মে ০৮, ২০১৮ ১১:৪৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৮ মে মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • খালেদা জিয়ার জামিন শুনানি কাল পর্যন্ত মুলতবি-দৈনিক মানবজমিন
  • রাজীবের ভাইদের এক কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ-দৈনিক ইত্তেফাক
  • খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি রুয়েট শিক্ষক-কর্মকর্তাদের-দৈনিক যুগান্তর
  • গাজীপুরের নির্বাচন স্থগিত নিয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বসছে ইসি-দৈনিক প্রথম আলো
  • প্রথম আলোর অন্য একটি খবরের শিরোনাম-গাজীপুরে ভোট স্থগিতে আ.লীগ স্বস্তিতে, নজর এখন খুলনায়
  • রাবি শিক্ষক রেজাউল হত্যা মামলায় দু'জনে ফাঁসি, তিনজনের যাবজ্জীবন-দৈনিক নয়া দিগন্ত
  • কোটা সংস্কারের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:    

  • ২০১৯-এ প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমি তৈরি-রাহুল গান্ধী-দৈনিক আনন্দবাজার
  • মোদি এত নিচে নেমেছেন যা প্রধানমন্ত্রীকে মানায় না, বেনজির আক্রমণ মনমোহনের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • নিট পরীক্ষায় অনিয়ম নিয়ে মমতার কড়া চিঠি প্রকাশ জাভরেকরকে-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

খালেদা জিয়ার জামিন শুনানি কাল পর্যন্ত মুলতবি-দৈনিক মানবজমিন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি আগামীকাল পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, আগামী জাতীয় নির্বাচন থেকে দূরে রাখতেই বেগম জিয়াকে জামিন দেয়া হচ্ছেনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজকের শুনানি শেষে তিনি এ মন্তব্য করেন। আর দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের মহান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

রাজীবের ভাইদের এক কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ-দৈনিক ইত্তেফাক

রাজীব

দুই বাসের পাল্লায় মারা যাওয়া কলেজছাত্র রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।  আদেশে বিআরটিসি এবং স্বজন পরিবহনের মালিককে এই টাকা পরিশোধের নির্দেশ দেয়া হয়। ওই এক কোটি টাকার অর্ধেক, অর্থৎ ৫০ লাখ টাকা পরিশোধের জন্য দুই পরিবহনের মালিককে এক মাসের সময় দিয়েছে আদালত।আদেশে আরো বলা হয়, ক্ষতিপূরণের ৫০ ভাগ টাকা পরিশোধ করে ২৫ জুনের মধ্যে এ সংক্রান্ত অগ্রগতির প্রতিবেদন হাইকোর্টে জমা দিতে হবে। 

গাজীপুরের নির্বাচন স্থগিত নিয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বসছে ইসি-দৈনিক প্রথম আলো

গাজীপুর সিটি করপোরেশন

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিতে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন। গত রোববার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

প্রথম আলোর অন্য একটি খবরে লেখা হয়েছে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ছিল আওয়ামী লীগ। তারা একাধিক জরিপে দেখেছে পরাজয়ের আশঙ্কা রয়েছে। এ জন্য আদালতের রায়ে ভোট স্থগিত হওয়ায় পরাজয়ের ঝুঁকির কথা বিবেচনা করে স্বস্তিবোধ করছেন দলের নীতিনির্ধারকেরা। তবে খুলনার ভোটে সর্বশক্তি নিয়োগ করবে দলটি।

আর যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামীকাল বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে।

কোটা সংস্কারের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- দৈনিক ইনকিলাব

কোটা পদ্দতি সংস্কারে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে-আন্দোলনকারীরা

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারে সরকার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত রাজপথে আবারও আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে মানববন্ধন করা হবে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতারা। এর আগে সোমবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছিলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল বা সংস্কারের বিষয়ে কোনো অগ্রগতি নেই।

এবার ভারতের খবর তুলে ধরছি।

২০১৯-এ প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমি তৈরি-দৈনিক আনন্দবাজার

আগামী সাধারণ নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরলে প্রধানমন্ত্রী হতে তিনি তৈরি আছেন। কোনও রাখঢাক না রেখে ফের এ কথা বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার, বেঙ্গালুরুতে বিশিষ্ট নাগরিকদের এক সমাবেশে এক প্রশ্নের জবাবে রাহুল একথা বলেন। এর আগে, গত সেপ্টেম্বরে বার্কলেতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাহুলকে প্রশ্ন করেছিলেন, ২০১৯ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস জিতলে তিনি কি প্রধানমন্ত্রী হতে প্রস্তুত আছেন? জবাবে কংগ্রেস সভাপতি বলেছিলেন, ‘‘পুরোপুরি প্রস্তুত আছি। 

মোদি এত নিচে নেমেছেন যা প্রধানমন্ত্রীকে মানায় না’, নজিরবিহীন আক্রমণ মনমোহনের

সম্প্রতি বিরোধী নেতাদের সম্পর্কে নানা মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সেই মন্তব্য করতে গিয়ে তিনি এতটাই নিচে নেমেছেন যা একজন প্রধানমন্ত্রীকে মানায় না। মোদিকে এভাবেই তীব্র আক্রমণ করলেন পূর্বসূরি মনমোহন সিং। যিনি অত্যন্ত ভদ্র, পরিশীলিত বলেই সর্ব মহলে পরিচিত।

যদিও কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর খোলস ছেড়ে বেরনোর পিছনে রাজনৈতিক অঙ্ক রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তাদের ধারণা, কর্ণাটকের নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যথেষ্ট আক্রমণাত্মক মনোভাব নিয়েছেন। তাঁকে আটকাতে মোদিও সমান তালে আগ্রাসী হয়েছেন। মনমোহনকে পালটা ব্যবহার করে তাই কংগ্রেস মোদিকে রাজনৈতিক মঞ্চে কোণঠাসা করার চেষ্টা করছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮