মে ০৭, ২০১৮ ১১:৫৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৭ মে সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • কোটা নিয়ে অগ্রগতি নেই, শিগগিরই প্রজ্ঞাপনের আশা-দৈনিক প্রথম আলো
  • বগুড়ায় ধানক্ষেত থেকে চারজনের গলাকাটা লাশ উদ্ধার- দৈনিক ইত্তেফাক
  • গাজীপুর সিটি নির্বাচন-হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল করলেন বিএনপি প্রার্থ-দৈনিক যুগান্তর
  • খালেদার বিচার রাজনৈতিক ষড়যন্ত্র: আল-জাজিরাকে কার্লাইল, দৃষ্টি সুপ্রিম কোর্টের দিকে-দৈনিক মানবজমিনসমাজের সর্বস্তরে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতই দেশের উন্নয়নের পূর্বশর্ত : প্রধানমন্ত্রী-দৈনিক ইনকিলাব
  • হিন্দি সিরিয়াল অনুকরণ : শিশুর আত্মহত্যা-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • টার্গেট মহিলারাই, রাতের শহরে ‘অ্যাসিড গ্যাং’-এর তাণ্ডব-দৈনিক আনন্দবাজার
  • ইছাপুর বন্দুক কারখানা থেকে অস্ত্র পাচার মাওবাদীদের, গ্রেপ্তার ৬-দৈনিক সংবাদ প্রতিদিন
  • সরকারি বাংলোতে ঠাঁই নেই অখিলেশ–মায়াবতীর, রায় দিল সুপ্রিম কোর্ট-দৈনিক আজকাল

 

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি কথাবার্তার আসরে। প্রথমে আমরা

কোটা নিয়ে অগ্রগতি নেই, শিগগিরই প্রজ্ঞাপনের আশা-দৈনিক প্রথম আলো

সরকারি চাকরিতে কোটা নিয়ে কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এ বিষয়ে কোনো দিকনির্দেশনাও নেই বলে জানান তিনি। তবে অতি শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আজ সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এসব কথা বলেন। কোটা বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন জারির জন্য আন্দোলনকারীদের দেওয়া সময়সীমা আজই শেষ হচ্ছে।

বগুড়ায় ধানক্ষেত থেকে চারজনের গলাকাটা লাশ উদ্ধার-দৈনিক ইত্তেফাক

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ডাবইর গ্রামের একটি ধানক্ষেত থেকে চারজনের হাত-বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সংশ্লিষ্ট থানার ওসি শাহিদ মাহমুদ খান এ খবর নিশ্চিত করেছেন। আজ সকালে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতরা সবাই মধ্যবয়সী। তাত্ক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, ফরিদপুরে একই ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষিকা ও ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের অন্য কোথাও থেকে হত্যা করে লাশ ধানক্ষেতে এনে ফেলা হয়েছে।

 

নির্বাচনের আগে আবাসিকে গ্যাস-সংযোগ দেওয়ার সিদ্ধান্ত-প্রথম আলো

দীর্ঘ দিন ধরে আবাসিক গ্রাহকদের নতুন গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ রেখেছে সরকার। বিকল্প হিসেবে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ব্যবহার বাড়াতে নানা পদক্ষেপও নেওয়া হয়। তবে নির্বাচনের বছরে আগের অবস্থান থেকে সরে এসে আবাসিক খাতে আবারও গ্যাস-সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই শুরু হবে গ্যাস-সংযোগ দেওয়ার কাজ। অবশ্য জ্বালানি খাতের সঙ্গে যুক্ত সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা সরকারের এই সিদ্ধান্তকে গ্যাসের ‘রাজনৈতিক সংযোগ হিসেবে দেখছেন। তাঁদের মতে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনতুষ্টির জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

গাজীপুর সিটি নির্বাচন-হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল করলেন বিএনপি প্রার্থী-দৈনিক যুগান্তর

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন তিন মাস স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার। সোমবার দুপুরে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে তিনি আপিল করেন।

গাজীপুরের নির্বাচন নিষ্পত্তি হওয়া বিষয়কে কেন্দ্র করে স্থগিত হয়েছে-দৈনিক প্রথম আলো

প্রতিবেদনটিতে বলা হয়েছে, রিট আবেদনকারী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। রিট চ্যালেঞ্জে ইসিকে শিথিল মনোভাব প্রদর্শন করতে দেখা গেছে। সরকারি দলের হেরে যাওয়ার আশঙ্কার পটভূমিতে তফসিল ঘোষণার পর ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন নাটকীয়ভাবে স্থগিত হয়েছিল। চার মাসের ব্যবধানে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। উভয় ক্ষেত্রে নির্বাচন কমিশনকে রিট চ্যালেঞ্জে শিথিল মনোভাব প্রদর্শন করতে দেখা গেছে।

খুলনায় যদিও নির্বাচনী প্রচারণা জমজমাট, কিন্তু গাজীপুরের নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার ঘটনাকে পর্যবেক্ষকদের অনেকে আগামী সাধারণ নির্বাচনের আগে প্রস্তাবিত চারটি গুরুত্বপূর্ণ সিটি নির্বাচনের ওপর একটা কালো ছায়া হিসেবে দেখতে পারেন।

খালেদার বিচার রাজনৈতিক ষড়যন্ত্র: আল-জাজিরাকে কার্লাইল, দৃষ্টি সুপ্রিম কোর্টের দিকে-দৈনিক মানবজমিন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দিকেই এখন সবার চোখ। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রশ্নে আপিল বিভাগের শুনানি হতে পারে আগামীকাল। হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে ৮ই মে শুনানির দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির  আপিল বেঞ্চ জামিনের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল গ্রহণ করে গত ১৯শে মার্চ এই আদেশ দিয়েছিলেন। ৮ই ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর ১২ই মার্চ হাইকোর্টে জামিন পেলেও তা স্থগিত করে দেয় আপিল বিভাগ।

ওদিকে খালেদা জিয়ার বৃটিশ আইনজীবী লর্ড কার্লাইল বলেছেন, খালেদা জিয়ার বিচার রাজনৈতিক ষড়যন্ত্র। এদিকে, সব মিলিয়ে ৮৮ দিন কারাভোগ করেছেন খালেদা জিয়া।

এবার ভারতের কয়েকটি  খবর তুলে ধরছি।

সরকারি বাংলোতে ঠাঁই নেই অখিলেশ–মায়াবতীর, রায় দিল সুপ্রিম কোর্ট-দৈনিক আজকাল

মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কোনও সরকারি বাংলো পাবেন না উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশ সরকারের আগের সিদ্ধান্তকে রদ করে শীর্ষ আদালত এই রায় ঘোষণা করল। এক স্বেচ্ছাসেবী সংস্থা লোক প্রহরি এ বিষয়ে শীর্ষ আদালতের কাছে জনস্বার্থ মামলা দায়ের করেছিল। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও প্রাক্তন মুখ্যমন্ত্রী সরকারি বাংলোতে থাকতে পারবে, এরকমই নিয়ম জারি করেছিল সমাজবাদী দলের সরকার। কিন্তু এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এই স্বেচ্ছাসেবী সংস্থাটি।

সুপ্রিম কোর্ট লক্ষ্য করে যে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সরকারি বাংলো দখল করে রয়েছেন। উত্তরপ্রদেশের বিধানসভায় আগের সরকার এই আইন পাশ করিয়েছিল। যদিও তা দ্রুত সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে বর্তমান যোগী সরকারকে। সুপ্রীম কোর্টের মতে, উত্তর প্রদেশের এই আইন স্বৈরাচারি, পক্ষপাতমূলক এবং সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করে।

ইছাপুর বন্দুক কারখানা থেকে অস্ত্র পাচার মাওবাদীদের, গ্রেপ্তার –দৈনিক সংবাদ প্রতিদিন

ইছাপুরের রাইফেল কারখানা থেকে অস্ত্র পাচার। কারখানার ২ ঠিকাকর্মী-সহ গ্রেপ্তার ৬। ধৃতদের কাছে মিলল ৮টি আগ্নেয়াস্ত্র। কলকাতা পুলিশের এসটিএফের দাবি, এ রাজ্য থেকে বিহার ও ঝাড়খণ্ড হয়ে ইছাপুরের রাইফেল কারখানায় তৈরি অস্ত্র পৌঁছে যেত মাওবাদীদের হাতে।

বিভিন্ন সময়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছেন নিরাপত্তাবাহিনীর জওয়ানরা। মিলেছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রও। কিন্তু, এইসব অস্ত্র কোথায় থেকে পেল মাওবাদীরা? জানা গিয়েছে, কয়েক মাসে ইছাপুরের রাইফেল কারখানা থেকে অস্ত্রের অংশ পাচার হয়ে গিয়েছিল। পরে তা বিহারের মাওবাদীদের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭