ফেব্রুয়ারি ০১, ২০১৯ ১৩:১৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১ ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বিরোধী দল নিয়ে অস্বস্তিতে আ.লীগ-দৈনিক প্রথম আলো
  • নেতিবাচক রাজনীতি করলে বিএনপি বিদেশি বন্ধুদের হারাবে : কাদের-দৈনিক ইত্তেফাক
  • ভোটে অনিয়ম: জাতিসঙ্ঘে শ্বেতপত্র দেবে বিএনপি-দৈনিক নয়া দিগন্ত
  • ‘আত্মহত্যার প্ররোচনায়’ মিতুর নামে মামলা হচ্ছে-দৈনিক যুগান্তর
  • প্রধানমন্ত্রীর চা চক্রে না যাওয়ার বিষয়ে ঐক্যফ্রন্টের চিঠি-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • কৃষক, শ্রমিক, মধ্যবিত্তকে কাছে টানার চেষ্টা, ভোটের বাজেটে আর কী কী, দেখে নিন-দৈনিক আনন্দবাজার
  • বিদায়ের মুখে জনগণকে প্রতারণার চেষ্টা এই বাজেটে:‌ মমতা-দৈনিক আজকাল
  • বাজেটে বড় ঘোষণা, কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে ছ’হাজার টাকা-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর

নেতিবাচক রাজনীতি করলে বিএনপি বিদেশি বন্ধুদের হারাবে : কাদের-দৈনিক ইত্তেফাক। 

বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

তবে ভিন্ন শিরোনামে খবরটি প্রথম আলোসহ বেশ কয়েকটি দৈনিকের অনলাইন সংস্করণে পরিবেশিত হয়েছে। খবরটিতে বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী যে চা-চক্রের আয়োজন করেছেন, সেখানে যোগ দিয়ে বিএনপি-ঐক্যফ্রন্ট খোলামেলা আলাপ করতে পারে। প্রধানমন্ত্রীর চা-চক্রের আহ্বান বিএনপি বর্জন করেছে। এটা তাদের নেতিবাচক রাজনীতির ধারা।

আজ  ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি তাদের চিরাচরিত নেতিবাচক রাজনীতির ধারা আঁকড়ে ধরে থাকে, তাহলে তারা অন্ধকারে খাদে পড়ে যাবে। তবে প্রথম আলোর অন্য একটি খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণে যাবে না জানিয়ে গণভবনে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

ভোটে অনিয়ম : জাতিসঙ্ঘে শ্বেতপত্র দেবে বিএনপি-দৈনিক নয়া দিগন্ত

Image Caption

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতি’, ‘ব্যালট ছিনতাই’সহ বিভিন্ন অনিয়মের তথ্যসংবলিত শ্বেতপত্র প্রকাশ করবে বিএনপি। এ নিয়ে কাজ করছে বিএনপির উচ্চপর্যায়ের একটি টিম। লিখিত তথ্য সংগ্রহের পর তা বিশ্লেষণ করা হচ্ছে। ইতোমধ্যে ধানের শীষের দুই-তৃতীয়াংশ প্রার্থী তাদের নির্বাচনী আসনে বিভিন্ন অনিয়ম সংবলিত প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন। সব প্রার্থীর প্রতিবেদন জমা হলে তার ওপর ভিত্তি করে একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে। এ ছাড়া যেসব প্রার্থী ভিডিওচিত্র জমা দিচ্ছেন সেগুলো একত্রিত করে একটি সমন্বিত তথ্যচিত্র তৈরি করা হবে। এরপর প্রতিবেদনের কপি নির্বাচন কমিশন, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাস, কূটনৈতিক মিশন ও জাতিসঙ্ঘ মহাসচিবের কাছে দেয়া হবে। সংবাদ সম্মেলন করে এই প্রতিবেদন গণমাধ্যমে তুলে ধরা ছাড়াও দেশী-বিদেশী সংস্থাগুলোকে জানানো হবে।

বিরোধী দল নিয়ে অস্বস্তিতে আ.লীগ-দৈনিক প্রথম আলো

বাংলাদেশ আওয়ামী লীগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সবার মধ্যে উদ্বেগ ছিল। সব উদ্বেগের অবসান ঘটিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এর মধ্যে নির্বাচন শেষ হওয়ার এক মাস পরও হলেও এ নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা আছে।  তবে এর বাইরেও আওয়ামী লীগের জন্য কিছু অস্বস্তিকর বিষয় আছে। আর এই অস্বস্তির মূলে আছে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল কে হবে। এরশাদের জাতীয় পার্টি কেমন বিরোধী দল হবে? মন্ত্রিসভায় স্থান না পাওয়া ১৪ দলের শরিকেরা কোন পক্ষে, কী ভূমিকায় থাকবে? এ সব নিয়ে শীতের মধ্যেও রাজনীতির ময়দান গরম থাকবে বলে ধারনা করা হচ্ছে।

 

আত্মহত্যা করা চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতু

চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার ঘটনাটি এখন অনেকটা টক অব দ্যা কান্ট্রি। মর্মান্তিক এ ঘটনা নিয়ে দৈনিক যুগান্তরের কয়েকটি খবর তুলে ধরছি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করা চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করা হচ্ছে। পুলিশ বলছে, আকাশের পরিবারের চান্দগাঁও থানায় মামলা করার কথা রয়েছে। তবে পরিবার মামলা না করলে আকাশের দেয়া ফেসবুক স্ট্যাটাসের ‘ডায়িং ডিক্লারেশন’ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।বৃহস্পতিবার রাতে নগরের নন্দনকানন এলাকায় তানজিলা হক চৌধুরী মিতুকে তার খালাতো ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।

গ্রেফতারের পর মিতুর স্বীকারোক্তি অনুযায়ী আমানত শাহ (র.) মাজার এলাকা থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ।এদিকে মোস্তফা মোরশেদ আকাশের ব্যবহৃত মোবাইল ফোনটি পুলিশ জব্দ করেছে বলে জানা গেছে।

মৃত্যুর এক ঘণ্টা আগে ডা. আকাশ নিজের ফেসবুকে স্ত্রীর উদ্দেশে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটিতে স্ত্রীর প্রতি তার অভিমান ও ক্ষোভ প্রকাশ পেয়েছে।

ডা. আকাশ স্ট্যাটাসে স্ত্রীর উদ্দেশে লেখেন- ‘ভালো থেকো, আমার ভালোবাসা তোমার প্রেমিকাদের (প্রেমিকদের) নিয়ে।’

আত্মহত্যার কয়েক ঘণ্টা আগে স্ত্রীর সঙ্গে হাতাহাতি হয় ডা. মোস্তফা মোরশেদ আকাশের। তানজিলা হক মিতুকে গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে পুলিশ।

স্ত্রী তানজিলা হক মিতুকে প্রচন্ড ভালোবাসতেন ডা. মোস্তফা মোরশেদ আকাশ

স্ত্রী তানজিলা হক মিতুকে প্রচন্ড ভালোবাসতেন ডা. মোস্তফা মোরশেদ আকাশ।স্ত্রীর প্রতি এই চিকিৎসকের ভালোবাসা ছিল অকৃত্রিম। তাই তো স্ত্রীর অপকর্মকে বারবার ক্ষমা করেছেন তিনি। শেষ পর্যন্ত স্ত্রীকে পাপের পথ থেকে ফেরাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তরুণ সম্ভাবনাময়ী এ চিকিৎসক।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

কৃষক, শ্রমিক, মধ্যবিত্তকে কাছে টানার চেষ্টা, ভোটের বাজেটে আর কী কী, দেখে নিন-দৈনিক আনন্দবাজার

Image Caption

অন্তর্বর্তী বাজেটে মধ্যবিত্তের মন পেতে আয়করে ব্যপক ছাড় ঘোষণা মোদী সরকারের। বাজেট প্রস্তাবে আয়করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার কথা ঘোষণা করলেন পীযূষ গয়াল। আগে এই ঊর্ধ্বসীমা ছিল আড়াই লক্ষ টাকা। অর্থাৎ আয়কর ছাড়ের মাত্রা এক লাফে বাড়িয়ে দ্বিগুণ করা হল। এ ছাড়া করযুক্ত আয়ের উপর যে ছাড় দেওয়া হয়, তা ৪০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছে। দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপর কর ছাড় আগেই ছিল। ফলে সব মিলিয়ে কার্যত ৭ লক্ষ টাকা পর্যন্ত (যদি বিনিয়োগ দেড় লক্ষ টাকা ধরা হয়) কোনও কর দিতে হবে না। এ ছাড়া ব্যাঙ্ক-পোস্ট অফিসে প্রাপ্ত সুদের পরিমাণ ১০ হাজার টাকা হলেই টিডিএস কাটা হত। বাজেটে সেই ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। ভোটের মুখে কৃষকদের মন জয়ে অন্তর্বর্তী বাজেটে নয়া প্রকল্প ঘোষণা করলেন মন্ত্রী পীযূষ গয়াল।

বিদায়ের মুখে জনগণকে প্রতারণার চেষ্টা এই বাজেটে:‌ মমতা-দৈনিক আজকাল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছে কেন্দ্র। আর পীযূষ গোয়েলের এই বাজেটের পরই কেন্দ্রের সমালোচনায় মুখর হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এই বাজেটকে মিথ্যে আখ্যা দিলেন। জানিয়ে দিলেন, ভোটের আগে স্রেফ চমক দেওয়ার জন্যই কেন্দ্রের এহেন বাজেট। তিনি বলেন, ‘এই বাজেটের কোনও ভ্যালু নেই। নির্বাচনের আগে শুধু চমক দেওয়ার চেষ্টা। এটা শুধু দেখনদারির বাজেট। কাজের কিছু নেই। জনগণের সঙ্গে স্রেফ প্রতারণা করা হচ্ছে। এত টাকা আসবে কোথা থেকে? আগের চার বছরে কেন এরকম বাজেট করা হয়নি? তখন কেন কৃষকদের কথা ভাবা হয়নি? দেশের আর্থিক অবস্থা কেউ জানে না। নোট বাতিল, জিএসটি–র পর দেশে আর্থিক জরুরি অবস্থা ছিল। এখনও দেশে অর্থনৈতিক জরুরি অবস্থার পরিস্থিতি রয়েছে। সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই বাজেট তৈরি হয়েছে।’ 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১