জুন ০১, ২০১৯ ১২:০৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১ জুন শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • ঈদে ভাড়ায় নৈরাজ্য চলছে, অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির-এনটিভি বিডি অনলাইন
  • সড়কপথে এখনও কোথাও দুর্ভোগের চিত্র নেই : কাদের-দৈনিক কালেরকণ্ঠ
  • রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • বাংলাবান্ধা স্থলবন্দর ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে-দৈনিক ইত্তেফাক
  • গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে প্রস্তুত হচ্ছে সর্বস্তরের নেতাকর্মী: রিজভী-দৈনিক মানবজমিন
  • ফটোসেশন করে কৃষকদের সাথে প্রহসন করছে ক্ষমতাসীনরা: মেনন–দৈনিক নয়াদিগন্ত

ভারতের খবর:

  • শপথের দিনে মোদীকে হুঁশিয়ারি আমেরিকার!-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ফের ‌কংগ্রেসের সংসদীয় চেয়ারপার্সন নির্বাচিত হলেন সোনিয়া -দৈনিক আজকাল
  • শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নয়, নির্দেশ পুরসভার–দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ

ঈদে ভাড়ায় নৈরাজ্য চলছে, অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির-এনটিভি বিডি অনলাইন

ঈদযাত্রায় সড়ক, নৌ ও আকাশপথে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ট্রেনের সিডিউল লণ্ডভণ্ড হওয়ায় রেলপথের যাত্রীসাধারণ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন বলে অভিযোগ যাত্রী অধিকার সংরক্ষণকারী এই সংগঠনটির।গত কয়েকদিনের ঈদযাত্রা পর্যবেক্ষণ শেষে আজ শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করে সংগঠনটি। গত বৃহস্পতিবার বিকেল থেকেই রাজধানী ছাড়তে শুরু করে অনেক মানুষ।

শুক্রবার বন্ধের দিন থাকায় সেদিন অনেক মানুষ রাজধানী ছেড়ে গ্রামের বাড়ির দিকে রওনা দেন। কিছু কিছু যাত্রীরা ট্রেন বিলম্বের অভিযোগ করেছেন। এজন্য রেলপথ মন্ত্রী দু:খও প্রকাশ করেছেন যাত্রীদের কাছে। তবে সড়ক ও নৌপথে যাত্রীরা আনন্দ নিয়ে বাড়ি যাচ্ছেন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা। বিষয়টি স্বীকারও করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। তিনি বলেন, বিগত ঈদের চেয়ে এবার রাস্তাঘাটের পরিস্থিতি ভালো থাকায় বাসের ট্রিপ সংখ্যা বেড়েছে, নৌপথে বেশকটি নৌরুটের ড্রেজিং সম্পন্ন হওয়ায় নৌরুটেও এর সুফল মিলেছে। 

সড়কপথে এখনও কোথাও দুর্ভোগের চিত্র নেই : কাদের-দৈনিক কালেরকণ্ঠ

সড়কপথে ঈদযাত্রা অত্যন্ত স্বস্তিদায়ক হচ্ছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে সড়কপথে এখনও কোথাও কোনো দুর্ভোগের চিত্র নেই। সড়কপথে ঈদ পর্যন্ত স্বস্তিকর যাত্রা অব্যাহত থাকবে বলে আশা করছি।  আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর অন্যতম আন্তঃজেলা বাস টার্মিনাল মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়কে চাঁদাবাজির এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, চাঁদাবাজির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সড়কে নিরাপত্তা জোরদার করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার মামলা দিয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকার। মামলার রায় দিয়েছেন আদালত। এ বিষয়ে সরকারের কিছু করার নেই। খালেদার মুক্তির ব্যাপারে বিএনপি চাইলে আদালতের বিরুদ্ধে আন্দোলন করতে পারে।

রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর

নির্যাতিত মুসলমান জনগোষ্ঠী রোহিঙ্গারা যেন মিয়ানমারে তাদের অধিকার নিয়ে বসবাস করতে পারে, তা নিশ্চিত করতে ওআইসিভুক্ত দেশগুলোতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ভোররাতে সৌদি আরবের মক্কার সাফা প্যালেসে ইসলামি দেশগুলোর জোট ওআইসির চতুর্দশ সম্মেলনে ভাষণে এ আহ্বান জানান তিনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। অর্থনীতি, নিরাপত্তা ও বাস্তুতন্ত্র নিয়ে বর্তমান বিশ্ব যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে, তা মোকাবিলায় ওআইসিকে একটি কৌশল গড়ে তোলার আহ্বানও জানান শেখ হাসিনা, যাতে জোটের সদস্য দেশগুলো একে অন্যের জন্য কাজ করতে পারে। ফিলিস্তিন, সিরিয়া ও বিশ্বের অন্যান্য জায়গায় সাহায্য-সহযোগিতাহীন মানুষ যেভাবে হত্যাকাণ্ডে শিকার হচ্ছে সেসব অসহায় মানুষের বেদনা ও যন্ত্রণার সঙ্গেও সংহতি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ওআইসি যে লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল, তা পূরণ না হওয়ার কথাও সম্মেলনে তুলে আনেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তিনি বলেন, ‘আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের জমি ও সার্বভৌমত্বের অধিকার ফিরিয়ে আনতে, উম্মাহর মর্যাদা ও অধিকার রক্ষা এবং মুসলিম বিশ্বের জনগণের মধ্যে একাত্মতা ও সহযোগিতা জোরদার করার জন্য লক্ষ্যে ওআইসির জন্য হয়েছিল। কিন্তু সাত দশক পরেও ফিলিস্তিনের সমস্যা এখনও বিদ্যমান এবং এ বিষয়ে মুসলিম উম্মাহ এখনও বিভক্ত।

বাংলাবান্ধা স্থলবন্দর ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে-দৈনিক ইত্তেফাক

পবিত্র শবেকদর, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের (চতুর্দেশীয়) মধ্যে শনিবার থেকে নয়দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে পাসপোর্ট যাত্রী পারাপারে স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খাঁন বাবলা বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাবান্ধা স্থলবন্দর 

বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর উপলক্ষে ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত টানা নয়দিন স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। ১০ জুন সোমবার থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের চিঠি দিয়ে জানানো হয়েছে।  বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন জানান, চতুর্দেশীয় পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে। পাসপোর্টধারী যাত্রীরা এ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পারাপার হতে পারবেন।

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে প্রস্তুত হচ্ছে সর্বস্তরের নেতাকর্মী: রিজভী-দৈনিক মানবজমিন

দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে প্রস্তুত হচ্ছেন বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকরা। এ কথা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে। এই পবিত্র মাহে রমজানে চরম অসুস্থ অবস্থায় প্রিজন সেলে দিনাতিপাত করছেন তিনি।

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সম্পূণরূপে জুলুম করে দেশনেত্রী খালেদা জিয়াকে কারাবন্দী করা হলেও  দেশের মানুষের প্রত্যাশা ছিল মিডনাইট ভোটের সরকার দেশনেত্রীকে ঈদের আগেই মুক্তি দিবে। সম্প্রতি প্রধানমন্ত্রী লন্ডনে যা বলেছেন সেই প্রতিহিংসাই তিনি বাস্তবায়িত করছেন। এছাড়াও তাকে দেয়া ৩০ টাকার ইফতারী নিয়েও সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা উপহাস ও অহমিকা প্রকাশ করছেন।

ফটোসেশন করে কৃষকদের সাথে প্রহসন করছে ক্ষমতাসীনরা:মেননদৈনিক নয়াদিগন্ত

কৃষক-খেতমজুর সাংগঠনের শক্তিহীনতার কারণে প্রতিটি সরকারই কৃষক- খেতমজুদের তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে। তাদের নিয়ে প্রহসন করতেও তারা কম যায়না। কামলা দেয়ার নামে ক্ষমতাসীনদের ফটোসেশন তার প্রমান। কৃষক ধান কাটার লোক চায়না, ধানের লাভজনক মূল্য চায়। তার বদলে মন্ত্রী কর্তা ব্যক্তিরা কামলার দাম বেশী হয়ার আজগুবী দোষ খুঁজে পেয়েছেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন

কৃষক-খেতমজুরকে পরস্পরের মুখোমুখি দাড় করাচ্ছেন এই ধান কাটা খেতমজুর বছরে ছয়মাস কাজ না পেয়ে দিন কাটায়। শহরে এসে রিক্সা চালায়, ইটের ভাটায় কাজ করে কিছু উপার্জন করে জীবন বাচায়। কৃষককে নিয়ে এ ধরনের প্রহসনের খেলা বন্ধ করতে হবে। তার জন্য তাই আন্দোলন ও সংঠন গড়ে তুলতে হবে। কৃষক- খেতমজুর কনভেনশন সেই লক্ষ্যে কার্য্যকর ব্যবস্থা নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। শনিবার জাতীয় কৃষক সমিতি ও খেতমজুর ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিতব্য ১৫ জুনের কৃষক- খেতমজুর কনভেনশনের সংগঠকদের উদ্দেশ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন একথা বলেন।

এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি

শপথের দিনে মোদীকে হুঁশিয়ারি আমেরিকার!-দৈনিক আনন্দবাজার পত্রিকা

নরেন্দ্র মোদীর প্রথম বারের শপথে এসেছিলেন বারাক ওবামা। আর এ বারের শপথের দিনে মিলল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হুঁশিয়ারি!  রাশিয়া থেকে তাদের সর্বাধুনিক, দূর পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘এস-৪০০’ কিনছে ভারত। এতেই গোসা আমেরিকার। এর আগে একমাত্র চিন, ২০১৪ সালে এই প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে রাশিয়ার কাছ থেকে। গত কাল ট্রাম্পের বিদেশ দফতরের এক উঁচু সারির কর্তা সাংবাদিকের বলেন, ‘‘মস্কোর কাছ থেকে দিল্লির এস-৪০০ কেনার সিদ্ধান্ত অর্থপূর্ণ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এটা বড় কোনও ব্যাপার নয় বলে যেটা বলা হচ্ছে, সেটা আমরা মানতে পারছি না। একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, ভারত-মার্কিন সম্পর্কে এর ‘গুরুতর প্রভাব পড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সময় গত বছর ৫ অক্টোবর ৫০০ কোটি ডলার দিয়ে ওই প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে চুক্তি হয় দু’দেশের মধ্যে। চলতি বছরের জানুয়ারিতে বিবৃতি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রক জানায়, এস-৪০০ হস্তান্তর শুরু হবে ২০২০-তে। ২০২৩ সালের মধ্যে তা শেষ হবে।

ফের ‌কংগ্রেসের সংসদীয় চেয়ারপার্সন নির্বাচিত হলেন সোনিয়া -দৈনিক আজকাল

ফের একবার কংগ্রেসের সংসদীয় দলনেতা নির্বাচিত হলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। শনিবার সংসদের সেন্ট্রাল হলে কংগ্রেসের ৫২ জন সাংসদ নিয়ে বৈঠক শুরু হয়। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সোনিয়ার নামই ওই পদের জন্য প্রস্তাব করেন। কয়েক মিনিটের মধ্যেই সর্বসম্মতিতে মনমোহন সিংয়ের প্রস্তাবকেই মান্যতা দেন উপস্থিত সাংসদরা। এর আগে ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বিরোধী দলনেত্রীর পদ সামলেছিলেন সনিয়া গান্ধী।

সোনিয়া  গান্ধি 

জল্পনা ছিল, রাহুল গান্ধী যদি কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার মনস্থির করে ফেলেন, তা হলে তাঁকে দলের সংসদীয় দলনেতা পদের জন্য প্রস্তাব দেওয়া হবে। কিন্তু শেষপর্যন্ত প্রস্তাব করা হয় সোনিয়ার নামই।  এবারের লোকসভা নির্বাচনে বিপুল মোদি ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিরোধীরা। সংসদে বিরোধী দলনেতা হওয়ার মতো প্রয়োজনীয় আসন পেতে ব্যর্থ হয়েছে সমস্ত বিরোধী দল।

শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নয়, নির্দেশ পুরসভারদৈনিক সংবাদ প্রতিদিন

মহানগরের সরকারি অফিস, হাসপাতাল, স্কুল-কলেজ, আদালত এবং হেরিটেজ বিল্ডিংয়ের ১০০ মিটারের মধ্যে সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রি বন্ধে নিষেধাজ্ঞা জারি করছে কলকাতা পুরসভা। পুরভবন থেকে শুরু করে সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বর্তমানে যে সমস্ত তামাকজাত পণ্য বিক্রির দোকান রয়েছে সেগুলি থেকে বিড়ি-সিগারেট-গুটখা সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। তামাকবর্জন দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে শুক্রবার ‘কটপা-২০০৩’ আইন কার্যকর করার কথা জানিয়েছেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

আইন বলবৎ করতে প্রতিটি ওয়ার্ডে নজরদারির জন্য শহরের সমস্ত থানাকে সক্রিয় হতে শহরের পুলিশ কমিশনারকেও নির্দেশ দিয়েছেন মেয়র। দেখতে বলেছেন, “১৮ বছরের কম বয়সিরা যেন তামাকজাত পণ্য ক্রয় বা বিক্রয়ের সঙ্গে কোনওভাবে যুক্ত না থাকে।” উল্লেখ্য ১৫ বছর আগে একবার এই আইন মেনে বিড়ি-সিগারেট বিক্রি নিয়ে নানা নিষেধাজ্ঞা জারি করলেও ফের খোদ পুরভবন বা হাসপাতাল চত্বরে চালু হয়ে গিয়েছে। কিন্তু নয়া মেয়র শহরে ক্যানসার আক্রান্তের হার কমাতে পুরনো আইন লাগু করতে চাইছেন কলকাতায়।#

পার্সটুডে/বাবুল আখতার/১  .

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।