একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৬ নভেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- এমন কিছু করবেন না যেন পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে: নূরুল হুদা-দৈনিক ইত্তেফাক
- আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী সাঈদ গণফোরামে-দৈনিক প্রথম আলো
- সিইসি নিজেই পক্ষপাতদুষ্ট: বিএনপি-দৈনিক যুগান্তর
- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্বপ্ন ভঙ্গ-দৈনিক নয়া দিগন্ত
- সিইসি ও কমিশনারদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট-দৈনিক কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- ইঁদুরই বয়ে নিয়ে আসছে মারণ রোগ, আতঙ্ক বাড়ছে শহরে-দৈনিক সংবাদ প্রতিদিন
- সুকমায় সংঘর্ষে শহিদ দুই ডিআরজি জওয়ান, খতম আট মাওবাদী-দৈনিক আজকাল
- কালো টাকা দেশে ফিরল কত? জবাব দিতে নারাজ মোদী-দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. সিইসিকে সরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন ড. কামাল। তার এই দাবিকে আপনি কীভাবে দেখছেন?
২. ইসলামি প্রতিরোধ আন্দোলন আমেরিকাকে হতাশ করছে- গতকাল ইরানের সর্বোচ্চ নেতা একথা বলেছেন। আসলে আমেরিকা কীভাবে হতাশ হচ্ছে একটু বিস্তারিত বলবেন?
বিশ্লেষণের বাইরের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর
এমন কিছু করবেন না যেন পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে: নূরুল হুদা-দৈনিক ইত্তেফাক
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ‘নির্বাচনের পূর্বে ও পরে আপনাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে থাকতে হবে এবং তাদের পরিচালনা করতে হবে। আচরণবিধি প্রয়োগ করতে গিয়ে এমন কিছু করবেন না যেন একটা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। কখনো আইনকানুনের অবস্থা থেকে বিচ্যুত হবেন না।’
নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তিন দিনব্যাপী ব্রিফিংয়ের শেষদিন সোমবারের কার্যক্রম উদ্বোধনকালে প্রধান নির্বাচন কমিশনার এ আহ্বান জানান।
কে এম নূরুল হুদা বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় আপনাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়, বিচলিত করে উসকানিমূলক পরিবেশে ফেলে দেয় নানা কারণে। সেই অবস্থাগুলো বুদ্ধিমত্তা, দক্ষতা আর ক্ষিপ্রতার মাধ্যমে বুঝতে হবে।’ পরিস্থিতি বুঝে অ্যাকশনে যাওয়ার পরামর্শ দেন প্রধান নির্বাচন কমিশনার।
সিইসি নিজেই পক্ষপাতদুষ্ট: বিএনপি-দৈনিক যুগান্তর
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা নিজেই পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছে বিএনপি। সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্টভাবে তাদের কাজ অব্যাহত রেখেছে। ফখরুল বলেন, আমরা বারবার বলছি-নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যা কিছু করণীয় তা করা প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত ইসি কিছুই করেনি।
‘শুধু তাই নয়, আমরা যে দাবি দিয়েছিলাম- প্রশাসনে রদবদল করা প্রয়োজন। কিন্তু প্রশাসনে এখন পর্যন্ত কোনো রদবদল করা হয়নি।’
বিএনপি মহাসচিব বলেন, একাদশ নির্বাচনে সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশে স্বৈরাচারকে দূর করে গণতন্ত্রকে ফিরিয়ে আনা সম্ভব। সে লক্ষ্যেই আমরা কাজ করছি।
খালেদা জিয়াকে দিয়ে শুরু বিএনপির মনোনয়নপত্র বিতরণ-দৈনিক ইত্তেফাক
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের কাজ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার বেলা তিনটার পর গুলশানের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র বিতরণের এই আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মনোনয়নের চিঠি দিয়ে শুরু হয় দলটির মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। বগুড়া ৬ ও ৭ আসন থেকে তাকে প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র প্রদান করা হয়।
মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরুর আগে বক্তব্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সংশয় প্রকাশ করেন মির্জা ফখরুল। প্রধান নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ইভিএমে ভোট : আজ ৪৮ আসনের মধ্যে লটারি-দৈনিক যুগান্তর
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ছয়টি সংসদীয় আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটগ্রহণ করা হবে সেগুলো নির্ধারণে আজ সোমবার লটারির আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সারা দেশের সিটি করপোরেশন ও জেলা সদর থেকে ৪৮টি আসন নির্বাচিত করা হয়েছে। এর মধ্য থেকে দ্বৈবচয়নের মাধ্যমে ছয়টি আসন নির্ধারণ করা হবে। রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে দ্বৈবচয়ন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য কমিশনাররা এ সময় উপস্থিত থাকবেন। এতে বলা হয়েছে, ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে দ্বৈবচয়ন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য কমিশনাররা এ সময় উপস্থিত থাকবেন। যে ৪৮টি আসনের মধ্যে লটারি অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে- ঠাকুরগাও-১, দিনাজপুর-৩, নীলফামারী-২ লালমনিরহাট-৩, রংপুর-৩, গাইবান্ধা-২, বগুড়া-৬, চাঁপাইনবাবহগঞ্জ-৩, নওগাঁ-৫, রাজশাহী-২, পাবনা-৫, কুষ্টিয়া-৩, খুলনা-২, খুলনা-৩, সাতক্ষীরা-২, ভোলা-১, বরিশাল-৫, টাঙ্গাইল-৫, জামালপুর-৫, শেরপুর-১, ময়মনসিংহ-৪, ঢাকা-৪ থেকে ১৩, ঢাকা-১৫ থেকে ১৮, গাজীপুর-২, নরসিংদী-১ ও ২, নারায়ণগঞ্জ-৪ ও ৫, ফরিদপুর-৩, মাদারীপুর-১, সিলেট-১, কুমিল্লা-৬, ফেনী-২ এবং চট্টগ্রাম-৯, ১০ ও ১১। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, এ ৪৮ আসনের মধ্যে যে ছয়টি আসন নির্ধারণ করা হবে ওই আসনের সব কেন্দ্রে ইভিএমে ভোট নেয়া হবে।
সিইসি ও কমিশনারদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট-দৈনিক কালের কণ্ঠ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং কমিশনারদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন আইনজীবী দেলোয়ার হোসেন।
রিট আবেদনে সিইসি এবং কমিশনারদের নিয়োগ সংক্রান্ত গেজেট বাতিল চাওয়া হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, আইন সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চের কার্যতালিকায় রয়েছে বলে জানা গেছে। তবে শুনানির তারিখ জানা যায়নি।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
কালো টাকা দেশে ফিরল কত? জবাব দিতে নারাজ মোদী-দৈনিক আনন্দবাজার
বিদেশ থেকে সাড়ে চার বছরে কত কালো টাকা দেশে ফেরানো হয়েছে, তা জানাতে কেন্দ্রীয় তথ্য কমিশনের লিখিত নির্দেশ মানতে রাজি হল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর। আজ প্রধানমন্ত্রীর দফতর ওই তথ্য প্রকাশ করতে অস্বীকার করে জানিয়ে দিল, কালো টাকার ব্যাপারে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে এবং তারা তদন্ত করছে। এই অবস্থায় তথ্য প্রকাশ করা হলে তদন্ত এবং দোষীদের শাস্তি দেওয়ার প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হতে পারে।
সঞ্জীব চতুর্বেদী নামে এক আমলা তথ্য জানার অধিকার আইনে জানতে চান, ২০১৪-র জুন মাসের পরে বিদেশ থেকে কত কালো টাকা দেশে ফেরানো হয়েছে?
সুকমায় সংঘর্ষে নিহত দুই ডিআরজি জওয়ান ও আট মাওবাদী-দৈনিক আজকাল
ভোটের পর ফের মাওবাদী–সেনাবাহিনী সংঘর্ষে উত্তপ্ত ছত্তিশগড়। সোমবার সকালে মাওবাদী অধ্যুষিত সুকমা জেলায় ডিআরজি এবং এসটিএফ বাহিনী টহলদারি চালাচ্ছিল। সাকলার গ্রামে টহলদারির সময় মাওবাদীরা বাহিনীকে লক্ষ্যে করে জঙ্গল থেকে গুলি চালাতে শুরু করে। প্রাথমিক ধাক্কা সামলিয়ে উঠে পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে গুলিবিদ্ধ হন ডিআরজি শাখার দুই জওয়ান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। নিকেশ হয়েছে আটজন মাওবাদী। একথা জানিয়েছেন সুকমার পুলিস সুপার অভিষেক মীনা। শহিদ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এসপি। সংঘর্ষ শেষ হওয়ার পর এলাকা খালি করে চিরুনি তল্লাশি চালায় যৌথবাহিনী। এখনও পর্যন্ত মাওবাদীদের পরিচয় জানা যায়নি।
ইঁদুরই বয়ে নিয়ে আসছে মারণ রোগ, আতঙ্ক বাড়ছে শহরে-দৈনিক সংবাদ প্রতিদিন
ডেঙ্গুর মারণ থাবা যেতে না যেতেই এবার আতঙ্ক ‘স্ক্রাব টাইফাস’। উল্টোডাঙার বাসন্তী কলোনিতে দু’জনের মৃত্যুর পাশাপাশি নতুন করে তিনজনের রক্তে মিলল পোকার বিষ। গোটা ঘটনায় আতঙ্কিত উল্টোডাঙার বাসন্তী কলোনির বাসিন্দারা।
তবে, এখনও পর্যন্ত যা পরিস্থিতি কলকাতায় এই রোগের প্রকোপ তুলনামূলকভাবে কম। তবে সবথেকে বেশি রোগী এসেছে দক্ষিণ ২৪ পরগনায়। ধেড়ে ইঁদুর মারফত মানুষের শরীরে ছড়ায় স্ক্রাব টাইফাস। স্যাঁতসেতে নোংরা ঝোপঝাড় ইঁদুরের খুব পছন্দের। তাই এই জায়গাগুলি নিয়ে সতর্ক হতে হবে। বাড়িতে যাতে কোনওভাবেই ইঁদুর ঢুকতে না পারে। বাড়ির আশপাশে গর্ত থাকলে তা বুজিয়ে ফেলতে হবে।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন