একই পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ
-
পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৭ ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- আধা সরকারি কোম্পানির ৬০ কোটির বেশি টাকা নয়ছয়-দৈনিক প্রথম আলো
- নির্বাচনে কয়েকটি বড় দলের অংশ না নেয়া হতাশাজনক: সিইসি-দৈনিক ইত্তেফাক
- একই পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ-দৈনিক নয়া দিগন্ত
- ৫ হাজার কোটি টাকার চেয়ে স্কুলের দুর্নীতি গুরুত্বপূর্ণ-দৈনিক যুগান্তর
- নির্বাচনে অনিয়ম: ট্রাইব্যুনালে ঐক্যফ্রন্টের ৭৬ প্রার্থীর মামলা-দৈনিক যুগান্তর
- চৌগাছায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, যুবলীগ নেতা নিহত-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- জম্মু কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা তুলে নেওয়া হল-তালিকায় নেই গিলানি-দৈনিক আনন্দবাজার
- নির্দেশিকার পরও নিগৃহীত কাশ্মীরীরা, উপত্যকায় তৃতীয় দিনে কার্ফু-দৈনিক আজকাল
- পাকিস্তানকে ভাতে মারতে তৎপর নয়াদিল্লি, তৈরি চূড়ান্ত কৌশল-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর
নির্বাচনে কয়েকটি বড় দলের অংশ না নেয়া হতাশাজনক: সিইসি-দৈনিক ইত্তেফাক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপিসহ বড় কয়েকটি রাজনৈতিক দল অংশ নেবে না। এটা নির্বাচন কমিশনের (ইসি) জন্য হতাশাজনক খবর। আজ রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। নির্বাচন প্রতিযোগিতামূলক হবে আশা প্রকাশ করে সিইসি বলেন, ‘নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। কারণ, এটি স্থানীয় সরকারের নির্বাচন। এ ধরনের নির্বাচনে স্থানীয়রা প্রার্থী হওয়ায় নির্বাচন অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়।’
৫ হাজার কোটি টাকার চেয়ে স্কুলের দুর্নীতি গুরুত্বপূর্ণ: দুদক চেয়ারম্যান-দৈনিক যুগান্তর
৫ হাজার কোটি টাকা আত্মসাতের চেয়ে স্কুলের দুর্নীতি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।রোববার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। গত সপ্তাহে দেশব্যাপী কোচিং সেন্টারে দুদকের অভিযানসংক্রান্ত একটি রিটের শুনানিতে হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন- ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে আর শিক্ষকদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে দুদক। আদালতের এ বক্তব্যের প্রতি সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে দুদক চেয়ারম্যান এ মন্তব্য করেন।
আধা সরকারি কোম্পানির ৬০ কোটির বেশি টাকা নয়ছয়-দৈনিক প্রথম আলো
তেল কোম্পানিতে লুটপাট। মহাব্যবস্থাপক আর বেসরকারি মালিকদের এক ভাই মিলে অন্তত ৬১ কোটি টাকা তুলেছেন। কোম্পানির নানা স্তরের অন্তত পাঁচজন কর্মকর্তার অভিযোগ। এই কোম্পানির নাম স্ট্যান্ডার্ড এশিয়াটিক কোম্পানি লিমিটেড (এসএওসিএল), সাবেক ‘এসো’। নানা ধরনের লুব্রিকেন্ট তেল এদের পণ্য।
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-দুর্নীতি না কমলে সব অর্জন শেষ। বিস্তারিত খবরে লেখা হয়েছে, টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের সময় আবারও দুর্নীতি দমনের বিশেষ অঙ্গীকার করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। দলটির নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অর্থাৎ শূন্য সহিষ্ণুতার নীতি গ্রহণের প্রতিশ্রুতি আছে।
জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘হয় নিজে নিজে শুধরাতে হবে, নইলে কঠোর ব্যবস্থা।’ প্রধানমন্ত্রী আরও নানা উপলক্ষে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন। একই ধারায় বক্তৃতা-বিবৃতি দিয়েছেন তাঁর সরকারের একাধিক কর্তাব্যক্তি।তবে দুর্নীতি নজরদারির প্রতিষ্ঠান ও ব্যক্তিরা বলছেন, এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে ‘জিরো টলারেন্স’ নীতির পদক্ষেপগুলো বিশদ পরিকল্পনা করে এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করা। কারা কীভাবে দুর্নীতি কমাবে, সেটা ঠিক করতে হবে।২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারেও আওয়ামী লীগ দুর্নীতি প্রতিরোধের জোরালো অঙ্গীকার করেছিল। কিন্তু গত ১০ বছরে দেশে দুর্নীতি কমেনি, বরং তার বিস্তার ঘটেছে ব্যাপক।
চৌগাছায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, যুবলীগ নেতা নিহত-দৈনিক মানবজমিন
যশোরের চৌগাছায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল বারিক (৪৫) নিহত হয়েছেন। একই ঘটনায় তার সহোদর আনিছুর রহমান (৪০) মারাত্মক আহত হয়েছেন। আজ সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের চারাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারিক ওই গ্রামের আজিজুর রহমানের পুত্র ও স্থানীয় ৩নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের আহব্বায়ক ও চৌগাছা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়
একই পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ-দৈনিক নয়া দিগন্ত
ইসলাম শান্তির ধর্ম, আর এ ধর্মে রয়েছে মানুষের জন্য কল্যাণকর জীবনব্যবস্থা। এমন আত্ম-উপলব্ধি থেকে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের একই পরিবারের ৫ জন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।গত বৃহস্পতিবার লক্ষ্মীপুর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে এফিডেভিটের করে একই পরিবারের ৫ জন সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। খবরটি জানাজানি হলে রামগঞ্জব্যাপী ব্যাপক সাড়া দেখা যায়। শুক্রবার জুম্মার নামাজের পর তাদের জন্য বিভিন্ন মসজিদে দোয়া করা হয় ।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
নির্দেশিকার পরও নিগৃহীত কাশ্মীরীরা, উপত্যকায় তৃতীয় দিনে কার্ফু-দৈনিক আজকাল
পুলওয়ামায় হামলার পর থেকেই অগ্নিগর্ভ জম্মু–কাশ্মীর। সম্পূর্ণ রাজ্যে চলছে অঘোষিত বন্ধ। রবিবার তৃতীয় দিনে পড়ল কার্ফু। বন্ধ দোকানপাট। শুনশান রাস্তায় শুধু সামরিক এবং পুলিসের গাড়ির টহল। লোক চলাচলও অত্যন্ত নগন্য। সারা উপত্যকাই নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। এদিকে, ৪৪ জন সিআরপিএফ–এর জওয়ান হত্যার প্রতিবাদের নেশায় ফুটছে সারা দেশ। বিভিন্ন জায়গায় কাশ্মীরীদের উপর মারধর, নিগ্রহ শুরু হয়েছে। দেরাদুন, হরিয়ানায় কাশ্মীরী ছাত্রদের বাড়ি ছেড়ে দিতে হুমকি দিয়েছেন বাড়িওয়ালারা বলে অভিযোগ। পাটনায় কাশ্মীরী শালবিক্রেতাদের দোকান ভাঙচুর করে জনতা।
জম্মু কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা তুলে নেওয়া হল-তালিকায় নেই গিলানি-দৈনিক আনন্দবাজার
পুলওয়ামায় জঙ্গিদের হামলায় সেনা জওয়ানদের মৃত্যুর পর থেকে উত্তপ্ত জম্মু–কাশ্মীর৷ চলছে বিক্ষিপ্ত হিংসা৷ এই অবস্থায় কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতাদের আর কোনওভাবেই নিরাপত্তা দেওয়ার কথা ভাবল না সরকার৷ ফলে হুরিয়ত কনফারেন্সের শীর্ষ নেতাদের নিরাপত্তা বলয় তুলে নেওয়া হচ্ছে৷
জানা গিয়েছে, ইতিমধ্যেই জম্মু–কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা মীরওয়াইজ উমর ফারুকের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে৷ হুরিয়ত কনফারেন্সের অন্যান্য নেতৃত্বদেরও নিরাপত্তা দ্রুত তুলে নেওয়া হচ্ছে৷ তারা যেসব সরকারি সুযোগ পান সেটাও তুলে নেওয়া হবে৷মোট পাঁচজন বিচ্ছিন্নতাবাদী নেতাদের ওপর থেকে এই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে।
পাকিস্তানকে ভাতে মারতে তৎপর নয়াদিল্লি, তৈরি চূড়ান্ত কৌশল-দৈনিক সংবাদ প্রতিদিন
সহ্যের সমস্ত সীমা লঙ্ঘন করেছে পাকিস্তান৷ পুলওয়ামা জঙ্গি হানায় মদত দিয়ে আরও একবার নিজেদের স্বরূপ প্রকাশ করেছে ইসলামাবাদ৷ তারা বুঝিয়ে দিয়েছে সন্ত্রাসবাদ তাদের ভিত্তি, জঙ্গিরা তাদের ভবিষ্যৎ৷ এর ফলও ভুগতে হচ্ছে ইমরান খান প্রশাসনকে। একদিকে আন্তর্জাতিক মহলের রোষের মুখে পড়েছে তারা৷ অন্যদিকে, পাক সেনা ও আইএসআইকে উচিত শিক্ষা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে ভারত৷ কিন্তু একটু অন্য ভাবে৷ প্রথমেই ‘হাতে’ না মেরে, ‘সন্ত্রাসপ্রেমী’ পাকিস্তানকে ‘ভাতে’ মারার পথ মসৃণ করতে চাইছে নয়াদিল্লি৷ পাকিস্তান থেকে আমদানিকৃত পণ্য ভারত সীমান্তে খালাস করতে হলে, এবার বাড়তি শুল্ক গুনতে হবে। অর্থনৈতিক ভাবে তাদের আরও পঙ্গু করে দিতে এই কৌশল নিয়েছে কেন্দ্র৷#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন