ফেব্রুয়ারি ১৬, ২০১৯ ১৩:৫৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা:১৬ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো।

বাংলাদেশের শিরোনাম

  • বিএনপি মামলাবাজ ও হতাশাগ্রস্ত দল: মোহাম্মদ নাসিম-দৈনিক ইত্তেফাক
  • মাদকবিরোধী অভিযান-বদির ১৬ স্বজনসহ ১০২ জনের আত্মসমর্পণ-দৈনিক প্রথম আলোপ্রথম আলোর আরেকটি খবরের শিরোনাম-জামায়াত ক্ষমা চাইলেও বিচার বন্ধ হবে না: কাদের
  • ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগকে স্বাগত জানাই: ড. দীপু মনি- দৈনিক যুগান্তর
  • সৌদি আরবের সঙ্গে সম্পাদিত প্রতিরক্ষা চুক্তিতে বাম জোটের নিন্দা-দৈনিক মানবজমিন
  • রোহিঙ্গাদের ৭৩২ কোটি টাকা সহায়তা যুক্তরাষ্ট্র ও ইইউর- দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • গরুকে ধাক্কা মেরে প্রথম যাত্রাতেই থমকে গেল মোদি সরকারের ‘বন্দে–ভারত’ এক্সপ্রেস-দৈনিক আজকাল
  • সন্ত্রাসবাদকে রুখতে সরকারের পাশে আছি, সর্বদলীয় বৈঠকে বার্তা দিল বিরোধীরা-দৈনিক আনন্দবাজার
  • অ্যাকশনে ‘লো প্রোফাইল’ জঙ্গিরা, জইশের নয়া কৌশলে উদ্বিগ্ন গোয়েন্দারা-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. একাত্তর প্রশ্নে প্রকাশ্যে জামায়াতে মতবিরোধ; ওবায়দুল কাদের বলেছেন “জামায়াত ক্ষমা চাইলেও বিচার বন্ধ হবে না”। কীভাবে দেখছেন এসব ঘটনাপ্রবাহকে?

২. ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানেই আত্মহত্যা- একথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ। তার এ বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

মাদকবিরোধী অভিযান-বদির ১৬ স্বজনসহ ১০২ জনের আত্মসমর্পণ-দৈনিক প্রথম আলো

মাদকবিরোধী অভিযোনে বদির ১৬ স্বজনসহ ১০২ জনের আত্মসমর্পণ

কক্সবাজারের শতাধিক ইয়াবা কারবারি আজ শনিবার আত্মসমর্পণ করেছেন। টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বেলা ১১টার দিকে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে ইয়াবা ও অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ করা ১০২ জনের মধ্যে কক্সবাজারের সাবেক সাংসদ আবদুর রহমান বদির চার ভাই ও ১২ আত্মীয়সহ ১৬ জন আছেন।

পুলিশ সূত্র জানায়, কক্সবাজারে সরকারের তালিকাভুক্ত বড় ইয়াবা কারবারি আছেন ৭৩ জন। তাঁদের ২৪ জন আত্মসমর্পণ করেছেন। এই ২৪ জনের মধ্যে আছেন সাবেক সাংসদ বদির চার ভাই আবদুল শুক্কুর, আবদুল আমিন, মো. শফিক ও মো. ফয়সাল, বদির ফুফাতো ভাই কামরুল ইসলাম রাসেল, ভাগনে সাহেদুর রহমান নিপুসহ ১৬ জন।তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে ২ থেকে ১৬টি মামলা আছে।

৭৩ বড় ব্যবসায়ীর বাকি ৪৯ জনের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ছয়জন। বাদবাকি ৪৩ জনের কেউই আত্মসমর্পণ করেননি। এর মধ্যে তালিকার এক নম্বরে থাকা সাবেক সাংসদ নিজেও আত্মসমর্পণ করেননি। তালিকার দুই নম্বরে থাকা সাইফুল করিম বিদেশে অবস্থান করছেন। প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সব কটি তালিকায় ‘পৃষ্ঠপোষক’ হিসেবে আবদুর রহমান বদি ও বদির ৫ ভাই, এক বোনসহ ২৬ জন নিকটাত্মীয়ের নাম আছে।

আল মাহমুদের মরদেহ বাংলা একাডেমিতে, জানাজা বায়তুল মোকাররমে-দৈনিক ইত্তেফাক

বরেণ্য কবি আল মাহমুদ

শ্রদ্ধা নিবেদনের জন্য কবি আল মাহমুদের মরদেহ বাংলা একাডেমিতে নেয়া হয়েছে। আজ শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে একাডেমির নজরুল মঞ্চে তাঁর মরদেহ রাখা হয়। সেখান থেকে বাদ জোহর বায়তুল মোকাররমে নেয়া হয় মরদেহ। সেখানেই বাদ যোহর হবে তাঁর নামাজে জানাজা।

গ্রামের বাড়িতেই আল মাহমুদের শেষ ঠিকানা-দৈনিক যুগান্তর

কবি আল মাহমুদ

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদকে তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামের কবরস্থানে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করে কবির বড় ছেলে শরিফ আহমেদ বলেন, আগামীকাল রোববার বাদ যোহর তাকে গ্রামের বাড়িতে দাফন করা হবে। শনিবার বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর ফটকে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার দুপুর ১২টার দিকে কবির মরদেহ নেয়া হয় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। সেখানে কবি, সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ কবির প্রতি শেষ শ্রদ্ধা জানান। এসময় কবির আরেক ছেলে মীর মোহাম্মদ মনির বলেন, বার্ধক্যজনিত কারণে বাবাকে ৯ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তিনি শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে না ফেরার দেশে চলে যান। উনার ইচ্ছা ছিল শুক্রবারে মৃত্যুবরণ করবেন। আল্লাহ তার ইচ্ছা পূরণ করেছেন। ‘বাবা নিজের অজান্তেও কোনো ভুল করে থাকলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা দোয়া করবেন, যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করেন।’ এর আগে দুপুর পৌনে ১২টার দিকে কবির মরদেহ নেয়া হয় বাংলা একাডেমিতে। সেখানে একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী কবির মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।একাধারে একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক তিনি। কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন।

সৌদি আরবের সঙ্গে সম্পাদিত প্রতিরক্ষা চুক্তিতে বাম জোটের নিন্দা-দৈনিক মানবজমিন

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা চুক্তি সম্পাদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে চুক্তি বাতিলের দাবি জানিয়েছে ৮টি বাম দল নিয়ে গঠিত ‘বাম গণতান্ত্রিক জোট’।বিবৃতিতে বাম জোটের শীর্ষস্থানীয় নেতারা জানান, বাংলাদেশের সংবিধানের ২৫নং অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ আছে বাংলাদেশ কোনো রাষ্ট্র কর্তৃক অপর দেশের ওপর হস্তক্ষেপ এবং সামরিক আগ্রাসন ও যুদ্ধকে সমর্থন জানাবে না। ফলে সৌদি আরবের সঙ্গে সম্পাদিত প্রতিরক্ষা সমঝোতা চুক্তি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। তারা বলেন, সৌদি আরব ইয়েমেনের ওপর অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

সন্ত্রাসবাদকে রুখতে সরকারের পাশে আছি, সর্বদলীয় বৈঠকে বার্তা দিল বিরোধীরা-দৈনিক আনন্দবাজার

কাশ্মিরে সন্ত্রাসী হামলা

দেশের নিরাপত্তা আর একতার খাতিরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সারা দেশ একজোট হয়ে লড়বে। এই মর্মে প্রস্তাব পাশ হল শনিবার সংসদে হওয়া সর্বদল বৈঠকে। প্রস্তাবে বলা হয়েছে, ‘১৪ ফেব্রুয়ারি জম্মু–কাশ্মীরের পুলওয়ামায় হওয়া ঘৃণ্যতম জঙ্গিহামলা, যাতে ৪০ জন সিআরপিএফ জওয়ান মারা গিয়েছেন, তার আমরা কড়া ভাষায় নিন্দা করছি’। প্রস্তাবে পুলওয়ামার হামলা বা জঙ্গিদের মদত দেওয়ার জন্য কোথাও পাকিস্তানের নামোল্লেখ করা হয়নি। 

গরুকে ধাক্কা মেরে প্রথম যাত্রাতেই থমকে গেল মোদি সরকারের ‘বন্দে–ভারত’ এক্সপ্রেস-দৈনিক আজকাল

বন্দে ভারত এক্সপ্রেস প্রথম যাত্রাতেই থমকে গেল

যান্ত্রিক গোলযোগে‌ যাত্রার প্রথম দিনেই থমকে গেল ‘বন্দে–ভারত’ এক্সপ্রেস। শনিবার ভোর পাঁচটা নাগাদ বারাণসী থেকে দিল্লি ফেরার পথে উত্তরপ্রদেশের তুন্ডলা থেকে ১৫ কিলোমিটার দূরে বাহরেইনের কাছে আচমকাই দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। শেষপর্যন্ত যান্ত্রিক ত্রুটি সারানোর পর সকাল ৮ টা ১৫ মিনিট নাগাদ ফের যাত্রা শুরু করে ট্রেনটি। রবিবার থেকে এই ইঞ্জিন বিহীন ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হওয়ার কথা ছিল। 

এদিন, সকালে বারাণসী থেকে নয়া দিল্লি ফেরার পথে লাইনে চাকা পিছলে যায় বন্দে ভারত এক্সপ্রেসের। একটি গরুকে চাপা দেওয়ার ফলেই এই ঘটনা ঘটে। শুধু তাই নয়, একটি ট্রেলিং কোচের ব্রেক জ্যাম হয়ে যায়।

অ্যাকশনে ‘লো প্রোফাইল’ জঙ্গিরা, জইশের নয়া কৌশলে উদ্বিগ্ন গোয়েন্দারা-দৈনিক সংবাদ প্রতিদিন

জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সবচেয়ে নিচু স্তরের কর্মী ছিল আদিল আহমেদ দার। তাই তাকে নিয়ে বেশি চিন্তার কিছু নেই বলেই মনে করেছিলেন গোয়েন্দারা। কারণ, দীর্ঘ প্রশিক্ষণ ও মগজধোলাই ছাড়া এই স্তরের জঙ্গিদের অপারেশনে নামানো হয় না। কিন্তু তাঁদের অভিজ্ঞতা বৃহস্পতিবার পুরো পালটে দিয়ে এই আদিলকেই আত্মঘাতী আক্রমণের দায়িত্ব দিয়ে পাঠায় জইশ। তাদের এই পালটে ফেলা কৌশলই গোয়েন্দাদের মাথাব্যথার কারণ হয়ে উঠতে চলেছে।

জঙ্গি সংগঠনগুলির নেতৃত্ব ও কর্মীদের নানা স্তর থাকে। নিরাপত্তাবাহিনীর মতোই। গোয়েন্দা কর্তাদের কাছে খবর ছিল, আদিল গ্রেড ‘সি’ ক্যাটাগরির জঙ্গি। তাই তাকে বিশদ নজরে রাখা বা তার বিরুদ্ধে অভিযান তীব্র করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেনি নিরাপত্তাবাহিনী। কিন্তু পুলওয়ামা কাণ্ডের পর বাহিনীর কর্তারা অশনি সংকেত পেয়েছেন। তাঁদের ধারণা, কৌশল পালটে জইশ এবার আরও বেশি করে তরুণ কাশ্মীরিদের নিয়োগ করবে। যাদের মুখ হবে নিষ্পাপ, চেহারা হবে অতি সাধারণ। যাতে সেনা-পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানের ছাঁকনি গলে তারা বেরিয়ে যেতে পারে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮