অক্টোবর ১৩, ২০১৯ ১৩:১১ Asia/Dhaka
  • ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
    ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৩ অক্টোবর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধে হাইকোর্টে রিট-দৈনিক প্রথম আলো
  • ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয় আওয়ামী লীগ: ওবায়দুল কাদের-দৈনিক কালেরকণ্ঠ
  • বুয়েটের হল থেকে ৯০ ভাগ অবৈধ শিক্ষার্থী উচ্ছেদ, দাবি ছাত্রকল্যাণ পরিচালকের: দৈনিক যুগান্তর
  • বাংলাদেশ এখন দুর্যোগ ব্যবস্থাপনারও রোল মডেল : প্রধানমন্ত্রী: দৈনিক ইত্তেফাক
  • রাজীবের দুই ভাইকে এক মাসের মধ্যে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ-দৈনিক মানবজমিন
  • সরকার ভীত হয়ে বিএনপি নেতাদের আটক করছে: ড. মোশাররফ –দৈনিক  নয়া দিগন্ত

ভারতের খবর:

  • ‘মন খুলে কথা, ওঠেনি কাশ্মীর প্রসঙ্গ, স্বস্তি দিল চিন-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ২০১৯–২০ সালে দেশের আর্থিক বৃদ্ধি উল্লেখযোগ্য হারে কমবে, জানাল বিশ্বব্যাঙ্ক-দৈনিক আজকাল
  • অমিত শাহর সঙ্গে গোপন বৈঠক সৌরভের, নয়া জল্পনা ক্রিকেট মহলে-দৈনিক সংবাদ প্রতিদিন  -দৈনিক সংবাদ প্রতিদিন    

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ

ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধে হাইকোর্টে রিট-দৈনিক প্রথম আলো -দৈনিক প্রথম আলো

পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা এই রিট আবেদনে পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং বন্ধেও প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন। রিটে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া বুয়েটসহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা এবং রাজনৈতিক বিবেচনায় উপাচার্য এবং শিক্ষক নিয়োগ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আরজি জানানো হয়েছে।

ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয় আওয়ামী লীগ: ওবায়দুল কাদের-দৈনিক কালেরকণ্ঠ

আওয়ামী লীগের সাধারণ সস্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়। এ সময় মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা সমাধান নয় বলেও মন্তব্য করেন তিনি। আজ রবিবার রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে আমরা নই। যারা ছাত্র রাজনীতির নামে অপকর্ম করবে তাদের আইনের আওতায় আনা হবে। রাজনীতিবিদদের অধিকাংশেরই হাতেখড়ি ছাত্র রাজনীতি থেকে। কাজেই মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা সমাধান নয়। বিকেলে আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন ওবায়দুল কাদের।

বুয়েটের হল থেকে ৯০ ভাগ অবৈধ শিক্ষার্থী উচ্ছেদ, দাবি ছাত্রকল্যাণ পরিচালকের: দৈনিক যুগান্তর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) হলগুলোতে অবৈধভাবে অবস্থানকারী ৯০ ভাগ শিক্ষার্থীকে উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান। তিনি বলেছেন, 'সব প্রভোস্টরা শনিবার থেকে অবৈধদের উচ্ছেদের কাজ শুরু করেছেন। প্রায় ৯০ ভাগ ছাত্র যারা অবৈধভাবে ছিলেন তাদের সিটগুলো ফাঁকা করা হয়েছে। বাকিগুলোও শিগগিরই ফাঁকা হয়ে যাবে।

Image Caption

রোববার দুপুরে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদফতরের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মিজানুর রহমান বলেন, শনিবার হলের কয়েকটি রুম সিলগালা করা হয়েছে। হলগুলোতে বৈধ ছাত্রদের থাকার জন্য নির্দিষ্ট সময় রয়েছে, এরপর কেউ হলে থাকলে সে অবৈধ। ৯ টার্ম একজন ছাত্র হলে থাকতে পারেন। আর পোস্ট গ্রাজুয়েটদের জন্য একটি হল রয়েছে, সেখানে চার টার্ম থাকা যায়। প্রভোস্ট অনুমতি দিলে ছয় টার্ম পর্যন্ত অবস্থান করতে পারেন।

বাংলাদেশ এখন দুর্যোগ ব্যবস্থাপনারও রোল মডেল : প্রধানমন্ত্রী: দৈনিক ইত্তেফাক-

দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন কেবল উন্নয়নেরই নয়, দুর্যোগ ব্যবস্থাপনাতেও বিশ্বে একটি রোল মডেল দেশ। প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বে এখন আমরা শুধু উন্নয়নের রোল মডেলই নয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাতেও রোল মডেল হিসেবে একটা সম্মান পেয়েছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, ‘বন্যা, খরা, ঘুর্ণিঝড়, অগ্নিকাণ্ড- এসবে ক্ষয়ক্ষতি যাতে হ্রাস পায় তার জন্য যা ব্যবস্থা নেয়ার ইতোমধ্যে আমরা তা নিয়েছি। যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে এবং সবাই মনে করে এটাও বাংলাদেশের কাছ থেকে শেখার রয়েছে। অনেকে আমাদের কাছ থেকে এটা এখন জানতে চায়।’

রাজীবের দুই ভাইকে এক মাসের মধ্যে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ-দৈনিক মানবজমিন

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে কলেজছাত্র রাজীব হোসেনের মৃত্যুর ঘটনায় তার দুই ভাইকে আগামী এক মাসের মধ্যে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে স্বজন পরিবহনের মালিক পক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

Image Caption

আজ রোববার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে স্বজন পরিবহনের করা আবেদনের শুনানিকালে  প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এসময় আদালতে রাজীবের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

সরকার ভীত হয়ে বিএনপি নেতাদের আটক করছে : ড. মোশাররফ-নয়া দিগন্ত

বিএনপি দেশের মানুষের স্বার্থ রক্ষায় মাঠে নেমেছে। সে কারণে ভীত হয়েই দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমদকে সরকার গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ রোববার দুপুরে প্রবারণা পূর্ণিমা উৎসব উপলক্ষে গুলশানে নিজ বাসভবনে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার সময় তিনি এসব কথা বলেন। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে বাকস্বাধীনতা নেই, যে কারণেই হত্যা করা হয়েছে বুয়েটের আবরার ফাহাদকে। এর প্রতিবাদে বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। তাতে ভীত হয়েই সরকার এখন দলের নেতাকর্মীদের আটক করছে।

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

মন খুলে কথা, ওঠেনি কাশ্মীর প্রসঙ্গ, স্বস্তি দিল চিন-দৈনিক আনন্দবাজার পত্রিকা

ড্রাগন ও হাতির একসঙ্গে নাচ! দেশ ও দেশবাসীর স্বার্থে এটাই চিন ও ভারতের কাছে একমাত্র নির্ভুল বিকল্প। মমল্লপুরমের বৈঠক শেষে এই প্রস্তাবই দিলেন চিনা প্রেসিডেন্ট শি শিনফিং। বৈঠকের ঠিক এক দিন আগে কাশ্মীর ঘিরে সংঘাতপূর্ণ অবস্থানে পৌঁছেছিল দুই দেশ। ‘চেন্নাই কানেক্ট’ এনে দিল সাময়িক স্বস্তি। গত কাল এবং আজ মিলিয়ে মোট ছ’ঘণ্টা শি-র সঙ্গে একান্ত আলোচনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘‘আমরা প্রতিজ্ঞা করেছি, নিজেদের মধ্যে মতবিরোধ বাড়িয়ে তাকে গোটা বিশ্বের আলোচ্য করে তুলব না। ‘উহান স্পিরিট আমাদের সম্পর্ককে নতুন গতিবেগ দিয়েছিল। ‘চেন্নাই কানেক্ট নতুন যুগের সূচনা করল। একই সুরে চিনা প্রেসিডেন্ট বলেছেন, ‘‘আমরা বন্ধু হিসেবেই হৃদয় খুলে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে স্পষ্ট আলোচনা করেছি। গভীর এবং ভাল আলোচনা হয়েছে।’’

২০১৯২০ সালে দেশের আর্থিক বৃদ্ধি উল্লেখযোগ্য হারে কমবে, জানাল বিশ্বব্যাঙ্ক

দেশের অর্থনৈতিক পরিস্থিতি বেহাল। আগামী দিনে তা আরও খারাপ হতে চলেছে। কয়েকদিন আগে একথাই জানিয়েছিল আইএমএফ। ঠিক তার পরেই খবরের শিরোনামে উঠে এসেছিল, বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারে দশ ধাপ পিছিয়ে গিয়েছে ভারত। আজ রবিবার বিশ্বব্যাঙ্ক জানিয়ে দিল, চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ছয় শতাংশে নেমে আসবে। গত অর্থবর্ষে অর্থাৎ ২০১৮–১৯ সালে দেশের আর্থিক বৃদ্ধির হার ছিল ৬.‌৯ শতাংশ। সম্প্রতি দক্ষিণ এশিয়ার দেশগুলির আর্থিক বৃদ্ধির হার কী, তাই নিয়েই আইএমএফের সঙ্গে বৈঠকে বসেছিল বিশ্বব্যাঙ্ক। তারই রিপোর্টে প্রকাশিত হল এই তথ্য। তবে বিশ্বব্যাঙ্কের রিপোর্ট কিছু আশার আলোও দেখিয়েছে। জানা গিয়েছে, ২০২১ সালে দেশের আর্থিক বৃদ্ধি ৬‌.‌৯ শতাংশ হওয়ার সম্ভাবনা আছে। আর ২০২২ সালে আর খানিকটা বেড়ে ৭.‌২ শতাংশ হতে পারে। অর্থাৎ দেশের অর্থনীতি সংক্রান্ত যে তথ্য কেন্দ্রের মোদি সরকার প্রকাশ করছে, তার চেয়ে পরিস্থিতি অনেকটাই খারাপ, বিশ্বব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী। ২০১৭–১৮ অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার ৭.‌২ শতাংশ ছিল।

অমিত শাহর সঙ্গে গোপন বৈঠক সৌরভের, নয়া জল্পনা ক্রিকেট মহলে-দৈনিক সংবাদ প্রতিদিন   

চোদ্দো বছর আগে ভারত অধিনায়কত্ব থেকে বিদেশে সিরিজ জয় এবং সেঞ্চুরি সত্বেও অন্যায় ভাবে বিতাড়িত হওয়ার ক্রিকেটীয় ন্যায়বিচার কি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে অপেক্ষা করে রয়েছে? ভারতীয় ক্রিকেট বোর্ডের অলিন্দের জল্পনা সত্যি হলে উত্তর, হ্যাঁ। ক্রিকেট প্রশাসন মসনদের মুকুট থেকে তিনি আর মাত্র কয়েক ফুট দূরে। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল। একান্ত না হলে সচিব। সৌরভকে ‘সংবাদ প্রতিদিন থেকে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাইলেন না। শনিবার সন্ধেয় সামান্য ঝিমিয়ে থাকা, হলিডে মুডের দিল্লিতে এক মহাগুরুত্বপূর্ণ ক্রিকেট রাজনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়। যে বৈঠকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অমিত শাহ এবং সৌরভ এই ধরনের খোলাখুলি বৈঠক এর আগে কখনও হয়নি।

পরকীয়ার সন্দেহে শ্যালিকাদের সামনেই স্ত্রীকে খুন, গ্রেপ্তার অভিযুক্ত স্বামী-দৈনিক সংবাদ প্রতিদিন

শ্যালিকাদের সামনেই স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার মেহমানপুরের রামকৃষ্ণপল্লীতে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এই সন্দেহেই স্ত্রীকে খুন করে ওই ব্যক্তি। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ১৭ বছর আগে মেহমানপুরের রামকৃষ্ণপল্লীর বাসিন্দা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি শিবু কর্মকারের সঙ্গে বিয়ে হয় বেহালার পর্ণশ্রীর বাসিন্দা মধুমিতার। মধুমিতা একটি হাসপাতালে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। বিয়ের পর থেকে স্বাভাবিক ছন্দেই চলছিল দাম্পত্য জীবন। একটি পুত্রসন্তানও সন্তানও হয় তাঁদের। কিন্তু সম্প্রতি শিবু মধুমিতাকে সন্দেহ করতে শুরু করেন। সন্দেহের জেরেই স্বামী-স্ত্রীর সম্পর্কে ক্রমশ দুরত্ব বাড়তে থাকে। স্ত্রীর প্রতি সন্দেহ এতটাই তীব্র হয় যে গত তিনমাস ধরে ওই দম্পতি আলাদা থাকতে শুরু করেন। তাঁদের বারো বছরের ছেলে ইমন কিন্তু তার বাবার সঙ্গেই থাকত। মধুমিতা থাকতেন পর্ণশ্রীতে তাঁর এক দিদির বাড়িতে। স্বামী-স্ত্রীর সম্পর্কে ক্রমশঃ অবনতি হওয়ায় বিবাহ বিচ্ছেদের মামলার জন্য প্রস্তুত হচ্ছিল দুই পরিবারই।#

পার্সটুডে/বাবুল আখতার/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।