন, তোমরা হতাশ হবে না। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি মনে করি এবার যেহেতু পরীক্ষার্থীর সংখ্যাও বেশি, হয়তো সংখ্যার হিসাবে কিছুটা আমাদের পাসের হার কম মনে হলেও প্রকৃত পক্ষে বলব- সেটি খুবই হতাশাজনক না। কারণ ৭৭ দশমিক ৭৭ শতাংশ পাস করা এটিও কিন্তু কম কথা নয়।

পাহাড়ের সবাই শান্তিতে বসবাস করবেন : প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাহাড়ের সবাই সমানভাবেই শান্তিতে বসবাস করবে। বাঙালি-পাহাড়ি সবাই মানুষ তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই বাংলাদেশ শান্তিপূর্ণ ভাবে সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে আসীন হোক। কে পাহাড়ি কে বাঙালি এটা বিবেচ্য নয়, আমরা চাই পাহাড়ে শান্তি বজায় থাকুক। সৌহার্দ পূর্ণ পরিবেশ বিরাজ করুক।

আর দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, থমথমে পাহাড়। দু’দিনের ছয় হত্যাকাণ্ডে পাহাড়জুড়ে নেমে এসেছে আতঙ্ক। নানিয়ারচরের একমাত্র সড়কপথে যান চলাচল প্রায় বন্ধ। এ অবস্থায় ৭ ও ৮ই মে তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

আইনজীবীদের সাক্ষাত- আমি গুরুতর অসুস্থ : খালেদা জিয়া-দৈনিক নয়া দিগন্ত

বিএনপি চেয়ারাপারসন বেগম খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।অত্যন্ত গুরুতরভাবে অসুস্থ বলে জানিয়েছেন তাঁর অন্যতম আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। গতকাল বিকেলে খালেদা জিয়ার সাথে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। এর আগে বিকেল ৪টার দিকে পাঁচ আইনজীবী পুরোনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সাথে সাক্ষাত করেন। পরে বিকেল ৫টা ১০ মিনিটে তাঁরা বের হয়ে জেলগেইটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমরা আগেও বলেছি, এখনো বলছি ম্যাডামের যে চিকিৎসা দরকার তা জেলখানায় সম্ভব নয়।

অর্থনীতির খবরে দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনের শিরোনাম এরকম

ব্যাংকগুলোকে কি সুবিধা দিয়ে ফেরানো যাবে?

ব্যাংকের হালচাল নিয়ে উদ্বেগ

বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, বাংলাদেশের ব্যাংকগুলোর হালচাল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অর্থমন্ত্রী পরিস্থিতি গুরুতর নয় বলে দাবি করছেন। কিন্তু বিপুল পরিমাণ খেলাপি ঋণ এবং পরিচালনা পর্ষদে পরিবারতন্ত্রকে অর্থনীতির জন্য অশনিসংকেত বলে মনে করছেন প্রথম সারির অর্থনীতিবিদেরা।এবার দেখা যাক সাম্প্রতিক সুবিধাগুলো আদৌ খেলাপি ঋণ কমাতে পারবে কি না অথবা ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরত আনতে পারবে কি না? সরকারি অর্থের বেশি হারে জোগানের কথা বলা হয়েছে, কিন্তু কী শর্তে তা করা হবে, তার কোনো প্রবিধানের কথা বলা হয়নি। যে ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনা নড়বড়ে, সেখানে কড়া রেগুলেশনবিহীন সরকারি অর্থের জোগান দিলে তারল্য বাড়বে, তার সঙ্গে বাড়বে খেলাপি ঋণ বাড়ার ঝুঁকি।

সুরেন্দ্র কুমার সিনহার অ্যাকাউন্টে ৪ কোটি টাকা, দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ-দৈনিক ইনকিলাব

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে চার কোটি টাকা জমার বিষয়ে তথ্য জানতে শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা নামে দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তারা হাজির হন। এ দুই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, তারা ফারমার্স ব্যাংকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৪ কোটি টাকা ঋণ নিয়েছেন। পরে ওই টাকা ‘রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির’ ব্যাংক হিসাবে জমা দেয়া হয়েছে।

এবার ভারতের খবর তুলে ধরছি।

‘লভ জিহাদ’ রুখতে বাল্যবিবাহই উচিত, ফের বেলাগাম বিজেপি নেতা-দৈনিক আজকাল

‘লভ জিহাদ’ বা মেয়েদের বিয়ের পর ধর্মান্তকরণ রুখতে চাইলে মেয়েদের বিয়ে দিন ১৮–র আগেই। এমনটাই বললেন মধ্য প্রদেশের আগর মালওয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল পারমার। শনিবার নিজের কেন্দ্রের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গোপাল বলেছেন, আগেকার দিনে বাবা, মায়েরা বাল্যকালেই নিজেদের পছন্দের পাত্রের সঙ্গে মেয়েদের বিয়ে দিতেন। সেই বিয়ে টিঁকে থাকত আজীবন। কিন্তু যেদিন থেকে দেশে মেয়েদের ১৮ বছরে বিয়ে দেওয়ার রোগ লেগেছে সেদিন থেকেই অনেক মেয়ে বিয়ের আগে বাড়ি থেকে পালাতে শুরু করেছে। কারণ মেয়েরা কৈশোরে পৌঁছলেই তাদের মন বাইরে আকৃষ্ট হয় এবং সমাজে প্রচুর ধূর্ত অপরাধী ঘোরাফেরা করে যারা ভালোবাসার অভিনয় করে সেই মেয়েদের ফাঁসায়। লভ জিহাদ রুখতে তাই মায়েদের কাছে গোপালের আবেদন, বাল্যকালেই কন্যাসন্তানদের যেন বিয়ে দিয়ে দেন তাঁরা।

 লাফিয়ে বেড়েছে আলুর দাম, মাথায় হাত মধ্যবিত্তের-দৈনিক সংবাদ প্রতিদিন

ছুটির দিন সকাল সকাল বাজারে গিয়ে অনেকেই চমকে গিয়েছেন। না, মাংস নিয়ে বাঙালির আপাতত আর তেমন মাথাব্যথা নেই। ভাগাড়ে আতঙ্ক এখনও জাঁকিয়ে। তবে এ থেকে বেরনোর রাস্তাও খুঁজে নিয়েছে ভোজনরসিক বাঙালি। চোখের সামনে কাটা না হলে আর কোনও মাংসই বাজারের থলিতে পুরছেন না তাঁরা। তবে তাঁদের সমানে নয়া আতঙ্ক আলুর দাম। তিন চার দিন আগে যাঁরা বাজার করেছেন, আর আজ যাঁরা বাজার গিয়েছেন, তাঁরা যেন মেলাতেই পারছেন না। এক লাফে এতটাই বেড়েছে আলুর দাম। দিনকয়েক হল জ্যোতি আলু বিক্রি হচ্ছে ১৮-২০ টাকা কেজি। ওদিকে চন্দ্রমুখীতে হাত ছোঁয়ালেই ছ্যাঁকা। প্রতি কেজি আলু বিকোচ্ছে ২২-২৪ টাকায়। এরকম আকাশছোঁয়া দাম এই কদিন আগেও ছিল না। কিন্তু গত চার থেকে পাঁচদিনের মধ্যেই যেন পরিস্থিতি আমূল বদলে গিয়েছে। আলুর দাম প্রায় মধ্যবিত্তের নাগাল ছাড়িয়েছে।

কংগ্রেস শুধু সুলতানদের জন্মজয়ন্তী পালন করে, কর্নাটকে কটাক্ষ মোদির-দৈনিক আজকাল

কংগ্রেস জানেই না কাদের মনে রাখতে হবে আর কাদের নয়। তারা শুধুই সুলতানদের জন্মজয়ন্তী পালন করতে পারে। রবিবার কর্নাটকের চিত্রদুর্গা জেলার জনসভায় বিধানসভা ভোটের প্রচার শুরু করে এভাবেই কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কটাক্ষ, চিত্রদুর্গার নেতা নিজলিঙ্গাপ্পাজি নেহরুর সমালোচনা করায় তাঁকে অপমানিত হতে হয়েছিল। বাবা সাহেব আম্বেডকরকেও অপমান করেছিল কংগ্রেস। কারণ কংগ্রেস মন বা দলিতদের কথা ভাবে না। তারা শুধু চুক্তির কথাই ভাবে। মোদি আরও বলেন, চিত্রদুর্গাতেই জয় জওয়ান, জয় কিষাণ স্লোগানের ঠিক অর্থ বোঝা যায়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬