ডিসেম্বর ০৯, ২০১৮ ১৩:২৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৯ ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করছে: প্রধান বিচারপতি-দৈনিক প্রথম আলো
  • ‘পাকিস্তান দূতাবাসে ফখরুলের গোপন বৈঠক নির্বাচন বানচালের ষড়যন্ত্র’-দৈনিক ইত্তেফাক
  • একমাত্র রাষ্ট্রপতিই খালেদা জিয়াকে ক্ষমা করতে পারেন: কাদের-দৈনিক যুগান্তর
  • সরকারের হুকুমেই খালেদা জিয়ার মনোনয়ন বাতিল হয়েছে: রিজভী-দৈনিক মানবজমিন
  • রংপুর-৬ : প্রিজাইডিং ও পোলিং অফিসারের তালিকা বাতিলের দাবি-দৈনিক নয়া দিগন্ত
  • 'কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কিনা খ‌তি‌য়ে দেখ‌ছে এনবিআর'-দৈনিক কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • নম্বর প্লেটবিহীন গাড়িতে উদ্ধার ইভিএম, সাসপেন্ড ২ পুলিশ আধিকারিক-দৈনিক সংবাদ প্রতিদিন 
  • উত্তপ্ত শ্রীনগর, খতম ৩ জঙ্গি, জখম পাঁচ জওয়ান-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

একমাত্র রাষ্ট্রপতিই খালেদা জিয়াকে ক্ষমা করতে পারেন: কাদের-দৈনিক যুগান্তর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার দণ্ড একমাত্র রাষ্ট্রপতি ছাড়া অন্য কেউ ক্ষমা করতে পারবেন না। তিনি আবেদন করলে রষ্ট্রপতির কাছে করতে হবে।

রোববার দুপুরে ফেনী পৌর প্রাঙ্গণে সদর উপজেলা আওয়ামী লীগ অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দুই বছরের অধিক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচন করতে পারবেন না।

এ ছাড়া নির্বাচন কমিশনের আপিলের রায়েও খালেদা জিয়ার মনোনয়ন বাতিল হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন করার বিষয়টি আদালতের ব্যাপার। তার এ দণ্ড একমাত্র রাষ্ট্রপতি ছাড়া অন্য কেউ ক্ষমা করতে পারবেন না। তিনি আবেদন করলে রাষ্ট্রপতির কাছে করতে হবে।

তিনি বলেন, দেশে একটি সুন্দর নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। এ পরিবেশ নষ্ট হলে বিএনপির জন্যই হবে। বিএনপির মনোনয়নবঞ্চিতরা তাদের সেক্রেটারি জেনারেলের অফিসে গিয়ে দফায় দফায় হামলা চালাচ্ছেন। যাদের কাছ থেকে টাকা নিয়েছে; কিন্তু মনোনয়ন পাননি তারাই হামলা করছেন।

সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করছে: প্রধান বিচারপতি-দৈনিক প্রথম আলো

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করছে। এটা মুক্তিযুদ্ধের স্বপ্ন ও চেতনাকে অবমাননা করছে। তাই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তরুণ প্রজন্ম রুখে দাঁড়ালে কেউ দুর্নীতি করার সাহস পাবে না।

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, দুর্নীতি একটি জাতীয় ব্যাধি। এটি সমাজে বৈষম্য সৃষ্টি করে। সুষম রাষ্ট্রীয় উন্নয়ন ব্যাহত করে। জাতীয় এ সমস্যা প্রতিরোধে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে দুদককে গড়ে তোলা হয়েছে।

নৈতিক আদর্শ ও নৈতিক অবস্থান সৃষ্টির জন্য সবাইকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি। দুর্নীতিবিরোধী কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করারও আহ্বান জানান তিনি।

‘পাকিস্তান দূতাবাসে ফখরুলের গোপন বৈঠক নির্বাচন বানচালের ষড়যন্ত্র’-দৈনিক ইত্তেফাক

নির্বাচনের মাসে পাকিস্তানের দূতাবাসে বিএনপি মহাসচিবের ‘গোপন বৈঠক’ নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান। আজ রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

আব্দুর রহমান বলেন, গতকাল মনোনয়ন ভাগাভাগির মাধ্যমে আবারো প্রমাণিত হয়েছে বিএনপির সঙ্গে ঐক্যফ্রন্টের নয় মূল গাঁটছড়া জামায়াতের। বিএনপির মনোনয়ন বাণিজ্যের নেপথ্যে তারেক রহমান, মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারা রাজনৈতিক দল নয় অপশক্তি। বিএনপি অপরাজনৈতিক শক্তি, তাই মনোনয়ন বাণিজ্য তাদেরই মানায়।

এদেশ হবে উন্নত-সমৃদ্ধ: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাবো। এদেশ হবে উন্নত-সমৃদ্ধ। রবিবার সকালে বেগম রোকেয়া দিবস-২০১৮ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সন্তানদের সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে রাখতে মায়েদের সজাগ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, সন্তানদের সঙ্গে এমন সম্পর্ক রাখতে হবে, যাতে কোনো সুখ, দুঃখের কথা ছেলে-মেয়েরা মায়েদের কাছে বলতে পারে।

নারীদের কল্যাণে গৃহীত পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেত্রী ও সংসদ উপনেতা সবাই নারী। অথচ আমেরিকার মতো দেশে এখনো পর্যন্ত কোনো মহিলা প্রেসিডেন্ট হতে পারেনি।তিনি বলেন, মেয়েদের সব ক্ষেত্রে সুযোগ দিতে হবে।

সরকারের হুকুমেই খালেদা জিয়ার মনোনয়ন বাতিল হয়েছে: রিজভী-দৈনিক মানবজমিন

সরকারের হুকুমেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএরপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ নয়া পল্টনের বিএনপি কার্যালয়ে দলীয় ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, সরকারের হুকুমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনে একজন কমিশনারের সঠিক রায়কে উপেক্ষা করে স্বার্থসন্ধানী প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বাকি কমিশনাররা বিভক্ত ও প্রশ্নবিদ্ধ আদেশ দিয়ে মনোনয়নপত্র বাতিল করেছেন। গতকাল আপিল শুনানী চলাকালে আইনগতভাবে ন্যায়ের পক্ষে রায় না দিয়ে বিনা কারণে সময়ক্ষেপণ করেছে নির্বাচন কমিশন। 

রংপুর-৬ : প্রিজাইডিং ও পোলিং অফিসারের তালিকা বাতিলের দাবি-দৈনিক নয়া দিগন্ত

রংপুর- ৬ আসনের ১০৭ টি কেন্দ্রের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ভেটিং পদ্ধতিতে প্রস্তুতকৃত রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয়া তালিকায় প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে যাদের নাম রয়েছে তারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পরীক্ষিত ব্যক্তি দাবি করে ওই তালিকা বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রাথী সাইফুল ইসলাম।

রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদনে তিনি ভোটারদের কাছে গ্রহণযোগ্য প্রিজাইডিং ও পোলিং অফিসারের নতুন তালিকা তৈরি করে তা খসড়া আকারে প্রকাশের দাবি জানিয়েছেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

নম্বর প্লেটবিহীন গাড়িতে উদ্ধার ইভিএম, সাসপেন্ড ২ পুলিশ আধিকারিক-দৈনিক সংবাদ প্রতিদিন

রাজস্থানে নির্বাচনের পর রাস্তায় উদ্ধার ভিএম। শুক্রবার কিষাণগঞ্জ বিধানসভা কেন্দ্রের শাহাবাদ এলাকার মুগাওলি গ্রামের কাছে ২৭ নম্বর হাইওয়েতে ইভিএম পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা৷ খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ইভিএমটি উদ্ধার করে। সূত্রের খবর, গাফিলতির অভিযোগে আবদুল রফিক এবং নাভাল সিং পাটোয়ারি নামে দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

শুক্রবারই রাজস্থান, তেলেঙ্গানার ভোট ছিল৷ বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে মেটে ভোটগ্রহণ৷ নির্বাচনে সেভাবে অশান্তি না হওয়ার কথা স্বীকার করে নিয়েছিলেন রাজনৈতিক নেতাকর্মীরা৷ তবে রাজনৈতিক নেতৃত্ব ভোটে কারচুপির আশঙ্কা করেছিলেন৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আশঙ্কা প্রকাশ করেছিলেন, ভোটযন্ত্রে কারচুপি করে জেতার চেষ্টা করতে পারে বিজেপি। এমনকী, কারচুপি হওয়ার কথা ভেবে দলীয় কর্মীদের সতর্ক হওয়ার নির্দেশও দিয়েছিলেন তিনি৷ কংগ্রেস সভাপতি বলেছিলেন, অসৎ উপায়ে নির্বাচনে জয়ের চেষ্টা হলে প্রয়োজনে প্রতিবাদে সরব হতে হবে সকলকে৷ 

কংগ্রেস সভাপতির সেই আশঙ্কাই যেন সত্যি হল৷ মধ্যপ্রদেশে ভোটের দু’দিন পরে শুক্রবার ২৭ নম্বর হাইওয়েতে একটি নম্বর প্লেটহীন গাড়িতে ইভিএম উদ্ধার হয়েছে। খবর পেয়ে পুলিশ ওই ভোটযন্ত্রগুলো উদ্ধার করে৷ পুলিশের দাবি, ইভিএমটি ‘সিল’ করা ছিল। তাই সেটি যে ভোটে ব্যবহৃত হয়েছে, তা স্পষ্ট। নির্বাচন কমিশনের এক কর্তা বলেছেন, ‘‘সম্ভবত ভুল করে রাস্তায় পড়ে গিয়েছে ওই ইভিএমগুলি।’’ এই ঘটনার সামনে আসার পর থেকেই সুর চড়াতে শুরু করেছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা৷

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯