ফেব্রুয়ারি ২৪, ২০১৯ ১২:০১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৪ ফেব্রুয়ারি রোববারে কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের পদত্যাগ চাইলেন রিজভী-দৈনিক যুগান্তর
  • ‘অনুসন্ধান বা তদন্ত নির্ধারিত সময়ে হচ্ছে না কেন?’-দৈনিক প্রথম আলো
  • বঙ্গবন্ধু টানেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ শুরু-দৈনিক ইত্তেফাক৩৫০ কোটি টাকা লুটে লাপাত্তা শামিম-ঋণ
  • নিতে একাধিক ব্যাংকে একই জামানত, ভয়াবহ জালিয়াতিতে বিস্ময়-বাংলাদেশ প্রতিদিন
  • ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট-দৈনিক নয়া দিগন্ত
  • ছাত্রদলের ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • ‘রুটিন’ অভিযান ঘিরে আতঙ্ক বাড়ছে কাশ্মীরে-দৈনিক আনন্দবাজার
  • ভাদোহির বিস্ফোরণে মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্যের-দৈনিক আজকাল
  • রাজনীতিতে যোগ দিতে চান প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরা!-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর 

চকবাজারে আগুনে পুড়ে মারা যাওয়াদের স্বজনদের আহাজারি

চকবাজার ট্রাজেডির ঘটনার ৪ দিন হয়ে গেল। আজও বাংলাদেশের প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালে চকবাজার ট্রাজেডির ফলোআপ খবর বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু টানেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ শুরুর খবরটিও প্রায় সব দৈনিকে এসেছে।

চকবাজার সম্পর্কে দৈনিক সমকালের শিরোনাম-চকবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট

বাংলাদেশের রাজধানী ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

খবরটিতে বলা হয়েছে, পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারের জন্য ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে পুরান ঢাকায় রাসায়নিক গুদাম অপসারণ, অগ্নিকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং অবৈধ স্থাপনা ভাঙার বিষয়ে হাইকোর্টের কাছে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।সোমবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে বলেও জানান তিনি।

আর প্রথম আলোর একটি প্রতিবেদনের শিরোনাম এরকম যে, বিশেষজ্ঞ অভিমত

চকবাজারে আগুন

দায়ী ব্যক্তিদের ছাড় দেওয়া যাবে না। বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে, একুশে ফেব্রুয়ারির প্রাক্কালে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য যখন আমাদের সকল মনোযোগ একই দিকে নিবিষ্ট, সেই সময়ে ঢাকার চকবাজারের চুড়িহাট্টা নামের জনপদটি এক ভয়ানক অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেল। একুশের শহীদদের শোকের সঙ্গে যুক্ত হলো নাম না জানা অনেকগুলো মানুষের করুণ মৃত্যুর শোক। এ পর্যন্ত যা হিসাব পাওয়া গেছে তাতে এই ভয়াবহ দুর্ঘটনায় ‘মৃতে’র সংখ্যা ৮১ ছুঁয়েছে। তবে সরকারি হিসাবে মারা গেছেন ৬৭ জন। এই অগ্নিকাণ্ডে নারী-পুরুষসহ রেহাই পায়নি অবোধ শিশুরাও। এ ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ বলব, নাকি হত্যাকাণ্ড? যে মানুষগুলো প্রাণ হারালেন, তাঁদের ‘মৃত’ বলা হবে নাকি ‘নিহত’?

গণমাধ্যমেই দেখছি চকবাজারের ঘটনা নিয়ে সরকারের একেক ব্যক্তি একেক রকম কথা বলছেন। যাঁরা ঘটনার তদন্ত করছেন, তাঁদের সঙ্গে স্থানীয় মানুষের ভাষ্য মিলছে না। কার দোষ বা অবহেলা আড়াল করার জন্য এই অসামঞ্জস্য? আমার মতে, নিমতলী ও চুড়িহাট্টার অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয়, বরং অবহেলাজনিত হত্যাকাণ্ড। আইনের দৃষ্টিতে পরিকল্পনাজনিত হত্যাকাণ্ড বলে এটি গণ্য হবে না বটে, তাই বলে অসচেতনতা বা অজ্ঞানতাপ্রসূত বলে দায়ী ব্যক্তিকে ছাড়ও দেওয়া যাবে না। নিমতলীর অভিজ্ঞতা আমাদের রয়েছে।

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এ সম্পর্কিত কয়েকটি খবরের শিরোনা তুলে ধরছি। চকবাজার ট্রাজেডিতে আগুনের দায় কার। দায় এড়ানোর সুযোগ দিচ্ছে সরকার। ব্যবসায়ী সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন। আর দৈনিক যুগান্তরের একটি খবরের শিরোনাম-চকবাজার অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের পদত্যাগ চেয়েছেন বিএনপি নেতা রিজভী।

‘অনুসন্ধান বা তদন্ত নির্ধারিত সময়ে হচ্ছে না কেন?’-দৈনিক প্রথম আলো

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, যেসব কর্মকর্তা ঘুষ খান কিংবা দুর্নীতি করেন, তাঁরা যেমন অসৎ, আবার যাঁরা দায়িত্ব পালন করেন না কিংবা করতে পারেন না, তাঁরাও অসৎ। আজ রোববার সংস্থার প্রধান কার্যালয়ে কমিশনের কর্মকর্তাদের ভূমি ব্যবস্থাপনা শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।ইকবাল মাহমুদ বলেন, দুদকের অনুসন্ধান ও তদন্ত পরিপূর্ণভাবে ডকুমেন্ট তথা কাগজনির্ভর। আবার দুর্নীতি দমন কমিশন আইন অনুসারে অনুসন্ধান বা তদন্তকাজে কমিশনের বিশেষ ক্ষমতা রয়েছে। যেকোনো ব্যক্তিকে অনুসন্ধান বা তদন্তসংশ্লিষ্ট তথ্য সরবরাহ করার জন্য আইনি নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে কমিশনের। কেউ এই নির্দেশ পালন না করলে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়ায় কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় প্রকার দণ্ড প্রদানের বিধানও রয়েছে। তারপরও কেন কমিশনের অনুসন্ধান বা তদন্ত আইন অনুসারে নির্ধারিত সময়ে সম্পন্ন হচ্ছে না? কেন কিছু কর্মকর্তা নির্ধারিত সময়ে তদন্তসংশ্লিষ্ট তথ্য–উপাত্ত সংগ্রহ করতে পারছেন না? এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদেরই নিতে হবে। ইকবাল মাহমুদ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নিজে দুর্নীতিমুক্ত না থাকলে এবং চলন-বলনে তথা আচরণের উৎকর্ষ না থাকলে কেউ শ্রদ্ধা করে না। এটাও সবাইকে মাথায় রাখতে হবে। 

বঙ্গবন্ধু টানেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ শুরু-দৈনিক ইত্তেফাক

Image Caption

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ প্রকল্পের খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বেলা সোয়া ১১টায় টানেল প্রকল্প এলাকার কনস্ট্রাকশন ইয়ার্ডে সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে এ খনন কাজের উদ্বোধন করেন তিনি। এরপর প্রধানমন্ত্রী সেখানেই আরেকটি মঞ্চ থেকে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বঙ্গবন্ধু টানেল চালু হলে চট্টগ্রাম শহরের বন্দর এলাকার সঙ্গে কর্ণফুলি নদীর অন্য তীরের আনোয়ারা উপজেলাকে সড়কপথে যুক্ত হবে। তাছাড়া পর্যটন নগরী কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। যানবাহনের চাপ কমবে কর্ণফুলীর দুই সেতুর ওপর।

প্রকল্প সূত্রে জানা যায়, কর্ণফুলী নদীর তলদেশে ৯ হাজার ৮৮০ কোটি টাকায় নির্মাণ করা হচ্ছে ৩ হাজার ৫ মিটার দীর্ঘ টানেল। এটি দেশের প্রথম টানেল প্রকল্প। টানেলটি নেভাল একাডেমি পয়েন্ট থেকে শুরু হয়ে কাফকো ও সিইউএফএল পয়েন্টের মাঝখান দিয়ে অপর প্রান্তে যাবে। ৪ হাজার ৭৯৯ কোটি ৪৪ লাখ টাকার যোগান দেবে চীনের এক্সিম ব্যাংক। বাকি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে।

৩৫০ কোটি টাকা লুটে লাপাত্তা শামিম-ঋণ নিতে একাধিক ব্যাংকে একই জামানত, ভয়াবহ জালিয়াতিতে বিস্ময়-বাংলাদেশ প্রতিদিন

একািধক ব্যাংক থেকে প্রতারণা করে টাকা উত্তোলনকারী শামিম

একই জমি একই ফ্ল্যাটের দলিল জামানত রেখে একাধিক ব্যাংক থেকে তুলেছেন ঋণ। ভুয়া কোম্পানি দেখিয়ে ঋণ নিতে জালিয়াতির অভিনব এ ঘটনা ঘটে সরকারি-বেসরকারি কয়েকটি ব্যাংকে। একসময়ের ক্ষুদ্র স্টেশনারি সাপ্লাই ব্যবসায়ী এখন শত শত কোটি টাকার মালিক। বিত্ত-বৈভব গড়েছেন দেশ ও দেশের বাইরে। ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করে দিয়েছেন। কোম্পানি একই, শুধু নাম পাল্টিয়ে একই জমি, ফ্ল্যাট বন্ধক রেখে প্রায় সাড়ে তিন শ কোটি টাকা হাতিয়ে নিয়ে এখন লাপাত্তা মুজিবর রহমান শামিম নামে এক ব্যবসায়ী। কখনো ট্রেডিং ব্যবসা, কখনো কারখানার নামে ব্যাংক ঋণ নিয়ে আর ফেরতও দিচ্ছেন না। সব ব্যাংকেই এখন খেলাপিতে পরিণত তার ঋণ। ঋণ নিতে তিনি নিজের একাধিক ঠিকানাও ব্যবহার করেছেন। এ ঠিকানায় রয়েছে ঢাকা ও খুলনায় অফিস ও নিজের স্থায়ী ঠিকানা। ব্যাংকগুলোর ঢাকা ও খুলনার শাখা থেকে এসব ঋণ নিয়েছেন সুবিধা অনুযায়ী। নিজের নামের পাশাপাশি বেনামে ঋণ নেওয়ার পর এখন ব্যাংকগুলো তাকে খুঁজে পাচ্ছে না।

ছাত্রদলের ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও-দৈনিক মানবজমিন

ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল সাতদফা দাবিতে উপাচার্যে কার্যালয় ঘেরাও করে রেখেছে। সাত দফা দাবির মধ্যে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলের পরিবর্তে একাডেমিক ভবনে করা। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে ছাত্রদল। আর দৈনিক নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে, ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট হাইকোর্টে রিট দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী ও কেন্দ্রীয় ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

‘রুটিন’ অভিযান ঘিরে আতঙ্ক বাড়ছে কাশ্মীরে-দৈনিক আনন্দবাজার

কাশ্মিরে গ্রেফতার অভিযান

সরকারের দাবি, নেহাতই ‘রুটিন’ বিষয়। কিন্তু পুলওয়ামা কাণ্ডের পরে তা থেকেই বারবার আতঙ্ক ছড়াচ্ছে কাশ্মীরে। দীর্ঘস্থায়ী অশান্তি থেকে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ, অনেক সম্ভাবনাই ঘুরছে উপত্যকার বাসিন্দাদের মাথায়। 

গত রাতে অভিযান চালিয়ে বিচ্ছিন্নতাবাদী নেতা-সহ অন্তত ২০০ জনকে গ্রেফতার করেছে বাহিনী। তাঁদের মধ্যে রয়েছেন জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট নেতা ইয়াসিন মালিক ও জামাত-ই-ইসলামি নেতা আব্দুল হামিদ ফয়েজ। পাশাপাশি কাশ্মীরে আরও ১০০ কোম্পানি আধাসেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। ওই বাহিনীকে আকাশপথে শ্রীনগরে নিয়ে যাওয়া হবে। এর মধ্যে থাকছে ৩৫ কোম্পানি বিএসএফ। আসছে আইটিবিপি-ও। ২০১৬ সালে কাশ্মীরে বিএসএফ পাঠানো হলেও এক সপ্তাহ পরই তাদের ফিরিয়ে নেওয়া হয়। ১৪ বছর পরে কাশ্মীরে মোতায়েন হতে চলেছে  বিএসএফ। স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র বলছে, ভোটের আগে এটাও ‘রুটিন’ বিষয়।

জামাতের দাবি, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৫এ অনুচ্ছেদের বিরুদ্ধে মামলা নিয়ে কয়েক দিনের মধ্যেই শুনানি রয়েছে। তার আগেই যে ভাবে অভিযান চালানো হচ্ছে তাতে বোঝা যায়, সরকারের কোনও ‘গোপন অভিসন্ধি’ আছে। দিল্লির বিজেপি সূত্রেও খবর, সম্প্রতি ৩৫এ অনুচ্ছেদ নিয়ে বিজেপি-আরএসএস শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়েছে। তাতে স্থির হয়েছে, ৩৫এ অনুচ্ছেদ নিয়ে কিছুটা কড়া অবস্থান নেওয়া হবে। কারণ, তা না হলে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে বর্ণিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার বিরুদ্ধে বিজেপির লড়াই কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আজ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে কাশ্মীর পরিস্থিতি নিয়ে দীর্ঘ বৈঠক করেন খোদ প্রধানমন্ত্রী।

রাজনীতিতে যোগ দিতে চান প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরা!-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা

প্রিয়াঙ্কা গান্ধীর পথে হেঁটে এবার রাজনীতিতে যোগ দিতে চান তাঁর স্বামী রবার্ট বঢরা। সম্প্রতি একটি ফেসবুক পোস্টে সেরকমই ইঙ্গিত দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভগ্নীপতি। ওই পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘‘এত বছরের অভিজ্ঞতা ও শিক্ষা নষ্ট না করে সেটা আরও ভাল কাজে ব্যবহার করা উচিত। সমস্ত অভিযোগ থেকে মুক্ত হওয়ার পর মানুষের সেবায় আমি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চাই।’’

তিনি বলেন, ‘‘বহু বছর ও মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে প্রচার ও কাজ করেছি। তবে উত্তরপ্রদেশে কাজ করার সময় আমার মনে হয়েছে এখানকার মানুষদের জন্য আমি অনেক কিছু করতে পারি। তাদের জীবনে ছোট হলেও পরিবর্তন আনতে পারি। কিছু এলাকায় দেখেছি, সেখানকার মানুষ আমার পরিচয় জানতে পেরে এত ভালবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন যে আমি অভিভূত।’’

ভাদোহির বিস্ফোরণে মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্যের-দৈনিক আজকাল

উত্তর প্রদেশের বারাণসী জেলার ভাদোহিতে কার্পেট কারখানায় বিস্ফোরণে মৃত ১৩ জনের মধ্যে নয়জন মালদার বাসিন্দা। বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১৩ জনের। জখম আরও ছয়জন। তাঁদের মধ্যে আটজন মালদার এনায়েতপুর এবং একজন কামালপুরের বাসিন্দা। মৃতরা সবাই কার্পেট কারখানায় শ্রমিকের কাজ করতেন। রবিবার মৃতদের পরিবারগুলির সঙ্গে দেখা করতে এনায়েতরপুর যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং সদ্য তৃণমূলে যোগ দেওয়া মৌসম বেনজির নুর। 

ফিরহাদ জানালেন, মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে তাঁরা শোকার্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা নিয়ে মালদা এসেছেন। প্রতিটি পরিবারকে দু’লক্ষ করে টাকা এবং মৃত শ্রমিকদের স্ত্রী, বোনেদের আইসিডিএস–এ চাকরি দেওয়া হবে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪