২৮৮ আসনে মহাজোটের জয়, নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে - সিইসি
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩১ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- ২৮৮ আসনে মহাজোটের জয় -দৈনিক ইত্তেফাক
- হাসিনাকে অভিনন্দন মোদির-দৈনিক প্রথম আলো
- শেখ হাসিনাকে চীনা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন -দৈনিক যুগান্তর
- নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ মিনাক্ষী গাঙ্গুলির -দৈনিক মানবজমিন
- নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে : সিইসি -দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- ঐতিহাসিক জয়ের পর মোদির শুভেচ্ছা বার্তায় আপ্লুত হাসিনা-দৈনিক সংবাদ প্রতিদিন
- বিহারে মাও হামলার নেপথ্যে উঠে এলো বিস্ফোরক তথ্য -দৈনিক আজকাল
- রাজ্যসভায় পেশ তিন তালাক বিল, সংশোধনীর দাবিতে হইচই বিরোধীদের, মুলতুবি অধিবেশন -দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো? নানা আলোচনা চলছে এ নিয়ে। আপনি কিভাবে দেখছেন নির্বাচনকে?
২. সিরিয়ার সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠা করতে জর্দান সরকারের প্রতি দেশটির সংসদ সদস্যরা আহ্বান জানিয়েছেন। আপনার কী মনে হয় যে, সিরিয়া ইস্যুতে আরব বিশ্বে পরিবর্তন এসেছে?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কিছু খবর তুলে ধরছি
গতকাল বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসন পেয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে বলে সব জাতীয় দৈনিকে খবর ছাপা। কয়েকটি দেশ এরইমধ্যে অভিনন্দন জানিয়েছে। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্ট, বাম গণতান্ত্রিক জোট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে। আর প্রধানমন্ত্রী জয়ী হওয়ার পর বলেছেন, এখন আনন্দ মিছিলের সময় নয়।
এ সম্পর্কে দৈনিক ইত্তেফাকের খবরের শিরোনাম-২৮৮ আসনে মহাজোটের জয়
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসন পেয়ে বিশাল জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিপুল ভোটে এই রেকর্ড জয়ে টানা তৃতীয়বারের (হ্যাটট্রিক) মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন জোটটি। এই জয়ের ফলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যাপক উন্নয়ন কর্মকান্ড এবং নির্বাচনী প্রচারণায় দলের নেতা-কর্মীদের সরব উপস্থিতি মহাজোটের বড় ব্যবধানে জয়ী হওয়ার নিয়ামক হিসাবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।
টানা ১০ বছর ক্ষমতায় থাকা এই জোট ইতিহাস সৃষ্টিকারী জয় পেলেও তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়েছে। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র চালুর পর এবারই প্রথম বিএনপি সবচেয়ে কম আসন পেয়েছে। দলটির বেশ কয়েকজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। অনেক স্থানে মহাজোট প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থীরা।
গতকাল রবিবার শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এই নির্বাচন। একজন প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা ৩ আসনে ভোট হয়নি। সর্বশেষ রাত ২টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, মহাজোটের বিজয়ী প্রার্থীদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে জয় পেয়েছেন আওয়ামী লীগের ২৫৯ জন, ওয়ার্কার্স পার্টির ৩, জাসদ (ইনু) ২, তরিকত ফেডারেশন ২, বিকল্প ধারা ২ এবং লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি-জাপার ২২ ও বাইসাইকেল প্রতীকে জাতীয় পার্টি-জেপির একজন প্রার্থী জয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপির নেতৃত্বাধীন ধানের শীষ প্রতীকে জাতীয় ঐক্যফ্রন্ট ৭ টি (গণফোরামের ২টি) এবং ৪ টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
ভোটের দিন বিক্ষিপ্ত সংঘাত ও সহিংসতার কারণে মোট ২৯টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, ২৯৯ আসনে মোট ৪০ হাজার ৫১টি কেন্দ্রে এই ভোটগ্রহণ হয়। এই হিসেবে বাতিল হওয়া কেন্দ্রের সংখ্যা ০.০৫ শতাংশের মতো। অনিয়মের অভিযোগ এনে বিএনপি ৫৫টি আসনে ভোট বর্জন করেছে।
ইসির ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের সবকয়টি দল এবারের সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। এর মধ্যে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে আওয়ামী লীগসহ ৫টি নিবন্ধিত রাজনৈতিক দল ২৭২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। জোটের প্রধান শরীক দল আওয়ামী লীগ এককভাবে ২৬০টি আসনে, রাশেদ খান মেননের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৫টি, হাসানুল হক ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ৩টি, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ ৩টি এবং বাংলাদেশ তরীকত ফেডারেশন ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। বাকি ২৬টি আসন আওয়ামী লীগের শরীক দল জাপাকে ছেড়ে দেওয়া হয়। বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে বিএনপিসহ ৯টি নিবন্ধিত রাজনৈতিক দল ২৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে বিএনপি এককভাবে (জামায়াতের ২২টিসহ) ২৫৭টি আসনে, কর্নেল অলির লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি থেকে ৪ জন, কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ থেকে ৩ জন, আসম রবের জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি থেকে ৪ জন, আন্দালিব রহমান পার্থের বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি থেকে ১ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে ৩ জন, ড. কামাল হোসেন এর গণফোরাম থেকে ৭ জন, মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে ১ জন এবং খেলাফত মজলিশ থেকে ২ জন প্রার্থী ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন। বাকি ১৭টি আসনে বিএনপি তথা ধানের শীষের প্রতীকের প্রার্থী আদালত কর্তৃক বাতিল হওয়ায় কোন প্রার্থী ছিল না। তবে শেষ মুহূর্তে এসে ৮ বিকল্প প্রার্থীকে সমর্থন দেয় বিএনপি। এবারের নির্বাচনে ১৮৬১ জন প্রার্থী অংশ নেন। ভোটার ছিল প্রায় ১০ কোটি সাড়ে ৪২ লাখ।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ ২৩০ আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে ২৩৪টি আসন পায় আওয়ামী লীগ। জাতীয় পার্টি-জাপা ৩৪টি আসনে জয়লাভ করে। অন্যরা পায় ৩২টি আসন।
হাসিনাকে অভিনন্দন মোদির-দৈনিক প্রথম আলো
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ও ভারতের জনগণের পক্ষ থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান মোদি। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে এ কথা জানান। ভারতের প্রধানমন্ত্রী আজ সোমবার সকালে শেখ হাসিনাকে ফোন করেন। মোদি আশা করেন, দুই দেশের মধ্যে সুসম্পর্ক অব্যাহত থাকবে।
শেখ হাসিনাকে চীনা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন-দৈনিক যুগান্তর
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লে কেকিয়াং। সোমবার সকালে প্রধানমন্ত্রীকে তারা এ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্র বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব ধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শেখ হাসিনাকে ঢাবির ১১০৩ শিক্ষকের অভিনন্দন-দৈনিক যুগান্তর
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হাজার ১০৩ শিক্ষক। নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষে রায় দেয়ায় বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক অধ্যাপক জেডএম পারভেজ সাজ্জাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়
আমি প্রতিশোধ নেয়ার পক্ষপাতী নয়: ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি কোনো প্রকার প্রতিশোধ নেয়ার পক্ষপাতী নয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল সেই গণজোয়ারের সোনালী ফসল এ বিপুল বিজয়, শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের বিজয়। সেই বিজয়ে উল্লাসিত, উচ্ছ্বসিত না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’
একাদশ নির্বাচন দৃষ্টান্ত হয়ে থাকবে: ইসি সচিব-দৈনিক যুগান্তর
একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।রাজনৈতিক সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচন গণতন্ত্রের ধারাবাহিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইবে বলে মন্তব্য করেছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। রোরবার দিবাগত রাত ৩টার পর নির্বাচন কমিশনে আসনভিত্তিক ফল ঘোষণা শেষে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজনৈতিক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।তাই একাদশ নির্বাচন জাতীয় জীবনের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি বলেন, গণতান্ত্রিক ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে এই নির্বাচন উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে জাতীয় জীবনে।সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়ায় ইসি সচিব ভোটারদের ধন্যবাদ জানান।দেশি-বিদেশি পর্যবেক্ষকরা এই নির্বাচনে সন্তুষ্টি প্রকাশ করেছে বলেও জানান তিনি।।
প্রধান নির্বাচন কমিশনারকে উদ্ধৃত করে ইসি সচিব বলেন, ছোটখাটো কিছু অনিয়ম ছাড়া নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণ হয়েছে।জয়ী দল আওয়ামী লীগকে অভিনন্দন জানান তিনি। পাশাপাশি নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা করায় ক্ষমতাসীন দলকে কৃতজ্ঞতা জানান।
নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ মিনাক্ষী গাঙ্গুলির-দৈনিক মানবজমিন
বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি। এক টুইট বার্তায় এ উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। এতে তিনি লিখেছেন, ভোটারদের ভীতি প্রদর্শনের ভয়াবহ অভিযোগ, ভোটকেন্দ্রে বিরোধীদের এজেন্ট দেয়ায় বিধিনিষেধ ও বিপুল সংখ্যক প্রার্থীর পুনঃনির্বাচনের দাবি উঠেছে। এসব মিলে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ওদিকে উদ্বেগ প্রকাশ করেছেন বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। তিনিও রি-টুইটে বলেছেন, অবশ্যই এ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ রয়েছে। অবস্থার প্রেক্ষিতে এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতায় দুর্বলতা রয়েছে। এর বিশ্বাসযোগ্যতা নেই।
মানবজমিনের অন্য একটি খবরে লেখা হয়েছে, বাংলাদেশের ‘অগণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আনফ্রেল সহ ১৬ সংগঠন। খবরটিতে লেখা হয়েছে, রোববারের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) সহ কমপক্ষে ১৬টি সংগঠন। এক যৌথ বিবৃতিতে তারা বলেছে, নিষেধাজ্ঞামূলক নির্বাচনী পরিবেশে ৩০শে ডিসেম্বর হতে যাচ্ছে বাংলাদেশের ১১তম জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন ঘোষণা করার পর থেকেই সুশীল সমাজ, বিরোধী দল ও মিডিয়ার ওপর দমনপীড়ন চালিয়ে যাচ্ছে সরকার। গণতান্ত্রিক প্রক্রিয়াকে এর মাধ্যমে খর্ব করা হচ্ছে। এতে বাংলাদেশের ক্ষয়ে আসা গণতান্ত্রিক স্বাস্থ্যের ওপর চাপ সৃষ্টি করছে। আর চাপ সৃষ্টি হয়েছে আসন্ন নির্বাচনের বিশুদ্ধতার ওপরও। শনিবার নিজস্ব ওয়েবসাইটে ওই বিবৃতি প্রকাশ করেছে আনফ্রেল। এতে স্বাক্ষর করেছে কমপক্ষে ১৬টি অধিকার বিষয়ক সংগঠন।
ঐক্যফ্রন্টকে রায় মেনে নেওয়ার আহ্বান আ.লীগের-প্রথম আলো
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রায় মেনে নিতে ঐক্যফ্রন্টকে আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। আজ সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান।
জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন বর্জনের বিষয়ে এক প্রশ্নের জবাবে আবদুর রহমান বলেন, জনগণের দেওয়া রায় তারা প্রত্যাখ্যান করতে পারে না। জনগণের দেওয়া রায় মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে : সিইসি-দৈনিক নয়া দিগন্ত
৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গড়ে ৮০ শতাংশ ভোট পড়েছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এই দাবি করেছেন। তিনি বলেছেন, এবার মোট ভোটারের ৮০% ভোটার তাদের ভোট দিয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৩টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি আরো বলেন, নতুন করে এই নির্বাচনের আর তফসিলের সুযোগ নেই।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনারকে প্রশ্ন করা হয় বাংলাদেশের প্রধান দু’টি বড় দলের সমর্থকের সংখ্যা কাছাকাছি। কিন্তু দুই দলের প্রাপ্ত ভোটের মধ্যে এত বড় ব্যবধান কীভাবে হলো? জবাবে সিইসি নুরুল হুদা বলেন, ‘জনগণ যেভাবে ভোট দিয়েছে সেভাবেই ভোট হয়েছে। এত ভোট তো আর আমরা দেই নি।’
নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগ করে ঐক্যফ্রন্ট পুনর্নির্বাচনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, নতুন করে নির্বাচন অনুষ্ঠানের কোন সুযোগ নেই।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
ঐতিহাসিক জয়ের পর মোদির শুভেচ্ছা বার্তায় আপ্লুত হাসিনা-দৈনিক সংবাদ প্রতিদিন
রবিবার বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামি লিগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার সকালেই অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এর আগে সোমবার সকালে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় অভিনন্দন জানান। তবে এবারের নির্বাচনে তাৎপর্য দিকটি সংখ্যালঘু হিন্দুদের উপর কোনও হিংসার খবর এখনও পর্যন্ত মেলেনি।
রাজ্যসভায় পেশ তিন তালাক বিল, সংশোধনীর দাবিতে হইচই বিরোধীদের, মুলতুবি অধিবেশন-দৈনিক আনন্দবাজার
লোকসভায় পাশের পর এবার রাজ্যসভায় পেশ হল তিন তালাক বিল (মুসলিম উইমেন প্রোটেকশন বিল ২০১৭)। এই বিল আটকে দিয়ে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর দাবিতে সরব বিরোধীরা। আগেই হুইপ জারি করেছিল কংগ্রেস। সিলেক্ট কমিটিতে পাঠিয়ে প্রয়োজনীয় সংশোধনীর পর বিলটি পাশ করানোর দাবি তুলেছে তৃণমূল। বিল পেশের পরই বিরোধীদের হই হট্টগোলে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন। রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই সরকার পক্ষের। তাই আবারও বিলের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে।
মুসলিম সম্প্রদায়ের তিন তালাক প্রথাকে (তিন বার তালাক বলে বিবাহবিচ্ছেদ) ‘স্বেচ্ছাচার’মন্তব্য করে সংসদে আইন তৈরির কথা বলে সুপ্রিম কোর্ট। সেই মতো লোকসভায় ইতিমধ্যেই পাশ হয়েছে এই বিল। এর পর রাজ্যসভায় পাশ হলেতা রাষ্ট্রপতির কাছে যাবে। তাঁর সই হলেই তৈরি হয়ে যাবে আইন।
কিন্তু রাজ্যসভায় আগেও ঠোক্কর খেয়েছে তিন তালাক বিল। বিরোধীদের দাবিতে বেশ কিছু সংশোধনী এনে নতুন করে পেশ হয়েছে। কিন্তু বিরোধীদের দাবি, সব সংশোধনী যোগ করা হয়নি। নয়া বিলে তিন তালাককে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং জরিমানার সংস্থান রয়েছে। পাশাপাশি ওই সময়ে স্ত্রীর খোরপোষের ভারও নিতে হবে স্বামীকে।
বিলের এই অংশ নিয়েই আপত্তি কংগ্রেস-সহ বিরোধীদের। তাঁদের বক্তব্য, বিবাহ সংক্রান্ত বিষয় দেওয়ানি মামলার অন্তর্ভূক্ত। অন্যান্য সব ধর্মেও সেই নিয়মই কার্যকর। সেখানে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের জন্য তিন তালাককে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা আইন এবং সংবিধান বিরোধী। আবার নয়া বিলে কারাদণ্ডের সময়ও স্ত্রীর খোরপোষের দায়িত্ব স্বামীকে নেওয়ার কথা বলা হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, স্বামী যদি জেলেই থাকে, তাহলে স্ত্রীর খোরপোষ এবং দেখভাল করবেন কীভাবে?
বিহারে মাও হামলার নেপথ্যে উঠে এলো বিস্ফোরক তথ্য-দৈনিক আজকাল
বিহারের ঔরঙ্গাবাদে বিজেপি বিধায়কের কাকাকে গুলি করে খুন করে ১৫টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার নেপথ্যে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। হামলা চালানোর পরে মাওবাদীরা যে লিফলেট রেখে গিয়েছে তাতে জানা গিয়েছেন দু’বছর আগে নোট বাতিলের সময় সাত লাখ টাকা এই বিজেপি নেতা ও তার কাকাকে দিয়েছিল মাওবাদীরা। সেই টাকা বদলে নতুন নোট দেওয়ার কথা ছিল। কিন্তু কার্যক্ষেত্রে সাত লাখ টাকা নিয়ে কাকা–ভাইপো আর মাওবাদীদের ফেরত দেননি। গত দু’বছর ধরে টাকা ফেরতে চেয়েও যখন পাওয়া যায়নি তখনই এই চরম পদক্ষেপ করা হয়েছে।
শনিবার রাতে প্রায় ২০০ মাওবাদী হামলা চালিয়েছিল বিজেপি বিধায়ক রঞ্জন কুমার সিংয়ের বাড়িতে। ১০টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি বিধায়কের কাকা নরেন্দ্র সিংকে গুলি করে হত্যা করে মাওবাদীরা। হামলার খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছলে মাওবাদীদের সঙ্গে বেশকিছুক্ষণ গুলির লড়াই চলে।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১