সংলাপ ভালো হয়েছে-ড.কামাল: কাদের বললেন ইতিবাচক অগ্রগতি
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২ নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- সংলাপ ভালো হয়েছে, আমরা আশাবাদী: ড. কামাল- দৈনিক ইত্তেফাক
- সংলাপে কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে : ওবায়দুল কাদের-দৈনিক কালেরকণ্ঠ
- রাজনৈতিক মামলার তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী: কাদের-দৈনিক যুগান্তর
- সরকারের একগুঁয়েমি মনোভাব গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য অশনিসংকেত: রিজভী
- সহজে ব্যবসার সূচকে আফগানিস্তানের চেয়েও পিছিয়ে বাংলাদেশ -বিশ্বব্যাংক -দৈনিক ইনকিলাব
- আশুলিয়ায় বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ-দৈনিক নয়াদিগন্ত
ভারতের খবর:
- তিনসুকিয়ায় বাঙালি হত্যা, রাজ্যে ধিক্কার মিছিল তৃণমূলের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চলচ্চিত্র উৎসবে আহ্বান করলেন মুখ্যমন্ত্রী-দৈনিক আজকাল
- মহিলা কনস্টেবলের মৃত্যু ঘিরে রণক্ষেত্র পাটনা পুলিশ লাইন-দৈনিক প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
সংলাপ ভালো হয়েছে, আমরা আশাবাদী: ড. কামাল- দৈনিক ইত্তেফাক
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলের দলের সঙ্গে রাতে সাড়ে তিন ঘণ্টারও বেশি যে সংলাপে হয়েছে তাতে বিশেষ কোন সমাধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের মূল উদ্যোক্তা ড. কামাল হোসেন।
তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে গিয়েছিলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সংলাপ ছিল। প্রায় সাড়ে তিন ঘণ্টার মতো আমরা সেখানে ছিলাম। আমাদের নেতারা সবাই বক্তব্য দিয়েছেন। তারা তাদের নানা ধরনের অভিযোগের কথা বলেছেন। সরকারের বিভিন্ন বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছেন।
এরপর প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন। তবে বিশেষ কোনো সমাধান আমরা পাইনি। কেবল সভা-সমাবেশের বিষয়েই তিনি একটি ভালো কথা বলেছেন।এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশে কোথাও কোনো বাধা থাকবে না আমাদের জানানো হয়েছে। এ ব্যাপারে প্রশাসনকে নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
সংলাপে কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে : ওবায়দুল কাদের-দৈনিক কালেরকণ্ঠ
গতকালের সংলাপে কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আরো জানান, চাইলে ছোট পরিসরে আবারও সংলাপ হতে পারে। প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা।
আজ শুক্রবার সকাল ১০টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এর ভিজিটর সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সংলাপের বিষয়ে আমরা আশাবাদী। অপজিশন কিভাবে রিঅ্যাক্ট করে এটা তাদের ব্যাপার। আমি তো মনে করি না এখানে ব্যর্থতার কিছু আছে। শুরুটা ভালো হয়েছে। তাদের ৭ দফার ৩টি বিষয়ে আমাদের কোনো বাধা-আপত্তি থাকবে না।
তিনি আরো বলেন, শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন-এই বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। দীর্ঘদিনের লং গ্যাপ, ডিস্টেন্সকে রাতারাতি ট্রান্সফরমেশন সম্ভব না, ক্লোজ করাও সম্ভব না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, গতকাল কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। বিএনপি নেতা-কর্মীদের যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা আছে, ক্রিমিনাল অফেন্স ছাড়া শুধু রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে তাদের আমার কাছে তালিকা পাঠাতে বলেছি। এই তালিকা অনুযায়ী সুষ্ঠু তদন্ত করা হবে।
মন্ত্রী বলেন, সংলাপ ৮ নভেম্বর পর্যন্ত হবে। ভালো আলোচনা হয়েছে। তারা চাইলে আবারও আলোচনা হতে পারে। এ ব্যাপারে তাদের সিদ্ধান্তের ওপর শেখ হাসিনা ছেড়ে দিয়েছেন। তারা যদি চান তাহলে আমাদের জানাতে পারেন। প্রধানমন্ত্রী বলছেন আমার দরজা খোলা।
রাজনৈতিক মামলার তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী: কাদের-দৈনিক যুগান্তর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টের নেতারা রাজনৈতিক মামলার বিষয়ে একটি প্রশ্ন তুলেছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ড. কামাল হোসেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- তাদের কাছে যে মামলাগুলোকে রাজনৈতিক বলে মনে হবে, সেগুলোর তালিকা যেন তারা আমার কাছে পৌঁছে দেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, সংলাপে শেখ হাসিনা সবার কথা শুনেছেন, ঐক্যফ্রন্ট নেতাদের কথা বলতে বাধা দেয়া হয়নি। কিছু কিছু অভিযোগ তারা করেছেন। সে প্রেক্ষাপটে আমাদের বক্তব্যও শালীনভাবে তুলে ধরা হয়েছে। একটি সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে। এ আলোচনা অব্যাহত থাকবে। ওবায়দুল কাদের বলেন, এখানে কিছু কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। আমাদের নেত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে বলে দিয়েছেন- সভা-সমাবেশ করতে চাইলে করতে পারবেন। তবে রাস্তা বন্ধ না করে কোনো মাঠে করার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসার দাবিতেও সায় দিয়েছেন শেখ হাসিনা বলে জানান আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।
সরকারের একগুঁয়েমি মনোভাব গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য অশনিসংকেত: রিজভী-দৈনিক মানবজমিন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সরকারী জোটের সংলাপে সরকারের একগুঁয়েমী মনোভাব গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য বড় ধরণের অশনি সংকেত। সংলাপে মানুষের মনে যে আশাবাদ জেগে উঠেছিল, সংলাপ শেষে সেই আশার মুকুল ঝরে যেতে শুরু করেছে। সংলাপ শেষে ৭ দফা দাবির প্রতি সাড়া না দেয়ায় আওয়ামী অনঢ়তায় সুষ্ঠু নির্বাচনের অগ্রগতি তিমিরাচ্ছন্ন হলো। আজ নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, সংলাপের জিগির তুলে একদিকে জনগণকে দেখাচ্ছে তারা কত আন্তরিক, অন্যদিকে সমানতালে নিষ্ঠুরতা ও পাশবিকতা অব্যাহত রেখেছে। গতকাল নিশ্চয়ই সংবাদপত্রে দেখেছেন-গায়েবী মামলায় ঝিনাইদহে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত পল্লী চিকিৎসক ও বৃদ্ধ আব্দুল বারীর পায়ে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে তোলার বিকট অমানবিকতার দৃশ্য। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সংলাপের ভাষণে রাজনৈতিক মামলায় কারা আছেন তাদের তালিকা চেয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। তাঁর দশ বছরের শাসনামলে বিরোধী দলের কাদের নামে মামলা দিয়ে বারবার কারাগারে ঢোকানো হচ্ছে সেটি কী প্রধানমন্ত্রীর অজানা? গতকাল সংলাপ শেষ হওয়ার পরই আমরা দেখলাম-টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি সালেহ মোহাম্মদ ইথেনকে গ্রেপ্তার করা হয়েছে।
সহজে ব্যবসার সূচকে আফগানিস্তানের চেয়েও পিছিয়ে বাংলাদেশ -বিশ্বব্যাংক -দৈনিক ইনকিলাব
বিশ্বব্যাংক পরিচালিত ‘ইজ অব ডুয়িং বিজনেস’ অর্থাৎ সহজে ব্যবসা করার সূচকে আফগানিস্তানের চেয়েও পিছিয়ে পড়েছে বাংলাদেশ। পার্শ্ববর্তী দেশ মিয়ানমারও বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে।
বিশ্বব্যাংকের 'ইজি অব ডুয়িং বিজনেস' র্যাংকিংয়ে বিশ্বের ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৬তম। আফগানিস্তানের অবস্থান ১৬৭তম এবং মিয়ানমার আছে ১৭১।
কোন দেশে সহজে ব্যবসা করার পরিবেশ কেমন তা নিয়ে বিশ্বব্যাংক এ জরিপ পরিচালনা করে। একটি দেশের বিদ্যমান পরিস্থিতিতে স্থানীয় উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা চালু এবং সেটা পরিচালনা করা কতটুকু সহজ বা কঠিন এসব বিষয়ের ওপর ভিত্তি করে এই র্যাংকিং করা হয়।
কোনো ব্যবসা শুরু করা থেকে পরিচালনা পর্যন্ত ১০টি সূচকের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়। সেগুলো হলো: ব্যবসা শুরু, নির্মাণের অনুমোদন নেয়ার প্রক্রিয়া, বিদ্যুতের সরবরাহ, সম্পত্তির নিবন্ধন, ক্রেডিট অর্জন, সংখ্যালঘু বিনিয়োগকারীদের সুরক্ষা, কর প্রদান, বৈদেশিক বাণিজ্য, চুক্তির বাস্তবায়ন ও অসচ্ছলতা দূরীকরণ।
বাংলাদেশের অবস্থান গত বছরের র্যাংকিং থেকে এক ধাপ উঠে এসেছে ঠিকই, তবে সাতটি সূচকে আগের চাইতে পিছিয়ে গেছে। এর জন্য বাংলাদেশে উন্নয়ন প্রক্রিয়ার ধীরগতিকে প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আবার এই সূচকগুলোতে বিগত বছরগুলোর তুলনায় উন্নয়নের উদাহরণ সৃষ্টি করেছে আফগানিস্তান। পাঁচটি ক্ষেত্রে রেকর্ড হারে সংস্কারের মাধ্যমে তারা নিজেদের এই অবস্থান পরিবর্তন করতে পেরেছে বলে প্রতিবেদনে উঠে আসে।
আশুলিয়ায় বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ-দৈনিক নয়াদিগন্ত
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার সকালে আশুলিয়ার নরসিংহপুর কবরস্থান রোড, মানিকগঞ্জপাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন, আরব আলী (৪৫), তার স্ত্রী হাসিনা বেগম (৪০) তাদের ছেলে আব্দুল্লাহ (২৮), তার স্ত্রী রিপা বেগম (২৫) এবং তাদের দেড় বছরের কন্যা আয়েশা।
দগ্ধদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
অগ্নিদগ্ধরা আব্দুল হামিদের বাড়িতে ভাড়া থাকতেন। আব্দুল হামিদ দীর্ঘদিন সৌদিতে প্রবাসী হিসেবে ছিলেন। তার বাড়ির নিচতলায় অবৈধ গ্যাস থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।
অগ্নিদগ্ধদের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। আরব আলী স্থানীয়ভাবে ভাঙ্গারির ব্যবসা করতেন। তার ছেলে ও ছেলের স্ত্রী স্থানীয় গার্মেন্টেসে চাকরি করেন।
এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি
তিনসুকিয়ায় বাঙালি হত্যা, রাজ্যে ধিক্কার মিছিল তৃণমূলের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
অসমের তিনসুকিয়ায় পাঁচ বাঙালিকে হত্যার ঘটনায় এ রাজ্যে পথে নেমে প্রতিবাদ বিক্ষোভ তৃণমূলের। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ধিক্কার মিছিলে সামিল হয়েছেন দলের কর্মী-সমর্থকেরা। কলকাতায় মিছিলের নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
তিনসুকিয়ায় খুনের ঘটনার পরে বৃহস্পতিবার রাতেই তীব্র প্রতিবাদ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকপ্রকাশ করে নিহতদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছিলেন তিনি। একই সঙ্গে শুক্রবার রাজ্য জুড়ে আন্দোলন কর্মসূচির কথাও জানিয়েছিলেন মমতা।
সেই কর্মসূচি মতোই এ দিন যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের সামনে থেকে একটি মিছিল শুরু হয়। নেতৃত্বে ছিলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাতে কালো পতাকা নিয়ে মুখে কালো কাপড় বেঁধে মিছিলে সামিল হন ফিরহাদ হাকিম, মদন মিত্রের মতো তৃণমূল নেতারা। ছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ও। তিনসুকিয়ার ঘটনায় ধিক্কার জানিয়ে ছিল বহু পোস্টার-ব্যানার দেখা যায় মিছিলে। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল বার করে তৃণমূল।
শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চলচ্চিত্র উৎসবে আহ্বান করলেন মুখ্যমন্ত্রী-দৈনিক আজকাল
বলিউডের কিং খানের জন্মদিন ২ নভেম্বর। গোটা দেশ থেকে আসা শুভেচ্ছাবার্তায় ক্রমশ ভরে উঠছে তাঁর মেসেজবক্স। মুম্বইয়ের বান্দ্রার বাংলো ‘মন্নত'–এর বাইরে তাঁর হাজারো ভক্তের সমাগমের মাঝে মধ্যরাতেই ভেসে যেতে যেতে সিগনেচার স্টাইলে হাত নাড়িয়েছিলেন তিনি। শুক্রবার সকালে সেই শাহরুখ খানকেই শুভেচ্ছা জানালেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চলতি মাসের ১০ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
একইসঙ্গে আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর আগমন নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করলেন। ‘শাহরুখকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সুস্থ থাকো, আনন্দে থাকো, আমার প্রিয় ভাইটি। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে তোমাকে পেয়ে আমরা সত্যিই গর্বিত। এই ভাষাতেই শুভেচ্ছা টুইটারে লেখেন বাংলার মুখ্যমন্ত্রী। স্বভাবতই আপ্লুত ভাই শাহরুখও। কারণ শুভেচ্ছাটা এসেছে বাংলার দিদির কাছ থেকে। যিনি ভাইকে নিজের গাড়িতে করে গতবছর কলকাতা বিমানবন্দরে পৌঁছে দিয়েছিলেন। সেই সম্পর্ক যে নিছকই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর বলে যে নয় তা ফের প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মহিলা কনস্টেবলের মৃত্যু ঘিরে রণক্ষেত্র পাটনা পুলিশ লাইন
পুলিশ লাইনের হুজ্জতি চালাচ্ছেন পুলিশ কর্মীরাই, নির্দ্বিধায় ভাঙছেন আসবাব ও গাড়ি৷ এমনই ঘটনার সাক্ষী থাকল পাটনা৷ এক মহিলা পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনা ঘিরে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হল লালু, নীতীশের রাজ্যের পুলিশ লাইনে৷ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি-সহ একাধিক অভিযোগ তুলে কার্যত তাণ্ডব চালালেন প্রায় শ’তিনেক পুলিশ কর্মী৷ যাঁদের মধ্যে বেশির ভাগই মহিলা বলে জানা গিয়েছে৷
জানা গিয়েছে, কর্মরত অবস্থায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এক মহিলা পুলিশকর্মী৷ কর্তৃপক্ষের কাছে ছুটির জন্য আবেদন করেছিলেন তিনি৷ অভিযোগ, তাঁর আবেদনে মঞ্জুর করেনি কর্তৃপক্ষ৷ তাঁকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় ছুটি দেওয়া যাবে না৷ এরপরেই ওই মহিলা কনস্টেবলের শারীরিক পরিস্থিতি আরও খারাপ হয়৷ তাঁকে ভরতি করা হয় হাসপাতালে৷ সেখানেই মৃত্যু হয় ওই কনস্টেবলের৷
এরপরেই শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে পাটনা পুলিশ লাইনের পরিস্থিতি৷ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হন পুলিশ লাইনের অন্যান্য উর্দিধারীরা৷ তাঁরা তাণ্ডব চালান পুলিশ লাইনের কোয়াটারে৷ নির্বিচারে ভাঙা হয় আসবাব থেকে শুরু করে গাড়ি৷ মারধর করা হয় উচ্চতর আধিকারিকদের৷ প্রায় তিনশোর বেশি তাণ্ডবকারীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মহিলা ছিলেন৷ অভিযোগ, কর্তৃপক্ষ তাঁদের কোনও ধরনের সাহায্য করে না৷ হাজার অসুবিধা থাকলেও মেলে না ছুটি৷ প্রয়োজন মতো খাবার ও জল না পাওয়ারও অভিযোগ রয়েছে৷ ঘটনাকে ঘিরে যথেষ্ট চাপ তৈরি হয়েছে বিহার সরকারের উপর৷ রাজ্যের আইন-শৃঙ্খলা বজায় রাখা যাঁদের দায়িত্ব, সেই পুলিশ কর্মীরাই এমন ভাঙচুর ও তাণ্ডব চালানোয় নিন্দায় সরব হয়েছে ওয়াকিবহাল মহল৷ তবে যে যুক্তিতে পুলিশ কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন তাকেও সমর্থন জানিয়েছে একাংশ৷#
পার্সটুডে/বাবুল আখতার/২