সরকার নীল নকশা বাস্তবায়ন শুরু করেছে : রিজভী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৩ ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- কথা বেশি, কাজ কম-দৈনিক প্রথম আলো
- ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের নির্দেশ-দৈনিক ইত্তেফাক
- সরকার নীল নকশা বাস্তবায়ন শুরু করেছে : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
- শুধু মেধাবী দিয়ে দেশ পরিবর্তন হয় না: তথ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর
- বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় ট্রাম্প প্রশাসনের প্রতি ৬ কংগ্রেসম্যানের আহ্বান-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- ইউপিএ জমানার চেয়ে অনেক বেশি দামে রাফাল কিনেছে মোদী সরকার: রিপোর্ট-দৈনিক আনন্দবাজার
- সারারাত ধরে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক, যোগীর রাজ্যে পা দিয়েই ইতিহাস সৃষ্টি করলেন প্রিয়াঙ্কা-দৈনিক আজকাল
- সংসদে চিটফান্ড ইস্যুতে সরব অধীর, কংগ্রেসের সঙ্গ ছাড়ার হুঁশিয়ারি ক্ষুব্ধ মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর
সরকার নীল নকশা বাস্তবায়ন শুরু করেছে : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
চট্টগ্রামে ‘জিয়া স্মৃতি জাদুঘর’-এর নাম পরিবর্তন ও ঢাকায় ‘জিয়ার সমাধি’ সরিয়ে ফেলতে সরকার ফের ষড়যন্ত্র শুরু করছে বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। তিনি বলেন, হিংস্রাশ্রয়ী সরকার বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আবেগের উৎস স্বাধীনতার মহান ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে নিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। শেরে বাংলা নগররে তার মাজার সরিয়ে ফেলার নীলনকসা বাস্তবায়ন শুরু করার পর এবার চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর দখল করতে মাছে নেমেছে তারা।
কথা বেশি, কাজ কম-দৈনিক প্রথম আলো
সড়কে শৃঙ্খলা আসেনি বলে স্বীকার করে নিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ জন্য সড়কে দুর্ঘটনা ও যানজট হচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন। মন্ত্রী মনে করেন, মহাসড়কে ধীরগতির অবৈধ যে যানবাহন চলছে, এর পেছনে রাজনৈতিক নেতাদের প্রচ্ছন্ন সহযোগিতা আছে। গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সমসাময়িক বিষয় নিয়ে নিজের বক্তব্য তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলন ডাকা হয়। এর আগেও সড়কে শৃঙ্খলা ফেরেনি বলে একাধিকবার আক্ষেপ করেছেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।
শুধু মেধাবী দিয়ে দেশ পরিবর্তন হয় না: তথ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর
শুধু মেধাবীদের দিয়ে দেশ পরিবর্তন হয় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, মেধার সঙ্গে যদি মূল্যবোধ ও দেশাত্মবোধের সমন্বয় না ঘটে তবে তাদের দিয়ে কিছুই হয় না। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব বেতার দিবস ও শ্রোতা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, দেশ আজ বদলে গেছে। আর এ বদলে যাওয়ার অভিযাত্রায় বাংলাদেশকে আরো নতুন উচ্চতায় নিয়ে যেতে উন্নত জাতি প্রয়োজন।
ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের নির্দেশ-দৈনিক ইত্তেফাক
ঋণ খেলাপি ও অর্থপাচারকারীদের তালিকা তৈরি করে তা প্রকাশের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, পাঁচারের অর্থ যেদেশে থাকুক তা উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। এছাড়া ব্যাংকিং সেক্টরে অনিয়ম ও দুর্নীতির একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিলে কেন কমিশন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রিট আবেদনের পক্ষে মনজিল মোরসেদ শুনানি করেন।
বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় ট্রাম্প প্রশাসনের প্রতি ৬ কংগ্রেসম্যানের আহ্বান-দৈনিক মানবজমিন
বাংলাদেশে ‘গণতন্ত্রের নেতিবাচক গতিবিধি’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র কংগ্রেস। একই সঙ্গে বাংলাদেশে গণতন্ত্রে হুমকির বিষয়ে নজর দিতে আহ্বান জানানো হয়েছে ট্রাম্প প্রশাসনের প্রতি। বিশেষ করে ৩০ শে ডিসেম্বর অনুষ্ঠিত ‘ভোট জালিয়াতির গুরুত্বর অভিযোগের’ বিষয়ে দৃষ্টি দেয়ার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান এলিয়ট এল এনজেলসহ ৬ জন প্রভাবশালী কংগ্রেসম্যান এমন উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি পেন্টাগন থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
ইউপিএ জমানার চেয়ে অনেক বেশি দামে রাফায়েল কিনেছে মোদী সরকার: রিপোর্ট-দৈনিক আনন্দবাজার
রাফায়েল যুদ্ধবিমানের জন্য অনেক বেশি দাম চুকোতে হয়েছে মোদী সরকারকে। ভারতীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে শেষ পর্যন্ত যে দামে রফা হয়েছিল, রাফায়েল কিনতে গিয়ে মোদী সরকারকে তার ৫৫.৬ শতাংশ বেশি দাম দিতে হয়েছে। বিমানের হস্তান্তরেও অনেক দেরি হয়েছে। অন্তত ৭/৮ মাস। বরং ওই বিমান কেনার জন্য পূর্বতন ইউপিএ জমানায় ফরাসি সরকার ও ফরাসি বিমান নির্মাতা সংস্থার সঙ্গে যা কথাবার্তা হয়েছিল, তাতে বিমানের দাম ছিল অনেক কম। তা আরও দ্রুত হস্তান্তরেরও কথা হয়েছিল। সর্বভারতীয় ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’ বুধবার একটি তদন্তমূলক প্রতিবেদনে তথ্যপ্রমাণ দিয়ে এ কথা জানিয়েছে।
সংসদে চিটফান্ড ইস্যুতে সরব অধীর, কংগ্রেসের সঙ্গ ছাড়ার হুঁশিয়ারি ক্ষুব্ধ মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন
কেন্দ্রীয় স্তরে পারস্পারিক সহযোগিতার যে বাতাবরণ তৈরির চেষ্টা করছিল বিরোধীরা তাতে বড়সড় ফাটলের ইঙ্গিত! বুধবার লোকসভায় চিটফান্ড ইস্যুতে তৃণমূলকে নজিরবিহীন আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী৷ আর এই ঘটনার পরই কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপোধ্যায়৷ দলীয় সাংসদদের তিনি পরিষ্কার নির্দেশ দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে কোনও রকমের যৌথ কর্মসূচিতে যোগ দেওয়া যাবে না৷ পাশাপাশি, সংসদের সেন্ট্রাল হলে সোনিয়া গান্ধীর কাছেও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ জানিয়ে দিয়েছেন, এভাবে চললে আগামী দিনে কংগ্রেসের সঙ্গে কোনও রকমের সম্পর্ক রাখবে না তৃণমূল৷
সারারাত ধরে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক, যোগীর রাজ্যে পা দিয়েই ইতিহাস সৃষ্টি করলেন প্রিয়াঙ্কা-দৈনিক আজকাল
লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশকে একঘরে করতে মরিয়া কংগ্রেস। যার জন্য রাজ্যে দলের দায়িত্বে আনা হয়েছে সোনিয়া–কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। সক্রিয় রাজনীতিতে প্রবেশের পর সোমবার প্রথম যোগী রাজ্যে পা রাখেন তিনি। চারদিনের সফরের প্রথম দিনই তিনি লখনউতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে ৩০ কিমি রোড শো করেন। এখানেই থেমে থাকেননি প্রিয়াঙ্কা। মে মাসে হওয়া লোকসভা নির্বাচনে দলের প্রচার কেমন হবে, তা নিয়ে মঙ্গলবার প্রায় সারা রাত ধরে কংগ্রেস কর্মীদের সঙ্গে আলোচনা সারলেন তিনি। বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শেষ হয় সেই বৈঠক। ১৬ ঘণ্টা ধরে চলা বৈঠকের পর প্রিয়াঙ্কা সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে কীভাবে লড়াই করে জিতব, সেটা নিয়ে দলের কর্মীদের ভাবনা কেমন সে বিষয়ে আমি অবগত হওয়ার চেষ্টা করছিলাম।’
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩