বাংলাদেশের উদ্বেগ ভারতের নাগরিকত্ব সংশোধন বিল
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৪ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- বাংলাদেশের উদ্বেগ ভারতের নাগরিকত্ব সংশোধন বিল-দৈনিক প্রথম আলো
- ক্যাসিনো অভিযান ব্যক্তি, গোষ্ঠী বা দলের বিরুদ্ধে নয় : ওবায়দুল কাদের-দৈনিক কালেরকণ্ঠ
- আমরা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছি- র্যাব ডিজি-দৈনিক যুগান্তর
- শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাইয়ে গ্রেফতার-দৈনিক ইত্তেফাক
- ‘আমি মনে করি না যে কোনকিছুর সমাধান হবে’-দৈনিক মানবজমিন
- ভারত থেকে কানাকড়িও আদায় করতে পারেনি সরকার: রিজভী- দৈনিক নয়াদিগন্ত
ভারতের খবর:
- রাজীবকে হাতে পেতে এ বার রোজভ্যালি মামলায় নজর সিবিআইয়ের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- প্রধানমন্ত্রীর বিরোধিতা করলেই জেলে যেতে হবে, এফআইআর বিতর্কে বললেন রাহুল -দৈনিক আজকাল
- পাকিস্তানকে নদী সংক্রান্ত তথ্য দেবে না ভারত, প্লাবনের আশঙ্কায় ভীত ইসলামাবাদ-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ
বাংলাদেশের উদ্বেগ ভারতের নাগরিকত্ব সংশোধন বিল-দৈনিক প্রথম আলো -দৈনিক প্রথম আলো
ভারত বারবার আশ্বস্ত করায় আসামের নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে বাংলাদেশ এখন আর ততটা উদ্বেগে নেই। কিন্তু বাংলাদেশের গলার কাঁটার মতো খচখচ করছে নাগরিকত্ব সংশোধন বিল। ভারতের শাসক দল এখন চাইছে, আসামসহ সারা দেশে নাগরিকপঞ্জি তৈরি করার আগে নাগরিকত্ব আইন সংশোধন করে ফেলতে।
এই আইন সংশোধন হলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ‘অত্যাচারিত-বিতাড়িত’ সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব লাভ সহজতর হয়ে যাবে। সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনআরসি নিয়ে তাঁকে ভারতের আশ্বস্ত করার কথা বৃহস্পতিবার নিজেই জানান। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এদিন সন্ধ্যায় এক অনুষ্ঠানে এনআরসি নিয়ে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিউইয়র্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে বলেছেন, এনআরসি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। বলেছেন, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়।’
ক্যাসিনো অভিযান ব্যক্তি, গোষ্ঠী বা দলের বিরুদ্ধে নয়: কাদের-দৈনিক কালেরকণ্ঠ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ক্যাসিনোর সম্পর্কে বলেছেন, এই অভিযান কোনো ব্যক্তি গোষ্ঠী বা কোনো দলের বিরুদ্ধে নয়, এটা অপরাধীদের বিরুদ্ধে দুর্বৃত্তদের বিরুদ্ধে। দুর্বৃত্তায়নের চক্র ভেঙে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন এবং অভিযান শুরু করেছেন। নিজেদের ঘর থেকে, আপন ঘর থেকে তিনি শুরু করেছেন।
আজ শুক্রবার সকালে তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আন্ডারপাস কাজের পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। চলমান অভিযান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সুনামগঞ্জ থেকে সুন্দরবন কুতুবদিয়া থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশের যেখানেই অপরাধী, দুর্বৃত্তরা চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজি হবে, সেখানেই অভিযান চলবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে পরিষ্কারভাবে নির্দেশ দেয়া হয়েছে।
আমরা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছি- র্যাব ডিজি-দৈনিক যুগান্তর
দেশজুড়ে চলমান শুদ্ধি অভিযান প্রসঙ্গে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, বিষয়টি সামগ্রিক অর্থে অনেক বড়। এই পুরো প্রক্রিয়াটিতে শুধু র্যাব ফোর্সেস লিড এজেন্সি নয়; সরকারের বিভিন্ন এজেন্সি এ অভিযানে জড়িত। শুক্রবার (০৪ অক্টোবর) রাজধানীর বনানী পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
চলমান অভিযানে যারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন, তাদের কোনো তালিকা করা হয়েছে কিনা জানতে চাইলে বেনজীর আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী এবারের নির্বাচনী মেনিফেস্টোতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এ বৃহৎ দুর্নীতিবিরোধী অভিযানে অনেক এজেন্সিকে সম্পৃক্ত করা হয়েছে। আর এই অভিযানের লিড এজেন্সি র্যাব না। আমরা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছি।’
শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাইয়ে গ্রেফতার-দৈনিক ইত্তেফাক
বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী জিসান আত্মগোপনে থাকা অবস্থায় দুবাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। তার গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন ঢাকায় পুলিশ সদর দপ্তরের বাংলাদেশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম। তিনি বলেন, গত বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইন্টারপোল।
শিগগিরই তাকে দেশে ফেরত আনার জন্য প্রয়োজনীয় নথিপত্র তৈরি করা হচ্ছে। তিনি আরো বলেন, দুবাইয়ে গ্রেফতার হওয়ার সময় জিসানের কাছে ভারত ও ডোমেনিকান দুইটি পাসপোর্ট পাওয়া গেছে। গ্রেফতারকৃত জিসানের ছবি ঢাকায় পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে। সেই ছবির সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে থাকা জিসানের নতুন ছবির হুবহু মিল রয়েছে। সেই সূত্র ধরে আমরা নিশ্চিত হয়েছি দুবাইয়ে গ্রেফতার হওয়া ওই ব্যক্তিই জিসান।
‘আমি মনে করি না যে কোনকিছুর সমাধান হবে-দৈনিক মানবজমিন-দৈনিক নয়াদিগন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সর্ম্পক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসীন বলেছেন, সম্পর্ক উন্নয়নের জন্য যেকোন দেশেই প্রধানমন্ত্রীর সফর ইতিবাচক। প্রধানমন্ত্রীর ভারত সফরকেও আমরা ইতিবাচকভাবে দেখছি। তবে প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের তিস্তা চুক্তিসহ যে অমীমাংসিত ইস্যুগুলো আছে আমি মনে করি না যে তার কোনকিছুর সমাধান হবে।
তিস্তা চুক্তির ব্যাপার ভারতের স্পষ্ট একটা অবস্থান আছে। ওদের অভ্যান্তরীণ একটি রাজনীতি আছে। সেখানে যতদিন পর্যন্ত সেটা সমাধান না হয় ততদিন পর্যন্ত তিস্তা চুক্তি নিয়ে কিছু হবে বলে মনে হয় না। এখন ভারত বলছে তিস্তা চুক্তির নতুন ফরমুলার কথা। হয়তো প্রধানমন্ত্রীর এই সফরে সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে।
এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি
রাজীবকে হাতে পেতে এ বার রোজভ্যালি মামলায় নজর সিবিআইয়ের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
সারদা রিয়েলটি মামলায় আগাম জামিন পেলেও, আদৌ কি পুরোপুরি স্বস্তি পেলেন রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীব কুমার? সিবিআই সূত্রে খবর, তাঁরা এখনই হাল ছাড়ছেন না।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে ইঙ্গিত, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের কপি খতিয়ে দেখেছেন সিবিআইয়ের আইনজীবীরা। তাঁদের মতে ওই রায়কে চ্যালেঞ্জ করার যথেষ্ট কারণ রয়েছে এবং তাঁরা প্রয়োজনে শীর্ষ আদালতে যাবেন। কিন্তু সারদা মামলা ছাড়াও, রাজীব কুমারের নাম উঠে এসেছে রোজভ্যালি তদন্তেও। সিবিআইয়ের তদন্তকারীদের ইঙ্গিত, তাঁরা রোজভ্যালির তদন্তে আরও জোর দিতে চান। ওই মামলাতেও ইতিমধ্যে দু’বার জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস পাঠানো হয়েছে শীর্ষ এই আইপিএস কর্তাকে। তিনি হাজির হননি।
প্রধানমন্ত্রীর বিরোধিতা করলেই জেলে যেতে হবে, এফআইআর বিতর্কে বললেন রাহুল-দৈনিক আজকাল
দেশে বাকস্বাধীনতা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কোনও কথা বলা যাবে না। বললেই জেলে যেতে হবে। মোদিকে চিঠি লেখায় দেশের ৫০ জন তারকার নামে যেভাবে এফআইআর দায়ের হয়েছে, সেই প্রসঙ্গে মুখ খুলে একথা বললেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ কিছু বললে বা কোনও প্রশ্ন তুললে তাঁকে আক্রমণ করা হচ্ছে, জেলে পাঠানো হচ্ছে।

সংবাদমাধ্যমকে পুরোপুরি চুপ করিয়ে দেওয়া হয়েছে। সবাই জানে দেশে কী হচ্ছে, এতে লোকানোর কিছু নেই। শুধু দেশের নাগরিকরাই নন, গোটা বিশ্বও এখন জেনে গিয়েছে। দেশ একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে চলেছে।’ এখানেই শেষ নয়। এর সঙ্গে রাহুল বলেন, ‘একদিকে রয়েছে একনায়কতন্ত্র। যেখানে বলা হচ্ছে দেশের একজন নেতা। বাকিরা সবাই চুপ করে থাকবে। অন্যদিকে রয়েছে কংগ্রেস, যাঁরা মনে করে, দেশের মধ্যে বিবিধ দৃষ্টিভঙ্গি, বিভিন্ন ভাষা, সংস্কৃতি রয়েছে। এবং সেগুলিকে পিষে দেওয়া ঠিক নয়। গোটা দেশে এখন এই লড়াইটাই চলছে।’
কাশ্মীরি নেতাদের ছাড়া হবে, মেহবুবা-ফারুকদের স্বস্তি দিয়ে ঘোষণা প্রশাসনের-দৈনিক সংবাদ প্রতিদিন
সামনেই ব্লক স্তরের নির্বাচন। আর সেই লক্ষ্যেই জম্মুর পর এ বার কাশ্মীরের গৃহবন্দি ও আটক নেতাদেরও মুক্তি দেওয়া হবে বলে জানালেন রাজ্যপাল সত্যপাল মালিকের উপদেষ্টা ফারুক খান। তবে গোটা ব্যাপারটা এক সঙ্গে নয়, ধাপে ধাপে এই নেতারা মুক্তি পাবেন বলে জানান তিনি।

আর এই খবর ছড়িয়ে পড়তেই স্বস্তিতে বুক বাঁধতে শুরু করেছেন কাশ্মীরের প্রাক্তন তিন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি।তথ্য বলছে, ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর থেকেই জম্মু এবং কাশ্মীরের প্রায় ৪০০ নেতা-নেত্রীকে আটক বা গৃহবন্দি করে রাখা হয়েছিল। তার মধ্যে অন্যতম দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিকে আটক করা হয়েছিল। আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ ফারুক আবদুল্লাকেও গৃহবন্দি করে রাখা হয়। বুধবারই জম্মুর নেতা-নেত্রীদের মুক্তি দেওয়া হয়েছে। এ বার কাশ্মিরের পালা।#
পার্সটুডে/বাবুল আখতার/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।