মার্চ ০৭, ২০১৯ ১৩:২৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৭ মার্চ বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বিএনপির নির্বাচিতরাও মনসুরকে অনুসরণ করবেন, আশা তথ্যমন্ত্রীর-দৈনিক যুগান্তর
  • সুলতানের শপথ ‘রাজনৈতিক ছলনা’: বিএনপি-দৈনিক প্রথম আলো
  • বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিমুক্ত হয়েছে, একদিন মাদক মুক্ত হবে: আইজিপি-দৈনিক ইত্তেফাক
  • সরকার ঢাকা মহানগরীতে রাসায়নিক গুদাম থাকতে দেবে না : প্রধানমন্ত্রী-দৈনিক নয়া দিগন্ত
  • চুড়িহাট্টা ট্র্যাজেডি আরও দুই লাশ হস্তান্তর-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • জম্মু বাসস্ট্যান্ডে গ্রেনেড বিস্ফোরণ, গুরুতর জখম ২৮-দৈনিক আনন্দবাজার -দৈনিক আনন্দবাজার রাফায়েল চুক্তিতে বাইপাস সার্জারি করেছেন প্রধানমন্ত্রী, ফের তোপ রাহুলের-দৈনিক সংবাদ প্রতিদিন যোগির রাজ্যে ২ কাশ্মিরি ফল বিক্রেতাকে  বেধড়ক মারধর -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর 

সুলতানের শপথ ‘রাজনৈতিক ছলনা : বিএনপি-দৈনিক প্রথম আলো

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত না মেনে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর ‘রাজনৈতিক ছলনা’ ও ‘অঙ্গীকার ভঙ্গ’ করেছেন বলে মন্তব্য করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে রিজভী বলেন, যারা অঙ্গীকার ভাঙে, তারা গণশত্রুতে পরিণত হবে। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, সুলতান মনসুর জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের নেতা। তাঁর ব্যাপারে গণফোরামই সিদ্ধান্ত নেবে। একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে জয়ী হন সুলতান মনসুর। জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে শপথ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সুলতান মনসুর সেই সিদ্ধান্ত অমান্য করে আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন।

বিএনপির নির্বাচিতরাও মনসুরকে অনুসরণ করবেন, আশা তথ্যমন্ত্রীর-দৈনিক যুগান্তর

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিতরাও সুলতান মোহাম্মদ মনসুরকে অনুসরণ করবেন বলে আশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে চলচ্চিত্র প্রকাশনা অধিদফতরের আয়োজনে ৭ মার্চের আলোচনাসভা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করায় তাকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি, বিএনপির নির্বাচিতরাও মনসুরের পদাঙ্ক অনুসরণ করবেন। হাছান মাহমুদ বলেন, নেতিবাচক রাজনীতির ধারাবাহিকতা থেকে বিএনপি বেরিয়ে আসবে।

বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিমুক্ত হয়েছে, একদিন মাদক মুক্ত হবে: আইজিপি-দৈনিক ইত্তেফাক

পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘জনগণের সহায়তা ছাড়া পুলিশের কাজ করা সম্ভব না, বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিমুক্ত হয়েছে, জনগণকে সঙ্গে নিয়ে পুলিশ একদিন বাংলাদেশকে মাদক মুক্ত করে ছাড়বে এবং আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়বো। প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখিয়েছেন আমরা সবাই মিলে তা বাস্তবায়ন করবো। পুলিশ যে জনগণের বন্ধু তা কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে।’ আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ২ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ৩য় তলা নতুন ভবনের উদ্বোধন উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘থানা হবে পুলিশের সেবার মূল কেন্দ্রবিন্দু। থানাকে জনগণের আস্থা ও বিশ্বাসের জায়গা হিসেবে গড়ে তুলতে হবে। কোনো নিরীহ লোককে থানায় এনে হয়রানী করা যাবে না। মাদকের ব্যাপারে আমাদের জিরো ট্রলারেন্স ঘোষণা করা হয়েছে। যত বড় গড ফাদার হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। ইদানিং আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য মরন ব্যাধি এই মাদকের সঙ্গে যুক্ত হচ্ছে, ইটি অত্যান্ত দুঃখজনক। তবে আমরা কাউকেই ছাড় দিচ্ছি না, যার বিরুদ্ধে তথ্য আসছে, তাকেই আমরা আইনের আওতায় নিয়ে আসছি।’

চুড়িহাট্টা ট্র্যাজেডি-আরও দুই লাশ হস্তান্তর-দৈনিক মানবজমিন

Image Caption

চুড়িহাট্টা ট্র্যাজিডির ঘটনায় আজ বৃহস্পতিবার ইব্রাহিম ও নুরুল হক নামের আরও দুজনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদুল ইসলাম জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে। পেশায় রিকশাচালক ইব্রাহিমের গ্রামের বাড়ি শরীয়তপুরের ঘোসাইহাটে। স্ত্রী রোকসানা মর্গে এসে তার লাশ বুঝে নেন। আর তরকারি বিক্রতা নুরুল হকের বাড়ি কিশোরগঞ্জে। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে মানুসি সিনেমা হলের সামনে একটি পুরাতন টায়ারের গোডাউনে আগুন লেগেছে।

সরকার ঢাকা মহানগরীতে রাসায়নিক গুদাম থাকতে দেবে না : প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন, সরকার ঢাকা মহানগরীতে কোনো রাসায়নিক গুদাম থাকতে দেবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ ক্ষেত্রে কোন বাধা সহ্য করা হবে না। তিনি বলেন, ‘নিমতলী ট্রাজেডির পরে চকবাজারে এধরণের দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। আমরা অবশ্যই রাজধানী থেকে গুদাম সরিয়ে দেব এবং এ ক্ষেত্রে আমরা কোন বাধা মানবো না।’

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

জম্মু বাসস্ট্যান্ডে গ্রেনেড বিস্ফোরণ, গুরুতর জখম ২৮-দৈনিক আনন্দবাজার 

আর দৈনিক আজকালে বলা হয়েছে ওই ঘটনায় ১ জন নিহত হয়েছে। বিস্তারিত খবরে লেখা হয়েছে, জম্মু বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে বুধবার বেলা ১২টা নাগাদ গ্রেনেড হামলা হয়। হামলায় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েক জন স্থানীয় বাসিন্দা। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের মধ্যে কোনও আরোহী ছিলেন কি না, তা এখনও জানা যায়নি। বাস স্ট্যান্ড ঘিরে রেখে তল্লাশি শুরু করেছে পুলিশ। তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।

যোগির রাজ্যে ২ কাশ্মিরি ফল বিক্রেতাকে  বেধড়ক মারধর -দৈনিক আজকাল

অন্যান্য দিনের মতোই রাস্তার ধারে বসে ফল বিক্রি করছিলেন দু’জনে। আচমকাই উদয় হল গেরুয়া পোশাক পরিহিত কয়েকজনের। আর এসেই বিনা কারণে দুই কাশ্মীরি ফলবিক্রেতাকে বেধড়ক মারধর শুরু করলেন তাঁরা। আনন্দবাজারের অন্য একটি খবরের শিরোনাম-ফের প্রকাশ্যে পাকিস্তানের দ্বিচারিতা, জঙ্গি শীর্ষনেতাই এ বার ইমরানের দলে। খবরটিতে লেখা হয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ইমরান খান। দু’দিন আগেও ৪৪ জন জইশ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে পাক সরকার। কিন্তু তার মধ্যেই পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতাকে নিজের দলে নিলেন পাক প্রধানমন্ত্রী। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এ যোগ দিয়েছেন হরকত উল মুজাহিদিন নেতা মওলানা ফজলুর রহমান খলিল।

রাফালে চুক্তিতে বাইপাস সার্জারি করেছেন প্রধানমন্ত্রী, ফের তোপ রাহুলের-দৈনিক সংবাদ প্রতিদিন

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাফায়েল চুক্তিতে বাইপাস সার্জারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকালের পর আজ,  ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে এই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দেশের সর্বোচ্চ আদালতে রাফালে যুদ্ধবিমান চুক্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি চুরি হয়েছে বলে গতকালই জানানো হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে। এরপরই এ বিষয়ে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে দাবি করেন রাহুল। বলেন, প্রধানমন্ত্রীর নামে অভিযোগ তোলার যথেষ্ট প্রমাণ রয়েছে। রাফালে চুক্তি রূপায়ণে দুর্নীতি ও পক্ষপাতিত্ব হয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানাচ্ছেন তিনি। এদিন দিল্লিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে সেই সুর আরও চড়িয়ে তিনি বলেন, “যে কোনও বিষয়ে আপনি যে কারওর নামে অভিযোগ করতে পারেন। কিন্তু, প্রধানমন্ত্রীকেও ছাড় দেওয়া যাবে না। রাফালে চুক্তিতে বাইপাস সার্জারি করেছেন প্রধানমন্ত্রী মোদি। অনিল আম্বানিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই দেরি হচ্ছে রাফালে কিনতে।”

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭