ডিসেম্বর ০৯, ২০১৯ ১২:৪৭ Asia/Dhaka
  • পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ
    পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৯ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • সতর্ক থাকুন যাতে কোন শিশু ও নারী নির্যাতিত না হয়: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • ব্যর্থ মন্ত্রীদের সরিয়ে দেয়া হবে: ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর
  • ঋণে অতিসতর্ক ব্যাংক-দৈনিক প্রথম আলো
  • “শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসে জ্ঞানার্জনের জন্য, লাশ হতে নয়”-দৈনিক মানবজমিন
  • দুর্নীতির মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে : ফখরুল- দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • কর্নাটক উপনির্বাচনে বিরাট জয় বিজেপির, কংগ্রেসকে শিক্ষা দিল মানুষ, বললেন মোদী-দৈনিক আনন্দবাজার
  • ‘সিএবি এবং এনআরসি একই মুদ্রার এপিঠ-ওপিঠ’, খড়গপুরের সভায় মন্তব্য মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ভোটাভুটিতে পাশ হল নাগরিকত্ব সংশোধনী বিল, উত্তাল লোকসভা, বন্‌ধের ডাক অসমে-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আবারো জনপ্রিয়তা যাচাইয়ের চ্যালেঞ্জ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনার কী মনে হয়- জনপ্রিয়তায় কারা শীর্ষে?

২. মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে একটি ‘স্বাভাবিক দেশে’ পরিণত করার চেষ্টা করছে আমেরিকা। তার এ বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

সতর্ক থাকুন যাতে কোন শিশু ও নারী নির্যাতিত না হয়: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-রোকেয়া দিবসের পদক প্রদান করেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কেবল আমাদের দেশে নয়, আমরা উন্নয়নশীল দেশগুলোতেও দেখেছি, শিশু ও নারীদের ওপর নির্যাতন মানসিক রোগের মতো ছড়িয়ে পড়ছে। তাই নারী-পুরুষ প্রত্যেককেই সচেতন থাকতে হবে, যাতে কোন শিশু ও নারী নির্যাতিত না হয়।’সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘মূলত পুরুষরাই নারীদের ওপর নির্যাতন চালায়। তাই তাদের চিন্তা করা উচিত যে, তাদেরও মেয়ে শিশু রয়েছে এবং তাদের সন্তান যদি অন্য কারো দ্বারা নির্যাতিত হয় তাহলে তারা কী করবে। সে কারণেই এ ব্যাপারে সচেতনতা খুবই জরুরি।’

ব্যর্থ মন্ত্রীদের সরিয়ে দেয়া হবে: ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রিসভায় যারা ভালো করবে না তাদের দায়িত্বে পরিবর্তন আনা হবে। এছাড়া যারা নিজ নিজ কাজে ব্যর্থ হয়েছেন তাদেরও সরিয়ে দেয়া হবে। সোমবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল নিয়ে ওবায়দুল কাদের বলেন, দলের সভাপতি পদে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। নেত্রী তো বারবার বিদায় নিতে চেয়েছেন। তিনি যেতে চাইলেও তাকে যেতে দেয়া যায় না।

সাধারণ সম্পাদক পদে নিজের দায়িত্ব সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী চাইলে দলের দায়িত্ব পালন করব। দায়িত্ব পালনে আমি কোনো চাপের মুখে নেই। আমি শারীরিকভাবেও সুস্থ আছি।

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, তিনি আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেছেন, তারা (আওয়ামী লীগ) যদি এতই জনপ্রিয় রাজনৈতিক দল হয়ে থাকে তা হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুক। সেখানেই প্রমাণ হয়ে যাবে কারা জনপ্রিয় আর কাদের জনমত নেই।

ঋণে অতিসতর্ক ব্যাংক-দৈনিক প্রথম আলো

ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার নির্দেশনায় আটকে গেছে পুরো ব্যাংক খাত। কম সুদে ঋণ দেওয়ার চাপাচাপিতে বেসরকারি ব্যাংকগুলো বেশ সতর্ক। নতুন ঋণ প্রস্তাব অনুমোদনেও দ্বিধান্বিত তারা। ফলে গত অক্টোবরে বেসরকারি খাতের ঋণপ্রবাহ কমে ৯ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। ঘটনা এখানেই শেষ নয়। বিশেষ সুবিধায় ঋণ নিয়মিত করার সুযোগ দেওয়ায় অনেক ভালো গ্রাহকও ঋণের কিস্তি দেওয়া বন্ধ করে দিয়েছে। আবার সুদহার কমানোয় বেসরকারি ব্যাংকের গ্রাহকেরা ছুটছেন সরকারি ব্যাংকে। ফলে বেড়ে গেছে ঋণ কেনাবেচার ঘটনা। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্র এবং কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদের অ্যাজেন্ডা বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে। ব্যাংকাররাও বিষয়টি স্বীকার করেছেন।

“শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসে জ্ঞানার্জনের জন্য, লাশ হতে নয়”-প্রেসিডেন্ট-দৈনিক মানবজমিন

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসে জ্ঞান অর্জনের জন্য, লাশ হয়ে ফিরে যাওয়ার জন্য নয় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ। এ সময় তিনি বলেন, কর্তৃপক্ষ সময়মতো সঠিক পদক্ষেপ নিলে বিশ্ববিদ্যালয়ে এমন অপ্রত্যাশিত ঘটনা রোধ করা সম্ভব। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর দায় একেবারে এড়াতে পারে না। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের আচার্যের লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও গবেষকদের হাতে সনদপত্র তুলে দেন তিনি। ৫২তম সমাবর্তন বক্তা ছিলেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তাকাকি কাজিতা। অনুষ্ঠানে তাকেও সম্মানসূচক ‘ডক্টর অব সাইন্স’ ডিগ্রি দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের আচার্যের বক্তব্যে প্রেসিডেন্ট আবদুল হামিদ বলেন, সম্প্রতি দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অমানবিক ও অনভিপ্রেত ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও শিক্ষার্থীদের সুনাম ক্ষুন্ন হয়েছে। ছাত্রছাত্রীরা লেখাপড়া করে জ্ঞান অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, লাশ হয়ে বা বহিষ্কৃত হয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য নয়। আমি আশা করব ভবিষ্যতে কর্তৃপক্ষ সময়মতো সঠিক পদক্ষেপ নেবে। শিক্ষার্থীদের উদ্দেশে প্রেসিডেন্ট বলেন, তোমাদের মা-বাবা অনেক আশা-আকাঙ্খা নিয়ে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

ভোটাভুটিতে পাশ হল নাগরিকত্ব সংশোধনী বিল, উত্তাল লোকসভা, বন্‌ধের ডাক অসমে-দৈনিক আজকাল

Image Caption

বিরোধীদের প্রবল হই হট্টগোলের মধ্যেই লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভায় দাঁড়িয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বলেন, ‘ধর্মের ভিত্তিতে কংগ্রেস দেশভাগ না করলে আজ এই বিলের প্রয়োজনীয়তা হতো না।’ এই কথা বলার সঙ্গে সঙ্গে বিরোধী বেঞ্চ থেকে সোচ্চার হয়ে ওঠেন সবাই। বিলের বিরোধিতা করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস–সহ অন্যান্য বিরোধী দল। তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই বিল সংবিধান বিরোধী নয়। এমনকী সংবিধানের ১৪ নম্বর ধারা লঙ্ঘন করছে না। এই বিল সংখ্যালঘু বিরোধীও নয়।’ পরে বিলটির ওপর ভোটাভুটি হয়। সেখানে বিলটির পক্ষে ভোট পড়ে ২৯৩টি। আর বিপক্ষে পড়ে ৮২টি ভোট। ফলে পাশ হয়ে যায় নাগরিকত্ব সংশোধনী বিল।

বিলের বিরুদ্ধে সোচ্চার হয়ে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, দেশের সংখ্যালঘুদের টার্গেট করে তৈরি করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল।

‘সিএবি এবং এনআরসি একই মুদ্রার এপিঠ-ওপিঠ’, খড়গপুরের সভায় মন্তব্য মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন

মমতা ব্যানার্জী

বহু বিতর্ক, প্রতিকূলতা পেরিয়ে শেষপর্যন্ত আজ দুপুরেই লোকসভায় পেশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (CAB) সংসদে যখন এই বিল পেশ হচ্ছে, ঠিক সেই সময়েই খড়গপুরের সরকারি সভা থেকে এরই প্রতিবাদে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘সিএবি এবং এনআরসি একই মুদ্রার এপিঠ-ওপিঠ।’ জনগণকে আবারও অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে আশ্বস্ত করলেন, কাউকে দেশছাড়া হতে হবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন বাংলায় এনআরসি করতে দেব না।

ধর্ষকদের চরম শাস্তির দাবিতে উত্তাল উন্নাও, বরখাস্ত ৭ পুলিশকর্মী-দৈনিক সংবাদ প্রতিদিন

দাবি মতো আসেননি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তা সত্ত্বেও পুলিশের আশ্বাস পেয়ে নির্যাতিতার শেষকৃত্য সম্পন্ন করেছে তার পরিবার। সেসময় সেখানে প্রচুর মানুষ জড়ো হয়ে ধর্ষকদের দ্রুত চরম শাস্তি দেওয়ার দাবি জানাতে থাকেন। এরপরই কাজে গাফিলতির অভিযোগে উন্নাও জেলার বিহার পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার অজয় কুমার ত্রিপাঠি-সহ মোট সাতজন পুলিশকর্মীকে বরখাস্ত করল যোগী প্রশাসন।এপ্রসঙ্গে উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব(স্বরাষ্ট্র) অবনীশ অবস্তি জানান, ধর্ষিতার মৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির জন্য বিহার পুলিশ স্টেশনের এসএইচও-সহ সাতজনকে বরখাস্ত করা হয়েছে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯