মন্ত্রিসভায় ঠাঁই না দেয়ার ব্যাখ্যা চাইবেন মেনন!
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৮ জানুয়ারি মঙ্গলবারে কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- আমার অবস্থানের পরিবর্তন হয়নি: ইসি মাহবুব-দৈনিক প্রথম আলো
- প্রশ্নফাঁস শিক্ষামন্ত্রীর বড় চ্যালেঞ্জ-দৈনিক যুগান্তর
- সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০-দৈনিক ইত্তেফাক
- কর্মসূচি নির্ধারণে বৈঠকে ঐক্যফ্রন্ট নেতারা-দৈনিক মানবজমিন
- মন্ত্রিসভায় ঠাঁই না দেয়ার ব্যাখ্যা চাইবেন মেনন!-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- সিবিআই মামলায় সুপ্রিম ধাক্কা কেন্দ্রের, খারিজ অলোক ভার্মার অপসারণের সিদ্ধান্ত-দৈনিক সংবাদ প্রতিদিন
- মন্দিরের অনুষ্ঠানে মদের বোতল বিলি, উত্তরপ্রদেশে বিতর্কে বিজেপি বিধায়ক-দৈনিক আনন্দবাজার
- এনআরসির কোপে মোদি, বিজেপি জোট ছাড়তে চায় উত্তরপূর্বের একাধিক শরিক-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিভিন্ন খবর
আমার অবস্থানের পরিবর্তন হয়নি: ইসি মাহবুব-দৈনিক প্রথম আলো
নির্বাচন অংশীদারমূলক হয়েছে-এমন বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার বলেছেন, ‘আমার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’ আজ গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে ইসি মাহবুব তালুকদার এ কথা বলেন। মাহবুব তালুকদার বলেন, গত ৩ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের উদ্যোগে আয়োজিত ‘ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে’ তিনি যে বক্তব্য দেন, তাতে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। লিখিত বক্তব্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, আমি বলেছি, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিয়েছি। সুষ্ঠু নির্বাচনের সঙ্গে এর সম্পর্ক নেই। নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া একটি প্রাথমিক প্রাপ্তি। আসল কথা হচ্ছে, নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে কি না এবং বিশ্বাসযোগ্য কি না? নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে অংশগ্রহণমূলক হলেও কোনো লাভ নেই।’কেমন নির্বাচন হয়েছে, সাংবাদিকদের এহেন প্রশ্নের জবাবে আমি পূর্বেও বলেছি, নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন, তাহলে এ প্রশ্নের জবাব পেয়ে যাবেন।
নতুন সরকার হাস্যকর ছাড়া কিছু নয়: ফখরুল-দৈনিক যুগান্তর
নতুন সরকার গঠন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গঠন এটা নিয়ে মন্তব্য করার তো হাস্যকর ছাড়া কিছু না। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে নির্বাচনের ফলাফল আমরা প্রত্যাখান করেছি যে নির্বাচনের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, জনগণ পুরোপুরিভাবে এটাকে বর্জন করেছে বলা যেতে পারে। এই নির্বাচনের ফলাফল কখনোই মেনে নেয়নি৷ সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কোনো পার্লামেন্ট গঠন বা সরকার গঠন এটা নিয়ে মন্তব্য করার তো হাস্যকর ছাড়া কিছু না।
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০-দৈনিক ইত্তেফাক
সাভারের হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে হেমায়েতপুর শিল্পাঞ্চলের পদ্মার মোড় এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করলে এই সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় ওই শিল্পাঞ্চলের অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আর যুগান্তরের খবরে লেখা হয়েছে, পোশাক শ্রমিকদের কয়েক দিনের বিক্ষোভে উত্তাল রাজধানী ঢাকা। এতে যানজট চরম আকার ধারণ করেছে। এ ব্যাপারে জরুরি বৈঠক ডাকা হয়েছে।
ফেলানী হত্যার ৮ বছর-সুষ্ঠু বিচারের আশায় পথ চেয়ে পরিবার-দৈনিক প্রথম আলো
‘আমরা তো মেয়ে হত্যার সুষ্ঠু বিচারের আশায় বসে আছি; এখনো বিচার পাইনি। আপনাদের মাধ্যমে আবার দাবি করছি, ভারত সরকার যেন বিচারটা করে’—এ আকুতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের বাবা নুরুল ইসলামের। গতকাল সোমবার বাংলাদেশি এই কিশোরীকে হত্যার আট বছর পূর্ণ হয়েছে।ফেলানীর পরিবার বলছে, ফেলানী হত্যাকাণ্ডের বিচার বিএসএফের বিশেষ আদালত থেকে ভারতের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ালেও এখন পর্যন্ত ন্যায়বিচার পাননি তাঁরা। ন্যায়বিচারের আশায় সর্বোচ্চ আদালতে দুটি রিট পিটিশন করেছেন তার বাবা; যা বর্তমানে বিচারাধীন। এর আগে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে দুই দফায় বেকসুর খালাস দিয়েছেন বিএসএফের বিশেষ আদালত।
প্রশ্নফাঁস শিক্ষামন্ত্রীর বড় চ্যালেঞ্জ-দৈনিক যুগান্তর
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। তারা বিপুল প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়েছেন। আমরা তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করব। তিনি বলেন, প্রশ্নফাঁস মোকাবেলা আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারের ২১ অঙ্গীকারের মধ্যে শিক্ষার মান উন্নত করার প্রতিশ্রুতি অন্যতম। এ চ্যালেঞ্জ সারাবিশ্বেই আছে। সেগুলোর জন্য আমরা কাজ করে যাব। সমালোচনা থাকলে তা আমরা দুজনে গুরুত্বসহকারে নেব।
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-ভুঁইফোড় অনলাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে- বলেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বাংলাদেশে আজকে যে সামাজিক যোগাযোগের মাধ্যম প্রচণ্ড শক্তিশালী হয়েছে, সেটিও শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘গতকাল শপথ নেয়ার পর অনেক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, অনেক ভুঁইফোড় অনলাইন সংবাদমাধ্যম তৈরি হয়েছে। তারা অনেক সময় ভুল সংবাদ পরিবেশন করে। এতে অনেকের চরিত্র হননের ঘটনাও ঘটে। এসব ভুঁইফোড় অনলাইন সবার সহযোগিতায় মোকাবেলা করা হবে।’
মন্ত্রিসভায় ঠাঁই না দেয়ার ব্যাখ্যা চাইবেন মেনন!-দৈনিক নয়া দিগন্ত
১৪ দলের কোন নেতাকে মন্ত্রিসভায় স্থান দেয়া হয়নি। শতভাগ আওয়ামী লীগের মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে শরিকরা ক্ষুব্ধ হলেও কেউ প্রকাশ্যে কিছু বলতে চাননি। তবে রাশেদ খান মেনম গতকাল এ বিষয়ে তার মুখ খুলেছেন।
১৪ দলের কোনও নেতাকে মন্ত্রিসভায় না নেওয়ার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছেন সদ্য বিদায়ী সমাজকল্যাণ মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।রাশেদ খান মেনন বলেন, ‘কথা ছিল আন্দোলন, নির্বাচন আর সরকার গঠন একসাথে হবে। কিন্তু শরিকদেরকে সরকারে অর্ন্তভুক্ত করার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি। এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো। ব্যাখ্যাও হয়তো চাওয়া হতে পারে।’
এবার ভারতের তিনটি খবর তুলে ধরছি
সিবিআই মামলায় সুপ্রিম ধাক্কা কেন্দ্রের, খারিজ অলোক ভার্মার অপসারণের সিদ্ধান্ত-দৈনিক সংবাদ প্রতিদিন
সিবিআই বনাম সিবিআই মামলায় বড় জয় ডিরেক্টর অলোক ভার্মার। মুখ পুড়ল কেন্দ্রের। সিবিআই ডিরেক্টরের অপসারণের সিদ্ধান্ত খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। গত ২৩ অক্টোবর মধ্যরাতে নজিরবিহীনভাবে সিবিআইয়ের দুই শীর্ষকর্তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন সিবিআই ডিরেক্টর অলোক ভার্মা। তাঁর সেই আবেদন মঞ্জুর করল সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ে একাধিক ইস্যুতে স্বস্তি পেলেন সিবিআই ডিরেক্টর। ভার্মাকে তাঁর পদে পুনর্বহালের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে জানানো হয়েছে, সিবিআইয়ের কাজে কেন্দ্র কোনওভাবেই হস্তক্ষেপ করতে পারবে না।
এনআরসির কোপে মোদি, বিজেপি জোট ছাড়তে চায় উত্তরপূর্বের একাধিক শরিক-দৈনিক আজকাল
উত্তরপূর্বের সবকটি রাজ্যেই বিজেপি সরকার গড়েছে। কোথাও নিরঙ্কুশ সংখ্যারিষ্ঠতা নিয়ে কোথাও আঞ্চলিক রাজনৈতিক দলগুলির সমর্থন নিয়ে। উত্তর পূর্বের এই পূর্ণিমায় শঙ্কার মেঘ ঘনাচ্ছে। ক্ষেপে উঠেছে উত্তর পূর্বের একাধিক আঞ্চলিক দল। বিজেপিকে সমর্থন করা যে চরম ভুল হয়েছে সেটা এখন বুঝতে পেরেছেন তাঁরা। উত্তর পূর্বের একাধিক শরিক দল এখন বিজেপির জোট ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে খবর। অসম গণ পরিষদ বিজেপির সঙ্গ ত্যাগ করার পরেই সেই প্রবণতা আরও জেগে উঠেছে।
২০১৬ নাগরিকত্ব সংশোধন বিলের প্রতিবাদে অসম যেন ফুটছে। দুই–তিন পুরুষ ধরে যাঁরা অসমে বসবাস করছেন তাঁদের আচমকা দেশান্তরি করার ছক কষতে শুরু করেছে বিজেপি। জাতীয় নাগরিক পঞ্জীর তালিকা থেকে প্রায় ২০ লাখ বাসিন্দার নাম বাদ দেওয়া হয়েছে। এটাকে মোটেই ভাল চোখে নেয়নি বিরোধীরা। যার প্রতিবাদের আগুন জ্বলছে অসমে।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬