এটা গাফিলতি না, হত্যাকাণ্ড: গণপূর্তমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৯ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- এফআর টাওয়ারে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা-দৈনিক যুগান্তর
- এটা গাফিলতি না, হত্যাকাণ্ড: গণপূর্তমন্ত্রী-দৈনিক প্রথম আলো
- আইনের যথাযথ ধারায় মামলা করা হবে : ডিএমপি কমিশনার-দৈনিক ইত্তেফাক
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কোটা আন্দোলনকারীদের একাত্মতা প্রকাশ-দৈনিক নয়া দিগন্ত
- দুর্নীতি আড়াল করতে একদলীয় শাসনের আওয়াজ: মির্জা ফখরুল-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- পাকিস্তান যখন লাশ গুনছে তখন প্রমাণ চাইছে বিরোধীরা, কটাক্ষ মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন
- এ বার বাংলায় এনআরসি আনব, অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে তাড়াব, হুঙ্কার অমিত শাহের-দৈনিক আনন্দবাজার
- বারাণসীতে মোদির বিরুদ্ধে লড়লে কেমন হয়?’ প্রিয়াঙ্কার মন্তব্যের পর জল্পনা তুঙ্গে -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলোআপ খবর বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে আজকের প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুলোতে।
দৈনিক ইত্তেফাকের খবর-ঢাকার বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
দৈনিক প্রথম আলোর কয়েকটি শিরোনাম এরকম যে, বহুতল ভবনে জরুরি নির্গমন পথ নেই কেন? এফআর টাওয়ারে মৃতের সংখ্যা কত? ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছেন দুর্ঘটনা ঘটলে অবশ্যই নিরাপত্তার দায় ভবন মালিকের। তিনি আরও বলেন, সিটি করপোরেশন ও রাজউকের কাজের মধ্যে সমন্বয় নেই। আর এ সমন্বয়হীনতার কারণে এ ধরণের ঘটনা ঘটছে। এখন থেকে আমরা অ্যাকশনে নামব। গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং ব্যাপক প্রাণহানির ঘটনার তদন্ত যেনতেন করে যেন না হয়।
এটা গাফিলতি না, হত্যাকাণ্ড: গণপূর্তমন্ত্রী- এ খবরটিও প্রথম আলোতে প্রকাশিত হয়েছে
রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ড নিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, এটা গাফিলতি না, হত্যাকাণ্ড। এ ঘটনার জন্য যেসব আইনগত ব্যবস্থা নেওয়া দরকার তাই নেওয়া হবে।আজ সকালে এফ আর টাওয়ারের দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।
আর যুগান্তরের একটি খবরের শিরোনাম এরকম-এফআর টাওয়ারে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
খবরে লেখা হয়েছে, রাজধানীর বনানীতে বহুতল ভবন এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার দুপুরে উদ্ধার অভিযান সমাপ্তির ঘোষণা দেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর একেএম শাকিল নেওয়াজ।
তিনি বলেন, এফআর টাওয়ারে আর কোনো লাশ নেই। নতুন করে কোনো লাশ আজ পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিভে গেছে।এর আগে শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আনোয়ার এ তথ্য নিশ্চিত করেন।ভয়াবহ এই আগুনে ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তাদের লাশও বুঝিয়ে দেয়া হয়েছে। আহত অন্তত ৭৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্নীতি আড়াল করতে একদলীয় শাসনের আওয়াজ: মির্জা ফখরুল-দৈনিক মানবজমিন
সরকারের সকল দুর্নীতি, অপকর্ম আড়াল করতে একদলীয় শাসনের আওয়াজ তুলতে শুরু করেছেন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, অনেক পানি গড়িয়ে, ৭৫ আর ২০১৯ সাল এক নয়। সুতরাং যে একদলীয় শাসনের যে স্বপ্ন আপনারা দেখছেন, রাজত্ব চিরস্থায়ী করবেন, এদেশের জনগণ কোনোদিনেই এ অবস্থা মেনে নেবে না। আজ জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কোটা আন্দোলনকারীদের একাত্মতা প্রকাশ
ভিসির পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা চতুর্থ দিনের মতো লাগাতার আন্দোলন করছে। আজ শুক্রবার বিকেল ৪টা থেকে পুনরায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু তাতেও শিক্ষার্থীদের আন্দোলনে কোনো ভাটা পড়েনি। এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
পাকিস্তান যখন লাশ গুনছে তখন প্রমাণ চাইছে বিরোধীরা, কটাক্ষ মোদির-সংবাদ প্রতিদিন
পাকিস্তান যখন বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকের ফলে খতম হওয়া জঙ্গিদের লাশ গুনছে তখন দেশে বসে বিরোধীরা তার প্রমাণ খুঁজছে। শুক্রবার বিরোধীদের কটাক্ষ করে এই মন্তব্যই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে থাকা জঙ্গিঘাঁটিতে গত ২৬ ফেব্রুয়ারি এয়ার স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা। এরপর সরকারের তরফে মৃত জঙ্গিদের সংখ্যা নিয়ে নির্দিষ্টভাবে কোনও তথ্য না দেওয়া হলেও বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে ২৫০ থেকে ৩০০ জঙ্গির খতম হওয়ার খবর প্রকাশিত হয়। বিজেপির বিভিন্ন নেতা-মন্ত্রীরাও বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে মৃত জঙ্গিদের সংখ্যা নিয়ে নানান তথ্য দেন। যদিও তা মানতে চায়নি বিজেপি বিরোধী দলগুলো। উলটে এই এয়ার স্ট্রাইক আদৌও হয়েছে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করে উপযুক্ত দেখতে প্রমাণ চায়। বিজেপি তথা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বিভিন্ন মন্তব্যও করে। শুক্রবার ওড়িশার কোরাপুটে নির্বাচনী জনসভার মঞ্চ থেকে এই প্রসঙ্গ উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, “ওই ঘটনার একমাস বাদেও পাকিস্তান যখন জঙ্গিদের লাশ গুনতে ব্যস্ত তখন এই মানুষগুলো শুধু প্রমাণ চাইছে।”
‘বারাণসীতে মোদির বিরুদ্ধে লড়লে কেমন হয়?’ প্রিয়াঙ্কার মন্তব্যের পর জল্পনা তুঙ্গে-দৈনিক আজকাল
বৃহস্পতিবার স্রেফ মজা করে প্রিয়াঙ্কা গান্ধী বলেছিলেন ‘বারাণসীতে নরেন্দ্র মোদি বনাম প্রিয়ঙ্কা গান্ধী! লড়াইটা কেমন হবে বলুন তো!’। কিন্তু তা নিয়েই শুরু হয়ে গেল জল্পনা–কল্পনা। সত্যিই কি বারাণসীতে মোদির বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন রাজীব কন্যা? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
এ দিন রায়বরেলীতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। উত্তরপ্রদেশের এই আসনে এ বারও প্রার্থী হয়েছেন সোনিয়া গান্ধী। প্রসঙ্গত গত ১৫ বছর ধরে রায়বরেলীতে মায়ের হয়ে প্রচার করে চলেছেন প্রিয়াঙ্কাই। সোনিয়ার নির্বাচনী প্রচার থেকে শুরু করে সারা বছর রায়বরেলীর দেখভাল মেয়েই করেন। রায়বরেলীর লোকজন তাঁকে বলেন, ‘ভাইয়াজি (উত্তরপ্রদেশের রাজনীতিতে মায়াবতী বহেনজি নামে পরিচিত)।’ ভাইয়াজি নামের আরেকটা কারণ প্রিয়াঙ্কা বরাবরই ডাকাবুকো। বৃহস্পতিবারও ভাইয়াজিকে দেখে আগের মতোই ঘিরে ধরেছিলেন রায়বরেলীর কংগ্রেস কর্মীরা। তাঁরা প্রিয়াঙ্কাকে বলেন, ‘ভাইয়াজি আপনিই এ বার রায়বরেলীতে প্রার্থী হয়ে যান।’ তা শুনে প্রিয়াঙ্কা বলেন, ‘বারাণসী থেকে লড়লে কেমন হয়?’ তাঁর এই প্রশ্ন বিজেপির কাছে এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এ বার বাংলায় এনআরসি আনব, অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে তাড়াব, হুঙ্কার অমিত শাহের-দৈনিক আনন্দবাজার
লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপি প্রার্থী জন বার্লার সমর্থনে শুক্রবার আলিপুরদুয়ারে নির্বাচনী প্রচারের সভামঞ্চ থেকে অমিত শাহ -মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। অমিত বলেন, “এই নির্বাচন শুধু দেশ নয়, বাংলার পক্ষেও খুবই গুরুত্বপূর্ণ।” পাশাপাশি তিনি এটাও জানান, মমতার সন্ত্রাস থেকে কেউ যদি বাংলাকে বাঁচাতে পারেন, সে একমাত্র নরেন্দ্র মোদী। বাংলা থেকে তৃণমূলকে উপড়ে ফেলতে হবেও বলে হুঙ্কার ছাড়েন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বাংলায় এনআরসি আনব, খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের তাড়ানোর হুমকী দেন বিজেপি সভাপতি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯