প্রথম থেকেই কাদেরের মনে হয়েছে ঐক্যফ্রন্ট টিকবে না
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৮ জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- প্রথম থেকেই কাদেরের মনে হয়েছে ঐক্যফ্রন্ট টিকবে না-দৈনিক প্রথম আলো
- প্রধান চ্যালেঞ্জ সুশাসন নিশ্চিত করা: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
- ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত-দৈনিক ইত্তেফাকআসামির গলায় চিরকুট-‘আমি ধর্ষণের মূল
- হোতা’-দৈনিক মানবজমিন
- রাস্তায় শৃঙ্খলা ফিরছে না : ট্রাফিক পুলিশ ব্যস্ত মোটরসাইকেল নিয়ে-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- ‘পর্নস্টারের’ সঙ্গে এক ফ্রেমে রাহুল গান্ধী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি-দৈনিক সংবাদ প্রতিদিন
- ১১ জনের গল্প ফাঁস হতেই কর্নাটকে ধরাশায়ী বিজেপি-দৈনিক আনন্দবাজার
- ব্রিগেড সমাবেশের আগেই চিঠি লিখে মমতাকে সমর্থন জানালেন রাহুল-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর
প্রথম থেকেই কাদেরের মনে হয়েছে ঐক্যফ্রন্ট টিকবে না-দৈনিক প্রথম আলো
বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে ড. কামাল হোসেনের গড়ে তোলা জাতীয় ঐক্যফ্রন্ট টিকবে না বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ভোটের আগে গড়ে ওঠা এ জোটে নীতি ও আদর্শের ঘাটতি আছে। এ জোট যেভাবে গঠিত হয়েছে, তাতে প্রথম থেকেই মনে হয়েছে এ জোট টিকবে না।কাদের বলেন, রাজনীতির অভিজ্ঞতা থেকে দেখেছি, ঐক্যফ্রন্ট গঠনের মধ্যেই ভাঙার উপাদান ছিল। সেই ফ্রন্ট না টেকারই কথা। তা ছাড়া যেখানে বিএনপিতে ভাঙার সুর ধরেছে সেখানে ঐক্যফ্রন্ট তো ভাঙবেই।
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত-দৈনিক ইত্তেফাক
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত বাংলাদেশির নাম জাহাঙ্গীর আলম রাজু (২১)। তিনি রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে
প্রধান চ্যালেঞ্জ সুশাসন নিশ্চিত করা: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য। সচিবালয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশ এগুচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ড চলছে। মানুষের জীবনমান উন্নত হচ্ছে। এখন সুশাসন নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ। জঙ্গিবাদ সফলভাবেই নির্মূল করা হয়েছে। এখন মাদক সমস্যা সমাধান করাই গুরুত্ব পাচ্ছে। মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।
আসামির গলায় চিরকুট-‘আমি ধর্ষণের মূল হোতা’-দৈনিক মানবজমিন
সাভারের আশুলিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের পর পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রধান আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের গলায় ঝোলানো একটি চিরকুটে লেখা ছিল- ‘আমি ধর্ষণ মামলার মূল হোতা’।সাভার মডেল থানার ওসি আবদুল আউয়াল জানান, বৃহস্পতিবার রাতে খাগান এলাকার আমিন মডেল টাউনের ভেতরে একটি খালি মাঠে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে রিপনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।তবে কে বা কারা নিপনকে গুলি করে হত্যা করেছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
অ্যাকশন এইডের প্রতিবেদন-প্রতি তিনজনে একজন নারী পারিবারিক সহিংসতার শিকার-দৈনিক মানবজমিন
দেশে নারীদের প্রতি তিনজনের একজন পারিবারিক সহিংসতার শিকার। সহিংসতার শিকার হওয়া নারীদের মাত্র তিন ভাগের মতো বিচার পান। এসব ঘটনায় মামলা হয় মাত্র ১০ শতাংশ। অধিকার সংস্থা অ্যাকশন এইডের এক গবেষণায় এ তথ্য প্রকাশ করা হয়েছে। গবেষণার সংক্ষেপ গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ
করা হয়। দুপুরে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের হল রুমে এই গবেষণা প্রবন্ধ উন্মোচন করা হয়। গবেষণায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা হয়, প্রচলিত ধারণা এবং পিতৃতান্ত্রিক এবং সাংস্কৃতিকভাবে গ্রহণযোগ্য বিশ্বাস হচ্ছে ‘নারীরা ঘরেই বেশি নিরাপদ’।
কিন্তু, প্রকৃত সত্য হচ্ছে নারীদের প্রতি বেশির ভাগ সহিংসতা বাড়িতে সংগঠিত হয়। ঘরের প্রতি তিন জনের মধ্যে দুই জন নারীই নানাভাবে পরিবারের লোকজনের দ্বারা আক্রান্ত হচ্ছেন।
উপজেলা পরিষদ নির্বাচন-সরব আ.লীগ, নীরব বিএনপি-দৈনিক প্রথম আলো
জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না–কাটতে শুরু হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনের তোড়জোড়। তবে নির্বাচন ঘিরে আগ্রহ এবং প্রার্থী হওয়ার দৌড়ঝাঁপ চলছে শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগ শিবিরে। বিপরীতে বিএনপির মাঠপর্যায়ের নেতা-কর্মীরা চুপচাপ। তাঁরা তাকিয়ে আছেন কেন্দ্রের দিকে।
এদিকে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে। তবে দলটি এ কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। শেষ পর্যন্ত বিএনপির এ সিদ্ধান্ত বহাল থাকলে একপেশে হয়ে যাবে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। সে ক্ষেত্রে আওয়ামী লীগের কৌশল কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, বিএনপি নির্বাচনে না গেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার হার বেড়ে যেতে পারে বা নির্বাচনে আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে উঠবেন আওয়ামী লীগ ও মহাজোটের শরিক দলের নেতারা। এমনটা হলে ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতো এবারের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মধ্যে ভ্রাতৃঘাতী সংঘাত বাড়তে পারে, এমন আশঙ্কা করছেন দলটির নেতারা।
এবার ভারতের তিনটি খবর তুলে ধরছি
১১ জনের গল্প ফাঁস হতেই কর্নাটকে ধরাশায়ী বিজেপি-দৈনিক আনন্দবাজার
ফোনের ও-পারে কংগ্রেসের এক বিধায়ক। এ-পার থেকে বলা হচ্ছে, ‘‘১১ জন ইতিমধ্যেই এসে এসেছে। আপনি হবেন ১২তম। চলে আসুন।’’ কর্নাটকের কংগ্রেস বিধায়কদের ভাঙানোর জন্য ঠিক এমনই টোপ দিয়েছিল বিজেপি। কিন্তু ‘ভাঁওতা’ ধরা পড়ল, যখন একাধিক কংগ্রেস বিধায়ক নিজেদের মধ্যে কথা বললেন। দেখা গেল, তাঁদের সবাইকে বলা হয়েছে, ‘‘আপনি ১২তম। ১১ জন ইতিমধ্যেই এসে গিয়েছে!’’
আর এই কৌশল ধরা পড়তেই বিজেপির চাণক্য নীতি ফ্লপ করল কর্নাটকে। মুখ থুবড়ে পড়ার অবস্থায় ‘অপারেশন পদ্ম’-র দ্বিতীয় অধ্যায়। কংগ্রেস নেতারা বলেছেন, অমিত শাহ এত দিন নিজেকে চাণক্য ভাবতেন। তবে কর্নাটকে ডি কে শিবকুমারের মতো চাণক্য কিন্তু তৈরিই আছে।
ব্রিগেড সমাবেশের আগেই চিঠি লিখে মমতাকে সমর্থন জানালেন রাহুল-দৈনিক আজকাল
রাজ্য কংগ্রেস যাই বলুক, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিজেপি বিরোধী মহাজোটের ব্রিগেড সমাবেশকে সমর্থন করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আগেই পাশে থাকার বার্তা দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে এই সমাবেশে পাঠিয়ে। এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এই সমাবেশকে সমর্থন করছেন বলে জানিয়েছেন। সেখানে বাংলার মুখ্যমন্ত্রীকে মমতাদি বলে সম্বোধন করেছেন কংগ্রেস সভাপতি। আর বিজেপি বিরোধী সব আঞ্চলিক দলগুলিকে নিয়ে ব্রিগেডের সমাবেশকে ঐক্যবদ্ধ ভারত সমাবেশ বলে চিঠিতে উল্লেখ করেছেন। ফলে জাতীয় রাজনীতির অলিন্দে বাংলার মুখ্যমন্ত্রী যে এখন ‘কি ফ্যাক্টর’ তা এই চিঠির মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন রাহুল গান্ধী।
মমতা ব্যানার্জি জাতীয় স্তরের নেত্রী বললেন শত্রুঘ্ন সিনহা-দৈনিক আজকাল
রাত পোহালেই বিজেপি বিরোধী মহাজোটের ব্রিগেড সমাবেশ। ইতিমধ্যেই অন্যান্য রাজ্যের তাবড় নেতা–নেত্রীরা বাংলায় পাড়ি দিতে শুরু করেছেন। আর তার মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে এই লোকসভা নির্বাচনের পর কী বাঙালী প্রধানমন্ত্রী? ব্রিগেডের হাইভোল্টেজ সমাবেশে যোগ দিতে আসার আগে এমনই ইঙ্গিত দিলেন বিজেপি’র বিদ্রোহী সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি জানান, ‘আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম যখন দুই সাংসদের দল ছিল। আর তা শক্তিশালী করার চেষ্টা করে গিয়েছি। কিন্তু এখন সেই বিজেপি আর নেই।’ স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের আগে বিজেপি’র অস্বস্তি বাড়িয়ে দিল এই মন্তব্য বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
তিনি আরও জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কংগ্রেস সহ–আঞ্চলিক দলগুলিকে নিয়ে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট তৈরি করছেন। ইতিমধ্যেই তাঁর ফর্মুলা বহু জায়গায় কাজেও লেগেছে। হিন্দি বলয়ের তিন রাজ্যে বিজেপি গোহারা হেরেছে। সেই ফ্রন্টকে শক্তিশালী করতে চাই। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ফেডারাল ফ্রন্টের পক্ষে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছে। তখনই তাঁকে প্রশ্ন করা হয় আপনি কি মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী দেখতে চান? বিহারীবাবু বলেন, ‘প্রধানমন্ত্রী ঠিক করবে মানুষ এবং অন্যান্য দলের নেতারা নির্বাচন পরবর্তী পরিস্থিতি দেখে। তবে আমি মনে করি তিনি সেই ধরণেরই ব্যক্তিত্বের অধিকারি। মমতাদি এখন আর আঞ্চলিক নেত্রী নন, তিনি জাতীয় স্তরের নেত্রী।’
‘পর্নস্টারের’ সঙ্গে এক ফ্রেমে রাহুল গান্ধী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি-দৈনিক সংবাদ প্রতিদিন
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর৷ কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল দুবাইয়ের একটি পাঁচ তারা হোটেলে কংগ্রেস সভাপতির রাজকীয় ব্রেকফাস্টের ছবি৷ বলা হয়েছিল গরুর মাংস-সহ নাকি ব্রেকফাস্ট করেছেন তিনি৷ তবে এবার বিতর্কের সূত্রপাত অভিনেত্রী তথা ‘পর্নস্টার’ নাতালিয়া ব়্যামোসের সঙ্গে রাহুলের একটি ছবিকে কেন্দ্র করে৷ ছবিটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিভিন্ন রসিক কমেন্ট৷ ছবিটি শেয়ারও হয়েছে প্রচুর৷ তবে ছবিটির সত্যতা নিয়ে উঠছে প্রশ্ন৷
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮