মে ১০, ২০১৮ ১১:৩৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১০ মে বৃহিষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • আওয়ামী লীগ ও বিএনপি খুলনায় জয় পেতে মরিয়া-দৈনিক প্রথম আলো
  • গাজীপুর সিটি নির্বাচন ২৮ জুনের মধ্যে সম্পন্নের নির্দেশ-দৈনিক ইত্তেফাক
  • বিএনপি প্রতারণার মাধ্যমে ক্ষমতায় আসতে চায় : মতিয়া চৌধুরী-দৈনিক যুগান্তর
  • দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-সরকারের খাতওয়ারি দুর্নীতি প্রকাশ করবে বিএনপি
  • চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৪ জুন পর্যন্ত খালেদার জামিন-দৈনিক ইনকিলাব
  • খুলনায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান, দায়সারা ইসি-দৈনিক মানবজমিন
  • ভোট ডাকাতি হলে জনগণ প্রতিহত করবে : ড. মোশাররফ-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • কোথায় গেল এক কোটি চাকরি? প্রশ্নের মুখে মোদী-দৈনিক আনন্দবাজার
  • প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব দিলেন রাহুল, কর্নাটক নির্বাচনের জন্য প্রস্তুত কংগ্রেস-দৈনিক আজকাল
  • নিরাপত্তা নিশ্চিত হলে ১৪ মে পঞ্চায়েত ভোটে বাধা নেই, রায় আদালতের-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণ। আজ যে বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করা হয়েছে-েসেগুলো হচ্ছে- গাজী সিটি করপোশেনের নির্বাচন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেরিয়ে যাওয়া ও  মালেশিয়ার জাতীয় নির্বাচন প্রসঙ্গে কথা বলব।

পত্রিকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে রয়েছে

গাজীপুর সিটি করপোশেন নির্বাচন

গাজীপুরের নির্বাচন নিয়ে আজকের জাতীয় দৈনিকগুলোর অনলাইন সংস্করণে ভিন্ন ভিন্ন শিরোনামে খবর ছাপা হয়েছে। এ সম্পর্কে বিভিন্ন দৈনিকের খবরে লেখা হয়েছে, গাজীপুর নির্বাচনের বাধা কাটল। আগামী ২৮ জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে আদালত।একইসঙ্গে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

খুলনায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান, দায়সারা ইসি-দৈনিক মানবজমিন

আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক এবং বিএনপির মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু

প্রকাশ্যে মধ্যাহ্নভোজের আয়োজন, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচনী সভায় অংশগ্রহণ, গণসংযোগকালে বাধা প্রদান, পুলিশি হুমকি-ধমকি, রঙিন ব্যানার ব্যবহার- আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ আসছে খুলনা সিটি করপোরেশন 

নির্বাচনে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেতাকর্মীদের মারধর, বিধি লঙ্ঘন করে প্রচারণার ঘটনাও নিত্যদিনের। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক ও বিএনপির নজরুল ইসলাম মঞ্জু একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের এমন অভিযোগ এনেছেন। তবে অভিযোগের পাল্লা আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধেই ভারি। এছাড়া একই ধরনের অভিযোগ করছেন কাউন্সিলর প্রার্থীরা। এর মধ্যে বেশকিছু ঘটনায় সংশ্লিষ্ট প্রার্থীদের পক্ষ থেকে অভিযোগও দেয়া হয়েছে সিটি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারের কাছে।

আওয়ামী লীগ ও বিএনপি খুলনায় জয় পেতে মরিয়া-দৈনিক প্রথম আলো

আইনি লড়াইয়ের সর্বশেষ অবস্থা ও বাস্তবতা-সব দিক বিবেচনায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাবনা আপাতত শেষ। খুলনা সিটির নির্বাচন নিয়েও নানা আশঙ্কার কথা আলোচনা হচ্ছে। তবে সরকার ও রাজনৈতিক সূত্রগুলো বলছে, খুলনায় ভোট পণ্ড হওয়ার মতো আইনি জটিলতা ও রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়নি। বরং প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি খুলনায় জয় পেতে মরিয়া হয়ে মাঠে নেমেছে। ফলে এই নির্বাচন এখন জাতীয় রাজনীতির প্রধান দুই শক্তির অনেকটা ‘যুদ্ধক্ষেত্রে’ পরিণত হয়েছে।

বিএনপি প্রতারণার মাধ্যমে ক্ষমতায় আসতে চায় : মতিয়া চৌধুরী-দৈনিক যুগান্তর

বাংলাদেশের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

বিএনপি একটি ধাপ্পাবাজ রাজনৈতিক দল। তারা দেশের মানুষকে অন্ধকারে রেখে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

আজ সকালে শেরপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, খালেদা জিয়া দুর্নীতি ও এতিমের টাকা আত্মসাৎ করে জেলে গেছেন, এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

এদিকে দৈনিক যুগান্তরের অন্য একটি খবরে লেখা হয়েছে, সরকারের খাতওয়ারি দুর্নীতি প্রকাশ করবে বিএনপি। জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের অর্থনৈতিক, প্রশাসনিক, সামাজিকসহ প্রতিটি খাতের অভ্যন্তরীণ চিত্র দেশবাসীর সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এতে সুনির্দিষ্ট তথ্যসহ বিভিন্ন খাতে সরকারের অনিয়ম-দুর্নীতি ওঠে আসবে বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারকরা। এর অংশ হিসেবে প্রথমে আজ ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি প্রকাশ করা হবে। এরপর বিদ্যুৎসহ অন্যান্য খাতের বর্তমান পরিস্থিতি জনসম্মুখে তুলে ধরা হবে

এবার ভারতের কয়েকটি  খবর তুলে ধরছি।

কোথায় গেল এক কোটি চাকরি? প্রশ্নের মুখে মোদী-দৈনিক আনন্দবাজার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মুখে তো অনেক কিছুই বলে দেওয়া যায়। কিন্তু সেটা করে দেখানো যে কতটা মুশকিল, তা আর কেউ বুঝুন আর না বুঝুন, বিলক্ষণ বুঝতে পারছেন নরেন্দ্র মোদী। ক্ষমতায় আসার আগে, তিনি বছরে এক কোটি করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিযেছিলেন। কিন্তু বাস্তবে কী দাঁড়াল? বিভিন্ন মন্ত্রকের কাছ থেকে মোদী হিসেব তলব করেছেন। আগামী বছরের লোকসভা ভোটের জন্য মোদীর দরকার কর্মসংস্থান নামের অস্ত্র। কিন্তু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সূত্র থেকে যে সব পরিসংখ্যান বেরিয়ে পড়তে শুরু করেছে, তা মোদীর পক্ষে রীতিমতো অস্বস্তিকর। সরকারি হিসাব অনুযায়ী, ভারতে মোট ‘ওয়ার্কফোর্স’-এর প্রায় ৮০ শতাংশই অসংগঠিত ক্ষেত্রের। কাকে বলে অসংগঠিত ক্ষেত্র? যে ক্ষেত্রের কর্মীদের ইপিএফ কিংবা স্বাস্থ্য বিমা থাকেনা, যাঁরা কর ব্যবস্থার মধ্যে থাকেন না, তাঁদের ধরা হয় অসংগঠিত ক্ষেত্রের কর্মী। আর্থিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সত্যি সত্যিই প্রতি বছরে এক কোটি কর্মসংস্থান হলে অবস্থাটা আমূল বদলে যেত। ৮০ শতাংশ কর্মীকে আর যা হোক কর্ম মানচিত্রের বাইরে থাকতে হত না।বিরোধীদের দাবি উড়িয়ে মোদী সরকারের দাবি, নোটবন্দি এবং জিএসটি-র সুবাতাস বইছে গোটা দেশে। নইলে কংগ্রেস কেন চার রাজ্যে আর বিজেপি কেন বাইশ রাজ্যে ক্ষমতায়?

প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব দিলেন রাহুল, কর্নাটক নির্বাচনের জন্য প্রস্তুত কংগ্রেস-দৈনিক সংবাদ প্রতিদিন

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের পাল্টা জবাব ছুঁড়লেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সোনিয়া গান্ধী এ দেশের নয়, তিনি ইতালির, মোদির এই মন্তব্যে রাহুল বলেন, ‘আমার মা অনেক ভারতীয়দের চেয়েও বেশি ভারতীয়, আমি এরকম ভারতীয় আর কাউকে দেখিনি।’ শনিবার কর্নাটকে নির্বাচন। বৃহস্পতিবার শেষবেলার প্রচারে বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী। 

নরেন্দ্র মোদি নির্বাচনের প্রচারে এসে রাহুল গান্ধীকে ব্যক্তিগত আক্রমণ করে বলেন, ‘রাহুল গান্ধী নিজের মাতৃভাষায় কথা বলুক।’ এ প্রশ্নের উত্তরে রাহুল বলেন, ‘আমার মা ইটালিয়ান। কিন্তু তিনি তাঁর জীবনের অধিকাংশ সময়টাই ভারতে কাটিয়েছেন। তিনি অন্য অনেক ভারতীয়দের থেকে অনেক বেশি ভারতীয়। তিনি এই দেশের জন্য আত্মত্যাগ করেছেন, এই দেশের জন্যই তাঁকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। আমাকে মাকে নিয়ে করা মন্তব্য দেখেই প্রধানমন্ত্রীর চরিত্র বোঝা যাচ্ছে। যদি তিনি এ দরনের মন্তব্য করতে ভালবাসেন, তবে তিনি করুক।’

নিরাপত্তা নিশ্চিত হলে ১৪ মে পঞ্চায়েত ভোটে বাধা নেই, রায় আদালতের-দৈনিক সংবাদ প্রতিদিন

Image Caption

অবশেষে জটমুক্তি। পঞ্চায়েত নির্বাচন নিয়ে কাটল সমস্তরকম ধোঁয়াশা। আজ নিরাপত্তা নিয়ে মূল মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে। তাতে স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচন কমিশনই ঠিক করবে কবে হবে পঞ্চায়েত ভোট। আদালতের এই নির্দেশ অনুযায়ী, ১৪ মে ভোট করার ক্ষেত্রে আর কোনও আইনি বাধা থাকল না। প্রায় এক মাস ধরে চলছে পঞ্চায়েত ডামাডোল। প্রথমবারের নির্ঘণ্ট বাতিল হয়েছে। দ্বিতীয় বিজ্ঞপ্তি প্রকাশের পরও ধোঁয়াশা কাটেনি। বহু মামলা গিয়ে ঠেকে শেষমেশ দুটি বিষয়ে। এক, বামেদের ই-মনোনয়ন মান্যতা পাবে কি না। দুই, নিরাপত্তা সংক্রান্ত মামলা। প্রথম মামলার ক্ষেত্রে, বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছিল, ই-মেল মারফত আসা মনোনয়নকে মান্যতা দিতে হবে। এবং ব্যালটে বৈধ প্রার্থীর নাম প্রকাশ করতে হবে। এই রায়ের পরই ধোঁয়াশা দেখা দিয়েছিল যে, নির্ধারিত দিনে আদৌ ভোট করানো সম্ভব হবে কি না। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ছিল নিরাপত্তা মামলার রায়। বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার রায়ে জানিয়ে দিল, কবে ভোট হবে তা ঠিক করবে কমিশনই। সেক্ষেত্রে আদালত কোনও হস্তক্ষেপ করবে না। তবে শর্ত একটাই, নিরাপত্তা নিশ্চিত করতে হবে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০