নভেম্বর ০৪, ২০১৮ ১৩:২৪ Asia/Dhaka
  • সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার হয়, বিশ্বাস করবেন না: প্রধানমন্ত্রী

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৪ নভেম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার হয়, বিশ্বাস করবেন না- শুকরানা মাহফিলে প্রধানমন্ত্রী দৈনিক প্রথম আলো
  • নির্বাচনের তফসিল ঘোষণার তোড়জোড় উদ্দেশ্যপ্রণোদিত: রিজভী-দৈনিক কালেরকণ্ঠ
  • আবারও সংলাপে আ’লীগ সভাপতির কার্যালয়ে ঐক্যফ্রন্টের চিঠি-দৈনিক যুগান্তর
  • ‘খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির জন্য আলোচনার দরজা খোলা'-দৈনিক মানবজমিন
  • প্রধানমন্ত্রীর এই অবদান ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে -আল্লামা শফী
  • আদালত চত্বরে মইনুলকে ছাত্রলীগের চড়-থাপ্পড়, ডিম ও জুতা নিক্ষেপ-দৈনিক নয়াদিগন্ত

ভারতের খবর:

  • মোদী অ্যানাকোন্ডার মতো...’, তোপ চন্দ্রবাবু সরকারের অর্থমন্ত্রীর-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • পাকিস্তানে তথ্য পাচার! গ্রেপ্তার বিএসএফ জওয়ান- দৈনিক আজকাল
  • তিনসুকিয়া গণহত্যা: নিহতদের পরিবারকে নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল-দৈনিক সংবাদ প্রতিদিন।

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার হয়, বিশ্বাস করবেন না- শুকরানা মাহফিলে প্রধানমন্ত্রী দৈনিক প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের অপপ্রচার চালানো হয়, এই অপপ্রচারে কেউ বিশ্বাস করবেন না। এই অপপ্রচার বন্ধ করার জন্য ইতিমধ্যে সাইবার ক্রাইম আইন তৈরি করা হয়েছে। কেউ যদি এই ধরনের মিথ্যা অপপ্রচার করে, সঙ্গে সঙ্গে সেই আইন দ্বারা তাদের বিচার করা হবে, গ্রেপ্তার করা হবে।আজ রোববার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা ‘হাইআতুল উলিয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ-এর ব্যানারে শুকরানা মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমাদের ধর্ম ইসলাম ধর্ম। নবী করিম (সা.)-এর সম্পর্কে কেউ কোনো কথা বললে আইন দ্বারাই তার বিচার হবে। আমরা সেভাবেই সোশ্যাল মিডিয়াতে কোনোরকম যেন অপপ্রচার করতে না পারে, সেটা বন্ধ করার জন্য সাইবার ক্রাইম আইন করে দিয়েছি। তিনি বলেন, আমরা আইন নিজের হাতে তুলে নেব না, আইনের দ্বারাই তাদের বিচার করে উপযুক্ত শিক্ষা দিয়ে দেব যাতে কখনো তারা এ ধরনের অপপ্রচার চালাতে না পারে।

নির্বাচনের তফসিল ঘোষণার তোড়জোড় উদ্দেশ্যপ্রণোদিত: রিজভী-দৈনিক কালেরকণ্ঠ

বিএনপির সিনিয়র ‍যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ চলছে, সেই সংলাপে এখনও পর্যন্ত সংকট সুরাহা না হওয়ার আগেই নির্বাচনের তফসিল ঘোষণার তোড়জোড় করছে নির্বাচন কমিশন, যা উদ্দেশ্যপ্রণোদিত। এমনকি নির্বাচন কমিশনের সদস্যদের মতামতকেও অগ্রাহ্য করা হচ্ছে। গণমাধ্যমেও এমন খবর প্রকাশিত হয়েছে। আজ রবিবার দুপুর ১২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় ‘একদিকে আলোচনা অন্যদিকে আন্দোলন, এটি আমার বোধগম্য নয়'- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে রিজভী বলেন, এখনও তো সেই অর্থে জোরালো আন্দোলন শুরু হয়নি। আপনি সংলাপের মাধ্যমে সংকট নিরসন করতে পারলে বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলনের পথে যাবে না। সংকট নিরসনের চাবিকাঠি আপনার হাতে।

আবারও সংলাপে আলীগ সভাপতির কার্যালয়ে ঐক্যফ্রন্টের চিঠি-দৈনিক যুগান্তর

দ্বিতীয়বার সংলাপের জন্য আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ধানমণ্ডির কার্যালয়ের স্টাফ আলাউদ্দিনের হাতে এ চিঠি হস্তান্তর করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ অ ফ শফিক উল্লাহ ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। রোববার বেলা ১২টার দিকে শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সংবর্ধনা থাকায় আওয়ামী লীগ নেতারা সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করছেন বলে আমাদের জানানো হয়েছে। এ কারণে আলাউদ্দিনের কাছে আমরা চিঠি পৌঁছে দিয়ে যাচ্ছি। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্বল্পপরিসরে আলোচনা করার সিদ্ধান্তের কথা জানিয়েছে ঐক্যফ্রন্ট। ফ্রন্ট সূত্র বলছে, সময় দিলেই নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তোলা হবে। এ ক্ষেত্রে তিনি সময় না দিলে পরবর্তী সময়ে এ প্রস্তাব সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে সাড়ে তিন ঘণ্টাব্যাপী একটি সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগসহ ১৪ দলের ২২ সদস্য ও ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ১৯ সদস্য অংশ নেন। সংলাপে খোলামেলাভাবে অনেক বিষয় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগ নেতারা। তবে বহুল প্রত্যাশিত সংলাপে সন্তুষ্ট নয় জাতীয় ঐক্যফ্রন্ট।

খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির জন্য আলোচনার দরজা খোলা'-দৈনিক মানবজমিন

খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তির জন্য বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন। আলোচনার পথ খোলা আছে বলে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, এর আগে প্রায় ৩০ মামলায় বেগম জিয়া জামিন পেয়েছেন। আর যে মামলায় রায় হয়েছে সে মামলা আমরা করিনি, রায়ও আমরা দিইনি। তাই রায়ের বিষয়ে তারা আইনিভাবে আদালতে এগুতে পারে। এটা পুরোটাই আদালতের বিষয়।

প্রধানমন্ত্রীর এই অবদান ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে -আল্লামা শফী

ধানমন্ত্রীর এই অবদান ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন ‘হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ-এর চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তরের (ইসলামিক শিক্ষা ও আরবি) স্বীকৃতি দিয়ে আইন পাস করায় আজ রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সমাবেশে সভাপতিত্ব করেন হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ’-এর চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি কওমি শিক্ষার সনদের স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই অবদান ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে। তিনি ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। এসময় আল্লামা শফী শুকরিয়া স্বারক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

আদালত চত্বরে মইনুলকে ছাত্রলীগের চড়-থাপ্পড়, ডিম ও জুতা নিক্ষেপ-দৈনিক নয়াদিগন্ত

সাংবাদিক মাসদুা ভাট্টিকে চরিত্রহীন বলায় মানহানির মামলায় আদালতে হাজির করার সময় রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে গ্রেফতারকৃত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের উপর হামলা চালায় ছাত্রলীগ। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা ব্যারিস্টার মইনুলকে উপর্যপুরি চড়-থাপ্পড়ের পাশাপাশি তার উপর জুতা ও ডিম নিক্ষেপ করে। বেলা সাড়ে বারোটার সময় আদালত চত্বরে মইনুলের উপর হামলার ঘটনা ঘটে। অন্যদিকে রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটক দখলে নিয়ে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করছে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার সকাল ১১টা থেকে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। রংপুর যুব মহিলালীগের কর্মী মিলি মায়া বেগমের দায়ের করা মানহানির মামলায় আজ রোববার রংপুর আদালতে হাজির করার জন্য শনিবার সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয় ব্যারিষ্টার মইনুল হোসেনকে।

এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি

মোদী অ্যানাকোন্ডার মতো..., তোপ চন্দ্রবাবু সরকারের অর্থমন্ত্রীর-দৈনিক আনন্দবাজার পত্রিকা

কাঁকড়াবিছের পর এ বার অ্যানাকোন্ডা! শশী তারুরের পর এ বার টিডিপি-নেতা ওয়াই আর কৃষ্ণুডু। এ বারও বিরোধীদের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদীকে অ্যানাকোন্ডা বলে মন্তব্য করলেন এনডিএ-রই প্রাক্তন শরিক তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র নেতা তথা অন্ধ্রপ্রদেশের অর্থমন্ত্রী। তাঁর অভিযোগ, “আরবিআই বা সিবিআইয়ের মতো জাতীয় প্রতিষ্ঠানগুলিকে অ্যানাকোন্ডার মতো গিলে ফেলেছেন মোদী।

শনিবার এই মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। অন্ধ্রের অর্থমন্ত্রী ওয়াই আর কৃষ্ণুডুর এই মন্তব্যের পর নিশ্চুপ হয়ে বসে নেই বিজেপি। কৃষ্ণুডুর মন্তব্যের তীব্র সমালোচনা করে বিজেপি-র দাবি, বিরোধীদের মধ্যে মোদীজিকে হেনস্থা করার প্রতিযোগিতা শুরু হয়েছে। সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকেই দুর্নীতিগ্রস্ত বলে দাবি করেছে বিজেপি।

পাকিস্তানে তথ্য পাচার! গ্রেপ্তার বিএসএফ জওয়ান- দৈনিক আজকাল

পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে শেখ রিয়াজউদ্দিন নামে এক বিএসএফ জওয়ানকে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিস। ২৯ নম্বর ব্যাটেলিয়নের ডেপুটি কমান্ডার র‌্যাঙ্কের অফিসার ফিরোজপুরে অভিযোগ দায়ের করেছেন। শেখ রিয়াজউদ্দিন নামে ওই বিএসএফ জওয়ান  পাক গোয়েন্দা সংস্থা আইএসআইকে তথ্য পাচার করছিল বলে অভিযোগ।

অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন ১৯৮০ এবং অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ১৯২৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামদত থানার স্টেশন হাউস অফিসার ইন্সপেক্টর রঞ্জিত সিং জানিয়েছেন অভিযুক্ত বিএসএফ জওয়ান দেশের নিরাপত্তা সংক্রান্ত একাধিক গোপন তথ্য পাক গোয়েন্দা সংস্থা আইএসআইকে পাচার করেছে। বিএসএফ ইউনিট অফিসারদের ফোননম্বর, নিয়ন্ত্রণ রেখার ফেন্সিংয়ের ছবি এবং সীমান্তের রাস্তার ছবি পাকিস্তানে পাচার করেছে অভিযুক্ত জওয়ান।

শেখ রিয়াজের মোবাইল ফোন এবং সিম কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিস। মহারাষ্ট্রের লাতুর এলাকার বাসিন্দা অভিযুক্ত জওয়ান বিএসএফে পাকিস্তানের চর হয়ে কাজ করছিলেন বলে দাবি। ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তথ্য পাচার করছিলেন তিনি। কী কী তথ্য শেখ রিয়াজউদ্দিন পাচার করেছেন সেটা খতিয়ে দেখছে পুলিস।

তিনসুকিয়া গণহত্যা: নিহতদের পরিবারকে নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল-দৈনিক প্রতিদিন

তিনসুকিয়া গণহত্যার প্রতিবাদ জানিয়ে এবার জাতীয় রাজনীতির আঙিনায় ঝড় তুলতে চলছে তৃণমূল৷ কেন্দ্রীয় সরকারের ঘুম ভাঙাতে তিনসুকিয়ায় জঙ্গিদের গুলিতে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল৷ ইতিমধ্যেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করার আর্জিও জানিয়ে সময় চাওয়া হয়েছে৷ রায়সিনা হিল থেকে সবুজ সংকেত পাওয়া মাত্রই নিহতদের পরিবারের সদস্যদের দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়ার সমস্ত বন্দোবস্ত করে রাখা হয়েছে বলে দলীয় সূত্রে খবর৷

আজ, রবিবার সকালে ‘বাঙালি নিধনে’র প্রতিবাদ জানাতে অসমের তিনসুকিয়ায় যান তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, নাদিমূল হক, মমতাবালা ঠাকুর ও বিধায়ক মহুয়া মৈত্র৷ ঢোলায় নিহত পাঁচ বাঙালির পরিবারের লোকেদের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের প্রতিনিধিরা৷ কথা বলেন এলাকার অন্য বাঙালি পরিবারগুলির সঙ্গেও৷ প্রয়োজনে তাঁদের আর্থিক সাহায্যেরও প্রতিশ্রুতি দেওয়া হয় তৃণমূলের তরফে৷ অসমের তিনসুকিয়া গণহত্যায় নিহতদের পাশে থাকারও আশ্বাস দেওয়া হয়৷ এদিন তৃণমূলের প্রতিনিধিদের নাগালে পেয়ে অসমের বিজেপি সরকারের উপর ক্ষোভ উগড়ে দেন স্বজনহারানো পরিবারের সদস্যরা৷ দাবি তোলেন সিবিআই তদন্তের৷#

 

পার্সটুডে/বাবুল আখতার/৪