ফেব্রুয়ারি ২৩, ২০১৯ ১৩:৪৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৩ ফেব্রয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • ব্যবসায়ীরা সরতে রাজি না হওয়া দুঃখজনক: প্রধানমন্ত্রী-দৈনিক প্রথম আলো
  • ‘চকবাজার অগ্নিকাণ্ডে বিএনপির সংশ্লিষ্টতা আছে কিনা, খতিয়ে দেখা প্রয়োজন’- দৈনিক যুগান্তর
  • ‘চুড়িহাট্টা যেন এক মৃত্যুপুরী’-সামাজিক যোগাযোগমাধ্যমে চকবাজার ট্র্যাজেডি-দৈনিক মানবজমিন
  • চিকিৎসার জন্য খালেদা জিয়ার অপেক্ষা- দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • এরো ইন্ডিয়া শো এর পার্কিং লটে আগুন, ভষ্মীভূত ৩০০ গাড়ি-দৈনিক আজকাল
  • কাশ্মীরে আরও ১০০ কোম্পানি আধাসেনাকে মোতায়েন করা হল-দৈনিক আনন্দবাজার
  • অসমে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০২  -দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. পুরান ঢাকার কেমিক্যাল উচ্ছেদ অভিযান শুরু- এরকম একটি খবর আজকের সব পত্রিকার অনলাইন ভার্সনে দেখা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে- এই অভিযানের ভবিষ্যত কী বলে আপনি মনে করেন?

২. ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা তুঙ্গে। ভারত হামলার হুমকি দিয়েছে এবং পাকিস্তান জবাব দেয়ার কথা বলেছে। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

আজও বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুলোতে প্রধান খবর হিসেবে পরিবেশিত হয়েছে 'চকবাজার ট্রাজেডি'।

এ সম্পর্কে দৈনিক প্রথম আলোর কয়েকটি শিরোনাম তুলে ধরছি।

চকবাজার ট্রাজেডিতে আগুনে পুড়ে মৃতদের পরিবারের আহাজারি

মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি।নিচে বিস্ফোরক ওপরে বসবাস। চকবাজারে  রাসায়নিক কারখানা সরাতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চকবাজার ট্রাজেডি- ৯ বছরে কী করেছেন তারা? ১৬ হাজার অগ্নিকাণ্ড-১০ বছরে নিহত১৫৯০ জন। বিপন্নকেই দুষতে হবে কেন?

প্রথম আলোর আরেকটি শিরোনাম হচ্ছে-ব্যবসায়ীরা সরতে রাজি না হওয়া দুঃখজনক: প্রধানমন্ত্রী

চকবাজারে অগ্নিদগ্ধদের দেখতে বার্ণ ইউনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খবরটিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিমতলীতে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনার পরে রাসায়নিকের গোডাউন সরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কেরানীগঞ্জে তাঁদের জন্য জায়গাও দেওয়া হয়েছিল। কিন্তু ব্যবসায়ীরা তাতে রাজি হননি। একে দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ব্যক্তিদের দেখতে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি আধা ঘণ্টা অবস্থান করেন। এ সময় তিনি সেখানে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা কেরানীগঞ্জে আধুনিক গোডাউন করে দিতে চেয়েছিলাম। কারণ, রাসায়নিকের গুদামজাতকরণে বিশেষ ব্যবস্থা নিতে হয়।’ ওই প্রকল্প অনুযায়ী ব্যবস্থা নিতে চান বলে জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া পুরান ঢাকার সরু রাস্তাগুলো নতুন করে করার কথা বলেন তিনি।

চুড়িহাট্টার ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। ঘটনা জানার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়েছিল। কিন্তু পানির সংকট দেখা দিয়েছিল। খাল, বিল, পুকুর ভরাট করায় পানি পেতে অসুবিধা হয়েছে। হেলিকপ্টার দিয়েও আগুন নেভানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় তা দূরে ছিল।

বার্ন ইউনিটে চিকিৎসাধীন রোগীদের সুচিকিৎসার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, অগ্নিদগ্ধ ব্যক্তিদের বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। তাদের যেকোনো সময় সংক্রমণ হতে পারে। এ ঘটনায় উদ্ধারকর্মী ও চিকিৎসকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

গাড়ির গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত: সাঈদ খোকন-দৈনিক যুগান্তর

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। শনিবার পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে ওয়াহেদ ম্যানশনের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মেয়র বলেন, অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সেখানে দেখা গেছে গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। ‘এছাড়া গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে-এমন তথ্য আমি পুলিশের মাধ্যমেও জানতে পেরেছি,’ বলেন তিনি। মেয়র আরও বলেন, এলাকায় যেসব বাড়িতে রাসায়নিকের গুদাম আছে, তা দ্রুত সরিয়ে নিতে হবে। কোনো বাড়িতে রাসায়নিকের গুদাম পাওয়া গেলে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, বুধবার রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনের কেমিক্যাল গুদামে আগুন লাগে। এ ঘটনায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। আহত ৪১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

‘চকবাজার অগ্নিকাণ্ডে বিএনপির সংশ্লিষ্টতা আছে কিনা, খতিয়ে দেখা প্রয়োজন’-দৈনিক যুগান্তর

বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

গণতন্ত্রের সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, চকবাজারের আগুনের সঙ্গে গণতন্ত্রের কী সম্পর্ক আমি জানি না। তবে এই কথার মাধ্যমে এটিই ব্যাখ্যা দেয়া যায়, তাহলে কি পেট্রলবোমার মতো এটির সঙ্গেও তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, সেটি খতিয়ে দেখা প্রয়োজন। শনিবার সকালে চট্টগ্রামের আন্দরকিল্লার বাসায় দুটি কবিতার বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। চকবাজারের অগ্নিকাণ্ড নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্র নেই বিধায় চকবাজারে আগুন লেগেছে, ফখরুল সাহেবের এসব বক্তব্য দায়িত্বহীনতার পরিচয় বহন করে।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি মহাসচিব। এ সময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, ‘সরকারের মন্ত্রীরা অনেক কথা বলছেন সবাই। কিন্তু তারা ঠিক যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করছেন না। একটা জিনিস আমরা লক্ষ করছি যে, দায়িত্বহীনতা এবং এটা এত বেড়ে গেছে কারণ হচ্ছে আপনাদের অ্যাকাউন্টিবিলিটি নাই। কোথাও কোনো জবাবদিহিতা নাই। একটার পর একটা এ ধরনের গণতন্ত্রহীনতা সে অবস্থাকে একিউজ করে তুলছে।’

চিকিৎসার জন্য খালেদা জিয়ার অপেক্ষা-দৈনিক নয়া দিগন্ত

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়। তার শারীরিক সমস্যাগুলো বাড়ছে। খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, তিনি প্রচণ্ড অসুস্থ তাই গত ১২ ফেব্রুয়ারি ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে তাকে চিকিৎসা প্রদানের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। এখনো তার চিকিৎসার ব্যাপারে আদেশ পাওয়া যায়নি।

আইনজীবীরা জানান, গুরুতর অসুস্থ খালেদা জিয়া হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না। গত বুধবার অসুস্থতার কারণে তিনি শুয়ে ছিলেন, এ জন্য তাকে আদালতে আনা হয়নি। দুদকের আইনজীবী অবশ্য বলছেন তিনি ঘুমিয়ে ছিলেন। এ জন্য দ্রুত চিকিৎসার বিষয়ে আদেশ দেয়া প্রয়োজন। বর্তমানে নাইকো ও গ্যাটকো দুর্নীতি মামলায় তাকে হুইল চেয়ারে করেই আদালতে হাজির করা হয়। 

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

আসামে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১০২-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের আসমে বিষাক্ত দেশি মদপান করে ৯ নারীসহ ১০২ জনের মৃত্যু

ভারতের আসমে বিষাক্ত দেশি মদপান করে ৯ নারীসহ ১০২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও ২০০। এ পরিস্থিতিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন।  মারা যাওয়া সবাই গোলাঘাটের শালমারা চা-বাগানকর্মী। ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে, এই ঘটনার জেরে শনিবার থেকে লালিগুড় নিষিদ্ধ করেছে অসম সরকার। এতদিন পশুখাদ্য হিসেবেই ওই বস্তুটির ব্যবহারের অনুমতি ছিল, কিন্তু ওই লালিগুড় দিয়েই অবাধে চোলাই মদ তৈরি চলছিল। আর তা থেকেই ঘটে বিপত্তি বলে চা-শ্রমিকদের একাংশেরও অভিযোগ। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গুয়াহাটির সরকারি হাসপাতালের চিকিৎসক দিলীপ রাজবংশী বলেন, ‘বিষাক্ত দেশি মদ’ পান করার জন্যই এই মৃত্যু।

এরো ইন্ডিয়া শো এর পার্কিং লটে আগুন, ভষ্মীভূত ৩০০ গাড়ি-দৈনিক আজকাল

এরোইন্ডিয়া ২০১৯–এর প্রদর্শনীতে আগুন পুড়ে গেছে ৩০০ গাড়ি

ফের দুর্ঘটনা বেঙ্গালুরুর ইয়ালাহাঙ্কা বিমানঘাঁটিতে চলা এরোইন্ডিয়া ২০১৯–এর প্রদর্শনীতে। শনিবার দুপুর ১২.‌১৭ মিনিট নাগাদ পাঁচ নম্বর গেটের কাছের পার্কিং লটে আগুন লাগে। ভস্মীভূত হয়ে গিয়েছে ৩০০টি গাড়ি। সেই সময় সকালের প্রদর্শনী চলছি। আচমকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। তৎক্ষণাৎ স্থগিত করে দেওয়া হয় প্রদর্শনী। দমকল প্রধানের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। যান বায়ুসেনার পুলিস এবং সিআইএসএফ–এর অফিসাররা। ওই পার্কিং লটেই পার্ক করা ছিল প্রদর্শনীতে ব্যবহারের জন্য আনা কয়েকশো বিমান। এছাড়া ছিল প্রচুর বাইক, স্কুটার, স্কুটির মতো দুচাকার যানও। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান, কেউ জ্বলন্ত সিগারেটের টুকরো শুকনো ঘাসের উপর ফেলেছিলেন। সেখান থেকেই আগুন লাগে। দমকলের ডিজি এমএন রেড্ডি পরে টুইটারে জানান, ‘মোট ৩০০টি গাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে।

কাশ্মীরে আরও ১০০ কোম্পানি আধাসেনাকে মোতায়েন করা হল-দৈনিক আনন্দবজার

Image Caption

পুলওয়ামা হামলার পর থেকেই আরও উত্তপ্ত কাশ্মীরে পরিস্থিতি। আর এবার জরুরি ভিত্তিতে ১০০ কোম্পানি আধাসামরিক বাহিনীকে ‘এয়ার লিফট’ করে নিয়ে যাওয়া হল জম্মু–কাশ্মীরে। শুক্রবার রাতের দিকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বিশেষ নোটিস দেওয়া হয়। আর নির্দেশিকার পরই তাদের পাঠানো হয়েছে কাশ্মীরে।

একদিকে, উপত্যকায় লুকিয়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই। অন্যদিকে, সীমান্তে অনুপ্রবেশ রুখতেই এত সংখ্যক আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে জম্মু–কাশ্মীরে। এমনটাই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী নেতাদের উপর থেকে নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবারই গ্রেপ্তার করা হয়েছে বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে। তারপরই এই বিশাল সংখ্যক আধাসামরিক মোতায়েন করা হল সেখানে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩