মাদকের গডফাদাররা আত্মগোপনে, বন্দুকযুদ্ধে নিহত ১১
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৬ মে শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ-অভিযান যে যার মতো -দৈনিক প্রথম আলো
- অভিযান চলছে: শুক্রবার রাতেও ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১১ -দৈনিক ইত্তেফাক
- ইত্তেফাকের অন্য একটি খবরের শিরোনাম-মাদকের গডফাদাররা আত্মগোপনে
- শেখ হাসিনাকে সম্মানসূচক ডিলিট প্রদান-এ সম্মান শুধু আমার নয়, সব বাঙালির : প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
- ঈদের আগে হত্যার ভয় দেখিয়ে রমরমা বাণিজ্য চলছে: রিজভী -দৈনিক মানবজমিন
- যানজট, নগর পরিবহনে বিশৃঙ্খলা -অবৈধ দখলে ফুটপাত রাস্তায় বাড়তি চাপ -দৈনিক সমকাল
- রোজার শুরুতে হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে অসাধু ব্যবসায়ীরা -দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- প্রধানমন্ত্রীর নাম জানেন না, চলন্ত ট্রেনে মুসলিম যুবকের উপর অকথ্য অত্যাচার -দৈনিক সংবাদ প্রতিদিন
- আবারও বাড়ল পেট্রল–ডিজেলের দাম-দৈনিক আজকাল
- কর্ণাটক-আস্থা ভোটে জয়ী কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী- দৈনিক আনন্দবাজার
- পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণের বিষয়গুলো
১. মাদকবিরোধী অভিযানের নামে দেশে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরী করেছে আইনশৃঙ্খলা বাহিনী- এ অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বিষয়টি নিয়ে আপনি কী বলবেন?
২. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে একতরফা যুদ্ধ ঘোষণা করতে না পারেন সেজন্য কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল পাস করা হয়েছে। কতটা গুরুত্ব আছে এই বিলের?
বিশ্লেষণের বাইরে পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি
শেখ হাসিনাকে সম্মানসূচক ডিলিট প্রদান-এ সম্মান শুধু আমার নয়, সব বাঙালির : প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
ভারতের কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া সম্মানসূচক ডিলিট ডিগ্রি সমগ্র বাঙালি জাতিকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ সম্মান শুধু আমার নয়, সব বাঙালির। শনিবার পশ্চিমবঙ্গের আসানসোলে বিশ্ববিদ্যালয়টির বিশেষ সমাবর্তনে বক্তৃতাকালে শেখ হাসিনা এ কথা বলেন।
শোষণমুক্ত, বৈষম্যহীন সমাজ গঠনে এবং গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন, দারিদ্র দূরীকরণ ও আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখার জন্য শেখ হাসিনাকে এই ডিগ্রি দেয়া হয়েছে বলে জানিয়েছেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাধন চক্রবর্তী।
শেখ হাসিনা বলেন, আমার জন্য আজকের দিনটি তাৎপর্যপূর্ণ। কারণ কবি নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে আমাকে ডিলিট প্রদান করা হয়েছে। এটি বাংলাদেশের জন্য বড় সম্মানের। এ সম্মান শুধু আমার নয়, সব বাঙালির।
সারাদেশে মাদকবিরোধী অভিযান সম্পর্কিত খবরের- দৈনিক প্রথম আলোর কয়েকটি শিরোনাম তুলে ধরছি।
ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী র্যাবের অভিযানে আটক শতাধিক, বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, ঘোষণা দিয়ে দেশজুড়ে পুলিশ-র্যাবের অভিযান শুরু হওয়ায় মাদক বিক্রেতারাও এখন সতর্ক। মাদক কেনাবেচার কৌশল পাল্টেছেন তাঁরা। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের দুই ব্যবসায়ী বলেন, কড়াকড়ির কারণে এখন শুধু ভোরে মাদক বিক্রি করেন তাঁরা। অপরিচিত লোকের কাছেও এখন মাদক বিক্রি করেন না।
অন্য একটি খবরের শিরোনাম-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ-অভিযান যে যার মতো। খবরটিতে লেখা হয়েছে, সরকার বলছে, পাঁচটি সরকারি সংস্থার তথ্য সমন্বয় করে মাদক ব্যবসায়ী ও পৃষ্ঠপোষকদের তালিকা ধরেই সারা দেশে অভিযান চালানো হচ্ছে।
পুলিশ সদর দপ্তর, র্যাব, ঢাকা মহানগর পুলিশ ও বিভিন্ন জেলার পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা নিজেরা নিজেদের মতো করে তালিকা ধরে এ অভিযান চালাচ্ছে, প্রতি রাতেই কথিত বন্দুকযুদ্ধে নিহত হচ্ছেন একাধিক সন্দেহভাজন মাদক ব্যবসায়ী। অভিযান কত দিন চলবে, সে বিষয়েও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশের কর্মকর্তারা সুস্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি। দেশে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হওয়ার ১২ তম দিনে কথিত বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা ৭২। গতরাত থেকে এ পর্যন্ত ৯ জন নিহত হয়েছে।
মাদকের গডফাদাররা আত্মগোপনে-দৈনিক ইত্তেফাক
সারাদেশে মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর আত্মগোপনে চলে গেছেন মাদকের শীর্ষ গডফাদাররা। তারা ভয়ে এখন গাঢাকা দিয়েছে। অনেকে ঘরবাড়িতে তালা দিয়ে পালিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে থাকা তালিকায় টেকনাফের ৬০ গডফাদারের অনেকে ঢাকায় আশ্রয় নিয়েছেন। তারা তাদের পৃষ্ঠপোষক শীর্ষ রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের কাছে আশ্রয় চাচ্ছেন। তবে মাদকের প্রতি সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানের কারণে তাদের পৃষ্ঠপোষকরাও তাদের আশ্রয় দিচ্ছেন না।
বিশেষজ্ঞরা বলছেন, সরকারি সংস্থার তদন্তে যেসব গডফাদার, প্রভাবশালী আশ্রয়দাতা, বিনিয়োগকারী ও পৃষ্ঠপোষকের নাম এসেছে তাদের আইনের আওতায় আনা না গেলে মাদকের মূলোত্পাটন সম্ভব নয়।
ঈদের আগে হত্যার ভয় দেখিয়ে রমরমা বাণিজ্য চলছে: রিজভী-দৈনিক মানবজমিন
ঈদের আগে ক্রসফায়ারের মাধ্যমে হত্যার ভয় দেখিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর রমরমা বাণিজ্য চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। রিজভী আহমেদ বলেন, একদিকে জনগণকে ভয় পাইয়ে দিতে সরকারি চক্রান্ত বাস্তবায়ন হচ্ছে। অন্যদিকে নিরীহ লোকদের ধরে হত্যা ও হত্যার ভয় দেখিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চলছে ঈদের আগে রমরমা বাণিজ্য।
এবার ভারতের কয়েকটি খবর
প্রধানমন্ত্রীর নাম জানেন না, চলন্ত ট্রেনে মুসলিম যুবকের উপর অকথ্য অত্যাচার-দৈনিক সংবাদ প্রতিদিন
গণতান্ত্রিক দেশ ভারত৷ মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করে এদেশেই খুন হয়েছেন এমএম কালবুর্গি, গৌরী লঙ্কেশ৷ সন্দেহের বসে এখানেই গো-রক্ষকদের রোষানলে পড়তে হয় সাধারণ মানুষকে৷ এই নগ্ন মানসিকতার উত্তাপ থেকে বাদ পড়েনি এরাজ্য ৷ সেজন্যই চলন্ত ট্রেনে শিক্ষিতের ধ্বজাধারী চার যুবকের মারধরের মুখে পড়তে হল এক মুসলিম যুবককে৷ তাঁর দোষ, প্রথমত তিনি কম শিক্ষিত৷ দ্বিতীয়ত বা গুরুতর দোষ, দেশের প্রধানমন্ত্রীর নাম বলতে পারেননি তিনি, বলতে পারেননি ভারতের জাতীয় সংগীতের নাম৷ ফলে চলন্ত ট্রেনেই তাঁর উপর চলল অত্যাচার৷
কেবল মারধর করেই ক্ষান্ত থাকেনি মুখোশধারী শিক্ষিত চার অভিযুক্ত৷ সমস্ত বিষয়টি ভিডিও করে তা ছড়িয়ে দিয়েছিল ফেসবুকে৷ভেবেছিল বাহবা পাবে ফ্রেন্ডলিস্টে থাকা সম-মনোভাবাপন্নদের৷ হয়তো পেয়েছেও তাই৷ তবে, তাদের খেয়াল ছিল না ফেসবুকে রয়েছে উদারপন্থীদেরও একটা অংশ৷ আর এটাই কাল হল তাদের৷ তড়িৎবেগে ছড়িয়ে পড়তে থাকে এই ভিডিও৷ নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে৷ গত ১৪ মে৷ হাওড়া থেকে মালদহের কালিয়াচকে নিজের বাড়িতে যাচ্ছিলেন ওই যুবক৷
আবারও বাড়ল পেট্রল–ডিজেলের দাম-দৈনিক আজকাল
শনিবার আবারও বাড়ল পেট্রল ডিজেলের। এই নিয়ে একটানা ১৩ দিন দাম বাড়ল পেট্রোপণ্যের। এদিন পেট্রলের দাম বেড়েছে ১৪ পয়সা। পাশাপাশি ডিজেলের দাম বেড়েছে ১৫ পয়সা। অর্থাৎ কলকাতায় পেট্রলের দাম বেড়ে হয়েছে ৮০ টাকা ৬১ পয়সা। অপরদিকে, ডিজেলের দাম বেড়েছে ৭১ টাকা ৪৫ পয়সা। একদিকে, প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমছে, অপরদিকে বেড়েই চলেছে পেট্রোপণ্যের দাম। আর এই জোড়া ধাক্কায় কার্যত মাথায় হাত সাধারণ মানুষের। আশঙ্কা করা হচ্ছে পেট্রোপণ্যের দাম বাড়ায় খুব শিগগিরি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বেড়ে যাবে অনেকটা।
কর্ণাটক-আস্থা ভোটে জয়ী কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী- দৈনিক আনন্দবাজার
ক্ষমতায় আসার তিন দিনের মধ্যে আস্থা ভোটে জিতল কর্নাটকের কংগ্রেস-জেডি(এস) জোট সরকার। স্পিকারের পদটি রইল কংগ্রেসের রমেশ কুমারেরই হাতে। কোনও ক্ষেত্রেই সংখ্যার লড়াইয়ের দরকার পড়ল না। মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর আনা আস্থা প্রস্তাব আজ পাশ হয় ধ্বনি ভোটে। কারণ, আস্থা প্রস্তাব আনার আগেই বিধানসভা ছেড়ে বেরিয়ে যান বিজেপির বিধায়কেরা। এর আগে জেতার মতো সংখ্যা নেই বুঝে স্পিকার পদের জন্য জমা দেওয়া মনোনয়নপত্রও ফিরিয়ে নেন বিজেপির প্রার্থী। ক’দিন আগে বিএস ইয়েদুরাপ্পা আস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি এড়িয়ে ইস্তফা দিয়েছিলেন, সংখ্যা তাঁর পক্ষে নেই বুঝে। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর কুশলী চালে ৫৫ ঘণ্টার মধ্যে সরকার খোয়ানোর এক সপ্তাহের মধ্যে ফের বিজেপি মুখ পোড়াল শেষ মুহূর্তে পিছিয়ে এসে। তবে নতুন জোট সরকারের ভবিষ্যৎ নিয়ে চিন্তা রয়েই গেল।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬