তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা থাকছে না এ বছর থেকেই
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৪ মার্চ রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে: মোস্তাফা জব্বার-দৈনিক প্রথম আলো
- এবার দেশেই হজযাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্নের চেষ্টা : ধর্ম প্রতিমন্ত্রী -দৈনিক কালেরকণ্ঠ
- তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা থাকছে না এ বছর থেকেই-দৈনিক যুগান্তর
-
বাসচাপায় শিক্ষার্থী হত্যা: সিলেটে ফুঁসে উঠেছে ছাত্রসমাজ-দৈনিক ইত্তেফাক
- গুম-খুনের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনও জড়িত: রিজভী-দৈনিক মানবজমিন
- ভোটারের বেশে কেন্দ্র দখলের চেষ্টা, পুলিশের তলপেটে গুলি-এনটিভিবিডি
-
একই চ্যানেলের আরেকটি খবর- বাংলাদেশে পাকিস্তানের গণহত্যা জাতিসংঘে তুলে ধরা হবে’
ভারতের শিরোনাম:
- ‘দিল্লির চাপে আমার স্ত্রীকে নিয়ে মিথ্যা খবর ছড়াচ্ছে, সাংবাদিক বৈঠকে বললেন অভিষেক-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- ‘তৃণমূল’ থেকে কী কংগ্রেস বিচ্ছিন্ন হচ্ছে?-দৈনিক আজকাল
- ভারত মাতা কী জয়’ মানেই জাতীয়তাবাদ নয়, মন্তব্য উপরাষ্ট্রপতির-দৈনিক সংবাদ প্রতিদিন।
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে: মোস্তাফা জব্বার-দৈনিক প্রথম আলো
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশে তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। চতুর্থ শিল্পবিপ্লবের যুগের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে। ৫জি প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালানো হয়েছে। হার্ডওয়্যার ও সফটওয়্যার খাতে বাংলাদেশ ভালো করছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশের সম্ভাবনার কথা জানিয়ে দেওয়ার সময় এসেছে। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সাংবাদিকদের এ খাতে ভূমিকা রাখতে হবে।

গতকাল শনিবার রাতে রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ আইসিটি সাংবাদিক ফোরামের’ (বিআইজেএফ) নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। মোস্তাফা জব্বার বলেন, ‘যখন কম্পিউটারের ওপর ভ্যাট ও শুল্ক কমানোর জন্য দাবি ওঠে, তখন আমাদের মিডিয়ার জোরালো সমর্থনের কারণেই দাবি আদায় সম্ভব হয়েছিল। আমাদের দেশের আইটি খাতের উন্নতি ও অগ্রগতি এই খাতের সাংবাদিকেরা জনগণের কাছে তুলে ধরেন।
এবার দেশেই হজযাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্নের চেষ্টা : ধর্ম প্রতিমন্ত্রী -দৈনিক কালেরকণ্ঠ
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের অপেক্ষার সময় ও কষ্ট কমিয়ে আনার লক্ষ্যে সৌদি আরবের পরিবর্তে বাংলাদেশেই প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করছি। আশা করি এবারই এটি কার্যকর করতে পারব। আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে সৌদি আরব গিয়েছিলাম। এ বিষয়ে তাদের দুই মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে হজযাত্রীদের বাংলাদেশেই প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার উদ্দেশে সৌদি আরবের একটি কারিগরি দল গত ২১ মার্চ বাংলাদেশে এসে মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে দেশে ফিরে গেছেন। আগামী ৬ এপ্রিল আরও একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে।' তিনি আরো বলেন, ‘আশা করছি, এবারই বাংলাদেশেই প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারব।’
তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা থাকছে না এ বছর থেকেই-দৈনিক যুগান্তর
তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বসতে হবে হবে না চলতি বছর থেকেই।বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন। রোববার দুপুরে সচিবালয়ে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিশুদের ওপর পড়ালেখার চাপ কমানোর কথা চিন্তা করে ও প্রাথমিকে ঝড়ে পড়া কমানোর বিষয়ে গুরুত্বারোপ করে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না রাখার বিষয়ে মন্ত্রণালয়কে নির্দেশনা দেন।পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, আগামী বছর থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা নেয়া হবে না। তবে সিদ্ধান্ত বদলে চলতি বছর থেকেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়া হল।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা তুলে দেয়া হলেও মূল্যায়ন প্রক্রিয়া থাকবে। নিচের ক্লাস থেকে উপরের ক্লাসে উত্তীর্ণ করতে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। আর চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে পরীক্ষা নেয়া হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিইসি)ফলের ভিত্তিতে এ বছর ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পাবে এবং সাধারণ কোটায় পারে ৪৯ হাজার ৫০০ জনসহ মোট ৮২ হাজার ৫০০ জন বৃত্তি পাবে।
বাসচাপায় শিক্ষার্থী হত্যা: সিলেটে ফুঁসে উঠেছে ছাত্রসমাজ-দৈনিক ইত্তেফাক
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘোরি মো. ওয়াসিম আফনানকে বাসচাপা দিয়ে হত্যার প্রতিবাদে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে সিলেটের চৌহাট্টাস্থ পয়েন্ট। ফুঁসে উঠেছে ছাত্র সমাজ। ঘরে ঘরে চলছে প্রতিবাদ।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘোরি মো. ওয়াসিম আফনানকে বাসচাপা দিয়ে হত্যার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা চৌহাট্টা সড়ক অবরোধ করে রেখেছে।

রবিবার সকাল ১১টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে ওয়াসিমের সহপাঠীরা। দুপুর ১২টার দিকে তারা নগরীর চৌহাট্টায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন। শিক্ষার্থীদের অবরোধে চৌহাট্টার শত শত যানবাহন আটকা পড়েছে।
এ সময় শিক্ষার্থীরা ওয়াসিমের হত্যার প্রতিবাদে বাস চালক ও হেলপারকে দ্রুত বিচারসহ ঘাতক ‘উদার’ পরিবহন বাসের রুট পারমিট বাতিল, লাইসেন্স বাতিলসহ, নিরাপদ সড়কের দাবিতে ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় চলতে পারবে না বলে হুঁশিয়ারী দেন।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যার দিকে সিকৃবি শিক্ষার্থী ওয়াসিম আফনানকে 'উদার' পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ভ-১৪-১২৮০) চাপা দিলে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন।
গুম-খুনের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনও জড়িত: রিজভী-দৈনিক মানবজমিন-
গুম-খুনের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনও জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ নয়াপল্টন দলের কেন্দ্রয়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার গত এক দশকের বেশী সময় ধরে জোর করে ক্ষমতা দখল করে আছে। শেখ হাসিনার চোখে চিরকালীন প্রধানমন্ত্রী থাকার স্বপ্ন। ক্ষমতার পৌষ মাস যাতে কোনদিনই শেষ না হয়, সেই নীতি অবলম্বন করেই দেশ চালাচ্ছেন তিনি। আর সেজন্য নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিরোধীদল ও মতকে দমন করতে এমন কোন বর্বর ও নির্দয় পন্থা নেই, যা করছেন না। আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সংগঠন প্রকাশ্যে কিংবা তাদের গোপন সংস্থাগুলোর মাধ্যমে এই গুম-খুন করা হচ্ছে। এই গুম-খুনের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনও জড়িত বলে তথ্য-প্রমাণসহ বিদেশী সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে।
ভোটারের বেশে কেন্দ্র দখলের চেষ্টা, পুলিশের তলপেটে গুলি-এনটিভিবিডি
চট্টগ্রামের চন্দনাইশে ভোটারের বেশে এসে কেন্দ্র দখলের চেষ্টা করে দুর্বৃত্তরা। ওই কেন্দ্রে দুর্বৃত্তদের গুলিতে ফরহাদ হোসেন নামের এক কনস্টেবল আহত হন। গুলি কনস্টেবল ফরহাদের তলপেটে লাগে।
আজ রোববার সকালে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আহত কনস্টেবল ফরহাদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ঝুঁকিমুক্ত বলে জানিয়েছে পুলিশ। তাঁর অস্ত্রোপচার প্রয়োজন। এজন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে বলে জানা গেছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম বলেন, ‘সকাল ১০টার দিকে জানতে পারি পূর্ব চন্দনাইশ পৌরসভার ৬৩ নম্বর কেন্দ্রে কিছু সন্ত্রাসী হঠাৎ করে সেন্টার দখল করতে আসে, তখন পুলিশ সদস্যরা তাদের চেজ করে। চেজ করলে লোকাল গান এলজি দিয়ে গুলি করে। কনস্টেবল ফরহাদের তলপেটে গুলি লাগে।’
পুলিশ সুপার নূরে আলম বলেন, ‘ দ্রুত ফরহাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ছোট অপারেশন লাগবে তবে সে ঝুঁকিমুক্ত।’ পুলিশ সুপার আরো বলেন, ‘সেন্টার দখল করার জন্য একটা গ্রুপ ভোটারের বেশে আসে। বোঝা যায়নি ভোটার না সন্ত্রাসী। আমাদের অভিযান চলছে। ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। আমরা ধরে ফেলব।’
দুর্বৃত্তরা কোন পক্ষের জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘স্থানীয় বাসিন্দারা বলছেন তারা নাজিম উদ্দিনের লোকজন। তবে এটা ভেরিফায়েড না।’ নাজিম উদ্দিন ওই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী।
একই চ্যানেলের আরেকটি খবর- বাংলাদেশে পাকিস্তানের গণহত্যা জাতিসংঘে তুলে ধরা হবে’
বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে পাকিস্তানের চালানো গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তুলে ধরবে জাতিসংঘ।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং প্রিভেনশন অব জেনোসাইড বিষয়ক বিশেষ উপদেষ্টা অ্যাডামা ডিয়েঙ্গ আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।
অ্যাডামা ডিয়েঙ্গ বলেন, ‘যদিও কিছু কিছু দেশ এর বিরোধিতা করবে, তবু আমরা মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে চালানো পাকিস্তানের গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করব।’বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।এ সময়ে প্রধানমন্ত্রী পাকিস্তানি দখলদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ এ দেশে যে গণহত্যা শুরু করে তা স্মরণ করে বলেন, ‘পাকিস্তানি দখলদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা প্রায় ৩০ লাখ মানুষকে হত্যা এবং দুই লাখ মা-বোনের ইজ্জত নষ্ট করে।’
এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে সম্ভ্রমহারা এসব মা-বোনকে পুনর্বাসিত করেন।’
এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি
‘দিল্লির চাপে আমার স্ত্রীকে নিয়ে মিথ্যা খবর ছড়াচ্ছে, সাংবাদিক বৈঠকে বললেন অভিষেক-দৈনিক আনন্দবাজার পত্রিকা
সাংবাদিক বৈঠকে কী বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখে নিন। এটা বিজেপি, কংগ্রেস, সিপিএমের সংস্কৃতি। ব্যক্তিগত আক্রমণ করা আমাদের সংস্কৃতি নয়। আমি চাই সিসিটিভি ফুটেজ সামনে আনুক শুল্ক দফতর। এমন ঘটেছে প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব। বিভিন্ন পোর্টাল এবং সাইটে ২ কেজি সোনা নিয়ে আমার স্ত্রীর ধরা পড়ার খবর ছড়িয়েছে। এই খবরের কোনও সত্যতা নেই। একাধিক সংবাদমাধ্যম এই খবরটা করেছে। ভীষণই ব্যক্তিগত কারণে এই সাংবাদিক বৈঠক করছি।
‘তৃণমূল’ থেকে কী কংগ্রেস বিচ্ছিন্ন হচ্ছে?-দৈনিক আজকাল
নাম বদল হচ্ছে তৃণমূল কংগ্রেসের। মুখ্যমন্ত্রীর দলের নাম পরিবর্তন হচ্ছে বলে খবর। এখন থেকে শুধুই তৃণমূল। নামের সঙ্গে থাকা কংগ্রেস শব্দটি আর ব্যবহার করা হবে না। দলের ব্যানার থেকে শুরু করে পোস্টার সব জায়গাতেই এখন থেকেই দেখা যাচ্ছে শুধু তৃণমূল কথাটি। আর তাতে বেশ উৎসাহিত রাজ্যবাসীও। এমনিতেই সবাই তৃণমূল বলতেই অভ্যস্ত।যদিও সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, নাম পরিবর্তন হচ্ছে না। দলের নাম তৃণমূল কংগ্রেসই থাকছে।তৃণমূল থেকে কংগ্রেস বিচ্ছিন্ন হচ্ছে না।
যদিও নির্বাচন কমিশনে এখনও নিজেদের পুরনো নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস–ই রাখছে মমতা ব্যানার্জির দল। নয়ের দশকের শেষে কংগ্রেস থেকে বেরিয়ে এসে আলাদা দল গড়ে তোলেন বাংলার ঘরের মেয়ে মমতা।
তখনও লোকসভা নির্বাচন দিয়েই যাত্রা শুরু হয় দলের। তারপর একে একে অন্য নির্বাচনেও লড়তে থাকে তৃণমূল কংগ্রেস। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। এই দীর্ঘ সময় নিজেদের নামের সঙ্গে কংগ্রেস শব্দটি ব্যবহার করে এসেছে তৃণমূল। আর এবার থেকে শুধুই তৃণমূল।
অন্যদিকে নামের সঙ্গে সঙ্গে দলের লোগোতেও বদল এসেছে। নতুন লোগোটিতে সবুজের সঙ্গে নীল রঙ থাকছে। তৃণমূল কথাটি লেখা হয়েছে সবুজ রঙ দিয়ে। দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও এই বদল চোখে পড়বে। দলের শীর্ষ নেতারাও নিজেদের অ্যাকাউন্টে নতুন লোগো ব্যবহার শুরু করেছেন।
ভারত মাতা কী জয়’ মানেই জাতীয়তাবাদ নয়, মন্তব্য উপরাষ্ট্রপতির-দৈনিক সংবাদ প্রতিদিন।
ভারত মাতা কী জয়, বিজেপি নেতাদের আপ্তবাক্য। সমর্থকদের মধ্যে জাতীয়তাবাদ জাগানোর জন্য দেশপ্রেমের বুলিই অন্যতম ভরসা গেরুয়া শিবিরের। বিরোধীরা বলেন, উগ্র হিন্দুত্ব এবং উগ্র জাতীয়তাবাদই বিজেপির মূল ভরসা। ভারত মাতা কী জয় তথা জয় শ্রী রাম, গেরুয়া শিবিরের প্রধান অস্ত্র। গেরুয়া পন্থীদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা মনে করেন ভারত মাতা কী জয় না বলা মানে দেশকে অশ্রদ্ধ বা অপমান করা। যারা প্রকৃত দেশপ্রেমী তাঁরা ভারত মায়ের জয়গান গাইতে কখনও কুণ্ঠা বোধ করেন না, এমনটাই মনে করেন বিজেপি সমর্থকদের একাংশ।
কিন্তু, গেরুয়া শিবিরের এই মতবাদের ঠিক উলটো মত পোষণ করলেন উপরাষ্ট্রপতি তথা প্রাক্তন বিজেপি সভাপতি বেঙ্কাইয়া নায়ডু। তিনি বললেন, “জাতীয়তাবাদ মানে ভারত মাতা কী জয় নয়। সবার জয় হোক, এটা ভাবাই আসল দেশপ্রেম। আপনি যদি ধর্ম, জাতি গ্রাম-শহরের মধ্যে বিভেদ সৃষ্টি করেন তাহলে আপনার ভারত মাতা কী জয় বলা সার্থক নয়।” দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে আলাপচারিতায় কার্যত বিজেপির উলটো সুরেই কথা বলেন উপরাষ্ট্রপতি। তিনি পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, “আমাদের ঐতিহ্য সম্পর্কে, সামাজিক সচেতনতা সম্পর্কে, শান্তিপ্রিয় মানসিকতা সম্পর্কে আমাদের শিখতে হবে। অবক্ষয়, অন্যায়, লিঙ্গবৈষম্যের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে লড়তে হবে আমাদের।”#
পার্সটুডে/বাবুল আখতার/২৪
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন