মে ২১, ২০১৯ ১১:২৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২১ মে মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বিত্তশালী বাংলাদেশ এখন চালের ব্যাপারী -দৈনিক প্রথম আলো
  • ঋণ খেলাপিদের বিশেষ সুবিধার ওপর হাইকোর্টের স্থিতাবস্থা -দৈনিক ইত্তেফাক
  • সম্পদের হিসাব দিতে হবে আমলাদের -দৈনিক সমকাল
  • গত ১৭ এপ্রিল একই আদালত প্রতিবেদন দাখিলের জন্য ২১ মে দিন ধার্য করেছিলেন। -দৈনিক যুগান্তর
  • কেরানীগঞ্জে আদালত স্থাপন সম্পূর্ণ অসাংবিধানিক : মওদুদ -দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • পাশের হারে নজির গড়লেও ‘কলঙ্কমুক্ত’ নয় এবছরের মাধ্যমিক পরীক্ষা -দৈনিক সংবাদ প্রতিদিন
  • আজ রাতেই হবে ইভিএম কারচুপি, কমিশনকে চিঠি আপ নেতার, স্ট্রং রুমে পাহারা বিরোধীদের -দৈনিক আনন্দবাজার
  • সোশ্যাল মিডিয়ার খবরের জের, বিহার, উত্তর প্রদেশে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

দৈনিক প্রথম আলোতে কৃষকের দুঃখ নিয়ে প্রতিবেদনটি প্রথমে  তুলে ধরছি

Image Caption

লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদের একটি মতামত কলাম প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। সেখানে তিনি অনেক কথা লিখেছেন। একটি ঘটনা দিয়ে শুরু করেছেন-সেখানে বলা হয়েছে, কোনো এক যাত্রাপথে ক্ষণিক বিরতির সময় লুঙ্গি গেঞ্জি পরা মধ্যবয়সী ব্যক্তি উঠে এলেন সড়কে তারপর সালাম দিয়ে অযাচিতভাবে বললেন আপনি আমার পোঁদে লাথি দিবেন, আর আমি দাঁত বাইর কইরা হাসব।’ তিনি তাঁর কপালে আঙুলের মৃদু আঘাত করে বললেন, দোষ বাংলাদেশের আর দেশের ব্যাংকের। তারপর তিনি তাঁর নিজের এবং তাঁর মতো লাখ লাখ কৃষকের মর্মযাতনার কাহিনি মিনিট দশেকে শোনালেন।

তিনি মতামত কলামে ব্যাংকের ঋণখেলাপিদের সম্পর্কে সুখবরের কথা তুলে ধরে বললেন ব্যাংক থেকে যাঁরা শত শত কোটি টাকা ঋণ নিয়ে, টাকাটা বাপ-দাদার অথবা নিজের মনে করে আর ফেরত দেওয়ার নাম মুখে আনেননি, তাঁদের এবং তাঁদের উত্তরাধিকারীদের জন্য অপূর্ব সুখবর বাংলার মাটিতে। যে অপরাধ করলে একজনের থাকার কথা শ্রীঘরে এবং তাঁর বাড়িঘর হওয়ার কথা নিলাম, তিনি এ সমাজে চলেন বুক ফুলিয়ে।অন্যদিকে যে কৃষকের কৃষিঋণে বকেয়া ৫০-৬০ হাজার টাকা। এই মুহূর্তে সেরকম হাজার হাজার কৃষকের বিরুদ্ধে জারি রয়েছে সার্চ ওয়ারেন্ট। কেউ জেলখানায়, কেউ পলাতক বাড়িঘর ছেড়ে। তারওপর এবার ধানের মূল্য নিয়ে কৃষকের দুরাবস্থার খবর তো সর্বত্র। 

ঋণ খেলাপিদের বিশেষ সুবিধার ওপর হাইকোর্টের স্থিতাবস্থা-দৈনিক ইত্তেফাক

Image Caption

ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারের উপর আগামী ২৪ জুন পর্যন্ত স্থিতাবস্থা জারি করেছে হাইকোর্ট। এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। গত ১৬ মে ঋণখেলাপিদের নিয়মিত হওয়ার সুযোগ করে দিয়ে সার্কুলারটি জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলার অনুযায়ী খেলাপিরা মাত্র দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়েই ঋণ পুনঃতফসিল করতে পারবেন। পুনঃতফসিল হওয়া ঋণ পরিশোধে তারা সময় পাবেন টানা ১০ বছর। এক্ষেত্রে প্রথম এক বছর কোনো কিস্তি দিতে হবে না।

সম্পদের হিসাব দিতে হবে আমলাদের-দৈনিক সমকাল

বাংলাদেশ সরকার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়ার উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্পদের হিসাব দিতে হবে আমলাদেরও। দুর্নীতির লাগাম টানতে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী নেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বিশেষ নির্দেশনা রয়েছে ১৯৭৯ সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী সরকারের কাছে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর সম্পদ বিবরণী দাখিল করা বাধ্যতামূলক। তবে এতদিন তা বাস্তবায়ন হয়নি। জানা গেছে, সম্পদের হিসাব নেওয়ার উদ্যোগের শুরুতেই প্রশাসনে মতানৈক্য দেখা দিয়েছে। সম্পদ বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক হলেও এ বিধান মানতে চাচ্ছে না শীর্ষ আমলাদের একাংশ। তারা বলছেন, কর্মচারীদের এই বিধিমালা সেকেলে এবং বর্তমানে তা প্রতিপালনযোগ্য নয়।

লুটপাটের উন্নয়নের কথা শুনতে শুনতে জনগণ অতিষ্ঠ: রিজভী-দৈনিক যুগান্তর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

লুটপাটের উন্নয়নের কথা শুনতে শুনতে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়। রিজভী বলেন, দেশে লাখ লাখ তরুণ বেকার, কর্মসংস্থান নেই, ধানের ক্ষেতে আগুন, দূষিত পানি সরবরাহ, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।‘অথচ সরকারের তথাকথিত উন্নয়নের গলাবাজি থামছে না, লুটপাটের উন্নয়নের কথা শুনতে শুনতে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে।

আর দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, বিএনপি নেতা ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেছেন,কেরানীগঞ্জে আদালত স্থাপন সম্পূর্ণ অসাংবিধানিক। এজন্য উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সু-চিকিৎসা, নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়। 

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ফের পেছালো-বাংলাদেশ প্রতিদিন

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। আগামী ২ জুলাই প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। গত ১৭ এপ্রিল একই আদালত প্রতিবেদন দাখিলের জন্য ২১ মে দিন ধার্য করেছিলেন। প্রসঙ্গত, ২০১৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়।

আর কত খারাপ হবে ওয়াসার পানি!-দৈনিক সমকাল

ঢাকা ওয়াসা

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা ওয়াসার সরবরাহ করা পানিতে দিন দিন দূষণের মাত্রা বাড়ছে। গ্রাহকরা বলছেন, এমনিতেই তারা ঠিকমতো পানি পান না। কখনও কখনও ট্যাপে পানি এলেও তাতে থাকে ময়লা-আবর্জনা ও তীব্র দুর্গন্ধ। যা ব্যবহার করে নানা রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

আজ রাতেই হবে ইভিএম কারচুপি, কমিশনকে চিঠি আপ নেতার, স্ট্রং রুমে পাহারা বিরোধীদের-দৈনিক আনন্দবাজার

ইভিএম কারচুরপর আশঙ্কা

সপ্তদশ লোকসভা নির্বাচনের এক দিন আগে ইভিএম কারচুপির আতঙ্কে ত্রস্ত দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। আজ রাতেই বদলে দেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের তথ্য, নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এই অভিযোগ করলেন দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্রে আম আদমি পার্টির প্রার্থী রাঘব চাড্ডা। অন্য দিকে উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীর ঠিক পাশের কেন্দ্র চান্দৌলিতে একটি গাড়িতে করে গণনাকেন্দ্রে ইভিএম রাখার ভিডিয়ো ফুটেজ সামনে আসায় চরমে উঠেছে উত্তেজনা। ইভিএম কারচুপির অভিযোগ তুলে উত্তরপ্রদেশের গাজিপুরে অবস্থান বিক্ষোভে বসেছেন এই কেন্দ্রের জোটপ্রার্থী এবং বহুজন সমাজ পার্টির নেতা আফজল আনসারি।

পাশের হারে নজির গড়লেও ‘কলঙ্কমুক্ত’ নয় এবছরের মাধ্যমিক পরীক্ষা-সংবাদ প্রতিদিন

ব্যতিক্রমী মাধ্যমিক৷ ২০১৯এ কলঙ্কিত মাধ্যমিক৷ রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ইতিহাসে সবচেয়ে নিন্দনীয় ঘটনা ঘটেছে এবার৷ প্রতিদিন পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যে হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে৷ যার জেরে বিধাননগর সাইবার থানার পুলিশ এবং পরে সিআইডি তদন্তে নেমেছিল৷ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে তদন্তও শুরু হয়৷

মঙ্গলবার ফলপ্রকাশের সময় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিজে বললেন, ‘৭৩ জন পড়ুয়ার কাছ থেকে মোবাইল পাওয়া গিয়েছিল৷তাদের প্রত্যেকের পরীক্ষা বাতিল করা হয়েছে৷ আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সন্ধান পেয়েছি৷ প্রশাসন সজাগ আছে৷’ প্রসঙ্গত, কল্যাণময় পরীক্ষা শুরুর আগে ঘোষণা করেছিলেন, তাঁর কাছে এমন একটি সার্ভার আছে, যা থেকে গোটা রাজ্যের পরীক্ষা ব্যবস্থা তিনি পরিচালনা করতে পারেন, চালাতে পারেন নজরদারি৷ কোথাও কোনও দুর্নীতি হলে, তা কলকাতার নিবেদিতা ভবনে বসে দেখতে পাবেন বলেও দাবি করেছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷ কিন্তু তাঁর সমস্ত দাবি যে ভিত্তিহীন, তা প্রমাণিত হয়ে গিয়েছিল পরীক্ষা চলাকালীন লাগামহীনভাবে প্রশ্ন ফাঁস৷

সোশ্যাল মিডিয়ার খবরের জের, বিহার, উত্তর প্রদেশে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ-দৈনিক আজকাল

বৃহস্পতিবার সারা দেশে ভোটগণনা। তার আগেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখানো হয়েছে বিহার এবং উত্তর প্রদেশের কয়েকটি এলাকার স্ট্রং রুম থেকে বহু ভোটবন্দি ইভিএম সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওই ইভিএমগুলি নিয়ে গিয়ে ব্যালটে কারচুপি করে সব ভোট নিজেদের নামে করে নেবে বিজেপি, এই দাবিতে এরপর সোমবার রাতেই স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে দুই রাজ্যের বিরোধী দল। তবে দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, নির্বাচন কমিশন জানিয়েছে ভোট সংখ্যায় কারচুপি করত ব্যালটবন্দি ইভিএম সরিয়ে নিয়ে যাওয়ার খবর সম্পূর্ণটাই গুজব।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১