প্রতি বছর ৮ লাখ নতুন বেকার তৈরি হচ্ছে: সিপিডি
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১০ ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- গাভির দুধ ও দইয়ে অ্যান্টিবায়োটিক, কীটনাশক, সিসা!-দৈনিক প্রথম আলো
- এবার মুক্তি দিন: রিজভী-দৈনিক ইত্তেফাক
- পানি নয়, ইলিশের জন্য খুলছে ফারাক্কা-দৈনিক নয়া দিগন্ত
- প্রতি বছর ৮ লাখ নতুন বেকার তৈরি হচ্ছে: সিপিডি-দৈনিক যুগান্তর
- উপজেলাভিত্তিক মাস্টার প্ল্যান তৈরির নির্দেশনা প্রধানমন্ত্রীর-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- তৃণমূল বিধায়ক খুনে এফআইআর মুকুলের বিরুদ্ধেও, গ্রেফতার ২, সন্দেহ সুপারি কিলার দিয়ে খুন-দৈনিক আনন্দবাজার
- মমতাই প্রধানমন্ত্রিত্বের জন্য উপযুক্ত’, আবার বেফাঁস রাজভর-দৈনিক আজকাল
- প্রধানমন্ত্রীর সফরের আগে মোদি বিরোধী পোস্টারে ছয়লাপ অন্ধ্রপ্রদেশ-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর
এবার মুক্তি দিন: রিজভী-দৈনিক ইত্তেফাক
দীর্ঘ এক বছর ধরে কারাবন্দী অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে জবরদস্তি করে আদালতে আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, মিথ্যা দণ্ড দিয়ে তাঁকে (খালেদা জিয়া) নির্বাচন থেকে দূরে রাখার সাধ পূর্ণ করলেন, এবার মুক্তি দিন।রবিবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘আপনি দেয়ালের ভাষা পড়ুন। চারদিকের মানুষ চোখে মুখে কি বলছে বোঝার চেষ্টা করুন। পৃথিবীটা ক্ষণিকের। কিন্তু কর্মফল অনন্তকালের। এখনো সময় আছে। এক বছরে বহু নির্যাতন বহু কষ্ট দিয়েছেন বেগম জিয়াকে। চিকিত্সার সুযোগটুকুও দেননি। এবার বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন।’
রিজভী বলেন, ‘খালেদা জিয়ার বয়স ৭৩ বছর। প্রচণ্ড ঝুঁকিপূর্ণ অসুস্থ শরীর। একা চলতে পারেন না। আদালতে বা হাসপাতালে আনতে গেলে হুইল চেয়ারই ভরসা। তারপরও টেনে হিঁচড়ে জবরদস্তি করে আনা হচ্ছে শেখ হাসিনার নির্দেশিত ক্যাঙ্গারু কোর্টে।’
রিজভী সংবাদ সম্মেলন করেন লাইম লাইটে থাকতে: তথ্যমন্ত্রী-দৈনিক প্রথম আলো
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী ‘লাইম লাইটে’ থাকার জন্য প্রতিদিন সংবাদ সম্মেলন করেন। এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। গতকাল ঢাকার মৌচাকে বার্তা সংস্থা ইউএনবি কার্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
প্রতি বছর ৮ লাখ নতুন বেকার তৈরি হচ্ছে: সিপিডি-দৈনিক যুগান্তর
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ায় প্রতি বছর আট লাখ নতুন বেকার তৈরি হচ্ছে। রোববার গুলশানে লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘প্রবৃদ্ধি ও অগ্রাধিকার’বিষয়ক সংলাপে এ তথ্য তুলে ধরা হয়। প্রবৃদ্ধির সুবিধা সমানভাবে বিতরণ না হওয়ায় দেশে বৈষম্য চরম আকার ধারণ করেছে বলেও জানানো হয়। সংলাপের মূল প্রবন্ধে বলা হয়, গত ১০ বছরে অর্থনৈতিক ক্ষেত্রে অনেক উন্নয়ন হলেও কর্মসংস্থান প্রবৃদ্ধি মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বৈষম্যের চিত্র উদ্বেগ বাড়িয়েছে। এতে বলা হয়, প্রতি বছর দুই লাখ মানুষ শ্রম বাজারে ঢুকছে, বিপরীতে চাকরি তৈরি হচ্ছে এক লাখ ৩০ হাজার। সে ক্ষেত্রে প্রতি বছর আট লাখ মানুষ নতুন করে বেকার হচ্ছে। এ সময় সিপিডির সংলাপে বক্তারা বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নজর দেয়া দরকার। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যব্যবস্থা চরমভাবে ভেঙে পড়েছে। হাসপাতালগুলোতে অবকাঠামোগত উন্নয়ন হলেও তা ব্যবহারে স্বচ্ছতা নেই।
উপজেলাভিত্তিক মাস্টার প্ল্যান তৈরির নির্দেশনা প্রধানমন্ত্রীর-দৈনিক মানবজমিন
উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে উপজেলাভিত্তিক মাস্টার প্ল্যান তৈরি ও তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকায় বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আরও বেশি শ্রম দিতে হবে। সুপেয় পানি, স্যানিটেশন, রাস্তার উন্নয়ন, জনস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করা হবে। জেলাভিত্তিক ধারণা নিয়ে মূল বাজেট করা হবে।
গাভির দুধ ও দইয়ে অ্যান্টিবায়োটিক, কীটনাশক, সিসা!-দৈনিক প্রথম আলো
গাভির দুধে (প্রক্রিয়াজাতকরণ ছাড়া) সহনীয় মাত্রার চেয়ে বেশি কীটনাশক ও নানা ধরনের অ্যান্টিবায়োটিকের উপাদান পাওয়া গেছে। পাওয়া গেছে বিভিন্ন অণুজীবও। একই সঙ্গে প্যাকেটজাত গাভির দুধেও অ্যান্টিবায়োটিক ও সিসা পাওয়া গেছে মাত্রাতিরিক্ত। বাদ পড়েনি দইও। দুগ্ধজাত এই পণ্যেও মিলেছে সিসা। সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির (এনএফএসএল) গবেষণায় এসব ফলাফল উঠে এসেছে। সংস্থাটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আর্থিক সহায়তায় গাভির খাবার, দুধ, দই ও প্যাকেটজাত দুধ নিয়ে এই জরিপের কাজ করেছে।
এনএফএসএল সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে গাভির দুধের ৯৬টি নমুনা সংগ্রহ করা হয়।গবেষকেরা বলছেন, প্রায় সব গোখাদ্যে সহনীয় মাত্রার চেয়ে বেশি অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া গেছে। কীটনাশকও মিলেছে কোনো কোনো খাবারে। সিসা ও ক্রোমিয়ামও আছে। মানুষের রোগ প্রতিরোধ শক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এগুলো। সিসা ও ক্রোমিয়াম ক্যানসার সৃষ্টি করতে পারে।
পানি নয়, ইলিশের জন্য খুলছে ফারাক্কা-দৈনিক নয়া দিগন্ত
পানি দেয়ার ইচ্ছা থাকুক আর নাই থাকুক ইলিশ পাওয়ার ইচ্ছাটা তাদের রয়েছে শতভাগ। আর সে জন্যই এ বছরের জুন মাস থেকে খুলে দেয়া হবে ফারাক্কা বাঁধের নতুন নেভিগেশন লক। যাতে ইলিশ সাতরে ভারতের এলাহাবাদ পর্যন্ত পৌঁছে যেতে পারে। ভারতীয় কর্মকর্তারা জানান, ইলিশের মৌসুমে প্রতিদিন চার ঘণ্টা করে কিছুটা উঁচু করে স্লুইচ গেট খোলা রাখা হবে। যাতে ইলিশের আগমনে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়।
গঙ্গার জীববৈচিত্র্য সুরক্ষা কর্মসূচির আওতায় ভারত কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। বর্ষা মৌসুমসহ তিনটি মৌসুমে যেন বঙ্গোপসাগর থেকে উঠে আসা ইলিশ পদ্মা-গঙ্গা বেয়ে ভারতের অনেকখানি ভিতরে ঢুকে যেতে পারে সে লক্ষ্যেই ৩৬১ কোটি রুপি ব্যয়ে নতুন এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে গত শুক্রবার জানান ভারতের পানি সম্পদমন্ত্রী নিতিন গাদকারি।
ভারতের অভ্যন্তরীণ পানিপথ কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান প্রবির পান্ডে বলেন, ইলিশ যেহেতু রাতে চলাচল করে, তাই এই গেট প্রতিদিন রাত একটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত খোলা রাখা হবে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
তৃণমূল বিধায়ক খুনে এফআইআর মুকুলের বিরুদ্ধেও, গ্রেফতার ২, সন্দেহ সুপারি কিলার দিয়ে খুন-দৈনিক আনন্দবাজার
সুপারি কিলার দিয়েই খুন করা হয়েছে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে। এমনটাই মনে করছেন তদন্তকারীরা। এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে সুজিত মণ্ডল এবং কার্তিক মণ্ডল নামে দু’জন স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া, এখনও পর্যন্ত এক জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় বিজেপি নেতা তথা প্রাক্তন তৃণমূল মুকুল রায়-সহ সুজিত মণ্ডল, কার্তিক মণ্ডল এবং এলাকার এক বাসিন্দা অভিজিৎ পণ্ডারীর নামে এফআইআর দায়ের করেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, এলাকা সম্পর্কে আততায়ী রীতিমতো ওয়াকিবহাল। কারণ, ওই এলাকার পরিচিতি না থাকলে এ ভাবে অনুষ্ঠানের ভিতরে ঢুকে সত্যজিৎবাবুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করে এত দ্রুত পালানো সম্ভব হত না। শনিবার রাতে নদিয়ার হাঁসখালিতে সরস্বতী পুজোর একটি অনুষ্ঠানে খুন হন নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস।
মমতাই প্রধানমন্ত্রিত্বের জন্য উপযুক্ত’, আবার বেফাঁস রাজভর-দৈনিক আজকাল
আবারও বেফাঁস মন্তব্য করে বিজেপিকে অস্বস্তিতে ফেললেন শরিক দলনেতা তথা উত্তর প্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর। ২০১৯ সালে প্রধানমন্ত্রী হওয়ার অন্যতম উপযুক্ত কে, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বিজেপির জোটশরিক সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি বা এসবিএসবি–র সুপ্রিমো রাজভর সাফ বলেন, সবাই উপযুক্ত, তবে সবার মধ্যে অন্যতম উপযুক্ত মমতা ব্যানার্জি বলেই তাঁর মনে হয়।
শরিক দলনেতার এহেন মন্তব্যে স্বভাবতই অস্বস্তিতে পড়েছেন বিজেপি নেতৃত্ব। প্রায়ই রাজভরের বেঁফাস মন্তব্যে সমস্যায় পড়তে হচ্ছে বিজেপিকে। সম্প্রতি বিষমদে রাজ্যে মৃত্যুমিছিল প্রসঙ্গে রাজভর অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে তিনি প্রশাসনকে আবেদন করেছিলেন, গরিব মানুষরা বিষমদের শিকার হচ্ছে। কিন্তু কোনও সরকারই কর্ণপাত করেনি।
প্রধানমন্ত্রীর সফরের আগে মোদি বিরোধী পোস্টারে ছয়লাপ অন্ধ্রপ্রদেশ-দৈনিক সংবাদ প্রতিদিন
লোকসভা ভোটের মুখে কি জনপ্রিয়তা কমছে মোদির? এই প্রশ্ন উসকে উঠছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রধানমন্ত্রীর সফরের আগে ‘মোদি গো ব্যাক’ লেখা পোস্টার, ব্যানারে ছয়লাপ অন্ধ্রপ্রদেশ। সেইসব পোস্টার ও ব্যানারের ছবি আবার ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। রবিবার সকালে টুইটারে ট্রেন্ডিং তালিকায় উপরের দিকেই জায়গা করে নিয়েছে ‘GOBackModi’ হ্যাশট্যাগ।
অসমের পর অন্ধপ্রদেশ।মোদির সফর নিয়ে ফের বিড়ম্বনায় পড়তে হল পদ্মশিবিরকে। লোকসভা ভোটের প্রচারে রবিবারই দক্ষিণ ভারতের এই রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুন্টুর শহরে জনসভা করবেন তিনি। ইতিমধ্যেই মোদির সফরের বিরোধিতায় পোস্টার-ব্যানারে ছেয়ে গিয়েছে শহরের রাজপথ। ‘মোদি গো ব্যাক’ লেখা পোস্টার পড়েছে প্রায় প্রতিটি রাস্তার মোড়ে। কোনও পোস্টার দেখা যাচ্ছে, জনতার ভিড় দেখে মুখ লুকিয়ে পালাচ্ছেন প্রধানমন্ত্রী। তো কোথাও আবার মোদির ব্যাঙ্গচিত্রে লেখা ‘Modi never again’। যার বাংলা তর্জমা, মোদি আর নয়।
ফের অসমে দুই বাঙালি খুন, কাটা পড়ল আরও দু’জনের হাত-দৈনিক সংবাদ প্রতিদিন
আবারও অসমে খুন দুই বাঙালি৷ গলা কেটে খুন করা হয়েছে তাঁদের৷ হাত কেটে নেওয়া হয়েছে আরও দু’জনের৷ মৃতদের একজনের নাম হামিদুল ইসলাম, বয়স ২৮৷ মৃত দু’জনই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বাসিন্দা বলে জানা গিয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ৷ অনুমান করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জেরেই দু’জনকে খুন করেছে দুষ্কৃতীরা৷
জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে অসমের তিনসুকিয়ার দুমদুমায় কাজের উদ্দেশ্যে গিয়েছিল সাত-আটজন শ্রমিকের একটি দল৷ সেই দলেরই সদস্য ছিলেন মৃত দুই শ্রমিক৷ সেখানে একটি আসবাব তৈরির কারখানায় কাজ করতেন এঁরা৷ থাকতেন একটি বাড়ি ভাড়া নিয়ে৷ সূত্রের খবর, কয়েকদিন আগে তাঁদের সঙ্গে অজ্ঞাত পরিচয় কয়েকজনের ঝামেলাও হয়৷ সম্ভবত টাকা-পয়সা নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়৷ এরপর গতকাল অর্থাৎ শনিবার হঠাৎই এদের উপর হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা৷ গলা কেটে খুন করা হয় হামিদুল ইসলাম ও আরও একজনকে৷ বাধা দিতে গেলে হাত কেটে দেওয়া হয় আরও দু’জনের
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০